০৬:০৫ পি.এম
ইসরাইলের দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১১ নভেম্বর) লোহিত সাগর ও আকাবা উপসাগরসংলগ্ন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। এর ফলে পর্যটন শহর ইলাতসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ভূমিকম্পের সতর্কসংকেত বাজানো হয়। সতর্কতার অংশ হিসেবে রামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তবে পরে এটি আবার চালু করা হয়েছে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ সিনাইয়ের তাবা এলাকার কাছাকাছি। এটি ইসরাইল থেকে প্রায় ২২৪ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৪ এবং গভীরতা ৮ কিলোমিটার বলে জানানো হয়েছিল। পরে দেশটির জ্বালানি ও অবকাঠামো মন্ত্রণালয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে মাত্রা সংশোধন করে ৪ দশমিক ৫ বলে জানায়।
আরও পড়ুন: আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম ৩ লাখ ডলার
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইলাত, ইলোত, বিয়ার ওরা, এলিফাজ, তিমনা খনি এলাকা এবং শাহোরেত শিল্পাঞ্চলসহ বেশ কিছু স্থানে ভূমিকম্পের সতর্কসংকেত বাজানো হয়।
ইসরাইলের জরুরি সেবা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে সতর্কসংকেত পাওয়ার পর রামন বিমানবন্দর খালি করে দেয়া হয় এবং সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানবন্দরটি আবার চালু করা হয়।
ইসরাইলের সংবাদমাধ্যম এন১২ নিউজ জানিয়েছে, ভূমিকম্পের পর বিমানবন্দরে ভাঙা কাচ পাওয়া গেছে। তবে অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: শীতের জ্বালানি সহায়তায় ১ হাজার ৮৬ ডলার পাবে নিম্ন-মধ্যম আয়ের পরিবার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন