০৬:০৫ পি.এম
সংসদ ভবন, ১১ নভেম্বর, ২০২৬ : ভূমি মন্ত্রণালয় দালাল নির্ভরতা, দুর্নীতি এবং নাগরিকদের হয়রানি বন্ধের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে একটি অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করেছে।
এই টিমের মাধ্যমে ভূমিসেবা সম্পর্কিত মান, অনিয়ম এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এছাড়া, জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোর জবাবদিহি এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি ড্যাশবোর্ড ভিত্তিক তদারকি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
আজ জাতীয় সংসদে সিলেট-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ তথ্য প্রদান করেন।
ভূমিমন্ত্রী উল্লেখ করেন, ভূমি উন্নয়ন কর, নামজারি এবং খতিয়ানসহ বিভিন্ন ভূমিসেবা অনলাইনে প্রদান করা হচ্ছে এবং অটোমেটেড ভূমিসেবা সম্প্রসারণের কার্যক্রমও অব্যাহত রয়েছে। মাঠ পর্যায়ে দালাল নির্ভরতা ও নাগরিকদের হয়রানি বন্ধে কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করা হয়েছে। এই টিম নিয়মিত সেবার মান এবং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। নাগরিকদের অভিযোগ গ্রহণ, পর্যালোচনা, সংশ্লিষ্ট দপ্তর বা কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি তদারকি করা হচ্ছে।
তিনি জানান, অনিয়ম, দুর্নীতি, হয়রানি এবং সেবা পেতে অযৌক্তিক বিলম্বের অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কারিগরি সহায়তা দিতে ‘ভূমিসেবায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম’ চালু করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে অভিযোগ দাখিল, অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নিষ্পত্তির তথ্য জানার সুযোগ রয়েছে।
ভূমিমন্ত্রী আরও জানান, ভূমিসেবা সংক্রান্ত তথ্য, পরামর্শ এবং অভিযোগ গ্রহণের জন্য সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা ভূমিসেবা কল সেন্টার চালু রয়েছে। দেশের নাগরিকেরা ১৬১২২ নম্বরে ফোন করে এই সেবা নিতে পারছেন।
আরও পড়ুন: হেফাজতে ইসলামের দাবি, ঢাবিতে সরস্বতীর মূর্তি নির্মাণ হিন্দুত্ববাদী ষড়যন্ত্রের অংশ
প্রবাসী বাংলাদেশিদের জন্যও +৮৮০৯৬ ১২৩ ১৬১২২ নম্বরে বিশেষ হটলাইন চালু করা হয়েছে। এসব হটলাইনে পাওয়া অভিযোগের রেকর্ড সংরক্ষণ করা হয় এবং প্রতিটি অভিযোগ যাচাই করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
তিনি আরও জানান, ভূমি মন্ত্রণালয়ে নাগরিকদের কাছ থেকে সরাসরি বা হার্ড কপি আকারে পাওয়া অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে একটি স্বতন্ত্র শাখা খোলা হয়েছে। এই শাখার মাধ্যমে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত ভূমিসেবা সংক্রান্ত অভিযোগের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মাঠ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ, হয়রানি বন্ধ এবং দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। মন্ত্রী জানান, ভূমিসেবার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা কর্মচারী একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় কর্মরত থাকলে তাদের পর্যায়ক্রমে বদলি করা হচ্ছে।
ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের মাধ্যমে লোকেশন যাচাইয়ের পাইলটিং কার্যক্রম চলছে। পাশাপাশি ড্যাশবোর্ড ভিত্তিক তদারকির মাধ্যমে জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: একাই লড়েছি, বিএনপি-জামায়াত পাশে দাঁড়ায়নি: মাহমুদুর রহমান
মন্ত্রী বলেন, নাগরিকদের ভূমি রাজস্ব এবং দেওয়ানি মামলা সংক্রান্ত তথ্য প্রাপ্তিতে হয়রানি বন্ধে ‘ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম’ (ল্যান্ড রেভিনিউ কেস ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করা হয়েছে। ভবিষ্যতে ডিজিটাল ভূমিসেবার কার্যকর বাস্তবায়ন, কেন্দ্রীয় মনিটরিং জোরদার, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আরও কার্যকর এবং মাঠ পর্যায়ে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে দালাল নির্ভরতা ও নাগরিকদের হয়রানি কমাতে মন্ত্রণালয় কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন