০৯:৩০ পি.এম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত কর্মচারীরা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা আপগ্রেডেশন থেকে বঞ্চিত থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন। তারা বৈষম্য, প্রহসন এবং হয়রানির বিরুদ্ধে এ কর্মসূচি গ্রহণ করেন।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান করে কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। অবস্থানকারীরা জানিয়েছেন, পদোন্নতি বা আপগ্রেডেশন না দেওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
তৃতীয় শ্রেণির কর্মচারী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মো. মাহফুজার রহমান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত। কেউ ১০ বছর, কেউ সাত বছর ধরে পদোন্নতি পাননি। আমাদের নীতিমালা অনুযায়ী পাঁচ বছর পরপর আপগ্রেডেশন দেওয়ার কথা। কিন্তু প্রশাসনকে বারবার জানানোর পরও আমাদের আপগ্রেডেশন বোর্ডের আয়োজন করা হয়নি। এ জন্য আমরা উপাচার্য ও রেজিস্ট্রারকে চিঠি দিয়েছি। আমরা প্রথমে দুই ঘণ্টা করে অবস্থান করব। এরপর দাবি আদায় না হলে আমরা সবাই অনশনে যাব।”
আরও পড়ুন: দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল
গণিত বিভাগের সেমিনার সহকারী কাকলী বেগম জানান, তারা খুব অল্প টাকা বেতন পান। এই অল্প টাকায় পরিবার চালানো খুব কষ্টকর। এর ফলে বেশিরভাগ কর্মচারী ঋণে জর্জরিত। ঋণের বোঝা মাথায় নিয়ে ইতিমধ্যে অনেক কর্মচারী মারা গেছেন।
দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সেমিনার সহকারী মো. মনোয়ার হোসেন বলেন, যেখানে আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম বেতনভোগী এবং আমাদের সময়মতো আপগ্রেডেশন বা পদোন্নতি হলে আর্থিকভাবে কিছুটা উপকৃত হতাম। অথচ গত ১০ বছর ধরে কোনো আপগ্রেডেশন পাচ্ছি না। এতে করে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের যৌক্তিক দাবিদাওয়া মেনে নিয়ে আপগ্রেডেশন বা পদোন্নতি প্রদানের ব্যবস্থা গ্রহণ করুন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান বলেন, ইউজিসি থেকে সংবিধি করতে বলা হয়েছে। সেটির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নীতিমালা প্রণয়ন করে ইউজিসিতে পাঠাবে। সেটি পাস হলে কর্মচারীরা পদোন্নতি পাবেন।
উল্লেখ্য, পদোন্নতি-বঞ্চিত কর্মচারীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হুমায়ুন কবির সাগর, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রাফি আক্তার, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সেমিনার অ্যাটেনডেন্ট মোসা. ফারজানা বেগমসহ আরও অনেকে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস ২০ থেকে ২৫ অক্টোবর ৬ দিন বন্ধ থাকবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন