০১:১৫ পি.এম
বাবার সম্পত্তি বিক্রি করে বোনদের বিয়ে দেওয়া হলে অবশিষ্ট সম্পত্তিতে তাদের উত্তরাধিকার থাকবে কি না, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। ইসলামের বিধান এ বিষয়ে ব্যাখ্যা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।
এক ব্যক্তি তার পারিবারিক সম্পত্তি বণ্টন নিয়ে প্রশ্ন করেন। তিনি উল্লেখ করেন, তাদের পাঁচ বোন ও এক ভাই রয়েছে। বাবার রেখে যাওয়া মোট ১৭০ শতাংশ জমির মধ্যে বোনদের বিয়ে দেওয়ার জন্য ৭০ শতাংশ জমি বিক্রি করা হয়েছে। এখন অবশিষ্ট সম্পত্তি কীভাবে বণ্টন করতে হবে এবং বোনেরা সেখান থেকে অংশ পাবেন কি না, এ বিষয়ে তিনি জানতে চান।
জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রত্যেক উত্তরাধিকারীর অধিকার নির্ধারণ করে দিয়েছেন। অনেক সময় দেখা যায়, ভাইয়েরা বোনদের বিয়ে দেওয়ার জন্য বিপুল অর্থ ব্যয় করেন। তবে বিয়ের খরচের কারণে বোনদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করার সুযোগ নেই।
আরও পড়ুন: জুমার খুতবার সময় নিষেধ বসার ভঙ্গি
তিনি আরও বলেন, ইসলামের বিধান অনুযায়ী বিয়েতে মেয়ের পরিবারের ওপর আর্থিক ব্যয়ের বাধ্যবাধকতা নেই। বরং বিয়ের সময় স্ত্রী স্বামীর কাছ থেকে মোহর পাওয়ার অধিকারী। কিন্তু আমাদের সমাজের প্রচলিত ব্যবস্থায় এর উল্টো চিত্র দেখা যায়। মেয়ের বিয়েতে পরিবারের ওপর নানা ধরনের খরচের চাপ তৈরি হয়।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, অনেক সময় কন্যাদায়গ্রস্ত পিতারা মেয়ের বিয়ের খরচ জোগাতে মানুষের কাছে সাহায্য চান। অথচ ইসলামের বিধান অনুযায়ী বিয়েতে বরই মোহর দেওয়ার মাধ্যমে স্ত্রীর আর্থিক অধিকার নিশ্চিত করবেন।
তিনি বলেন, কৌশলে মেয়ের পরিবারের কাছ থেকে উপহার বা অর্থ আদায় করা হারাম। যৌতুকের জন্য মেয়ের পরিবারকে চাপ দেওয়া এবং কষ্ট দেওয়া কবিরা গুনাহ।
সবশেষে তিনি স্পষ্ট করেন, বোনদের বিয়ে দেওয়ার জন্য বাবার সম্পত্তি বিক্রি করা হলেও অবশিষ্ট সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করা যাবে না। বিয়ের পেছনে অর্থ ব্যয় হয়েছে— এ অজুহাতে কোনো বোনের উত্তরাধিকারী অধিকার বাতিল করা ইসলামে গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: মুমিনের ঈমান, ধন-সম্পদ ও জীবনের নিরাপত্তায় ৮টি করণীয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন