ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বরগুনা-ঝালকাঠি থেকে সহযোগী এনে ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন আল-আমিন: এসআরবি


বরগুনা-ঝালকাঠি থেকে সহযোগী এনে ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন আল-আমিন: এসআরবি

রাজধানীর রামপুরা এলাকা থেকে চিহ্নিত চাঁদাবাজি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আল-আমিন, যিনি পিচ্চি আল-আমিন নামে পরিচিত, তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এর আগে, আল-আমিনসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল। ফলে, এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হলো।

এসআরবি জানায়, পিচ্চি আল-আমিনের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায় অবস্থিত। বরগুনা ও ঝালকাঠি অঞ্চলের সমমনাদের ঢাকায় এনে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো সে। রবিবার (৪ অক্টোবর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন এসআরবি-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন।

আল-আমিন কোনো গ্যাংয়ের প্রধান কিনা, এমন প্রশ্নের জবাবে লে. কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, "আল আমিনের বাড়ি ঝালকাঠিতে। আমরা তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছি। তাদের চার জনের বাড়ি একই জেলায় এবং একজনের বাড়ি বরগুনাতে। আমরা এনালাইসিস করে দেখলাম, আল-আমিন তার সমমনা বা যাদেরকে সঠিক মনে করেছেন সমগোত্রীয় তাদেরকে ঢাকায় এনে এই অপরাধ কার্যক্রম পরিচালনা করতেন।"

আরও পড়ুন: যুবদল নেতা সাকের হত্যার বিচার দাবি করে সংবাদ সম্মেলন

আল-আমিনের রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, "আমরা ২০১১ সাল থেকে প্রতিটি সরকারের আমলে তার নামে মামলা পেয়েছি। তার মানে তিনি স্বভাবগত অপরাধী। যেই দলই ক্ষমতায় আসুক তারা সেই সুযোগটা হয়তো তার মাধ্যমে নিতেও পারে। বাট উনি নিজেই নিজের গুণে গুণান্বিত।" তবে, আল-আমিনকে গ্রেফতারে রামপুরা এলাকার মানুষ খুশি হয়েছে বলেও জানান এসআরবি-৩ এর অধিনায়ক।

এসময় উপস্থিত থেকে এসআরবি'র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, "গত ১ অক্টোবর দুপুর দেড়টায় রামপুরা থানাধীন টিভি রোড এলাকায় অভিযান পরিচালনা করে পিচ্চি আল-আমিন ও তার ২ সহযোগী কামাল উদ্দিন এবং খাইরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী রিভলবার এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।"

তিনি আরও জানান, গ্রেফতারকৃত পিচ্চি আল আমিনের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬ টার সময় রাজধানীর রামপুরা থানাধীন কুঞ্জবন এলাকায় অভিযান পরিচালনা করে তার অপর ২ জন সহযোগী মো. সোহাগ হাওলাদার ওরফে মামুন এবং মো. রিফাত ইসলামকে ২টি দেশীয় অস্ত্র (লোহার তৈরি ছুরি) সহ গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তার আল আমিনকে জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, তার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী মো. কাওছার খানের কাছে আরও অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। ওই তথ্যের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় কাওছারের অবস্থান শনাক্ত করে ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় রামপুরা থানাধীন কুঞ্জবন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে খিলগাঁও থানাধীন ভূঁইয়াপাড়া জনৈক শফিকের টিনশেড ঘরের ভেতর থেকে একই দিন রাত সাড়ে ৮টায় ১ টি বিদেশি রিভলভার, ১ টি বিদেশি পিস্তল এবং ১ টি ম্যাগাজিনসহ ০৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মন্ত্রিপরিষদ সচিব জ্ঞানেশের কাছে দুই কমিশনারের চিঠি ফেরত পাঠালেন

ইন্তেখাব চৌধুরী বলেন, গ্রেফতারকৃত পিচ্চি আল আমিন সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার নামে রাজধানীর খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল ও গুলশান থানায় বিস্ফোরকদ্রব্য আইন, হত্যা ও অস্ত্র মামলাসহ মোট ২৭টি মামলা রয়েছে। তবে গ্রেফতারকৃত অপর আসামিদের নামে থানায় কোন মামলা পাওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


গাইবান্ধায় সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই

গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামীর সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ মামুনুর রশিদকে মারধর করা এবং গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করেছেন যে এ সময় তার কাছে থাকা টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় এজাহার দাখিল করেছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ রোববার (৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ শিববাড়ী শহীদ মিনারসংলগ্ন চন্দনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক শেখ মামুনুর রশিদ সোনারায় ইউনিয়নের বলরাম গ্রামের মো. আব্দুল মজিদ মিয়ার ছেলে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ এলাকার রাকিব মিয়া (৩০), সরফরাজ মিয়া (৩৮), মনির মিয়া (৩০) ও তুহিন মিয়া (৩৮)।

এজাহার থেকে জানা গেছে, ধান ব্যবসার সূত্রে রাকিব মিয়ার সঙ্গে মামুনুর রশিদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। সম্প্রতি রাকিবের ভাই তুহিন মিয়ার স্ত্রী মোছা. নাইমা নিখোঁজ হলে মামুনুর রশিদের বিরুদ্ধে তাকে নিয়ে দোষারোপ ও অপপ্রচার চালানোর অভিযোগ ওঠে। পরে ওই নারীকে রংপুরে তার এক আত্মীয়ের বাড়িতে পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এর পর মামুনুর রশিদ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যাতে তিনি তাদের বিরুদ্ধে সম্মানহানির মামলা করার কথা জানান। এতে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর মামুনুর রশিদ চন্দনের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় রাকিব, সরফরাজ, মনির, তুহিনসহ আরও দুই-তিনজন সেখানে এসে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে দোকান থেকে বের করে মারধর করেন। এতে তার মাথা, ঘাড়, গলা, বুক ও মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, মারধরের একপর্যায়ে রাকিব মিয়া তার পকেট থেকে ধান ব্যবসার ৪০ হাজার টাকা নিয়ে নেন। সরফরাজ মিয়া তার ডান হাতের আঙুলে থাকা প্রায় ৪০ হাজার টাকা মূল্যের একটি সোনার আংটি খুলে নেন। পরে সরফরাজ তাকে শহীদ মিনারের পাকা দেয়ালে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং রাকিব গলা চেপে ধরেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্তরা আবারও মারধর ও প্রাণনাশের হুমকি দেন।

ঘটনার সাক্ষী সবুজ মিয়া বলেন, "মামুন ভাইয়ের সঙ্গে একসঙ্গে চা খেয়ে আমি আমার দোকানে আসি। পরে দেখি রাকিব, সরফরাজ, মনির, তুহিনসহ কয়েকজন তাকে মারধর করছেন। আমি আটকানোর চেষ্টা করলে রাকিব আমাকে ঘুষি মারার চেষ্টা করেন এবং ধাক্কা দিয়ে সরিয়ে দেন।"

চায়ের দোকানের মালিক চন্দন বলেন, "মামুন আমার দোকানে বসে ছিল। রাকিব, মনির, সরফরাজ, তুহিনসহ কয়েকজন এসে তাকে জোর করে বাইরে নিয়ে যায়। আমি বাধা দিলে আমাকেও মারার হুমকি দেয়। এরপর তারা মামুনকে মারধর করে।"

অভিযোগের বিষয়ে রাকিব মিয়া, সরফরাজ মিয়া, মনির মিয়া ও তুহিন মিয়ার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো বক্তব্য দেননি। পরে তাদের ব্যবহৃত নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।

ভুক্তভোগী সাংবাদিক শেখ মামুনুর রশিদ বলেন, "এর আগে আসামিরা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিকভাবে সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলায় আমার ওপর হামলা চালানো হয়েছে। এ সময় আমার টাকা ও স্বর্ণের আংটি নিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় সুন্দরগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে থানায় এজাহার দিয়েছি।"

ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, "সাংবাদিক মামুনুর রশিদকে মারধর, টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে থানায় এজাহার দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


সিলেটে মুক্ত দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেট, ৪ অক্টোবর, ২০২৬ : মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সিলেট পাকিস্তানি হানাদারমুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করার উদ্দেশ্যে সিলেট মুক্ত দিবস উদযাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সিলেট মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে আজ রোববার নগরীর জেলা পরিষদ মিলনায়তনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী মন্তব্য করেন, সিলেট মুক্ত দিবস উদযাপন একটি স্মরণীয় উদ্যোগ। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য, স্মৃতিচারণ এবং লেখনীর মাধ্যমে তরুণ প্রজন্মকে সিলেটের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো সম্ভব হবে।

সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক উল্লেখ করেন, আগামী ১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস ব্যাপকভাবে উদযাপনে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানকে সফল করতে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক স্মারকগ্রন্থ প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রচার-প্রচারণা, ব্যবস্থাপনা ও সংবর্ধনাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন অধ্যায় শুরু করলেন মিথিলা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন অধ্যায় শুরু করলেন মিথিলা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী, মডেল, কণ্ঠশিল্পী, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা দেশের বিনোদন জগত এবং সমাজসেবামূলক খাতে দুই দশক ধরে অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করে আসছেন। সম্প্রতি, চলতি অক্টোবর মাসে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে 'অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট' (গবেষক) হিসেবে এবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে 'অ্যাডজাংন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর' হিসেবে শিক্ষকতা শুরু করে ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন।

অভিনয়ের পাশাপাশি উন্নয়ন খাতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। পেশাগত জীবনে নতুন অধ্যায় শুরু করার খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি বলেন, ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের অভিজ্ঞতার পর নতুন এ অধ্যায়ে পা রাখছেন। তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে ১৫ বছর ধরে কাজ করছেন।

মিথিলা জানান, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্বে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কেও শিক্ষকতা শুরু করেছেন মিথিলা। সেখানে ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াবেন। শিক্ষার্থীদের বাস্তব জগতের ননপ্রফিট সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়াও তার পাঠদানের অন্যতম লক্ষ্য। নতুন এই পেশাগত যাত্রায় ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিথিলা। একই সঙ্গে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো এবং গবেষকদের সঙ্গে কাজের সুযোগকে নিজের অভিজ্ঞতা সমৃদ্ধ করার নতুন অধ্যায় হিসেবে দেখছেন তিনি।

মিথিলা বলেন, অভিনয়ের পাশাপাশি উন্নয়ন খাতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। এবার গবেষণা ও শিক্ষকতার মাধ্যমে যুক্তরাষ্ট্রে সেই পেশাগত যাত্রায় যুক্ত হলো নতুনমাত্রা।

প্রকল্পটি প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে। জন্ম থেকে পাঁচ বছর বয়সি শিশুদের পরিবারকে শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। নিজের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রকল্পটিতে অবদান রাখার প্রত্যাশা করছেন মিথিলা। তিনি স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্যকে সমন্বয় করা এবং তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার কাজ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিআরটিএ খুলনা সার্কেলের উদ্যোগে পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


বিআরটিএ খুলনা সার্কেলের উদ্যোগে পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা

শব্দদূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কার্যক্রমের জোরদার এবং পেশাজীবী গাড়িচালক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা সার্কেলের উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে খানজাহান আলী থানাধীন বাদামতলা শিরোমণিস্থ বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত) এর আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ'র খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিঃ) প্রকৌশলী তানভীর আহমেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ'র খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এস এম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ডাঃ অনিন্দ্য কুমার সাহা।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি'র পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মোহাম্মদ আবুবকর সিদ্দিক, সার্জেন্ট মোঃ তরিকুল ইসলাম, বিআরটিএ, খুলনা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সাইফুর রহমান ও মোঃ ফরহাদ হোসেন।

পেশাজীবী পরিবহন গাড়িচালক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।

কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, অনিয়ন্ত্রিত হর্ন, অপ্রয়োজনীয়ভাবে উচ্চ শব্দ সৃষ্টি এবং যানবাহনের ত্রুটিপূর্ণ ব্যবহার নগরজীবনে শব্দদূষণের প্রধান কারণ। বিশেষ করে ব্যস্ত সড়ক, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় অতিরিক্ত হর্নের ব্যবহার মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। শব্দদূষণ শুধুমাত্র বিরক্তির কারণ নয়; দীর্ঘমেয়াদে এটি শ্রবণশক্তি, ঘুম, মনোযোগ ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

তারা আরও বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি চালক, পরিবহন শ্রমিক, যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে দায়িত্বশীল আচরণ ও সচেতনতা তৈরি করা জরুরি। একজন দক্ষ ও সচেতন চালক অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি সড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে যানবাহন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বক্তারা সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, অতিরিক্ত ওভারটেকিং পরিহার এবং গাড়ির যান্ত্রিক ত্রুটি নিয়মিত পরীক্ষা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে জরুরি পরিস্থিতি ছাড়া হর্ন ব্যবহার না করার বিষয়ে চালকদের আরও সচেতন হতে হবে।

চিকিৎসা সংশ্লিষ্ট আলোচনায় বলা হয়, অতিরিক্ত শব্দের মধ্যে দীর্ঘ সময় অবস্থান করলে শ্রবণশক্তির ক্ষতির পাশাপাশি শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ফলে চালক ও পরিবহন শ্রমিকদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

কর্মশালায় অংশগ্রহণকারীদের শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, শব্দদূষণ নিয়ন্ত্রণে করণীয়, সড়ক পরিবহন আইন ও ট্রাফিক শৃঙ্খলা, নিরাপদ গাড়ি চালনা এবং চালকদের পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%