ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভুটান ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে সমর্থন চায় ঢাকার


ভুটান ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে সমর্থন চায় ঢাকার

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক পদে নিজের প্রার্থিতার জন্য বাংলাদেশের সমর্থন দাবি করেছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নেদুপ।

এই উদ্দেশ্যে তিনি রোববার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে, নেদুপ তার প্রার্থিতার বিষয়টি হুমায়ুন কবিরকে অবহিত করেন এবং জনস্বাস্থ্য খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের জন্য তার পরিকল্পনা তুলে ধরেন।

আরও পড়ুন: চট্টগ্রামে জাল ভিসা তৈরির সরঞ্জামসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

এ তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, সাংগে নেদুপ ভুটানের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে, তিনি ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিচালক পদে ভুটানের প্রার্থী।

বৈঠকে, তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার ডব্লিউএইচওর সদস্য দেশগুলোর মধ্যে জনস্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তার অগ্রাধিকারগুলো তুলে ধরেন।

ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আওতায় বাংলাদেশ ও ভুটানসহ মোট ১১টি সদস্য দেশ রয়েছে। এই কার্যালয় আঞ্চলিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জনস্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার বাড়াতে সমন্বিতভাবে কাজ করে।

আরও পড়ুন: শিশু অধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা ফাউন্ডেশনের

আঞ্চলিক নেতৃত্বের এই পদে নেদুপের প্রার্থিতার পক্ষে ভুটানের প্রচার-প্রচারণার অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, "সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।"

তিনি রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার কলমাকান্দায় জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

ডেপুটি স্পিকার উল্লেখ করেন, বিএনপি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে। তিনি বলেন, "দেশে একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি।" স্বাধীনতার পর থেকে বাকশাল প্রতিষ্ঠা, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত বিভিন্ন সময়ে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার অভিযোগের কারণে জনপ্রতিনিধিদের জবাবদিহি দুর্বল হয়ে পড়েছিল।

তিনি অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা, বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও গার্মেন্টসশিল্পে হামলার ঘটনা উদ্বেগজনক। তিনি সতর্ক করেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকসহ পুরো অর্থনীতি ক্ষতির মুখে পড়বে।

ডেপুটি স্পিকার বলেন, "দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগসহ অতীতের সহিংসতার ঘটনা দেশবাসী ভুলে যায়নি।" তিনি বলেন, "এখন আবার সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।"

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এমন একটি দেশ গড়তে হবে, যেখানে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত হবে। তিনি বলেন, "কেউ আশরাফ, কেউ আতরাফ নয়; সবাই সমান নাগরিক মর্যাদা ভোগ করবেন।" ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, বিএনপি একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে চায় এবং এ জন্য দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগী ও স্বজনদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে চাঁদাবাজি, ভুয়া রিপোর্ট তৈরি এবং দালাল সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। ভুক্তভোগী রোগী, হকার ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আনসার কমান্ডার নাগর আলীর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এই অনিয়ম চালিয়ে আসছে।
সরকারি নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পরপর আনসার সদস্যদের বদলির বিধান রয়েছে। তবে অভিযোগ উঠেছে, অদৃশ্য খুঁটির জোরে প্রায় আড়াই বছর ধরে একই স্থানে বহাল তবিয়তে রয়েছেন কমান্ডার নাগর আলী। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাবেক এক ব্রিগেডিয়ারের তদবির ব্যবহার করে তিনি দীর্ঘদিন বদলি ঠেকিয়ে রেখেছেন। বিষয়টি নিয়ে খোদ জেলা আনসার কমান্ড্যান্টের কার্যালয়েও অসন্তোষ রয়েছে বলে জানা গেছে।

১ হাজার শয্যার এই হাসপাতালের ৫০টি ওয়ার্ডে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রায় ৯৬ জন আনসার সদস্য। ভুক্তভোগীদের অভিযোগ, নিরাপত্তার চেয়ে অবৈধ উপার্জনেই বেশি ব্যস্ত থাকেন সদস্যদের একটি অংশ। মেডিসিনসহ প্রায় প্রতিটি ওয়ার্ড থেকেই প্রতিদিন রোগী ও স্বজনদের মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন হীরা আক্তার বলেন, ‘আমরা ১০ দিন ধরে হাসপাতালে আছি। আনসারদের সব সময় দেখা যায়, তারা দালালদের সঙ্গে বেশি সময় বন্ধুত্বের মতো থাকে। এর মধ্যেই আমাদের দুটি মুঠোফোন চুরি হয়েছে।’
হাসপাতালের একজন এক্সট্রা রহিমা আয়াও ক্ষোভ প্রকাশ করে বলেন, আনসার সদস্যরা ঠিকমতো দায়িত্ব পালন করলে প্রতিদিন রোগীদের মুঠোফোন চুরি হতো না; এমনকি তাঁর নিজের ফোনও চুরি হয়েছে।

অভিযোগ রয়েছে, রোগীর স্বজনেরা অনেক সময় হাতেনাতে চোর ও পকেটমার ধরে আনসারদের হাতে তুলে দেন। তখন আনসার সদস্যরা চোর ধরার ছবি তুলে কৃতিত্ব জাহির করেন এবং পরে টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেন।
সূত্র জানায়, হাসপাতালে নিয়মিত ২০ থেকে ৩০ জন পকেটমার সক্রিয় থাকে। চুক্তি অনুযায়ী টাকা দিলে তাদের ‘দেখেও না দেখার ভান’ করা হয়। পকেটমারদের এই সিন্ডিকেট থেকে কখনো দৈনিক পাঁচজনের কাছ থেকে ১ হাজার টাকা, আবার কখনো দৈনিক ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। সব মিলিয়ে পকেটমার চক্র থেকেই মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় হয় বলে অভিযোগ রয়েছে। যারা নতুন আসে বা টাকা দেয় না, কেবল তাদেরই আটক করে ছবি তোলা হয়।

অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালের ডেলিভারি ল্যাব, আল্ট্রাসনোগ্রাম ও প্যাথলজি বিভাগে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের দালালদের সখ্য গড়ে উঠেছে। ৬০০ টাকার পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হচ্ছে। এমনকি ল্যাবে পরীক্ষা না করিয়েই কম্পিউটারের মাধ্যমে ভুয়া রিপোর্ট তৈরি করে রোগীদের হাতে ধরিয়ে দেওয়ার মতো গুরুতর জালিয়াতির অভিযোগও পাওয়া গেছে।
এ ছাড়া অস্ত্রোপচার কক্ষ (ওটি) ও আল্ট্রাসনোগ্রাম কক্ষের নিচতলায় গোপনে টাকা নিয়ে রোগীদের ভেতরে ঢোকানোর সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছে আনসার সদস্য এনামুল, রাশেদুল, সাজ্জাদ, মাহমুদ ও তরিকুলসহ একটি চক্রের বিরুদ্ধে।
সূত্র জানায়, হাসপাতালের সামনে থাকা প্রায় ২০টি ডায়াগনস্টিক সেন্টারের দালালেরা এখানে সক্রিয়। প্রতিটি প্রতিষ্ঠানের দুই শিফটে নারী-পুরুষ মিলিয়ে চারজন করে মোট প্রায় ৮০ জন দালাল পুরো হাসপাতালে কাজ করে। এসব ডায়াগনস্টিক থেকে গোপনে মাসিক চাঁদা নেওয়ার পাশাপাশি টহলে থাকা আনসার সদস্যরা দালালদের কাছ থেকে দৈনিক ৩ হাজার থেকে ৪ হাজার টাকা ‘বিট মানি’ আদায় করেন। টাকা না দিলে দালাল আখ্যা দিয়ে আটক করা হয় এবং পরে রাতের আঁধারে চুক্তির মাধ্যমে রফাদফা হয়।

হাসপাতাল প্রাঙ্গণ ও ফুটপাতের দোকান, হকার এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকেও নিয়মিত চাঁদা তোলার অভিযোগ রয়েছে:
ঝাউ সুপ বিক্রেতা রাশেদ বলেন : হাসপাতালে প্রায় ২০ জন ঝাউসুপ বিক্রেতা আছেন। তাঁদের কাছ থেকে প্রতিদিন ৩০ থেকে ৫০ টাকা করে নেওয়া হয়। আমি ও দেই ।এতে দৈনিক প্রায় ১ হাজার টাকা ও মাসে ৩০ হাজার টাকা ওঠে।
খেলনা বিক্রেতা আনিস বলেন : প্রায় ১৫ জন খেলনা বিক্রেতার কাছ থেকে দৈনিক ১০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা এবং মাসে প্রায় ৩৫ হাজার টাকা আদায় করা হয়।
কসমেটিক বিক্রেতা রানা জানান, তাঁদের লাইনের প্রায় ১৫ জন বিক্রেতার সবাইকে প্রতিদিন ৫০ টাকা করে দিতে হয়।

ডিম বিক্রেতা বৃদ্ধ মামা মজিবর বলেন : প্রায় সাতজন ডিম বিক্রেতার কাছ থেকে দৈনিক ৫০ টাকা করে মাসে প্রায় ৯ হাজার টাকা তোলা হয়।
আরেক ডিম বিক্রেতা জালাল বলেন, ডিম খেয়ে টাকা না দেওয়া বা কম দেওয়ার অভিযোগও রয়েছে। অনেকে ডিম খেয়ে টাকা দেয় না।

হাসপাতালে থাকা একজন অন্ধ হকারের কাছ থেকেও টাকা নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

খলিল নামের এক গামছা বিক্রেতা অভিযোগ করেন, চার মাস আগে হাসপাতালের সামনে গামছা বিক্রি করতে গেলে কমান্ডার নাগর আলী তাঁর ৩৫ হাজার টাকার গামছা আটকে রাখেন। ‘দিচ্ছি, দিচ্ছি’ বলে তা আর ফেরত দেওয়া হচ্ছে না। আরেক হকার জানান, আনসার সদস্যরা ব্যাগ আটকে রাখলে আনসার মাহমুদকে খুশি হয়ে খরচ দিতে হয়।
এ ছাড়া ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকেও টাকা ও উপহার আদায়ের অভিযোগ রয়েছে। উপহার না দিলে তাঁদের নানাভাবে অপদস্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, কমান্ডার নাগর আলীকে ভাগ না দিয়ে কোনো আনসার সদস্য হাসপাতালে দায়িত্ব পালন করতে পারেন না। অ্যাডমিশন ওয়ার্ড, ল্যাব ও ওটির মতো যেসব স্থানে অবৈধ আয়ের সুযোগ বেশি, সেখানে কেবল পছন্দের ও ঘুষ দেওয়া আনসারদের পদায়ন করা হয়। দুটি টহল পার্টিতেও নিজের অনুগত লোক রেখে পুরো কার্যক্রম তদারকি করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, তরিকুল, এনামুল ওয়ান, মাহমুদ ও জাহিদ ১২ মাস ধরে টহল দায়িত্বে থাকেন; তাঁদের কোনো ডিউটি পরিবর্তন হয় না। দ্বিতীয় শিফটে মাহমুদা, রাশেদ ও সাজ্জাদ মেডিসিন ও সংশ্লিষ্ট কাজে যুক্ত থেকে ডায়াগনস্টিকের দালালি কমিশন তোলেন।
সূত্রের দাবি, এই সিন্ডিকেট থেকে কমান্ডার নাগর আলী প্রতি মাসে সর্বনিম্ন ৫ থেকে ৬ লাখ টাকা আয় করেন। সেই হিসাবে গত তিন বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। প্রকাশ্যে এসব চললেও হাসপাতাল কর্তৃপক্ষের সামনে তিনি নিজেকে নিরীহ ও সৎ হিসেবে উপস্থাপন করেন এবং কোনো সদস্য ধরা পড়লে ‘মানবতার’ দোহাই দিয়ে ছাড়িয়ে নেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আনসার কমান্ডার নাগর আলী নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘কোনো আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. মাজহারুল রেজওয়ান রেজা বলেন, ‘আনসার সদস্যদের বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল জেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম, পিভিএম, জানান, অনিয়মের বিষয়টি আমরা যখন পাই সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নেই। আনসার কমান্ডার নাগর আলী সাবেক পরিচালকের তদবিরে এখনো হসপিটালে রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৬ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি রোববার বারডেম জেনারেল হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ।

এতে অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোর্শেদ উদ্দীন আকন্দ, সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বারডেমের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিগত বছরের সাংগঠনিক কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে, উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি অনুমোদন করা হয়। সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা এবং কর্মকর্তাদের সার্বিক কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাডাসের মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন বারডেমের সেবার মানোন্নয়নে কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে আরও কার্যকর ভূমিকা পালন করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে বারডেমের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ হাসপাতালের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রমে গতিশীলতা আনতে কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি একই সঙ্গে অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সভার শেষ পর্যায়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে, উপস্থিত সবার মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ইয়াবা তৈরির সরঞ্জামসহ যুবক তৌহিদুল আলম আকিব গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


চট্টগ্রামে ইয়াবা তৈরির সরঞ্জামসহ যুবক তৌহিদুল আলম আকিব গ্রেফতার

চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : পুলিশ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায় ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জামসহ ১৯ বছর বয়সী যুবক তৌহিদুল আলম আকিবকে গ্রেফতার করেছে।

আজ নগরীর চান্দগাঁও থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এসব তথ্য প্রকাশ করেন।

পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আকিবকে আটক করে তারা। তার দেহ তল্লাশি করার সময় দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

পরবর্তী সময়ে আকিবকে জিজ্ঞাসাবাদ করার পর সে তার বর্তমান ঠিকানা হিসেবে হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার বিষয়টি স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে একটি ইয়াবা তৈরির মেশিন, বিভিন্ন রাসায়নিক উপাদান ও সরঞ্জাম উদ্ধার করে।

উদ্ধার করা সরঞ্জামের মধ্যে কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের জন্য একটি স্লাইড ক্যালিপার্স অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা তৈরির মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।

পুলিশের দাবি, আকিব জিজ্ঞাসাবাদে জানায় যে, ইউটিউব ও চ্যাটজিপিটি থেকে তথ্য সংগ্রহ করে সে ইয়াবা তৈরির কৌশল শিখেছে। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিনটি কিনে ভাড়া বাসায় স্থাপন করে। এরপর ব্যবসায়িক উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে সে পুলিশের কাছে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তার আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%