ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় মামলা দায়ের


নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় মামলা দায়ের

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা শুক্রবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে দুর্গাপুর থানায় মামলাটি করেন। মামলায় ৭ থেকে ৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তিলনজিয়া এলাকায় একদল দুর্বৃত্ত প্রকাশ্যে সাংবাদিক আলিফকে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে ময়নাতদন্তে তাঁর শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।

শুক্রবার বিকেলে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ডিটপুর গ্রামে সাংবাদিক আলিফের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

স্বজনেরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা এ ঘটনায় বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাখের আহমেদ জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে এসআরবি, পিবিআই, থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক দল সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আশা প্রকাশ করেন, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধিকৃত পশ্চিম তীরে মার্কিন সাংবাদিক হেইডি লেভিনের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


অধিকৃত পশ্চিম তীরে মার্কিন সাংবাদিক হেইডি লেভিনের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জলপাইচাষিদের ওপর সহিংসতার তথ্য সংগ্রহের সময় শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর একজন নারী আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলা চালিয়েছেন ইসরাইলি বসতি স্থাপনকারীরা।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

আহত আলোকচিত্রী হেইডি লেভিনকে রামাল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএফপির ছবিতে দেখা যাচ্ছে, তার পা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি হাসপাতালের স্ট্রেচারে শুয়ে আছেন।

নির্বাচনের মাত্র কয়েক দিন বাকি থাকতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, ঘটনার প্রকৃত পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। নির্বাচনে বসতি স্থাপনকারীদের সমর্থন পেতে আগ্রহী নেতানিয়াহুর কার্যালয়ের এই বক্তব্যের বিপরীতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এর মাত্র ১০ দিন আগে পশ্চিম তীরে জলপাই সংগ্রহের তথ্য সংগ্রহের সময় এএফপির আলোকচিত্রী জাফর আশতিয়েকে আঘাত করেছিলেন বসতি স্থাপনকারীরা। ওই হামলায় আহত হয়ে তাকেও হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।

হাসপাতালের শয্যায় শুয়ে সাংবাদিকদের লেভিন বলেন, পশ্চিম তীরের আবু ফালাহ ও তুরমুস আয়া গ্রামের কাছে কাজ করার সময় লাঠি হাতে ৫০ জনের বেশি মুখোশধারী বসতি স্থাপনকারী আকস্মিকভাবে তার ওপর হামলা চালান।

তিনি উল্লেখ করেন, ‘হঠাৎ করেই তারা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। ভাগ্যক্রমে আমার মাথায় হেলমেট ও গায়ে সুরক্ষা জ্যাকেট ছিল। মুখ রক্ষার চেষ্টা করতে আমি মুখ নিচের দিকে রেখে মাটির দিকে ঝুঁকে ছিলাম।’

তিনি আরও বলেন, ‘তারা আমাকে একের পর এক লাথি মারতেই থাকে।’

রামাল্লায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর লেভিনকে ইসরাইলের পেতাহ তিকভা শহরের বেইলিনসন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তার মেরুদণ্ডের চারটি কশেরুকা ভাঙা দেখতে পান। চিকিৎসকেরা জানান, তার অস্ত্রোপচার প্রয়োজন হবে।

দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, লেভিনের গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল, যা দেখে তাকে সাংবাদিক হিসেবে চেনা সম্ভব ছিল।

পত্রিকাটির নির্বাহী সম্পাদক ম্যাট মারে এক বিবৃতিতে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনরত একজন সাংবাদিকের ওপর এ ধরনের অযৌক্তিক হামলায় আমরা ক্ষুব্ধ। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করছি।’

নেতানিয়াহুর কার্যালয় জানায়, লেভিনের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনার পরিস্থিতি এখনো অস্পষ্ট এবং তদন্ত চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্যালয়টি বলেছে, ‘দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।’

তবে ঘটনার বিবরণ দিতে গিয়ে কার্যালয়টি দাবি করে, প্রায় ২০০ আরব ও কট্টর বামপন্থী কর্মীর সঙ্গে প্রায় ৪০ জন ইসরাইলি তরুণের সংঘর্ষ হয়েছিল এবং উভয় পক্ষই একে অপরের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মেরেছিল।

আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট শুক্রবারের এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, মুষ্টিমেয় দাঙ্গাবাজের কর্মকাণ্ড পুরো জাতির ভাবমূর্তিকে কলঙ্কিত করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেন, পশ্চিম তীরে যেকোনো পক্ষের অপরাধমূলক সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এ ঘটনায় দায়ীদের আইনগতভাবে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আটঘরিয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষে অল্প খরচে বেশি মুনাফা পাচ্ছেন কৃষক রুবেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


আটঘরিয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষে অল্প খরচে বেশি মুনাফা পাচ্ছেন কৃষক রুবেল

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের হাতীগাড়াগ্রামের কৃষক সাজ্জাদুল ইসলাম রুবেল মাচা পদ্ধতিতে লাউ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। এই সবজিখ্যাত উপজেলায় মাচা পদ্ধতিতে লাউয়ের আবাদ বৃদ্ধি পেয়েছে। যদিও লাউ শীতকালীন সবজি, তবে উপজেলার চাষিরা সারা বছরই লাউয়ের আবাদ করছেন।

মাচা পদ্ধতিতে লাউ চাষের ফলে পোকামাকড়ের আক্রমণ কমে গেছে। কীটনাশক প্রয়োগ না করে লাউয়ের আবাদ করায়, এই উপজেলার উৎপাদিত লাউয়ের চাহিদা এখন দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে।

কৃষক সাজ্জাদুল ইসলাম রুবেলের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আরও অনেক কৃষক লাউ চাষে আগ্রহী হচ্ছেন। উপজেলার মধ্যে লাউয়ের চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। অল্প খরচে বেশি মুনাফা হওয়ায় লাউ চাষের প্রসার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা।

তিনি প্রতি বছরের মতো এবারো কৃষি অধিদপ্তরের পরামর্শে ১ বিঘা জমিতে লাকী লাউয়ের চারা রোপণ করেছেন। নিজের পৈতৃক জমিতে লাকী জাতের লাউয়ের চারা রোপণ করার পর, তার এই ১ বিঘা জমিতে লাউ ধরা পর্যন্ত খরচ হয়েছে ২০-২৫ হাজার টাকা। চলতি মৌসুমে তিনি এখন পর্যন্ত প্রায় লাখ টাকার লাউ বিক্রয় করেছেন।

স্থানীয় কৃষকরা জানান, লাউ চাষে গোবর, ছাই, কচুরিপানা এবং পানিই প্রধান উপাদান। রাসায়নিক সারের ব্যবহার খুব একটা নেই বললেই চলে। তাই এক বিঘা জমিতে লাউ চাষে ২০ থেকে ২৫ হাজার টাকার বেশি খরচ হয় না।

অন্য ফসলের তুলনায় লাউ চাষে শ্রমের পরিমাণও তুলনামূলক কম। শীতকালীন সবজি হিসেবে ভোক্তাদের কাছে লাউয়ের চাহিদা প্রচুর এবং বাজার দরও ভালো থাকায় প্রতি বিঘা জমির লাউ ১ লাখ ১০ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করা সম্ভব।

এছাড়া লাউয়ের ডগা বিক্রি করে কৃষকরা ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করেন। তুলনামূলকভাবে শ্রম ও ব্যয় কম হওয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বেশি ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি লাউ চাষিরা। লাউসহ নতুন নতুন সবজি চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছেন কৃষি বিভাগ।

লাউ চাষি সাজ্জাদুল রহমান রুবেল বলেন, "অন্যান্য ফসলের যে টাকা খরচ করেছিলাম তার অর্ধেক টাকাও ঘরে তুলতে পারিনি। ধানের আবাদেও সার, বিষ ও সেচ খরচ বেড়েছে দ্বিগুণ।"

তিনি আরও বলেন, "এ বছর মাচা পদ্ধতিতে লাকী জাতের লাউয়ের আবাদ করেছি। লাউ আবাদে সেচ ও শ্রমিক খরচ কম। পোকামাকড়ের আক্রমণ তেমন নেই। ফলে কীটনাশক ব্যবহার না হওয়ায় মানুষ বিষমুক্ত সবজি পাচ্ছে।"

কাকমারি এলাকার কৃষকেরা জানান, এক বিঘা জমিতে মাচা পদ্ধতিতে মার্টিনা জাতের লাউয়ের আবাদে খরচ পড়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা। লাউয়ের উৎপাদন অনেক ভালো হয়েছে এবং দামও মোটামুটি ভালো। আমি এক বিঘা জমিতে লাকী জাতের গোলাকার দেশীয়, জাতের লাউয়ের চাষ করেছি।

লম্বা জাতের লাউয়ের চাহিদা কিছুটা কম। গোলাকার দেশীয় জাতের লাউয়ের চাহিদা অনেক ভালো। দেশের বিভিন্ন জেলার পাইকার ব্যবসায়ীরা আমাদের জমি থেকে লাউ কিনে নিয়ে যাচ্ছে। আশা করি লাভবান হবো।

আটঘরিয়া পৌরসভা, চাঁদভা, মাজপাড়া, খিদিরপুর, পারখিদিনপুর, সড়াবাড়িয়া, দেবোত্তর, একদন্ত, লক্ষীপুরসহ বিভিন্ন এলাকায় বেশকিছু মাঠ ঘুরে দেখা গেছে, উর্বর ফসলি জমিতে পরিকল্পিতভাবে কৃষক মাচায় লাউ চাষ করেছেন। উন্নত জাতের লাউ চাষ করায় প্রতিটি মাচায় ডগায় ডগায় ঝুলে আছে লাউ। বর্তমানে বাজারে একটি লাউ প্রকার ভেদে ৩০ টাকা হতে ৩৫-৪০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। বাজারে দাম ভালো পেয়ে খুশি কৃষক।

দেবোত্তর বাজারের ব্যবসায়ী সিরাজ, কামালসহ দশ থেকে পনেরো জন বলেন, "প্রতিদিনই কৃষকরা আমাদের আড়তে লাউ বিক্রি করছেন। আবার অনেকেই পাইকারি কিনে ঢাকা, সিলেট, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরে বিক্রি করে।"

"আমাদের উপজেলার উৎপাদিত লাউ দেখতে অনেক সুন্দর, মসৃণ ও সুস্বাদু হওয়ায় চাহিদা ভালো। একদিকে কৃষকরা যেমন উৎপাদন করে লাভবান হচ্ছেন, তেমনি বিক্রি করেও আমরা লাভবান হচ্ছি। তাছাড়া যে সকল এলাকায় সবজি আবাদ হয় না, সে এলাকার মানুষের সবজির চাহিদা পূরণ হচ্ছে।"

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না জানান, লাউ সাধারণত শীতকালীন সবজি হলেও বর্তমানে শীতের আগে আগাম সবজি হিসেবে লাউ চাষের কদর বেড়েছে। লাউয়ের বেশ কয়েকটি জাত রয়েছে, তার মধ্যে ডায়না, জিরান, মার্টিনা, শীতালাউ, লাকী ও মার্শাল জাতের লাউ আবাদ হয়ে থাকে। তিনি বলেন, "আমরা কৃষকদের মাঠ দিবসের মাধ্যমে মাচা পদ্ধতিতে লাউ চাষের পরামর্শ দিলে কৃষকরা বর্ষার শেষ এবং শীতের শুরুতে কয়েকবছর মাচা পদ্ধতিতে লাউয়ের আবাদ করে বেশ লাভবান হচ্ছেন।"

উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পৌরসভা ব্লক জাহিদল হক বলেন, "এলাকার কৃষকরা আগাম লাউ চাষ করে বেশ লাভবান হওয়ার পাশাপাশি সবজির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুকাইয়া জাহান চমকের বিয়ের রহস্য, ভাইরাল ছবিতে শুভর উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


রুকাইয়া জাহান চমকের বিয়ের রহস্য, ভাইরাল ছবিতে শুভর উপস্থিতি

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বিয়ে করেছেন বলে খবর ছড়িয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা। ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক’— এমন ক্যাপশনে কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

চমকের এমন পোস্ট সামাজিক মাধ্যমে প্রকাশের পর নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা। কিছু মানুষ বিষয়টিকে নতুন কোনো কাজের প্রচার হিসেবে দেখছেন। আবার অন্যরা ছবিগুলোর পেছনে আসল রহস্য জানতে চাইছেন।

ভাইরাল হওয়া ছবিগুলোর মধ্যে দেখা গেছে অভিনেত্রীর সঙ্গে অভিনেতা আরিফিন শুভকে। আরেকটি ছবিতে দেখা গেছে, সুসজ্জিত হোটেলকক্ষে দুজনকে হাসিখুশি অবস্থায়। অন্য একটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতে দেখা গেছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।

সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর থেকে তাদের একসঙ্গে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা ধূম্রজাল। তবে কি সত্যিই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রুকাইয়া জাহান চমক? নাকি এটি কোনো নাটক কিংবা সিনেমার শুটিংয়ের দৃশ্য?

এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, রহস্যটি রয়ে গেছে।

নতুন কোনো সম্পর্কের বিষয়ে জানতে চাইলে রহস্য বজায় রেখে রুকাইয়া জাহান চমক বলেন, "আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।"

অন্যদিকে, অভিনেত্রীর কাছ থেকে এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য পাওয়া গেলেও এ বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেতা আরিফিন শুভ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপুরে সাংবাদিক হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


দুর্গাপুরে সাংবাদিক হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি আয়োজন করেছে সাংবাদিকরা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় সহ-সভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সাংবাদিক ধনেশ পত্রনবিস, সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদারসহ আরও অনেকে।

প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক জানান, এখন পর্যন্ত জড়িত কাউকে আটক করা হয়নি। তিনি সরকারের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে।

নির্মলেন্দু সরকার বাবুল মন্তব্য করেন, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে।

যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন বলেন, সাংবাদিক আলিফ ফকিরকে ছয়টি গুলি করে হত্যা করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে যদি সাংবাদিক আলিফ শহীদ হন, তাহলে প্রত্যেক সাংবাদিক শহীদ হবেন। তিনি অনুরোধ করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা হোক।

মানববন্ধন শেষে সাংবাদিকরা সড়কে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%