০৩:২২ পি.এম
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন এবং পরিষদ চত্বরের নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষ্যে ২৩টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের উদ্যোগে উপজেলা কোর্ট বিল্ডিং চত্বরে ১৫টি এবং উপজেলা পরিষদ চত্বরের মধ্যে ৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এ ধরনের উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে প্রশংসা সৃষ্টি হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
সাথী দাসের উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাগুলোর মাধ্যমে উপজেলা কোর্ট বিল্ডিং চত্বর এবং উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে। এটি নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে, অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এবং ঘটনার পর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের অংশগ্রহণে মহাপিণ্ডদান অনুষ্ঠিত
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস মন্তব্য করেন, ‘উপজেলা পরিষদ এবং কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর পাশাপাশি সরকারি স্থাপনার সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন ও পরিষদ চত্বরের সিসি ক্যামেরা স্থাপন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। নিরাপত্তা নিশ্চিতকরণ ও জবাবদিহি বজায় রাখতে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর পাশাপাশি উপজেলা ভূমি অফিসসহ উপজেলার সব ইউনিয়ন ভূমি অফিসের প্রতিটি কক্ষকেও সিসি ক্যামেরার আওতায় আনা জরুরি। এতে ভূমিসেবা কার্যক্রমে নিরাপত্তা, জবাবদিহি ও স্বচ্ছতা আরও জোরদার হতে পারে। জনসেবামূলক এসব দপ্তরে কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল ইউএনওর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক এলাকায় নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরেও নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানাই।’
স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমুখী এবং নিরাপত্তামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং উপজেলার সরকারি সেবার পরিবেশ আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে।
আরও পড়ুন: ছাতক-ভোলাগঞ্জের পরিত্যক্ত রোপওয়ে সংস্কারে পর্যটনের নতুন সম্ভাবনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন