ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট


আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন যে, শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন একটি টার্নিং পয়েন্টে পৌঁছেছিল। তিনি উল্লেখ করেন, আবু সাঈদের সঙ্গে সারা দেশে প্রায় ১ হাজার ৪০০ তরুণ, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আত্মদান করেছেন। তাঁদের আত্মত্যাগের ফলস্বরূপ দীর্ঘ সময়ের স্বৈরশাসনের পতন ঘটেছে। রংপুরের সন্তান আবু সাঈদকে নিয়ে এ অঞ্চলের মানুষ গর্ববোধ করেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রবেশমুখে শহীদ আবু সাঈদ গেট নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে তাঁর নামে গেট নির্মাণের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে এ পথে চলাচলকারী মানুষ গেটটি দেখে তাঁর আত্মত্যাগের কথা জানতে পারবেন। জুলাইয়ে আত্মদানকারীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে।

আরও পড়ুন: আজ যেসব দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

রংপুরের উন্নয়ন ও তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। রংপুরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণেও সরকার কাজ করছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। ২০২৭ সালে এ প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, রংপুর সিটি করপোরেশনের জন্য সরকার বড় ধরনের বরাদ্দ দিয়েছে। রংপুরে শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সরকার কোনো অঞ্চলকে বৈষম্যের মধ্যে রাখতে চায় না।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। সনদ বাস্তবায়নে সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, যেখানে বিরোধী পক্ষকেও রাখা হয়েছে। যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার। আর যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে।

মাদকবিরোধী সামাজিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, মাদকাসক্তি শুধু রংপুর নয়, গোটা বাংলাদেশের একটি সামাজিক সমস্যা। বিশেষ করে তরুণেরা এতে আক্রান্ত হচ্ছেন। এ সমস্যা মোকাবেলায় সামাজিক আন্দোলন গড়ে তোলা হচ্ছে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী লালমনিরহাটে এ আন্দোলনের কার্যক্রম দেখতে আসবেন বলে আশা করা হচ্ছে। পরবর্তী সময়ে এ উদ্যোগের মডেল সারা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

মন্ত্রী বলেন, মাদক ও অন্যান্য অপরাধ মোকাবিলায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; এ জন্য সামাজিকভাবেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১৩৪৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১৩৪৯

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৪৯ জনে পৌঁছেছে।

শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ৮১ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে।

এখন দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা ২২ হাজার ১৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮০ হাজার ৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

আগামী ৭ নভেম্বর, রাজধানী ঢাকা শহরের শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে গ্রাম পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

সমাবেশের সফল বাস্তবায়নের উদ্দেশ্যে স্থানীয় সরকার বিভাগ আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) একটি প্রস্তুতিমূলক সভা আয়োজন করেছে। এই সভাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে, বেলা ১১টায়।

স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভার সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দফাদার ও মহল্লাদার পদে দায়িত্ব পালনকারী এই বাহিনীর সদস্যরা গ্রামীণ এলাকায় পাহারা ও টহল দেওয়ার পাশাপাশি অপরাধ দমনে থানা পুলিশকে সহায়তা করে, অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ করে এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন সরকারি কাজে সহযোগিতা করে।

তবে, দায়িত্ব পালনের তুলনায় বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার অভাব দীর্ঘদিনের একটি অভিযোগ। গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন সংগঠন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি, বেতন গ্রেড পুনর্নির্ধারণ, রেশন, চিকিৎসা ও ঝুঁকি ভাতা এবং অবসরকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।

এছাড়া, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, প্রশিক্ষণের ব্যবস্থা এবং চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিও বিভিন্ন সময়ে সামনে এসেছে।

‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি ১৮ অক্টোবর থেকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি ১৮ অক্টোবর থেকে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস বন্ধ থাকবে। ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তরও বন্ধ থাকবে।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. গিয়াসউদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। একইসঙ্গে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর। তবে ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাগুলো—বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম—চালু থাকবে।

এছাড়া লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ২৫ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, দুর্গাপূজার ছুটির আগে ও পরে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং লক্ষ্মীপূজার ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সরকারের উদ্যোগ: প্রাণিসম্পদ সচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সরকারের উদ্যোগ: প্রাণিসম্পদ সচিব

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মোঃ দেলোয়ার হোসেন জানিয়েছেন, নিরাপদ প্রজনন নিশ্চিত করার জন্য ২২ দিনের ইলিশ আহরণে নিষেধাজ্ঞার বিকল্প নেই। তিনি নদ-নদীর প্রবাহ হ্রাস, নাব্যতা সংকট ও নদী দূষণের বিষয়গুলো স্বীকার করে বলেন, এসব কারণে গত কয়েক বছরে দেশে ইলিশের উৎপাদন হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে সচিব জানান, সরকার এসব প্রতিবন্ধকতা দূর করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

শুক্রবার (৯ অক্টোবর) বরিশালের কাশীপুরে মৎস্য বীজ উৎপাদন খামার মিলনায়তনে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ এবং জাতীয় সম্পদ। একে রক্ষা করার কোনো বিকল্প নেই।

সচিব আরও বলেন, ২২ দিনের এই নিষেধাজ্ঞার সময়ে সরকার দক্ষিণ উপকূলের ৩৮টি জেলার ১৬৮টি উপজেলার কর্মহীন ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারের জন্য ২৫ কেজি করে ১৬,১৫৭ টন চাল মানবিক খাদ্য সহায়তা হিসেবে বিনামূল্যে বিতরণ করছে। তিনি উল্লেখ করেন, আমাদেরকে বছরের ৩৬৫ দিনের মধ্যে ২২টি দিন একটু কষ্ট করে হলেও ইলিশ আহরণ বন্ধ রাখতে হবে। তাহলে সারা বছরই আমরা আরো ভাল ইলিশ পাব।

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব বলেন, গত কয়েক বছরে উৎপাদন কিছুটা হ্রাস পেলেও বাংলাদেশ এখনো ইলিশ উৎপাদনে বিশ্বের এক নম্বরে রয়েছে এবং সারা বিশ্বের ৬০ ভাগ ইলিশ আমাদের দেশে উৎপাদিত হচ্ছে। সচেতন হলে আমরা আরো বেশি ইলিশ উৎপাদন করতে সক্ষম হব বলেও তিনি জানান। ইলিশ আহরণে নিষেধাজ্ঞার সময়ে মাঠ পর্যায়ে পুলিশ, প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কাজের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ খালেদ কনক, বরিশালের বিভাগীয় পরিচালক মোঃ কামরুজ্জামান, জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার এবং নৌ পুলিশের পুলিশ সুপারসহ একাধিক জেলে ও মৎস্যজীবী বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%