০৫:২২ পি.এম
ঠাকুরগাঁও পৌর শহরে বহুতল ভবনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আবাসন ও বাণিজ্যিক চাহিদা পূরণের লক্ষ্যে নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এসব নির্মাণে নির্ধারিত বিধিবিধান মানা হচ্ছে না। কোথাও অনুমোদিত নকশার বাইরে বাড়ানো হচ্ছে ভবনের তলার সংখ্যা, আবার কোথাও প্রয়োজনীয় ফাঁকা জায়গা রাখা হচ্ছে না। গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলোতে দোকান, শোরুম ও ব্যাংক প্রতিষ্ঠা করা হচ্ছে।
একটি ভবনের সাততলা পর্যন্ত নির্মাণের অনুমোদন থাকলেও সেটি নির্মাণ করা হয়েছে নয়তলা পর্যন্ত। এই পরিস্থিতিতে পৌরসভার তদারকি ও নিয়মিত নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, নির্মাণবিধি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করলে ভূমিকম্প কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হতে পারে। ঠাকুরগাঁও পৌরসভায় প্রায় ৩০ বর্গকিলোমিটার আয়তনে দেড় লাখ মানুষের বসবাস রয়েছে।
আরও পড়ুন: ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন হবে: স্বাস্থ্যমন্ত্রী
জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে নগরায়ণের কারণে আবাসনের চাহিদা বাড়ছে। শহরের বিভিন্ন এলাকায় বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন গড়ে উঠছে। তবে নির্মাণকাজে যথাযথ নিয়মকানুন মানা হচ্ছে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পৌর শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, বেশ কিছু বহুতল ভবনের নির্মাণকাজে অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব অবস্থার অসামঞ্জস্য রয়েছে। কোথাও অনুমোদনের চেয়ে বেশি তলা নির্মাণের অভিযোগ রয়েছে, আবার কোথাও পাশাপাশি ভবনের মধ্যে প্রয়োজনীয় দূরত্ব রাখা হয়নি। বাণিজ্যিক ভবনের নকশায় নিচতলায় গাড়ি পার্কিংয়ের জায়গা রাখা হলেও বাস্তবে সেখানে দোকান, শোরুম ও ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। এতে ভবনগুলোর নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ পরিচালনার ক্ষেত্রে শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ মানিক মন্তব্য করেন, "নির্মাণের অনুমোদন দেওয়ার পর যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত তদারকি না করে, তাহলে নির্মাণকারীরা নিজেদের ইচ্ছামতো ভবনের নকশা পরিবর্তন করতে পারেন। এতে শুধু ভবনের বাসিন্দারাই নয়, আশপাশের মানুষও ঝুঁকির মধ্যে পড়েন। বিশেষ করে অগ্নিকাণ্ড কিংবা ভূমিকম্পের মতো দুর্যোগে এসব ভবনে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই নির্মাণকাজ শুরুর পর থেকে শেষ পর্যন্ত নিয়মিত নজরদারি নিশ্চিত করা জরুরি।"
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ অনুযায়ী, ভবন নির্মাণে কাঠামোগত নকশা, অগ্নিনিরাপত্তা, আলো-বাতাস চলাচল, প্রয়োজনীয় খালি জায়গা ও অন্যান্য কারিগরি শর্ত অনুসরণ করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত নকশা অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করে ভবন নির্মাণের বাধ্যবাধকতা রয়েছে। এসব শর্ত উপেক্ষা করে ভবন নির্মাণ করলে তা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: চৌহালীর হাটবাজারে ভেজাল খেজুরের গুড়, ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি
ঠাকুরগাঁওয়ের একজন অভিজ্ঞ সিনিয়র ইঞ্জিনিয়ার নাম প্রকাশ না করার শর্তে বলেন, "বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা অনুসরণ, সঠিক নির্মাণসামগ্রী ব্যবহার এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা প্রকৌশলগত নকশা অনুসরণ না করলে ভবনের কাঠামোগত স্থায়িত্ব কমে যেতে পারে। এতে ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।"
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সরোয়ার হোসাইন জানান, গত তিন বছরে জেলায় বহুতল ভবন নির্মাণ ও প্রয়োজনীয় ছাড়পত্রের জন্য মোট ৪০টি আবেদন জমা পড়েছে।
বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, "বহুতল ভবনে জরুরি প্রয়োজনে বের হওয়ার জন্য বিকল্প সিঁড়ির ব্যবস্থা থাকা প্রয়োজন। কিন্তু অনেক ভবনেই এ ধরনের ব্যবস্থা রাখা হয়নি। কোনো কারণে আগুন লাগলে কিংবা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে এসব ভবনে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।"
পৌর শহরে বহুতল ভবন ও ফ্ল্যাটের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ফ্ল্যাট কেনার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। অনেকেই সারা জীবনের সঞ্চয় দিয়ে স্বপ্নের আবাসন কিনছেন। তবে ভবনের নির্মাণমান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে তাদের মধ্যেও।
আরও পড়ুন: ফ্যাসিবাদের কোনো অবস্থান তৈরি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
ফ্ল্যাট ক্রেতা মোঃ আবু হেলাল জানান, "নিজের একটি স্থায়ী ঠিকানা গড়ে তোলার স্বপ্ন থেকেই আমরা ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু শুধু ভবনের সৌন্দর্য, সুযোগ-সুবিধা কিংবা দাম বিবেচনা করলেই হবে না, নির্মাণকাজের মান, কাঠামোগত নিরাপত্তা ও অগ্নিনিরাপত্তার বিষয়গুলোও গুরুত্ব দিতে হবে। কারণ, সারা জীবনের সঞ্চয় দিয়ে কেনা ফ্ল্যাটে পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে হলে ভবনটির নকশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত কি না, তা যাচাই করা জরুরি।"
তাহলে ক্রেতাদের স্বার্থে অনুমোদন বহির্ভূত ভবন নির্মাণ বন্ধে পৌর কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন।
শিক্ষক সীমা আকতার বলেন, "একটি শহরে বহুতল ভবন নির্মাণের নামে ইচ্ছেমতো নিয়ম ভাঙার সুযোগ নেই। পৌরসভার অনুমোদিত নকশায় যত তলা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে, তার বাইরে অতিরিক্ত তলা নির্মাণ করা বিধিবিধানের লঙ্ঘন। এক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে, এটাই সবার প্রত্যাশা।"
তিনি আরও বলেন, "পৌর কর্তৃপক্ষ শুধু নকশার অনুমোদন দিয়েই দায়িত্ব শেষ করতে পারে না। কোনো প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য আইন আলাদা হতে পারে না। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অনুমোদনবহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।"
আরও পড়ুন: উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে ডাম্পার জব্দ
এদিকে শহরের অট্টালিকা ডটকম নামে একটি বহুতল ভবনের নির্মাণকাজের দায়িত্বে থাকা সাইট ইঞ্জিনিয়ার আকাশ বলেন, "ভবনটি নির্মাণের জন্য প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন আমাদের রয়েছে। যাচাই-বাছাই করেই আমরা নির্মাণকাজ শুরু করেছি।"
তবে পৌরসভা থেকে ভবনটির সাততলা পর্যন্ত নির্মাণের অনুমোদন নেওয়া হলেও বর্তমানে নয়তলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটিও ম্যানেজ করা হবে।" এ সময় ভবন নির্মাণসংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও অনুমোদনের বিষয়ে একাধিক প্রশ্ন করা হলেও সেগুলোর সরাসরি উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি।
এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান বলেন, "পৌরসভা থেকে বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত বিধিবিধান ও নীতিমালা অনুসরণ করা হয়। অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা নির্মাণের কোনো সুযোগ নেই। কোনো ভবনমালিক অনুমোদনের শর্ত লঙ্ঘন করে অতিরিক্ত তলা নির্মাণ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মাধবপুর হাসপাতালে কম খরচের পরীক্ষা বন্ধ, বেসরকারিতে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি টাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন