শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৩২ এম
স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলার মার্কোস ইয়োরেন্তে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার তিনি এই সিদ্ধান্তের কথা জানান। স্পেন জাতীয় দলের হয়ে তিনি মোট ২৭টি ম্যাচ খেলেছেন।
৩১ বছর বয়সী এই খেলোয়াড়, যিনি আতলেতিকো মাদ্রিদের প্রতিনিধিত্ব করেন, ২০২০ সালে প্রথমবার সিনিয়র দলে খেলেন স্পেনের হয়ে। জুলাই মাসে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে স্পেন যে বিশ্বকাপ জেতে, সেই দলে তিনি অন্তর্ভুক্ত ছিলেন। তবে ফাইনালে তিনি মাঠে নামেননি এবং বেঞ্চেই বসে ছিলেন।
ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে ইয়োরেন্তে লেখেন, ‘আমি জানি, আমার বয়স এখনো কম। হয়তো ভালো খেললে এই জার্সি গায়ে আরও কয়েক বছর খেলতে পারতাম।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আমি জানি, অনেকেই এই সিদ্ধান্ত বুঝবেন না। বাইরে থেকে দেখলে হয়তো আমিও বুঝতাম না। কিন্তু এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেক ভেবেচিন্তে নেওয়া। আর সবচেয়ে বড় কথা, এই সিদ্ধান্ত এসেছে হৃদয় থেকে।’
রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড় নিজের সতীর্থদের ধন্যবাদ জানান। বিশ্বকাপ জয়ের স্মৃতিও তিনি মনে করেন।
তিনি বলেন, ‘আমার এত দিনের সব অভিজ্ঞতা আমি মনে রাখব। কিন্তু সবচেয়ে বেশি মনে থাকবে গত ৫২ দিনের কথা।’
তিনি আরও বলেন, ‘দারুণ একটা দলের সঙ্গে ছিলাম আমি। শেষ পর্যন্ত লড়াই করে স্পেনকে তারা শীর্ষে নিয়ে গেছে। আর ঠিক এটাই তারা করে দেখিয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন যে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে এখনও শান্তিচুক্তির সম্ভাবনা রয়েছে। তবে, ইউক্রেনের সাম্প্রতিক হামলার কারণে দুই দেশের মধ্যে আলোচনা শুরু করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে আয়োজিত একটি অর্থনৈতিক ফোরামে পুতিন এসব কথা বলেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও চীনসহ বেশ কয়েকটি দেশ রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তিতে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। তবে, যুদ্ধের সমাধান শেষ পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনকেই করতে হবে।
পুতিন বলেন, “শান্তির সম্ভাবনা আছে কি? আমার মতে, হ্যাঁ, অবশ্যই আছে।”
তবে তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনের বাণিজ্যিক জাহাজে হামলা এবং বেসামরিক উড়োজাহাজে হামলার হুমকি শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার পথকে আরও কঠিন করে তুলছে।
রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের এসব কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেন। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, “রাশিয়ার আকাশসীমায় ইউক্রেনীয় ড্রোনের উপস্থিতির কারণে ওই অঞ্চলে উড়োজাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।”
তিনি দাবি করেন, ইউক্রেন শুধুমাত্র রাশিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করবে এবং বেসামরিক উড়োজাহাজকে হুমকি দেবে না।
বুধবার, ইউক্রেন জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থার কাছে রাশিয়ার আকাশসীমায় বিমান চলাচল বন্ধের জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানোর অনুরোধ করেছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর নিরাপত্তার কারণে ইউক্রেনের নিজস্ব আকাশসীমাতেও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল বন্ধ রয়েছে।
তথ্যসূত্র: সামা টিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা জুলাই মাসে একটি সিনেমার লড়াইয়ের দৃশ্যের শুটিং করতে গিয়ে নিতম্বে আঘাত পেয়েছিলেন। সে কারণে এতদিন তিনি বাড়িতেই বিশ্রামে ছিলেন। বিশ্রামের এই সময়ে স্বামী বিজয় দেবেরকোন্ডার সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন বলে জানান অভিনেত্রী। এখন অনেকটাই সুস্থ তিনি। এমনকি চিকিৎসকরা আরও কয়েক সপ্তাহ পর কাজ শুরুর পরামর্শ দিয়েছেন বলেও জানান রাশমিকা মান্দানা? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীদের।
চিকিৎসকদের পরামর্শের তোয়াক্কা না করেই হায়দরাবাদে ‘রণবালী’র সেটে ফিরছেন অভিনেত্রী। সিনেমাটির মুক্তির দিন এগিয়ে আসছে এবং আর মাত্র ১০ দিনের কাজ বাকি রয়েছে। এরপর আরও দুটি সিনেমার কাজ রয়েছে। ব্যস্ত সূচির কথা ভেবেই তিনি বলেন, আসন্ন মাসগুলোর শুটিং তালিকা দেখে ইতিমধ্যে বেশ চিন্তিত আছেন তিনি।
এই বিশ্রামের দিনগুলো কেমন কাটল অভিনেত্রীর।—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই কদিনে পর্যাপ্ত ঘুমিয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন এবং পাজল খেলেছেন। কাজ শুরু করলে এই বিশ্রামকালকে তিনি মিস করবেন বলেও জানান রাশমিকা মান্দানা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পর থেকে দুজনেই প্রচণ্ড ব্যস্ত ছিলেন বলেও জানান অভিনেত্রী। এই চোটের কারণে বিজয়ের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি।
রাশমিকা মান্দানা বলেন, বিয়ের পর তিন মাস আমাদের দেখাই হয়নি, শুধু ফোনে কথা হয়েছে। ভাগ্যই যেন আমাকে বাড়িতে বন্দি করে দিল। একসঙ্গে এতখানি সময় আমরা আগে কাটাইনি। আলাদা হলেও মুহূর্তগুলো বেশ ভালো কেটেছে। বিজয় গুরুগম্ভীর ছবি ও সিরিজ দেখতে পছন্দ করে, আর আমি কোরিয়ান সিরিজ দেখি। এখন আমরা দুজনেই একে অপরের পছন্দের ছবি ও সিরিজ দেখি।
তিনি বলেন, বিছানায় শুয়ে অন্যের সাহায্যের অপেক্ষায় থাকা একদম পছন্দ নয় আমার। তাই আঘাত লাগলেও নিজে কাজ করেছি এবং পরিবারের সঙ্গে সুন্দর স্মৃতি তৈরি হয়েছে।
বিজয় দেবেরাকোন্ডাও রাশমিকার সঙ্গে সময় কাটাতে পেরে বেশ আনন্দিত। জীবনের প্রতিটি বাঁকে থ্রিল কিংবা রোমাঞ্চ খুঁজে পাওয়া নিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তবে রসিকতা করে রাশমিকাকে এ অভিনেতা বলেন, পরের বার যেন চোট না পেয়েই এমন ছুটির সুযোগ মেলে।
উল্লেখ্য, রাশমিকা মান্দার আগামী সিনেমা ‘রণবালী’ শিগগির মুক্তি পাচ্ছে। আর মাত্র কয়েকটি দিন শুটিং বাকি রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গতকাল স্বর্ণের দাম ২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। তবে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দাম স্থির রয়েছে। বার্তা সংস্থা
রয়টার্সের এর প্রতিবেদনে বলা হয়েছে, মূলত দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিশ্ব বাজারের এই মূল্যবান ধাতু। এই কারণে বর্তমানে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সাম্প্রতিক সপ্তাহের হিসাবে কিছুটা বৃদ্ধি পাচ্ছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদনের দিকে নজর দিচ্ছেন। এই প্রতিবেদনের তথ্যের ওপর নির্ভর করছে চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধি করবে কি না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা নাগাদ স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৪ হাজার ৪৭৭ দশমিক ১০ ডলার ছিল। এর আগের দিন বৃহস্পতিবার স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বেড়ে গিয়েছিল।
ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার জানিয়েছেন, যদি মূল্যস্ফীতির চাপ কমতে থাকে, তাহলে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে থাকার ইঙ্গিত দিয়েছেন। এর ফলে সেপ্টেম্বর মাসে সুদের হার বৃদ্ধির আশঙ্কা কমে গেছে। বর্তমানে বাজারে সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৫০ শতাংশের কাছাকাছি রয়েছে।
এদিকে, ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৫২২ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, যদি কর্মসংস্থানের তথ্য দুর্বল হয় অথবা বেকারত্ব বৃদ্ধি পায়, তাহলে ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমে যেতে পারে। এর ফলে স্বর্ণের দাম আরও বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে, যদি শক্তিশালী কর্মসংস্থান তথ্য আসে, তাহলে সুদের হার বৃদ্ধির প্রত্যাশা বাড়বে, যা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করবে।
ভিটি মার্কেটসের রস ম্যাক্সওয়েল মন্তব্য করেছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার চাহিদা এখনও বাজারকে সমর্থন করছে। ফলে দাম কমলেও বড় ধরনের পতনের সম্ভাবনা কিছুটা সীমিত থাকতে পারে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৬৬ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৮১১ দশমিক ২৮ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৪১৫ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নতুন কমিটি গঠনের লক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের বড়ছড়াস্থ কার্যালয়ে গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ খসরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ সবুজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামসুল হক।
সভায় সর্বসম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট আপিল বোর্ড কমিটি গঠন করা হয়েছে। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলীকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি,উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল ও বাদাঘাট ইউনিয়ন বিএনপি সভাপতি রাখাব উদ্দিনকে সদস্য করা হয়েছে। শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দারকে আপীল বোর্ডের সভাপতি,ফেরদৌস আলম আখঞ্জি ও ডা. শামসুদ্দিনকে সদস্য করা হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব বাদল মিয়া,যুগ্ম আহ্বায়ক মোঃ জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদী হাসান উজ্জ্বল সদস্য একেএম নাসের উজ্জ্বল প্রমুখ ।
এছাড়াও সভায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এর পাশাপাশি বাগলী আমদানিকারক গ্রুপের সভাপতি মোঃ কামাল হোসাইন,সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং চারাগাঁও শাখার সভাপতি হাজী আব্দুস সামাদ,ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ সবুজ আলম বলেন, সভায় কয়লা আমদানি ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ