আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি
০৪:৪০ পি.এম
মৌলভীবাজারের কুলাউড়ায় হারানো ও চোরাই যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সফল অভিযান পরিচালনা করেছে কুলাউড়া থানা পুলিশ। অভিযানে মোট ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মালিক শনাক্ত করে আইফোনসহ ৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, হারানো ও চোরাই যাওয়া মোবাইল ফোন উদ্ধারে পরিচালিত অভিযানে মোট ৮টি ফোন উদ্ধার করা হয়। পরে মালিকানা যাচাই ও প্রকৃত মালিক শনাক্তের মাধ্যমে ৪টি মোবাইল ফোন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া বাকি মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকদের প্রয়োজনীয় প্রমাণপত্রসহ কুলাউড়া থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
কুলাউড়া থানা পুলিশের এ উদ্যোগে হারানো মোবাইল ফিরে পাওয়ার ক্ষেত্রে ভুক্তভোগীদের জন্য আশার সঞ্চার হয়েছে। পাশাপাশি চুরি যাওয়া সম্পদ উদ্ধারে পুলিশের তৎপরতার বিষয়টিও উঠে এসেছে।
উদ্ধার হওয়া মোবাইলের মালিকদের প্রতি পুলিশের অনুরোধ: যাঁদের মোবাইল ফোন হারিয়েছে বা চুরি হয়েছে, তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র ও মালিকানার প্রমাণসহ কুলাউড়া থানায় যোগাযোগ করুন।
যোগাযোগ: ডিউটি অফিসার, কুলাউড়া থানা
মোবাইল নম্বর: ০১৩২০১১৯৮৮৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্টিফেন হাবার্ড নামের এক মার্কিন নাগরিক মুক্তি পেয়েছেন, যিনি ইউক্রেনে ‘ভাড়াটে যোদ্ধা’ হিসেবে লড়াই করার অভিযোগে রাশিয়ায় চার বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সেন্ট পিটার্সবার্গ সফরের পর মুক্তি পান।
মিশিগানের অবসরপ্রাপ্ত শিক্ষক হাবার্ডকে মার্কিন পররাষ্ট্র দফতর ‘অন্যায়ভাবে আটক’ ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২০ অক্টোবর) জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হাবার্ডের মুক্তির বিষয়টি উত্থাপন করেছেন।
বৈঠকের পর, উইটকফ হাবার্ডের মুক্তির জন্য পুতিনকে ধন্যবাদ জানান। বৈঠক চলাকালীন, পুতিন জানান, হাবার্ড সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে অবস্থান করছেন, যেখানে বুধবার (২১ অক্টোবর) উইটকফ অবতরণ করেন।
উইটকফের মস্কো সফরের আগে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন যে, বিশেষ দূতের এই সফরের উদ্দেশ্যগুলোর মধ্যে ‘অন্যায়ভাবে আটক’ মার্কিন নাগরিক হাবার্ডের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, যা আমেরিকানদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের অব্যাহত অঙ্গীকারেরই প্রতিফলন।
সিএনএন জানায়, হাবার্ড ইংরেজি শিক্ষক হিসেবে বিদেশে কয়েক দশক কাটিয়েছেন। ২০১৪ সালে তিনি পূর্ব ইউক্রেনের ইজিউম শহরে চলে যান, যেখানে ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সময় শহরটি রুশ বাহিনীর দখলে চলে যায়।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রুশ কৌঁসুলিরা অভিযোগ করেছেন যে হাবার্ড মাসে প্রায় ১,০০০ ডলারের চুক্তিতে ইজিউমে যুদ্ধ করেছিলেন। তবে তার বোন প্যাট্রিসিয়া হাবার্ড ফক্স-এর দাবি, এই অভিযোগ মিথ্যা।
সূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে খয়রাবাদ সেতুর নিকটবর্তী তিন নদীর মোহনায় পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। এই উদ্যোগটি পর্যটন বিকাশ, স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায়, পর্যটন কেন্দ্রের নির্ধারিত এলাকা পরিদর্শন শেষে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার মন্তব্য করেন, "দপদপিয়ার তিন নদীর মোহনা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্থান। পরিকল্পিতভাবে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে এলাকার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।" তিনি আরও বলেন, "এছাড়া স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।" তিনি পর্যটন কেন্দ্রটি পরিবেশবান্ধব ও আকর্ষণীয় করার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রটি গড়ে উঠলে তিন নদীর মোহনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের আগমন বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয় পর্যটন বিকাশের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
এদিকে, একই দিন বিকেলে নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের (BDIRWSP) আওতায় ফুলতলা আরএইচডি-মানপাশা জিসি-তালতলা-ভবানীপুর ভায়া নাচনমহল ইউপি সড়কের দুই পাশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো সড়কের সৌন্দর্য বৃদ্ধি, সবুজায়ন সম্প্রসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা।
এছাড়া, তিনি নলছিটি উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন।
অনুষ্ঠান ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, এলজিইডির ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিমন আকনসহ স্থানীয় দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২১ অক্টোবর, : নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. রুহুল আমিন (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। ইয়াবা পরিবহনের জন্য ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
আজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি-দক্ষিণের উপ-পুলিশ কমিশনার শেখ শরিফুল ইসলাম এই তথ্য প্রকাশ করেন।
আটক রুহুল আমিন পাবনার আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রাম এলাকার মৃত সোহরাব আলীর পুত্র।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তারা জানতে পারেন যে, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে একটি ট্রাক কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ডিটি রোডে চেকপোস্ট স্থাপন করা হয়।
যখন ট্রাকটি চেকপোস্টে পৌঁছায়, তখন পুলিশ সেটি থামিয়ে তল্লাশি করে। চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাক থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক রুহুল আমিনকে আটক করা হয়। একই সঙ্গে যশোর-ট-১১-২৫৬৩ নিবন্ধন নম্বরের ট্রাকটি জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা, জব্দকৃত ট্রাক এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ আক্কাস মিয়ার দেড় বছরের জমজ দুই ছেলে পানিতে ডুবে মারা গেছে। বুধবার সকালে ঘটে এই ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আক্কাস মিয়ার জমজ দুই ছেলে ইকরাম ও আকরাম বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে তাদের হাতে থাকা খেলনা বলটি পুকুরের পানিতে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে দুই ভাই পানিতে ডুবে যায়।
দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এই মর্মান্তিক ঘটনায় আক্কাস মিয়ার পরিবারসহ পুরো মেরকুটা উত্তরপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকা ভারী হয়ে উঠেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ