০৫:১১ পি.এম
ব্রাজিল আজ (সোমবার) জাপানের বিপক্ষে মাঠে নামছে বিশ্বকাপের নকআউট পর্বে। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে অনুষ্ঠিতব্য শেষ ষোলোর ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন যে তিনি একাদশে বড় কোনো পরিবর্তন আনবেন না।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, 'আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন হবে। শেষ অনুশীলনের পরই সবকিছু চূড়ান্ত করা হবে। আমাদের পুরো মনোযোগ ম্যাচেই।' তিনি জাপানকে খুবই শৃঙ্খলিত একটি দল হিসেবে উল্লেখ করে বলেন, 'আমরা জানি, তাদের বিপক্ষে কীভাবে খেলতে হবে।'
ব্রাজিলের শিবিরের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, আগের ম্যাচের তুলনায় নেইমার জুনিয়রকে বেশি সময় মাঠে দেখা যেতে পারে। তিনি দীর্ঘদিনের চোট কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ১৫ মিনিট খেলেছিলেন।
আরও পড়ুন: রিয়ালের পদত্যাগ চেয়ে বিবৃতি লা লিগা সভাপতির বিরুদ্ধে
আনচেলত্তি নেইমারের শারীরিক অবস্থার উন্নতি সম্পর্কে বলেন, 'গত এক সপ্তাহে তার উন্নতি উল্লেখযোগ্য। দুর্ভাগ্যজনকভাবে আগের ম্যাচে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। এখন সে আরও বেশি সময় খেলার জন্য প্রস্তুত।'
যে একাদশে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল নেমেছিল, সেটির প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে আনচেলত্তি নিজের পছন্দের সমন্বয় খুঁজে পেয়েছেন। চোটে থাকা রাফিনিয়ার পরিবর্তে সুযোগ পাওয়া রায়ানও পারফরম্যান্সে আস্থা অর্জন করেছেন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।
পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দলের ১৪ দেখায় ব্রাজিল জিতেছে ১১টি ম্যাচ, দুটি ড্র হয়েছে এবং জাপানের জয় মাত্র একটি।
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে আরব নেতা আব্বাসের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে
তবে সেই একমাত্র জয়টা এসেছে সবশেষ দেখায়, ২০২৫ সালের অক্টোবরে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে জাপান। সেটিই ব্লু সামুরাইদের ব্রাজিলের বিরুদ্ধে সর্বোচ্চ গোল করার ম্যাচ। অতীতের রেকর্ড অনুকূলে থাকলেও ব্রাজিলের শিবির জাপানকে হালকাভাবে নিতে চায় না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন