ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

রাস্তা পার হচ্ছিলেন শফিকুল, মুহুর্তেই পিষে দিলো দ্রুতগতির গাড়ি


রাস্তা পার হচ্ছিলেন শফিকুল, মুহুর্তেই পিষে দিলো দ্রুতগতির গাড়ি

রাজধানীর একটি সড়কে গাড়ির ধাক্কায় মো. শফিকুল ইসলাম (৫৫) নামের একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে উত্তরার আজমপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামের নিজামুদ্দিনের পুত্র।

আরও পড়ুন: যুদ্ধে শত্রুপক্ষ অসহায় অবস্থায় পৌঁছে গেছে: ইরানের বাসিজ প্রধান

নিহতের আত্মীয় রুবিয়া আক্তার জানান, ভোরে ঝিনাইদহ থেকে গ্রিন লাইন পরিবহনের একটি বাসে করে রাজধানীর আজমপুরে এসে নামেন তারা, যেখানে পরিবারের ৭ জন সদস্য ছিলেন। বাসটি তাদেরকে ওভারব্রিজের সামনে নামিয়ে দেয়। বাস থেকে নেমে তারা সবাই দাঁড়িয়ে ছিলেন, সেই সময় শফিকুল রাস্তা পার হওয়ার চেষ্টা করলে একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তারা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা জানান, শফিকুল আর বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক আইনে ২,৫১৮ মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় বিশেষ অভিযানে ৯৮ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


কুমিল্লায় বিশেষ অভিযানে ৯৮ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় দুই দিনের সাঁড়াশি অভিযানে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু করা হয়েছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে এবং জননিরাপত্তা ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সেই উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর রাতে পরিচালিত অভিযানে ৪২ জনকে গ্রেফতার করা হয়। পরদিন ১১ নভেম্বর রাতে দ্বিতীয় দফার অভিযানে গ্রেফতার করা হয় আরও ৫৬ জনকে। সব মিলিয়ে দুই দিনের অভিযানে মোট ৯৮ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাশার খানের অংশগ্রহণ নিয়ে মধুখালী বিএনপির ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাশার খানের অংশগ্রহণ নিয়ে মধুখালী বিএনপির ক্ষোভ

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণের জন্য তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদলে ফরিদপুরের মধুখালীর পাট ব্যবসায়ী আবুল বাশার খানের অন্তর্ভুক্তি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি করেছে।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের অভিযোগ, আবুল বাশার খান নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মধুখালী উপজেলা শাখার ৫ নম্বর উপদেষ্টামণ্ডলীর সদস্য। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এছাড়া সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘ফুটবল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, যার ফলে ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থী পরাজিত হন বলে দলের নেতাকর্মীরা মনে করেন।

এ ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহুরুল ইসলাম লিটনসহ যুবদল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মধুখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের পদধারী এবং বিগত নির্বাচনে বিএনপি প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করা একজন ব্যক্তি কীভাবে ও কার সহযোগিতায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন, তা অত্যন্ত দুঃখজনক।

নেতৃবৃন্দ আরও দাবি করেছেন, আবুল বাশার খান এখনও আওয়ামী লীগের পদে বহাল থাকায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর তুরস্ক সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। প্রতিনিধিদল চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের এ বিষয়ে আরও ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তাঁরা। ফরিদপুর-১ আসনের বিএনপি নেতাকর্মীরা বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আবুল বাশার খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


চট্টগ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক হোসেন গ্রেপ্তার

চট্টগ্রাম, ১২ নভেম্বর ২০২৬ : নোয়াখালীর সুধারাম থানার দুটি ডাকাতি ও চুরির মামলায় তদন্তের প্রেক্ষিতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. ফারুক হোসেন, যিনি শুভ নামেও পরিচিত, চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম চর উরিয়া এলাকার সাহাব উদ্দিনের পুত্র।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ডিটি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালায় এসআরবি-৭ চট্টগ্রাম ও এসআরবি-১১ নারায়ণগঞ্জের যৌথ দল। এ সময় তারা নোয়াখালীর সুধারাম মডেল থানার দুটি মামলার তদন্তে পলাতক আসামি হিসেবে শনাক্ত ফারুককে গ্রেপ্তার করে।

এসআরবি জানায়, ফারুকের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা গত ৩০ জুলাই দায়ের করা ডাকাতির মামলা এবং অন্যটি ২২ সেপ্টেম্বর দায়ের করা হয়েছে।

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তার শুভ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনের অস্থিরতা কমাতে কাগজে লিখুন আপনার ভাবনাগুলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


মনের অস্থিরতা কমাতে কাগজে লিখুন আপনার ভাবনাগুলো

কখনো কখনো মন অস্থির হয়ে ওঠে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই। মাথার ভেতর ঘুরতে থাকে বিভিন্ন চিন্তা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কিংবা অতীতের কোনো ঘটনা। একই বিষয় বারবার ভাবতে গিয়ে মনোযোগ নষ্ট হয়ে যায় এবং দৈনন্দিন কাজেও তৈরি হয় অনীহা। এমন পরিস্থিতিতে মনের ভেতর জমে থাকা ভাবনাগুলো কাগজে লিখে ফেলার অভ্যাস কিছুটা স্বস্তি প্রদান করতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী সাইকোলজি টুডের প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ডায়েরি লেখার অভ্যাস উদ্বেগ ও নেতিবাচক চিন্তার চাপ মোকাবেলায় সহায়ক হতে পারে। নিজের ভাবনা ও অনুভূতি লিখে রাখলে সেগুলোকে নতুনভাবে বোঝার সুযোগ সৃষ্টি হয়। এ জন্য খুব সুন্দর করে লেখা কিংবা দীর্ঘ সময় ধরে ডায়েরি লেখার প্রয়োজন নেই।

কেন উপকারী ডায়েরি লেখা

কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করতে থাকলে অনেক সময় একই ভাবনা বারবার মাথায় ঘুরতে থাকে। কী ঘটতে পারে, কোনো কিছু ভুল হলে কী হবে কিংবা কোনো সিদ্ধান্ত ঠিক হয়েছে কি না—এমন নানা প্রশ্ন মনের অস্থিরতা বাড়িয়ে দেয়।

এ অবস্থায় নিজের ভাবনাগুলো কাগজে লিখলে সেগুলোকে গুছিয়ে দেখার সুযোগ পাওয়া যায়। কী নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, কোন বিষয়টি বেশি ভাবাচ্ছে এবং কোন অনুভূতি থেকে অস্থিরতা তৈরি হচ্ছে, তা বুঝতে সুবিধা হয়।

হাতে লিখতে গেলে ভাবনা সাজানো, স্মৃতি থেকে তথ্য মনে করা এবং অনুভূতিকে ভাষায় প্রকাশ করার মতো মানসিক প্রক্রিয়ায় যুক্ত হতে হয়। এতে নিজের চিন্তা ও অনুভূতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেতে পারে।

অনেক সময় মনের মধ্যে কোনো সমস্যা যত বড় মনে হয়, লিখে দেখার পর সেটি ভিন্নভাবে উপলব্ধি করা সম্ভব হয়। একই সঙ্গে কোন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ে বা কোন বিষয়গুলো বারবার নেতিবাচক চিন্তার জন্ম দেয়, তা শনাক্ত করাও সহজ হতে পারে।

শিশুদের জন্যও উপকারী হতে পারে

শুধু বড়দের নয়, শিশু-কিশোরদেরও আবেগ ও অনুভূতি বুঝতে ডায়েরি লেখা সাহায্য করতে পারে। পড়াশোনা, বন্ধুত্ব, পারিবারিক বিষয় কিংবা সামাজিক চাপ নিয়ে তাদের মনে নানা ধরনের চিন্তা তৈরি হয়। কিন্তু অনেক সময় তারা সেসব অনুভূতি প্রকাশ করতে পারে না।

ছোট শিশুদের ক্ষেত্রে ছবি আঁকা কিংবা কয়েকটি শব্দ লিখে মনের অবস্থা প্রকাশের সুযোগ দেওয়া যেতে পারে। প্রয়োজনে অভিভাবকেরা তাদের অনুভূতিগুলো বাক্যে প্রকাশ করতে সাহায্য করতে পারেন। কিশোর-কিশোরীদের জন্য ব্যক্তিগত ডায়েরি হতে পারে নিজের ভাবনা প্রকাশের একটি নিরাপদ জায়গা।

কী লিখবেন বুঝতে না পারলে

ডায়েরি লেখার অভ্যাস শুরু করতে বিশেষ কোনো নিয়মের প্রয়োজন নেই। প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে নিজের মনের কথা লিখতে পারেন। কী লিখবেন বুঝতে না পারলে কয়েকটি প্রশ্ন দিয়ে শুরু করা যেতে পারে।

এই মুহূর্তে কোন বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে?

এমন কিছু কি আছে, যা কাউকে বলতে চাই কিন্তু বলা হয়নি?

কোন বিষয়গুলো আমার নিয়ন্ত্রণে আছে, আর কোনগুলো নেই?

আমার কোনো বন্ধু এমন পরিস্থিতিতে পড়লে তাকে কী পরামর্শ দিতাম?

আজকের দিনে ভালো কী ঘটেছে?

এই মুহূর্তে আমার কী প্রয়োজন?

এসব প্রশ্নের উত্তর লিখতে গিয়ে নিজের চিন্তা ও অনুভূতি সম্পর্কে নতুন উপলব্ধি তৈরি হতে পারে।

নিজের জন্য রাখুন কিছুটা সময়

ডায়েরি লেখা উদ্বেগ দূর করার কোনো জাদুকরি উপায় নয়। কাগজে মনের কথা লিখলেই সব দুশ্চিন্তা শেষ হয়ে যাবে, এমনটিও নয়। তবে এটি চিন্তা থেকে কিছুটা দূরত্ব তৈরি করতে, আবেগ বুঝতে এবং মানসিক অস্থিরতার কারণ খুঁজে পেতে সহায়তা করতে পারে।

ব্যস্ত জীবনে কাজ, পড়াশোনা, পরিবার ও নানা দায়িত্বের কারণে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। অথচ প্রতিদিন কিছুটা সময় নিজের ভাবনা নিয়ে নিরিবিলি বসাও গুরুত্বপূর্ণ।

তাহলে কিছু সময়ের জন্য ফোন বা কম্পিউটার থেকে দূরে সরে একটি খাতা ও কলম হাতে নিতে পারেন। সুন্দর ভাষা, নিখুঁত বানান কিংবা গোছানো বাক্যের প্রয়োজন নেই। যা মনে আসে, নিজের মতো করে লিখে ফেলুন। কখনো কখনো মনের ভেতরের কোলাহল কমানোর শুরুটা হতে পারে কাগজে কয়েকটি কথা লিখে ফেলার মধ্য দিয়েই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%