শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:২৮ পি.এম
দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আখতারুল ইসলামের বক্তব্য প্রত্যাহারের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আইনি নোটিশ প্রদান করেছেন।
আইনি নোটিশে আখতারুল ইসলামকে জানানো হয়েছে যে, গণমাধ্যমে দেওয়া তাঁর বক্তব্য ১৫ দিনের মধ্যে নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে। নোটিশে ভবিষ্যতে যাচাই করা ও প্রমাণসমর্থিত তথ্য ছাড়া বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
গত ২ সেপ্টেম্বর আখতারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদকে ঘিরে বদলি, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়মের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানান। এরপর এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে যে, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দেওয়ার কারণে আসিফ মাহমুদকে ঘিরে ‘মিডিয়া ট্রায়াল’ তৈরি হয়েছে। এতে অভিযোগগুলো ইতোমধ্যে প্রমাণিত—এমন ধারণা জনমনে সৃষ্টি হওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করেছে।
নোটিশে আরও বলা হয়েছে, পরবর্তীতে সাংবাদিকদের দুদক বিটের হোয়াটসঅ্যাপ গ্রুপে আখতারুল ইসলাম জানান যে, তিনি তাঁর বক্তব্য ভুলবশত দিয়েছেন। তিনি সংবাদ প্রচারের সময় ‘প্রাথমিক সত্যতা’ বিষয়টি বাদ দেওয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। তবে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার বা সংশোধন করা হয়নি।
আইনি নোটিশে অভিযোগগুলোর তথ্যগত অসঙ্গতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিলের অভিযোগ করা হলেও বাস্তবে ১১২ জন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল করা হয়েছিল। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ সিদ্ধান্ত কার্যকর করে।
এছাড়া ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে পদোন্নতির ঘটনায় আসিফ মাহমুদকে জড়ানোর অভিযোগও ভিত্তিহীন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, আসিফ মাহমুদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন ১০ ডিসেম্বর ২০২৫। অন্যদিকে সংশ্লিষ্ট পদোন্নতির ঘটনা ঘটে ১১ মে ২০২৬। অর্থাৎ তাঁর পদত্যাগের প্রায় পাঁচ মাস পর এবং বিএনপি সরকার গঠনের তিন মাসের মাথায় ওই পদোন্নতি হয়।
এ অবস্থায় ১৫ দিনের মধ্যে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য একইভাবে ও নিঃশর্তভাবে প্রত্যাহার করার জন্য আখতারুল ইসলামকে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যথাযথভাবে যাচাই করা ও প্রমাণসমর্থিত তথ্য ছাড়া এ ধরনের বক্তব্য না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে দণ্ডবিধির ৫০০ ধারাসহ প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ রফিকুল ইসলাম জনি গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আখতারুল ইসলামকে এ আইনি নোটিশ পাঠান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের অভ্যন্তরে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান পরিচালনা করে দেবিদ্বার থানার চৌকস অফিসার এসআই ফিরোজ ও পিএসআই তানভীরের নেতৃত্বে তাঁকে আটক করা হয়, এমনটি জানিয়েছেন দেবিদ্বার/বি-পাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ শাহিন মিয়া।
গ্রেপ্তারের সময় বিপ্লবের কাছ থেকে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে বিপ্লব।
পুলিশের তথ্য অনুযায়ী, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ব্যাংকের ভেতরে সোফায় বসে টাকা গুনছিলেন গ্রাহক মো. জাকির হোসেন। এ সময় পেছন থেকে তার ৪ লাখ টাকা চুরি হয়ে যায়। পরে, ঘটনার দিন রাত ১০টার দিকে ভুক্তভোগী জাকির হোসেন দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। এই ঘটনার সিসিটিভি ফুটেজ পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দেবিদ্বার সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহিন মিয়া জানান, ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। বাকি টাকা উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিপ্লবকে দেবিদ্বার থানায় নিয়ে আসা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। তেলের দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতি প্রতিবেদনের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম কমার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় স্পট গোল্ডের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৬ দশমিক ৪৪ ডলারে পৌঁছেছে। এর আগে বৃহস্পতিবার স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমে গিয়েছিল। ওই দিন প্রকাশিত যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) প্রতিবেদনে আগস্ট মাসে জ্বালানি পণ্যের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকার বিষয়টি উঠে এসেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির স্বর্ণের ফিউচার ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮৮ দশমিক ৪০ ডলারে অবস্থান করছে।
সাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন মন্তব্য করেছেন, "তেলের দাম কিছুটা কমে আসায় স্বর্ণের বাজার উপকৃত হচ্ছে।" উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মন্ত্রীদের সঙ্গে ইরানের বৈঠক থেকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন নিয়ে কোনো অগ্রগতি আসতে পারে—এমন আশায় বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি ৪ হাজার ৩০০ ডলারের কাছাকাছি গুরুত্বপূর্ণ সহায়ক পর্যায়ে ক্রেতারা আবারও সক্রিয় হয়েছেন।
তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির আশঙ্কা বৃদ্ধি পায় এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হয়। তবে সুদের হার বৃদ্ধির ফলে কোনো সুদ বা আয় না দেওয়া স্বর্ণের আকর্ষণ কমে যায়।
ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে পরিচালনার বিষয়ে সমঝোতা করতে ওমান ও ইরানের উদ্যোগে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করছেন।
এদিকে, তেলের দাম কমলেও সপ্তাহ শেষে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারের ওপরে থাকার সম্ভাবনা রয়েছে।
বাজারে আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৬৭ শতাংশ ধরে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবারের তথ্য প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল ৬২ শতাংশ। এ অবস্থায় শুক্রবার ১২টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে ফেডের পরবর্তী মুদ্রানীতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা।
ভারতে চলতি সপ্তাহে স্বর্ণের চাহিদা দুর্বল ছিল। দামের অস্থিরতার কারণে ক্রেতারা সতর্ক থাকায় দেশটিতে স্বর্ণ কেনাকাটা কমেছে। তবে বিশ্বের শীর্ষ ভোক্তা দেশ চীনে বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা শক্তিশালী রয়েছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে। তবে সপ্তাহের হিসাবে রুপার দাম প্রায় ৩ শতাংশ কমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৮০০ দশমিক ২৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩০২ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে। যদিও সপ্তাহের হিসাবে এই দুই ধাতুর দামও কমার পথে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই বিশেষ দিনটি পালন করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) শেরপুর টাউন কলোনী জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এছাড়া, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুল মারুফ শিমুল, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শহিদুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, সাবেক কাউন্সিলর জাকারিয়া মাসুদ, ছাত্রনেতা আরমান, মির্জা নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বেলগাছি-বহরমপুর সড়কের বেহাল অবস্থার কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দেড় কিলোমিটার দীর্ঘ এই সড়কের কারণে গ্রামবাসীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বেলগাছি পালপাড়ার অন্তর্ভুক্ত ২৫টি পরিবারসহ মোট প্রায় ২শ’ পরিবারের বসবাস রয়েছে এই গ্রামে। নদী বেষ্টিত এই পালপাড়ায় প্রতিবছর দূর্গাপূজার সময় শতাধিক প্রতিমা নির্মাণ করা হয়। এবছরও প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন এলাকা থেকে প্রতিমা তৈরি করার জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে আসেন।
যাতায়াতের জন্য ব্যবহৃত এই সড়কটি দেখে মনে হচ্ছে, এটি যেন চাষ করা জমি। কাদা পানিতে সড়কটির বেহাল দশা স্পষ্ট। স্কুলের শিশু শিক্ষার্থী থেকে শুরু করে গ্রামের সকল মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেড় কিলোমিটার দীর্ঘ এই সড়কের উন্নয়ন হয়নি, এবং এ নিয়ে কারো কোন মাথাব্যাথাও নেই। সরকার বারবার পরিবর্তন হলেও, বেলগাছি-বহরমপুর সড়কের ভাগ্য পরিবর্তন হয়নি।
বেলগাছি পালপাড়ার মৃৎশিল্পী অমল চন্দ্র পাল, অপূর্ব পাল, সনাতন পাল, গ্রামের আজাহার আলী এবং নুরুল ইসলাম জানাচ্ছেন, এই সড়কটি পাকাকরণের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। সড়কটির কারণে গ্রামের মানুষের চরম কষ্ট হচ্ছে। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি।
এ বিষয়ে নিমাইচড়া ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমান জানিয়েছেন, সড়কটি পাকাকরণের পরিকল্পনা রয়েছে। শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ