ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা


ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা

ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল ও সম্পদ রক্ষার জন্য কিছু শহরের মেয়রদের আংশিকভাবে কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু।

প্রধানমন্ত্রী লেকোর্নু বলেন, সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে পুনরুদ্ধারে সহায়তা করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করবে এবং "এই তহবিল সহিংসতার নেপথ্যে থাকা ব্যক্তিদের কাছ থেকেই আসবে।"

তিনি আরও জানান, একটি আইন প্রণয়ন করা হবে, যার মাধ্যমে নিশ্চিত করা হবে যে, যারা সম্পদের ক্ষতি করেছে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। দাঙ্গা ও লুটপাটের ফলে যারা কর্মহীন হয়েছেন, তাদের জন্য একটি আংশিক বেকারত্ব তহবিল গঠনের ঘোষণাও দিয়েছে ফ্রান্স সরকার।

আরও পড়ুন: গাজায় প্রায় প্রতিদিনই ইসরাইলি হামলা, যুদ্ধবিরতির পর নিহত ১৫২২

জনগণ যাতে দ্রুত সেই তহবিলের সহায়তা পেতে পারে, সেটি নিশ্চিত করতে ফ্রান্স সরকার বীমা সংস্থাগুলোর সাথে আলোচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী লেকোর্নু। চলমান বিক্ষোভ, দাঙ্গা, লুটপাটসহ সামগ্রিকভাবে অস্থিতিশীল পরিস্থিতির জন্য উগ্র-বামপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন তিনি।

এদিকে, প্যারিসে চলমান বিক্ষোভ ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। তবে প্রেসিডেন্ট ম্যাক্রঁ সেটি প্রত্যাখ্যান করে তাকে স্বপদে বহাল থাকার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে ৫৪৮ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে ৫৪৮ জন গ্রেফতার

চট্টগ্রাম, ১৯ অক্টোবর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধের প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশ অভিযান চালিয়ে ৫৪৮ জনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় ৩ লাখ ২ হাজার ১৮৭ পিস ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭৩ জন, পূর্ববর্তী মামলায় ৯০ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ১৩ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় দুই জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪০ জন, পরোয়ানা মূলে ৯৯ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৬ জন রয়েছেন।

এছাড়া, মাদক মামলায় ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুই জন মাদক বহনকারী এবং ৬৯ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩১টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ৩ লাখ ২ হাজার ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪৮ লিটার ৫০০ মিলিলিটার চোলাইমদ, ১৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, চারটি গাঁজা গাছ, চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ছয় বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে তিন জন, কক্সবাজারে এক জন, কুমিল্লায় ৯, চাঁদপুরে তিন জন, নোয়াখালীতে চার জন, রাঙ্গামাটিতে এক জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১০৯ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ৩৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ৩৪, কক্সবাজার ১২, ব্রাহ্মণবাড়িয়া ২৯, চাঁদপুর ২৫, নোয়াখালী ১৬, লক্ষ্মীপুর ৯, রাঙ্গামাটি পাঁচ জন এবং খাগড়াছড়ি ১৪ জন।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের অশান্ত ভারতের মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিহতদের লাশ রেখে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


ফের অশান্ত ভারতের মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিহতদের লাশ রেখে বিক্ষোভ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সংঘাতের অবসান ঘটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যা গত তিন বছরের বেশি সময় ধরে চলমান। রাজ্যটিতে গত এক মাসের মধ্যে সহিংসতায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ সোমবার কাংপোকপি ও ইম্ফল সীমান্তে সশস্ত্র হামলায় আরও দুজন নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা নিহতদের লাশ মণিপুরের মুখ্যমন্ত্রীর বাসভবনের গেটের সামনে রেখে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।

মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতে মণিপুরে মোট নিহতের সংখ্যা প্রায় ২৬০ জনে পৌঁছেছে। পরিস্থিতি গত কয়েক দিন ধরে নতুন করে চরম আকার ধারণ করেছে। চলতি বছরের শুরু থেকে কুকি ও নাগাদের সংঘাতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শেষ এক মাসেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন।

মণিপুরের মুখ্যমন্ত্রী ইউ খেমচাঁদ সিং পরিস্থিতি নিয়ন্ত্রণে গভীর উদ্বেগ প্রকাশ করে উপযুক্ত নিরাপত্তার আশ্বাস দিলেও সহিংসতা থামছে না। বরং প্রতিদিনই নতুন নতুন এলাকায় তা ছড়িয়ে পড়ছে।

গত ৯ ও ১০ তারিখে কামজং, কাংপোকপি ও উরখুল জেলায় সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হয়। গত শনিবার মিয়ানমার সীমান্তবর্তী কামজং জেলার চাসাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে কুকি সম্প্রদায়ের এক ব্যক্তি নিহত ও চারজন আহত হন। এরপর ওই জেলার বিভিন্ন গ্রামে অন্তত ২৮টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

গত রবিবার রাতে থৌবাল জেলার খাঙ্গাবক গ্রামে একটি কনসার্ট চলাকালীন দুষ্কৃতীদের পাথর নিক্ষেপের কারণে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে লাইশরাম রাকেশ নামের এক ব্যক্তি নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। বেশ কিছু বাড়িঘর ও যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় থৌবালে কঠোর বিধিনিষেধ ও কারফিউ জারি করে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সোমবার সকালে ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী নংশুম ও খোংবাল থাংখুল জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় দুজন নিহত ও তিনজন আহত হন। এই হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা নিহতদের মরদেহ নিয়ে সরাসরি মণিপুরের মুখ্যমন্ত্রীর বাসভবনের গেটের সামনে এসে বিক্ষোভ দেখান। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের কর্মী ছাড়া কাউকে ভিক্ষাও দেয় না’ এমপি খোকন তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


জামায়াতের কর্মী ছাড়া কাউকে ভিক্ষাও দেয় না’ এমপি খোকন তালুকদার

জামায়াতের কর্মী ছাড়া কাউকে ভিক্ষাও দেয় না’—এমপি খোকন তালুকদার

‘জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। সাধারণ মানুষ বলে, জামায়াতের কর্মী ছাড়া জামায়াত কাউকে ভিক্ষাও দেয় না। তারা কোনো রাজনৈতিক দল নয়, একটি সমিতি।’ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ২৩টি পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াতের সমালোচনা করে খোকন তালুকদার আরও বলেন, দলটির কর্মকাণ্ড তাদের নিজস্ব কর্মী ও সমর্থকদের ঘিরেই পরিচালিত হয়। সাধারণ মানুষের জন্য তাদের কার্যক্রমের পরিধি নিয়ে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংসদ সদস্য বলেন, স্থানীয় প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করছে। কালকিনি উপজেলার প্রতিটি পূজামণ্ডপে গিয়ে তাঁরা খোঁজখবর নিচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের পাশে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত। পর্যায়ক্রমে প্রতিটি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
শাওন বল
মাদারীপুর | ১৯ অক্টোবর ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী

ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলহাজ ফকির মাহবুব এনাম স্বপন এমপি। উপজেলার ৬০টি পূজামণ্ডপের সনাতন ধর্মাবলম্বীদের জন্য এ সহায়তা দেওয়া হয়।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মধুপুর বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মধুপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন মন্ত্রী ফকির মাহবুব এনাম স্বপন। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত বস্ত্রের পাশাপাশি মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়। উপজেলার ৬০টি পূজামণ্ডপের সনাতন ধর্মাবলম্বীদের জন্য তিনটি করে শাড়ি ও নগদ অর্থসহ এ সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সহসভাপতি লিলি সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন তরফদার, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না।

এ ছাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বিকাশ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র চন্দসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া, অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তাঁরা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা জরুরি। উৎসবের আনন্দ কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%