ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ঝিনাইদহে পারিবারিক বিরোধে দুই আপন ভাই নিহত


ঝিনাইদহে পারিবারিক বিরোধে দুই আপন ভাই নিহত

ঝিনাইদহে তুচ্ছ পারিবারিক বিরোধ ও কলহের কারণে পৃথক দুটি ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন। একটি ঘটনায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই এবং অন্য ঘটনায় বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই নিহত হন। শনিবার বিকেলে শৈলকূপা উপজেলায় এবং সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শৈলকূপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাই রবিউল ইসলামের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম (৪৮) নিহত হন।

গত শুক্রবার বাড়ির উঠানে থাকা একটি গাছ থেকে বড় ভাই মজিবুলের সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাই রবিউলের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার বিকেলে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়।

আরও পড়ুন: টঙ্গীতে উদ্বোধন হলো সেকেন্ডারি ট্রান্সফার(এসটিএস) স্টেশন

সংঘর্ষ চলাকালে ছোট ভাই রবিউল লাঠি দিয়ে বড় ভাই মজিবুলের মাথা ও শরীরে আঘাত করেন। স্বামীকে বাঁচাতে গিয়ে মজিবুলের স্ত্রী ও ছেলেও রক্তাক্ত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় মজিবুলকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত রবিউল আত্মগোপনে চলে যান। এদিকে গ্রামবাসী তার স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবীর মোল্লা জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রধান আসামি রবিউলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

অন্যদিকে, ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকশিপুর-চাঁদপুর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাই সুমন মন্ডলের কোদালের আঘাতে ছোট ভাই সোহান মন্ডল (২৮) নিহত হয়েছেন।

আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সুমনের সঙ্গে সোহানের স্ত্রীর ঝগড়া হয়। পরে সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যান।

গুরুতর আহত সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়রা হুমা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, পারিবারিক বিরোধের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ‎হোসেনপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সংসদ সদস্য মাজাহারুল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমিকার টানে চীন থেকে মাদারীপুরে যুবক, মানব পাচার নিয়ে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


প্রেমিকার টানে চীন থেকে মাদারীপুরে যুবক, মানব পাচার নিয়ে সতর্কতা

প্রযুক্তির কল্যাণে পরিচয়, চার মাসের কথোপকথন থেকে প্রেম। সেই প্রেমের টানেই চীনের হেনান প্রদেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামে এক যুবক। প্রেমিকাকে বিয়ে করতে চান তিনি। প্রয়োজনে ইসলাম ধর্ম গ্রহণেও আগ্রহী। তবে এই সম্পর্কের আড়ালে মানব পাচারের কোনো ঝুঁকি রয়েছে কি না, তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় এক ব্যক্তি। বিষয়টি জেনেছে পুলিশও।

ঘটনাটি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের। ওই গ্রামের মোস্তফা বেপারীর কলেজপড়ুয়া মেয়ে হাফিজা আক্তারের সঙ্গে প্রায় চার মাস আগে ‘ওয়ার্ল্ড টক’ অ্যাপের মাধ্যমে পরিচয় হয় চীনা যুবক ওয়াং এরলিংয়ের। নিয়মিত কথাবার্তা ও চ্যাটিংয়ের একপর্যায়ে তাঁদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

এই সম্পর্কের টানেই গত ১৫ অক্টোবর চীন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওয়াং এরলিং। তাঁর বাংলাদেশে আসার খবর ছড়িয়ে পড়লে চাপাতলী গ্রামে কৌতূহল তৈরি হয়। তাঁকে একনজর দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন।

জানা গেছে, হাফিজা আক্তারকে বিয়ে করতে আগ্রহী ওয়াং এরলিং। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যাচাই-বাছাইয়ের বিষয়টিও সামনে এসেছে। বিয়ে সম্পন্ন হলে স্ত্রীকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

তবে বিষয়টি নিয়ে সতর্কতার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা জুয়েল। তিনি বলেন, চীন থেকে যুবকদের বাংলাদেশে আসার ঘটনা এবং অনলাইনে পরিচয়ের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠার বিষয়গুলো সতর্কতার সঙ্গে দেখা প্রয়োজন। তাঁর আশঙ্কা, এ ধরনের সম্পর্কের আড়ালে মানব পাচারের ঘটনা ঘটতে পারে। তবে সম্পর্কটি সত্যিকারের প্রেমের হলে তা ভিন্ন বিষয়। এ কারণে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করা উচিত বলে মনে করেন তিনি।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “আমরা বিষয়টি জেনেছি। তবে সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। অনলাইনে পরিচয়ের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে কাউকে অন্যত্র নিয়ে যাওয়ার আড়ালে মানব পাচারের ঘটনাও ঘটছে।”

এদিকে, ওয়াং এরলিং ও হাফিজা আক্তারের সম্পর্কের বিষয়ে দুই পরিবারের অবস্থান, বিয়ের আনুষ্ঠানিকতা এবং তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি সতর্কতার কথাও উঠে এসেছে।

প্রকৃতপক্ষে এটি ভালোবাসার টানে দুই দেশের দুই মানুষের মিলন, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে—তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট তথ্য যাচাই ও প্রয়োজনীয় অনুসন্ধান গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশের কথা বলে পূজামণ্ডপ পরিদর্শন হারুন সিকদারের, বিএনপির তৃণমূলে ক্ষোভের গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক

বিশেষ প্রতিনিধি | বাকেরগঞ্জ, বরিশাল

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


প্রধানমন্ত্রীর নির্দেশের কথা বলে পূজামণ্ডপ পরিদর্শন হারুন সিকদারের, বিএনপির তৃণমূলে ক্ষোভের গুঞ্জন

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে বিএনপির মেয়র প্রার্থী হারুন অর রশিদ সিকদারকে নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সেখানে গেছেন বলে বক্তব্য দিয়েছেন—এমন দাবি পূজা মণ্ডপ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের। বিএনপি নেতা-কর্মীদের একাংশের প্রশ্ন—দলীয় প্রতিনিধি হিসেবে যাওয়ার অনুমোদন কে দিয়েছেন? তবে এ বক্তব্যের সত্যতা পাওয়া গেলেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, শনিবার (১৭ অক্টোবর) হারুন সিকদার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং অনুদান বিতরণ করেন। এ সময় তিনি সংসদ সদস্য আবুল হোসেন খানের অনুমতি নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসেছেন এবং বিএনপির প্রতিনিধি হিসেবেও বিভিন্ন মণ্ডপে গেছেন বলে বক্তব্য দিয়েছেন।

এ নিয়ে স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মীর মধ্যে প্রশ্ন উঠেছে—দলীয় প্রতিনিধি হিসেবে পূজামণ্ডপ পরিদর্শনের ক্ষেত্রে তাঁর দায়িত্ব ও অনুমোদনের বিষয়টি কী ছিল? তবে ক্ষুব্ধ নেতা-কর্মীদের পরিচয়, তাঁদের বক্তব্য এবং এ বিষয়ে দলীয় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হারুন সিকদারের রাজনৈতিক পদ-পদবি নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। তার উপজেলা বিএনপির বর্তমান কোন পদ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ইতিপূর্বে তিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ছিলেন বলে জানা যায়।

অন্যদিকে, হারুন সিকদার একসময় ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে বাকেরগঞ্জ পৌরসভার মেয়র পদে তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা ও ঠাট্টা-তামাশাও চলছে।

তবে একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহকে আইনগত বা রাজনৈতিকভাবে অস্বাভাবিক বলার সুযোগ নেই। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা ও জনসমর্থনই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পৌরসভার ৮ নং ওয়ার্ডের মুকুল বেগম জানান, এক সময় ভরপাশা ইউনিয়নের বাসিন্দা হারুন শিকদারের পৌরসভার মেয়র প্রার্থী হওয়ার যোগ্যতা থাকলেও, মেয়ন নির্বাচিত হওয়ার মতো ভোট ব্যাংক নেই। টাকার তো জোরে তিনি ডাক ঢোল পেটালেও পৌরসভা বিএনপির নেতা কর্মীদের কাছে তিনি প্রত্যাখ্যাত।

প্রশ্নের উত্তর চান স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা:
প্রধানমন্ত্রীর নির্দেশে পূজামণ্ডপ পরিদর্শনের দাবি, সংসদ সদস্যের অনুমতির প্রসঙ্গ এবং বিএনপির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের বিষয়গুলো নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছে, তার স্পষ্ট ব্যাখ্যা চান বলে দাবি করা হচ্ছে স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীদের।

উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান এ প্রসঙ্গে জানান, হারুন সিকদার যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের (নির্দেশনার কথা বলে) নাম ভাঙ্গিয়ে পৌরসভায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে থাকেন তবে সেটা দুঃখজনক। এরকম ভিত্তিহীন কথাবার্তা বলা তার ঠিক হয়নি। পূজামন্ডপ পরিদর্শনের জন্য বিএনপির প্রতিনিধি দলের দায়িত্ব তাকে দেয়া হয়নি। তিনি ব্যক্তিগতভাবে পূজা মন্ডপ পরিদর্শন করতেই পারেন। তবে দলের প্রতিনিধি হয়ে নয়। বাকেরগঞ্জ উপজেলায় দলের একজন প্রতিনিধি রয়েছেন তিনি হলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।

এ বিষয়ে হারুন অর রশিদ সিকদারের বক্তব্য, প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে কোনো লিখিত বা আনুষ্ঠানিক তথ্য এবং বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতাদের প্রতিক্রিয়া পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে। অভিযোগ প্রসঙ্গে বিএনপি নেতা হারুন শিকদার জানান, যেহেতু তিনি বিএনপির রাজনীতি করেন তাই পূজমন্ডপ পরিদর্শনকালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের কথা বলে প্রচারণা চালিয়েছেন। এমন বক্তব্যে বিএনপি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তার কিছু করার নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

ভারতের কলকাতার একটি পূজামণ্ডপে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া, বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজা মণ্ডপে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্ক (চোরবাগান) পূজা মণ্ডপের বের হওয়ার গেটে পদদলনের ঘটনা ঘটে। বৃষ্টির কারণে দর্শনার্থীদের মধ্যে প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কন্ট্রোল রুম থেকে অতিরিক্ত পুলিশ, ফায়ার ব্রিগেড, কলকাতা পুলিশের ডিএমজি দল এবং মেডিকেল টিমসহ একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকারী দল দ্রুত আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে (এমসিএইচ) ভর্তি করে।

পুলিশের তথ্যমতে, এখন পর্যন্ত অন্তত ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই পূজা মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বর্তমানে বন্ধ রাখা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল ঘটনাস্থলে পরিদর্শনে যান। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের আগ্রাসন ও আ. লীগের ফ্যাসিজমের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান হয়েছে : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


ভারতের আগ্রাসন ও আ. লীগের ফ্যাসিজমের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান হয়েছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী মন্তব্য করেছেন যে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান সম্পর্কে ভারতের মন্ত্রী ভুল তথ্য প্রদান করছেন।

তিনি উল্লেখ করেন, এটি সরকারের পরিবর্তনের বিষয় নয়; বরং গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল ভারতের আগ্রাসন এবং আওয়ামী লীগের ফ্যাসিজমের বিরুদ্ধে।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বর লালন তিরোধান ও রমনা কালিমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন।

রিজভী স্বাধীনতার কথা উল্লেখ করে বলেন, দিল্লির দাসত্বের মাধ্যমে দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। তিনি জানান, ১৭ বছর ধরে বিভিন্ন কৌশলে দেশকে একমুখী করার চেষ্টা করা হয়েছিল।

তবে, তিনি দাবি করেন যে, এখন দেশের ভেতর বা বাইরের কোনো শক্তি আর দেশকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে না।

এ সময় রুহুল কবীর রিজভী আরো বলেন, হাসিনার শাসনামলে ভারতীয় সিনেমার আগ্রাসন শেখ মুজিবের আমলকেও অতিক্রম করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%