মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১১:০১ পি.এম
সংসদ ভবন, ১৭ নভেম্বর, ২০২৬ : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম আগামী ছয় মাসের মধ্যে ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
মন্ত্রী এই মন্তব্যটি মঙ্গলবার জাতীয় সংসদে বরিশাল-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবেদীনের জরুরী জনগুরুত্বসম্পন্ন বিষয়ে ৭১ বিধির আওতায় আনীত নোটিশের জবাবে জানান।
অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী বলেন, সরকার বরিশালকে রেল নেটওয়ার্কের আওতায় আনার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে দুটি সম্ভাব্য রুট নিয়ে পরিকল্পনা চলছে। রুটগুলো হলো ঢাকা-ভাঙ্গা-বরিশাল এবং পদ্মা সেতু হয়ে ঢাকা-বরিশাল।
তিনি আরও জানান, সাবেক সংসদ সদস্য মিয়া মোহাম্মদ নুরউদ্দিন আহমেদ অপুর ডিও লেটারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পাওয়ার পর শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট হয়ে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে।
এর আগে ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে মাদারীপুর, বরিশাল, বরগুনা ও ঝালকাঠি হয়ে পায়রা বন্দর পর্যন্ত ২৪১ কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য ৪১ হাজার ৭৯৭ কোটি টাকা ব্যয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে ১৯০ কিলোমিটার মূল রেললাইন নির্মাণের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণ অর্থনৈতিকভাবে লাভজনক নয়।
মন্ত্রী জানান, চলমান সমীক্ষা আগামী তিন মাসের মধ্যে শেষ হবে। এরপর দুটি সমীক্ষার ফলাফল সমন্বয় করে আরও দুই মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশা প্রকাশ করেছেন। রুট নির্ধারণে সর্বাধিক সংখ্যক মানুষের যাতায়াতের সুবিধা বিবেচনা করা হবে।
তিনি আরও জানান, বর্তমানে দেশের ৫০টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় রয়েছে। সরকার আরও ১০টি জেলার রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা করছে। বরিশালসহ প্রস্তাবিত রুটের জেলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
মন্ত্রী আগামী অর্থবছরের বাজেটে প্রকল্পটির জন্য অর্থ বরাদ্দের সম্ভাবনা উল্লেখ করে বলেন, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজেশন সম্পন্ন করা হয়েছে এবং পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এই ঐতিহাসিক সাফল্যে প্রকল্প এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
সাফল্যের এই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানের নেতৃত্বে একটি কেক কাটার অনুষ্ঠান আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম কেক কেটে এই আনন্দ উদ্যাপনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সময় তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নিয়োজিত রাশিয়ান কর্মকর্তাদের মুখে কেক তুলে দিয়ে আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “আমি রাশিয়া সরকার, রোসাটম এবং তাদের পুরো দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে গত নয় বছর ধরে দিনরাত নিরলস ভাবে কাজ করে যাওয়া আমাদের বিজ্ঞানী ও তরুণ বিজ্ঞানীদের প্রতি জানাই বিশেষ কৃতজ্ঞতা।”
তিনি আরও উল্লেখ করেন, দেশের বিদ্যুতের চাহিদা পূরণে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের নিরলস প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অর্জন নিয়ে আমাদের সবার গর্বিত হওয়া উচিত।
মন্ত্রী আরও বলেন, রাশিয়া সরকার, রোসাটমের শীর্ষ নেতৃত্ব, প্রকৌশলী, বিশেষজ্ঞ এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকেও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেনসহ প্রকল্পে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অস্ত্রসহ অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করে ৪৮ বিজিবির বিছনাকান্দি বিওপির টহল দল। আটক হওয়ার পর তাকে বিজিবির হেফাজতে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক নুর উদ্দিন।
পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১৭ নভেম্বর, ২০২৬ : দেশের নৌপথের নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে সরকার পুঁজি খননের মাধ্যমে ৪ হাজার ৫০০ কিলোমিটার নৌপথ সচল করার উদ্যোগ গ্রহণ করেছে।
আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জামায়াতে ইসলামীর ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের একটি সম্পূরক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য তুলে ধরেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
মন্ত্রী জানান, বর্তমানে ১ হাজার ২০০ কিলোমিটার নৌপথ সচল করার জন্য একটি প্রকল্প চলমান রয়েছে। নিয়মিত নৌযান চলাচল নিশ্চিত করার জন্য খননের মাধ্যমে ৭ হাজার ৫০০ কিলোমিটার নৌপথের নাব্যতা বজায় রাখা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, নদীদূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ঢাকা মহানগর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য এম শফিকুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রধান অভ্যন্তরীণ নৌপথগুলোর নাব্যতা বজায় রাখতে প্রতিবছর রক্ষণাবেক্ষণ খনন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, পুরাতন ব্রহ্মপুত্র নদীর নাব্যতা পুনরুদ্ধার এবং গভীরতা ৮ ফুটে উন্নীত করতে ২ হাজার ৩৯০ দশমিক ৮৭ লাখ ঘনমিটার পুঁজি খননের সংস্থান রাখা হয়েছে। একই প্রকল্পের আওতায় ধরলা, তুলাই ও পুনর্ভবা নদীর গভীরতা সাড়ে ৬ ফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। গত অক্টোবর পর্যন্ত এর মধ্যে ১ হাজার ৫৫৪ লাখ ঘনমিটার খনন সম্পন্ন হয়েছে।
এছাড়া, জিনাই, ঘাঘট, বংশী ও নাগদা নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ নিশ্চিত করা, নাব্যতা বৃদ্ধি এবং বন্যা ব্যবস্থাপনা জোরদারে ১ হাজার ৪৮৯ দশমিক ৭০ লাখ ঘনমিটার পুঁজি খনন এবং ৮৮২ দশমিক ১০ লাখ ঘনমিটার রক্ষণাবেক্ষণ খননের সংস্থান রাখা হয়েছে। এসব নদীর বিভিন্ন স্থানে গভীরতা ৮ থেকে ১০ ফুটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। গত অক্টোবর পর্যন্ত ৬০ লাখ ঘনমিটার খনন সম্পন্ন হয়েছে।
মন্ত্রী আরও জানান, বৃহত্তর সিলেট অঞ্চলের নদী ব্যবস্থাপনায় একটি সমন্বিত পরিকল্পনা অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। এতে নদী খনন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, পর্যটন, জলাভূমি, প্রতিবেশব্যবস্থা, সেচ ও নৌযান ভেড়ানোর সুবিধা উন্নয়নের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
ঢাকা-ভোলা-বরিশাল নৌপথের নাব্যতা সংকট নিয়ে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পথে নৌযান চলাচলের জন্য প্রয়োজনীয় নাব্যতা নিশ্চিত করতে খননের প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকল্প দ্রুত বিবেচনা ও গ্রহণ করা হবে।
এদিকে, পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট সংলগ্ন লোহালিয়া নদীর ওপর নির্মিত বগা সেতু আগামী জানুয়ারিতে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক শিশুর আবেদনের পরিপ্রেক্ষিতে সেতুটি নির্মাণ করা হচ্ছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। প্রধানমন্ত্রী সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর, ১৭ নভেম্বর ২০২৬ : পরিবেশ দূষণ প্রতিরোধ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার নতুন সম্ভাবনা তৈরি করতে চাঁদপুর পৌরসভা ফেলে দেওয়া বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। এ উদ্যোগটি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তত্ত্বাবধানে এবং জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশন (জেএসিইএ), টোকিওর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ জানায়, যদি পরীক্ষামূলক এ কার্যক্রম সফল হয়, তাহলে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন হবে এবং ফেলে দেওয়া বর্জ্যকে জ্বালানি সম্পদে রূপান্তরিত করার সম্ভাবনা তৈরি হবে।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান আজ চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বর্ণিখোলা পৌরসভার ডাম্পিং স্থানে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রক্রিয়া, ব্যবহৃত প্রযুক্তি এবং প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি জাপানি প্রতিনিধি ও প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কার্যক্রমের অগ্রগতি, প্রযুক্তিগত দিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
আহমেদ জিয়াউর রহমান বলেন, "বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। প্রতিদিন বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে। এসব বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করতে না পারলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়বে।"
তিনি আরও বলেন, "বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের এ উদ্যোগ অত্যন্ত সম্ভাবনাময়। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে এটি পরিবেশ সুরক্ষার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফেলে দেওয়া বর্জ্যকে সম্পদে পরিণত করা সম্ভব।" প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তাকাহাশি শিনসুকে, পরিচালক জুনজি সুয়েনাগা, প্রজেক্ট ইঞ্জিনিয়ার শিমোহাশি হিদাকি, নাগাহাসি ইউইয়া, ওকেবো তসিহারু, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, প্রকল্প সমন্বয়কারী শাহজাহান আলী শাওন, দোভাষী ওবায়দুর রহমান রতন এবং কাজল মজুমদার অপু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ