সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১২:৪৮ পি.এম
শেয়ারবাজারে বিনিয়োগের জন্য একজন বিনিয়োগকারীকে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলতে হবে। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অথবা সেকেন্ডারি বাজারে শেয়ার কেনাবেচার ক্ষেত্রে বিও হিসাব ছাড়া বিনিয়োগের কোনো সুযোগ নেই। তবে একজন বিনিয়োগকারী সর্বাধিক কতগুলো বিও হিসাব খুলতে পারবেন, সে বিষয়ে ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) সংখ্যা অনুযায়ী কোনো নির্দিষ্ট সীমা নেই। ফলে একজন ব্যক্তি একাধিক ডিপির মাধ্যমে একাধিক বিও হিসাব খুলতে পারেন। অধিক সংখ্যক বিও খোলার সুযোগ থাকায় এটি কারসাজির একটি কারণ হিসেবে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান আমার দেশকে জানান, অধিক সংখ্যক বিও হিসাব খোলার ক্ষেত্রে শৃঙ্খলা থাকা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি শেয়ারবাজারে কারসাজির অভিযোগে আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর নামে ৩২টি বিও হিসাবের তথ্য প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রকাশিত আদেশের তফসিলেও তার নামে ৩২টি বিও হিসাবের উল্লেখ রয়েছে। একই তফসিলে আরো কয়েকজনের নামেও একাধিক বিও হিসাবের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কাজী সাদিয়া হাসানের নামে ২৩টি, সায়াদুর রহমানের নামে ১১টি এবং কনিকা আফরোজের নামে ১০টি বিও হিসাব রয়েছে।
বিএসইসির তদন্তে আবুল খায়ের হিরুর বিরুদ্ধে একাধিক শেয়ারবাজারে কারসাজির প্রমাণ পাওয়া গেছে, যেখানে তিনি একাধিক বিও হিসাব ব্যবহার করেছেন। এনআরবিসি ব্যাংকের শেয়ার কারসাজির ঘটনায় তার নিজের নামে পাঁচটি বিও হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবের মাধ্যমে শেয়ার কেনাবেচা ও স্থানান্তরের মাধ্যমে কৃত্রিম লেনদেনের প্রমাণ পাওয়া যায়। একই ঘটনায় তার পরিবারের সদস্যদের বিও হিসাবও ব্যবহৃত হয়েছে। অন্যদিকে ওয়ান ব্যাংকের শেয়ার কারসাজির ঘটনায় হিরু ও তার সহযোগীরা ১৪টি বিও হিসাব ব্যবহার করেছেন। শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত প্রায় প্রতিটি ঘটনায় একই ব্যক্তির একাধিক বিও হিসাবের সন্ধান পাওয়া গেছে।
কারসাজির ঘটনায় বিএসইসি বিভিন্ন সময় হিরুর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করেছে। ২০২৪ সালের ডিসেম্বরে চারটি কোম্পানির শেয়ার কারসাজির ঘটনায় তাকে প্রায় সাড়ে ৩২ কোটি টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে এশিয়া ইন্স্যুরেন্স, সোনালী পেপার ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির ঘটনায়ও তাকে জরিমানা করা হয়েছে। তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও পৃথক অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, একই ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের নিয়ন্ত্রণাধীন একাধিক বিও হিসাবের মাধ্যমে কোম্পানির শেয়ার কেনাবেচা করে। ধারাবাহিক লেনদেনের মাধ্যমে (সিরিজ ট্রেডিং) শেয়ারের দাম বৃদ্ধি ও কৃত্রিম চাহিদা তৈরি করা হয়। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারটির প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং দাম বাড়তে পারে। পরে বাড়তি দামে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়া হয়। কিছু ক্ষেত্রে একই মালিকানার বিভিন্ন বিও হিসাবের মধ্যে শেয়ার হাতবদল করা হয়, যাতে প্রকৃত মালিকানা পরিবর্তন না হলেও বাজারে লেনদেনের পরিমাণ বেড়ে যায়। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা কারসাজিচক্রের ফাঁদে পড়ে তাদের পুঁজি হারান। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, শেয়ারবাজারে কারসাজির ক্ষেত্রে একই বিনিয়োগকারীর অধিক সংখ্যক বিও খোলার সুযোগ অন্যতম কারণ।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) বিধান অনুযায়ী একজন বিনিয়োগকারী এক বা একাধিক ডিপিতে বিও হিসাব খুলতে পারেন। ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩-এর ২৬(১) বিধি অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ছাড়া কোনো ব্যক্তি একই ডিপিতে একাধিক হিসাব খুলতে পারেন না। তবে তিনি অন্য ডিপিতে নতুন হিসাব খুলতে পারেন।
সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মোতালেব হোসেন আমার দেশকে জানান, একজন বিনিয়োগকারী একাধিক ডিপিতে বিও হিসাব খুলতে পারেন। তবে একই ডিপিতে একাধিক হিসাব খোলার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। সব ডিপি মিলিয়ে একজন বিনিয়োগকারী কতগুলো বিও হিসাব খুলতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সীমা নেই।
সিডিবিএলের তথ্যানুযায়ী বর্তমানে ৫৬০টি ডিপি রয়েছে। এভাবে প্রতিটিতে একটি করে হিসাব খোলার সুযোগ থাকলে একজন বিনিয়োগকারীর সম্ভাব্য বিও সংখ্যা ৫৬০টি পর্যন্ত হতে পারে।
ডিএসইর সাবেক সভাপতি ও শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী আমার দেশকে বলেন, একজন বিনিয়োগকারী বিভিন্ন কারণে একাধিক ডিপিতে বিও হিসাব খুলতে পারেন। কোনো ডিপি বেশি কমিশন বা সুবিধা দিলে সেখানে হিসাব খোলার আগ্রহ তৈরি হতে পারে। আবার কোনো ডিপির কর্মকর্তার আচরণে অসন্তুষ্ট হলে বিনিয়োগকারী অন্য ডিপিতে হিসাব খুলতে পারেন। তবে এ ধরনের প্রয়োজনে সাধারণত পাঁচ থেকে সাতটির বেশি বিও হিসাবের প্রয়োজন হওয়ার কথা নয়। এর বাইরে বিপুল সংখ্যক হিসাব খোলার যৌক্তিকতা নেই বলেও তিনি মনে করেন। বিদ্যমান বিও হিসাবের শেয়ার অন্য ডিপিতে স্থানান্তরের জন্য লিংক অ্যাকাউন্ট ব্যবস্থাও রয়েছে। বিও হিসাব খোলার ব্যাপারে একটি সীমারেখা থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ডিএসইর একজন সদস্য আমার দেশকে জানান, অধিক সংখ্যক বিও খোলার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে কারসাজি। কিছু অ্যাকাউন্টে শেয়ারের দাম বাড়ানো হয়; আর অন্য অ্যাকাউন্টগুলো থেকে সেগুলো বিক্রি করা হয়। অ্যাকাউন্ট ভিন্ন হলেও মূলত একই ব্যক্তি বা গোষ্ঠী এর সঙ্গে যুক্ত থাকে।
আগে আইপিওতে অধিক সংখ্যক আবেদন করার সুযোগ নিতে অনেক বিনিয়োগকারী একাধিক বিও হিসাব খুলতেন। তবে বর্তমানে আইপিওতে একজন আবেদনকারী নিজের নামে একটি এবং অন্য ব্যক্তির সঙ্গে যৌথ নামে একটিসহ মোট দুটি আবেদন করতে পারেন। এর বেশি আবেদন করলে সব আবেদন বাতিল হওয়ার বিধান থাকায় সাধারণ বিনিয়োগকারীদের বিও খোলার প্রবণতা কমেছে। কিন্তু সেকেন্ডারি মার্কেটে কারসাজির সুযোগ নিতে এখন একটি গোষ্ঠী বিপুল সংখ্যক বিও খুলছে।
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, বিও খোলার জন্য বিনিয়োগকারীর জাতীয় পরিচয়পত্র, নিজের নামে ব্যাংক হিসাব, মোবাইল নম্বর, ছবি, স্বাক্ষর ও নমিনির তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে হয়।
২০১৯ সালের ২০ জুন বিএসইসির এক নির্দেশনায় অন্য ব্যক্তির বিও হিসাব খোলার ক্ষেত্রে একই জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহারের অনিয়ম বন্ধের নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ, হিসাবধারীর পরিচয় ও ব্যাংকসংক্রান্ত তথ্যের সঙ্গে বিও হিসাবের তথ্যের সামঞ্জস্য থাকা বাধ্যতামূলক।
বিও হিসাব খোলার জন্য সিডিবিএলের ডিজিটাল হিসাব খোলার নির্দেশিকায় ৪৫০ টাকা এককালীন খোলার ফি উল্লেখ রয়েছে। তবে ২০২৫-২৬ অর্থবছর থেকে বার্ষিক বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। এই অর্থ সিডিবিএল, ডিপি ও বিএসইসির মধ্যে বণ্টনের বিধান রয়েছে। ২০২৪-২৫ অর্থবছর বা তার আগের বকেয়া ফি পুরোনো হারেই আদায়যোগ্য। নির্ধারিত ফি পরিশোধ না করলে হিসাব স্থগিত রাখার বিধানও রয়েছে।
সিডিবিএলের তথ্য অনুযায়ী বর্তমানে মোট সচল বিও হিসাব সংখ্যা ১৬ লাখ ৮৩ হাজার ৮৬৯টি। এর মধ্যে শেয়ার জমা রয়েছে ১২ লাখ ২,১৬৮ হিসাবে। শূন্য ব্যালান্স রয়েছে তিন লাখ ৯৫ হাজার ৮২৩ হিসাবে। আর কখনো ব্যবহার করা হয়নি—এমন হিসাবের সংখ্যা ৮৫ হাজার ৮৭৮টি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার নগরায়নের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে পরিচিত আড়াইশ বছরের পুরোনো চার্লির নীলকুঠি। দীর্ঘ সময় ধরে অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব এবং সরকারি দুই দফতরের মধ্যে দায়িত্ব নিয়ে টানাপোড়েনের ফলস্বরূপ, ঐতিহাসিক এই স্থাপনা শেষ পর্যন্ত ধসে পড়েছে। ভবনের ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে রয়েছে ইট, কাঠ ও লোহার ভাঙা অংশ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাতের আঁধারে ভবনটির লোহার রডসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে। যদি যথাযথ নজরদারি থাকতো, তাহলে খুলনার ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নিদর্শন হয়তো এভাবে হারাতো না। তবে ধ্বংসের পরও সংশ্লিষ্ট রেলওয়ে ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দায় নিতে নারাজ।
গত বুধবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয়রা দেখতে পান, পুরো ভবনটি ধসে পড়েছে। রোববার (২২ নভেম্বর) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একসময়ের দোতলা বাংলো ধাঁচের ভবনটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইট, কাঠ এবং ভবনের বিভিন্ন অংশ। কোথাও কোথাও কেটে নেয়া হয়েছে লোহার রড।
স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় ধরে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা ভবনটি থেকে রাতের আঁধারে বিভিন্ন নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ক্রমেই দুর্বল হয়ে পড়ে স্থাপনাটি এবং একপর্যায়ে ধসে যায় পুরো অবকাঠামো।
স্থানীয় বাসিন্দা নবীন মন্ডল বলেন, 'ছোটবেলা থেকেই ভবনটি দেখে আসছি। একসময় এটি খুলনার পুরোনো ইতিহাসের অংশ ছিল। দীর্ঘ সময় ধরে কোনো সংস্কার বা পাহারা ছিল না। ধীরে ধীরে ভবনের বিভিন্ন অংশ নষ্ট হয়েছে। কিছুদিন ধরে এখানে কিছু দুর্বৃত্ত ভবনের লোহার রডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায়। কর্তৃপক্ষ আগে ব্যবস্থা নিলে এমন পরিণতি হতো না।'
নাম প্রকাশ না করে আরেক বাসিন্দা বলেন, 'রাতের বেলায় ভবন থেকে বিভিন্ন জিনিস খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুনেছি ভবনটা ধ্বংসের পর দখল করে মার্কেট করার পরিকল্পনাও রয়েছে। এটা আমাদের জন্য লজ্জাজনক, দুঃখের। দিনের পর দিন এভাবে ক্ষতিগ্রস্ত হলেও কেউ কার্যকর ব্যবস্থা নেয়নি। এখন পুরো ভবনটাই হারিয়ে গেল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতের একটি আলোচিত নাম হিসেবে পরিচিত ছিলেন শেখ মোহাম্মদ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে পরিচিত। কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও এবং শেরেবাংলা নগর এলাকায় আধিপত্য বিস্তার, হত্যাকাণ্ড এবং চাঁদাবাজির অভিযোগে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। ছদ্মবেশে চলাফেরা, বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার এবং কারাগারে থেকেও অপরাধজগত নিয়ন্ত্রণের অভিযোগের কারণে তার ব্যক্তিত্ব ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য।
দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান আসলাম। মুক্তির পর প্রায় দুই বছর বাইরে থাকার পর আবারও গ্রেফতার হন তিনি। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন সুইডেন আসলাম। তবে গোয়েন্দাদের ধারণা, তার পরিকল্পনা ছিল ব্যাংকক হয়ে মালয়েশিয়া যাওয়ার। ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, রাত আড়াইটার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে।
ডিবি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে। এছাড়া অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পুলিশ পেয়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।
যেভাবে উত্থান অপরাধজগতে
সুইডেন আসলামের পরিবারের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। তার বাবা শেখ জিন্নাত আলী পরিবার নিয়ে রাজধানীর ইন্দিরা রোডে বসবাস করতেন। তিন ছেলে ও চার মেয়ের মধ্যে আসলাম ছিলেন দ্বিতীয়। তিনি তেজগাঁও পলিটেকনিক স্কুল, বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়, থেকে এসএসসি পাস করেন।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে রাজধানীর অপরাধজগতে তার উত্থান শুরু হয়। প্রথম দিকে রাজাবাজার, ইন্দিরা রোড এবং ফার্মগেট এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি। সেই সময় এসব এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত একাধিক সন্ত্রাসী গ্রুপ।
১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে আলোচনায় আসেন আসলাম। ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অপরাধজগতে তার নাম ছড়িয়ে পড়ে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সে সময় কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। ওই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে আসলামের বিরোধ বাড়তে থাকে। দুই পক্ষের মধ্যে প্রায়ই হামলা-পাল্টা হামলা, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত।
পিচ্চি হান্নানকে দলে ভেড়ানো, রানাকে হত্যা
একপর্যায়ে ১৯৯৬ সালে রানা গ্রুপের অন্যতম ক্যাডার পিচ্চি হান্নানকে নিজের দলে নিয়ে আসেন আসলাম। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানাকে হত্যার ঘটনায় আসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই হত্যাকাণ্ডে পিচ্চি হান্নান জড়িত ছিলেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।
এরপর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল এবং শেরেবাংলা নগর এলাকায় আসলামের প্রভাব বিস্তৃত হয়। এসব এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় পিচ্চি হান্নান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তবে তার পেছনে আসলামের প্রভাব ও নির্দেশনা কাজ করত বলে অভিযোগ রয়েছে।
যেভাবে নামের আগে ‘সুইডেন’
আসলামের নামের আগে সুইডেন শব্দটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে তার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও স্ত্রীর সঙ্গে সুইডেনে গিয়ে কয়েক বছর বসবাস করেন। সেখান থেকে দেশে ফেরার পর অপরাধজগতে তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়।
পরবর্তী সময়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তবে কীভাবে এবং কোন সময়ে তার নামের আগে এই পরিচিতি স্থায়ী হয়, তা নিয়ে জানা যায়নি।
গালিব হত্যা ও গ্রেফতার
যুবলীগ নেতা মাহমুদুল হক খান গালিব হত্যাকাণ্ডের পর ১৯৯৭ সালের ২৬ মে গ্রেফতার হন সুইডেন আসলাম। ওই বছরের ২৩ মার্চ তেজকুনিপাড়ায় নিজের বাসার সামনে খুন হন গালিব। এ ঘটনায় তার স্ত্রী শাহেদা নাসরিন শম্পা তেজগাঁও থানায় মামলা করেন।
দীর্ঘদিন নজরদারি ও অভিযান চালানোর পর আসলামকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় তার কাছ থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছিল বলে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে উল্লেখ রয়েছে। গ্রেফতারের সময় তার বয়স ছিল প্রায় ৩৫ বছর।
বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হওয়ার তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৯টি ছিল হত্যা মামলা। এ ছাড়া অপহরণ, চাঁদাবাজি এবং অস্ত্রসংক্রান্ত অভিযোগেও মামলা ছিল। অস্ত্র আইনের মামলায় তার ১৭ বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল বলে জানা যায়।
কারাগারে থেকেও অপরাধজগত নিয়ন্ত্রণের অভিযোগ
গ্রেফতারের পর দীর্ঘ সময় কারাগারে থাকলেও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। ঘনিষ্ঠ সহযোগী পিচ্চি হান্নানের মাধ্যমে কারাগারে বসেই বিভিন্ন এলাকায় প্রভাব ধরে রাখতেন তিনি— এমন তথ্য বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চলের আড়তমালিক, গার্মেন্টস ব্যবসায়ী এবং জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে তার নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। আদায় করা অর্থের একটি অংশ কারাগারে তার কাছে পৌঁছাত বলে বিভিন্ন সূত্রের দাবি।
কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় আলোচনায় আসেন আসলাম। তার সেল থেকে দুটি মোবাইল ফোন উদ্ধারের তথ্যও বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছিল। এসব ফোনের মাধ্যমে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এসব কারণে বিভিন্ন সময়ে তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয় বলে জানা যায়।
২৭ বছর পর মুক্তি, ফের গ্রেফতার
দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। ওই দিন রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। তখন তার বয়স ছিল ৬২ বছর।
কারামুক্তির পরও তাকে ঘিরে অপরাধজগতের নানা আলোচনা চলতে থাকে। কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পক্ষের বিরোধের ঘটনায় তার নাম উঠে আসার কথাও গণমাধ্যমে প্রকাশিত হয়। বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের পর অপরাধজগতের বিভিন্ন ব্যক্তির নাম আলোচনায় আসে। তবে এসব ঘটনায় তার সম্পৃক্ততা অভিযোগের পর্যায়ে রয়েছে।
এবার দেশ ছাড়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হলো। ডিবি কর্মকর্তাদের দাবি, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পর প্রায় এক মাস ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। দেশত্যাগ ঠেকাতে তার পাসপোর্টও ব্লক করে রাখা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দুই দিনের সফরে ভারতে এসে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়।
নতুন সাপ্তাহিক ট্রেন সার্ভিস ‘সরযূ-কামলা এক্সপ্রেস’ উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি। এই ট্রেনটি নয়াদিল্লি থেকে উত্তর প্রদেশের অযোধ্যা হয়ে নেপালের জনকপুর ধাম পর্যন্ত চলাচল করবে।
বালেন্দ্র শাহের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। তবে, গত সেপ্টেম্বরে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন।
নেপালের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীদের জন্য ভারতকে প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বিদেশ সফরের জন্য বেছে নেওয়ার একটি দীর্ঘদিনের রীতি রয়েছে। যদিও এটি বাধ্যতামূলক নয়। ২০২৪ সালে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এই প্রথা ভেঙে প্রথমে চীন সফর করেছিলেন।
৩৫ বছর বয়সি বালেন্দ্র শাহ রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা গ্রহণের পর মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজঘাটে যাবেন। এরপর তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন।
বৈঠকে জ্বালানি খাতের সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পেতে পারে। নেপাল বিদ্যুৎ রপ্তানি বাড়াতে আগ্রহী। অপরদিকে, ভারত নেপালের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করছে।
দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ এবং সম্ভাব্য বিনিয়োগের বিষয়গুলো বৈঠকে আলোচনায় আসতে পারে।
সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে নেপালের প্রধানমন্ত্রী ভারত ছাড়ার পরিকল্পনা করেছেন।
সূত্র: এনডিটিভি
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে নতুন করে শনাক্ত হওয়া এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ বছরের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে নতুন শনাক্তদের মধ্যে ৭ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী ছিলেন, যা ২০২৫ সালে বেড়ে প্রায় ১৭ শতাংশে পৌঁছেছে। গত বছর দেশে নতুন করে এইচআইভি শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯১ জন, তাঁদের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নতুন শনাক্ত ১ হাজার ৪৩৮ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ২২৩ জন, যা ১৫ দশমিক ৫০ শতাংশ। ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন শিক্ষার্থী (১৪ দশমিক ৫০ শতাংশ) এবং ২০২২ সালে ৯৪৭ জনের মধ্যে ৪২ জন শিক্ষার্থী (৪ দশমিক ৪৩ শতাংশ) ছিলেন। ২০২২ সালের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের হার ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, সচেতনতার অভাব এবং অনিরাপদ সম্পর্কের কারণে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের হার বাড়ছে। প্রতিরোধমূলক প্রচার, পরীক্ষার সুযোগ বৃদ্ধি এবং আক্রান্তদের চিকিৎসার আওতায় আনার পাশাপাশি সামাজিক বৈষম্য দূর করার প্রয়োজনীয়তা রয়েছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন মন্তব্য করেন, বিদেশি তহবিলের অভাবে এইচআইভি বিষয়ে সচেতনতামূলক প্রচারণায় ভাটা পড়েছে। তিনি বলেন, স্কুল ও ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং নিজস্ব অর্থায়ন ও সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হওয়ার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৩১৩। গত বছর এইডসে আক্রান্ত ২১৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৬৬৬ জনের।
গত বছর নতুন শনাক্তদের মধ্যে ২১ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ২০ থেকে ২৪ বছর, ১৫ থেকে ১৯ বছর বয়সী ছিলেন ৪ দশমিক ৮৭ শতাংশ, এবং সবচেয়ে বেশি ৬২ দশমিক ৬১ শতাংশের বয়স ছিল ২৫ থেকে ৪৯ বছর।
বিভাগটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালে দেশে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ১৭ হাজার ৪৮০। তাঁদের মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮ হাজার ৫৭৯ জন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান জানান, বেশি সংখ্যক মানুষকে স্ক্রিনিং করানোর ফলে শনাক্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। তবে অভিবাসী ও যৌনকর্মীদের মধ্যে সংক্রমণের হার কমেছে।
বিভাগটির এক উপস্থাপনায় উল্লেখ করা হয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় সীমিত প্রবেশাধিকার এবং মাত্র ২৩টি জেলায় পরীক্ষার সুবিধা থাকা এইচআইভি মোকাবেলার বড় চ্যালেঞ্জ। সচেতনতার অভাব, সমন্বয়হীনতা এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক বৈষম্যও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ