ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইতালি ৫ লাখ কর্মী নেবে, তালিকায় রয়েছে বাংলাদেশও


ইতালি ৫ লাখ কর্মী নেবে, তালিকায় রয়েছে বাংলাদেশও

ইউরোপের দেশ ইতালিতে বিদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন বছরে দেশটির সরকার প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বিভিন্ন খাতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নিয়োগ করা হবে। এই তালিকায় বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে।

ইতালির সরকারের ঘোষিত ‘দেক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। বিদেশি শ্রমিকদের বৈধ পথে আনার উদ্দেশ্যে এবং দেশটির শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগ করা হবে। এইভাবে তিন বছরে মোট কর্মী নিয়োগের সংখ্যা ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনে পৌঁছাবে।

আরও পড়ুন: মানবাধিকার সংস্থার পরিচয়ে ভুয়া অভিযান ও জরিমানা; সমালোচনার মুখে অব্যাহতির ঘোষণা

নিয়োগের ক্ষেত্রে কৃষি ও পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব খাতে মৌসুমি কর্মীর পাশাপাশি নির্মাণ, উৎপাদন, পরিবহন, সেবা ও অন্যান্য খাতে বিদেশিদের কাজের সুযোগ থাকবে। তিন বছরের জন্য নির্ধারিত কোটার মধ্যে ২ লাখ ৬৭ হাজার কর্মী কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজে নিয়োগ দেওয়া হবে। বাকি ২ লাখ ৩০ হাজার ৫৫০ জনের জন্য অমৌসুমি ও স্বনিয়োজিত কাজের সুযোগ রয়েছে।

বাংলাদেশিদের জন্য কী সুযোগ

বাংলাদেশও ইতালির এই কর্মী নিয়োগ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। দেশটির সরকারের নির্ধারিত তালিকায় বাংলাদেশি নাগরিকেরা অমৌসুমি চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে বাংলাদেশিদের জন্য আলাদা করে পাঁচ লাখ বা নির্দিষ্ট কোনো বড় সংখ্যার কোটা বরাদ্দ করা হয়নি। বরং বিভিন্ন দেশের জন্য নির্ধারিত সংরক্ষিত কোটার মধ্যে বাংলাদেশও রয়েছে।

এদিকে, গত ৩ নভেম্বর ঢাকায় ইতালি দূতাবাস আয়োজিত এক সেমিনারে বৈধ অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও ইতালীয় ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে জানানো হয়, ইতালিতে বর্তমানে প্রায় ২ লাখ ১৭ হাজার বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। তাদের মধ্যে প্রায় ৮০ হাজারের কাজের অনুমতি রয়েছে।

আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ৪১৯১ মামলা

কীভাবে আবেদন করতে হবে

ইতালির ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য প্রথমে দেশটির কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব গ্রহণ করতে হবে। এরপর নিয়োগকর্তা ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মীর জন্য ‘নুল্লা ওস্তা’ বা কাজের অনুমতির আবেদন করবেন।

অনুমোদন পাওয়ার পর কর্মীকে বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাসের মাধ্যমে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে। তবে নুল্লা ওস্তা পেলেই ভিসা নিশ্চিত হয় না। ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে দূতাবাস।

২০২৭ সালের জন্য আবেদন প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়সূচি রয়েছে। ইতালির সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত নিয়োগকর্তারা অনলাইনে আবেদনের তথ্য পূরণ করতে পারবেন। এরপর খাতভেদে ২০২৭ সালের ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন শুরু হবে।

আরও পড়ুন: আওয়ামী লীগ আমলের অপরাধের তথ্য সংগ্রহে সব দলকে চিঠি

ইতালিতে কাজের সুযোগ পেতে শুধুমাত্র চাকরির প্রস্তাব থাকা যথেষ্ট নয়; সংশ্লিষ্ট কাজের দক্ষতা এবং দেশটির ভাষা সম্পর্কে ধারণাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষি, নির্মাণ, পর্যটন, উৎপাদন ও সেবামূলক কাজে অভিজ্ঞতা থাকলে কর্মীদের জন্য সুযোগ তৈরি হতে পারে।

এছাড়া, ইতালির নতুন একটি ব্যবস্থার আওতায় দেশটির শ্রম মন্ত্রণালয় অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করা দক্ষ কর্মীরা নির্দিষ্ট শর্তে বার্ষিক কোটার বাইরেও কাজের জন্য যাওয়ার সুযোগ পেতে পারেন। এই প্রশিক্ষণে ইতালীয় ভাষা, দেশটির নাগরিক জীবন সম্পর্কে ধারণা এবং পেশাগত দক্ষতা অন্তর্ভুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবাধিকার সংস্থার পরিচয়ে ভুয়া অভিযান ও জরিমানা; সমালোচনার মুখে অব্যাহতির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

মো.রাজিব তালুকদার

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


মানবাধিকার সংস্থার পরিচয়ে ভুয়া অভিযান ও জরিমানা; সমালোচনার মুখে অব্যাহতির ঘোষণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা কিংবা ভ্রাম্যমাণ আদালতের আদলে বিশেষ ভেস্ট পরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা, মানুষকে জিজ্ঞাসাবাদ ও জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে একটি কথিত মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কর্মকাণ্ডের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে সংগঠনটি। অবশেষে জাতীয় মানবাধিকার কমিশনের তলবের পর নিজেদের কার্যক্রমের কোনো আইনি বৈধতা না থাকায় সংগঠনটি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে ‘মানবাধিকার প্রতিষ্ঠান বাস্তবায়ন সংস্থা’ নামক একটি ব্যানারে আফরোজা আক্তার শোভা নামের এক নারীর নেতৃত্বে একটি দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল। প্রথম দেখায় তাদের পোশাক ও আচরণ দেখে আইনশৃঙ্খলা বাহিনী বা জেলা ম্যাজিস্ট্রেটের অভিযানের দল বলে বিভ্রান্তি তৈরি হতো। তারা প্রকাশ্যেই মানুষের সমস্যা সমাধান, পাওনা টাকা উদ্ধার এবং সালিশ করার নামে নানা কর্মকাণ্ড চালিয়ে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করত।
এসব কর্মকাণ্ড নিয়ে জনমনে বিভ্রান্তি ও তীব্র সমালোচনা শুরু হলে বিষয়টি রাষ্ট্রীয় সংস্থাগুলোর নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন সংগঠনটির প্রতিনিধিদের ডেকে পাঠায়। সেখানে তাদের পরিচালিত কর্মকাণ্ডের আইনি ভিত্তি যাচাই করা হয়।
এ ঘটনার পর গতকাল সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে কার্যক্রম থেকে সরে আসার ঘোষণা দেওয়া হয়। পোস্টে উল্লেখ করা হয়, “জাতীয় মানবাধিকার কমিশন (সংবিধিবদ্ধ স্বাধীন রাষ্ট্রীয় কমিশন) থেকে মানবাধিকার প্রতিষ্ঠান বাস্তবায়ন সংস্থাকে ডেকেছিল। এ বিষয়ে আমাদের সংগঠনের কার্যক্রমগুলোর (ভেস্ট ব্যবহার করা, অভিযানে যাওয়া, সালিশ করা, অভিযোগ ও তদন্ত—এরূপ শব্দ ব্যবহার করা) কোনো ধরনের বৈধতা পাওয়া যায়নি বিধায় এই মানবাধিকার প্রতিষ্ঠান বাস্তবায়ন সংস্থা থেকে এই মুহূর্তে অব্যাহতি নিলাম।”
একই পোস্টে ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি মানবাধিকার সংগঠনের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন বৃহস্পতিবার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন বৃহস্পতিবার শুরু

দেশের সকল স্কুল, কলেজ এবং মাদরাসায় ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি ও আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে ২৬ নভেম্বর। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে অনলাইনে এ কার্যক্রম চলবে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। এই কর্মসূচির অধীনে ছাত্রীদের জন্য শতভাগ উপবৃত্তি প্রদান করা হবে। অন্যদিকে, ছাত্রদের ক্ষেত্রে দারিদ্র্য এবং মেধার ভিত্তিতে উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তার জন্য নির্বাচন করা হবে।

নির্দেশনার ভিত্তিতে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রথমে নির্ধারিত ফরমে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবে। এরপর প্রতিষ্ঠানের বাছাই কমিটি আবেদন যাচাই করে যোগ্য শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি ব্যবস্থাপনা সফটওয়্যারে অন্তর্ভুক্ত করবে।

তথ্য উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানোর শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা। এছাড়া, উপদেষ্টা কমিটির সুপারিশকৃত শিক্ষার্থীদের তালিকা ট্রাস্টে পাঠাতে হবে ১৩ ডিসেম্বর রাত ১০টার মধ্যে। নির্ধারিত সময়ের পর নতুন করে তথ্য অন্তর্ভুক্ত বা পাঠানোর সুযোগ থাকবে না।

যেভাবে আবেদন

সফটওয়্যার এইচএসপি-এমআইএসে প্রথমবার প্রবেশের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করে অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।

উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে। এছাড়া, অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯১৬৬৫৮২৩০ এবং ০১৩১৬৬৫৮৫২৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাস ঘোরাতে হাজারো ভক্ত, মুখর রায়সাহেব বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


রাস ঘোরাতে হাজারো ভক্ত, মুখর রায়সাহেব বাড়ি

রায়সাহেব বাড়িতে তখন রাতের নিস্তব্ধতা ভেঙে গেছে। ঢাকের তালের সঙ্গে সমন্বয় করে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ভক্তদের মুখে হরিনাম উচ্চারণ। কারো হাতে পূজার সামগ্রী রয়েছে, আবার কেউ রাস ঘুরিয়ে প্রার্থনায় মগ্ন হয়ে আছেন।

সব মিলিয়ে হাজারো ভক্তের পদচারণায় মুখর পুরো এলাকা। এমন মুখরতায় রাস পূর্ণিমার প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাস উৎসব শুরু হয় দিনাজপুর শহরের মুখর বাড়িটিতে।

বাড়িটিতে বিশেষভাবে প্রস্তুত রাধাগোবিন্দের বিগ্রহ স্থাপন করে ঘোরানো হয় রাস। পূর্ণতা ও পুণ্যলাভের আশায় এ সময় একে একে রাস ঘুরিয়ে প্রার্থনায় অংশ নেন ভক্তরা। বুধবার (২৫ নভেম্বর) রাতে শহরের গণেশতলায় অবস্থিত রায় সাহেব বাড়ির শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় এ উৎসবের।

রাস উৎসব ঘিরে মন্দির প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল আলোকসজ্জায়। পূজা-অর্চনা ও আরতি চলতে থাকে বিকেল থেকেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভক্তদের উপস্থিতি। দূর-দূরান্ত থেকে শিশু-কিশোরসহ নানা বয়সী নারী-পুরুষ দলে দলে এসে ভিড় করে মন্দির প্রাঙ্গণে।

মন্দির কর্তৃপক্ষ সূত্র জানায়, রাস পূর্ণিমা ঘিরে মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। পূজা, আরতি, নামসংকীর্তন ও রাস ঘোরানোকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

উৎসবে আসা দিথী গাঙ্গুলীর ভাষ্য, "প্রতিবছরই এখানে (রায় সাহেব বাড়ি) আসা হয়। রাস পূর্ণিমায় এখানে এসে পূজা দিতে পারলে মনে প্রশান্তি আসে। সংসার ও পরিবারের সুখ-শান্তি, সুস্বাস্থ্য এবং সবার মঙ্গল কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেছি।"

দিলীপ কুমার বলেন, ‘আমি ছোটবেলা থেকেই এই রাস উৎসব দেখে আসছি। আগে পরিবারের বড়দের সঙ্গে আসতাম, এখন নিজের সন্তানদের নিয়ে আসি। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে চাই।’

নবমিতা রায় বলেন, ‘প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। পরিবারের সদস্যদের নিয়ে মন্দিরে এসে পূজা দিয়ে থাকি এবং রাস ঘুরিয়ে ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করি।’

আয়োজক কমিটির আহ্বায়ক সুশীল চন্দ্র দাস বলেন, ৩২ বছর ধরে রায় সাহেব বাড়ি শ্রী শ্রী গিরীধারী জিউ মন্দির প্রাঙ্গণে এই রাস উৎসবের আয়োজন চলে আসছে। প্রতিবছর হাজারো ভক্তের অংশগ্রহণে এ উৎসব উদ্‌যাপন করা হয়। পূর্ণতা ও পুণ্যলাভের আশায় ভক্তরা রাস পূর্ণিমায় পূজা-অর্চনার মাধ্যমে প্রার্থনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%