ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬’ অনুষ্ঠিত


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬’ অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও ঐক্যের স্মৃতিকে ধারণ করে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কর্মচারী সমিতি এবং কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। এতে কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান প্রতিপাদ্য ছিল— “প্রতিযোগিতা নয়, ভ্রাতৃত্বের বন্ধন—এই হোক আমাদের পথচলা।” খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান এবং কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত

কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাকিব। এ সময় কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হারুন অর রশিদও উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তানজিল হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ড. মোহা. আজিজুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাজু আহমেদ, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান এবং পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।

এ ছাড়া ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী এ কে এম জহিরুল হাছান, জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব মারুফ হাসান (মামুন সরকার)সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সভাপতিত্বে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদী।

আরও পড়ুন: আশুলিয়ায় ৪ দিন পর ১১ বছরের শিশু ফাহিমকে উদ্ধার করলো পুলিশ

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়; এটি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সম্প্রীতি বৃদ্ধি এবং একটি সুন্দর ও ইতিবাচক কর্মপরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিযোগিতার চেয়ে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে পুরো আয়োজনটি আনন্দঘন ও মিলনমেলায় পরিণত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি কমিশন নেব না, কাউকে নিতেও দেব না’: ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


‘আমি কমিশন নেব না, কাউকে নিতেও দেব না’: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ঠিকাদারদের শতভাগ কাজ করতে হবে এবং "আমি কমিশন নেব না, কাউকে কমিশন নিতেও দেব না" বলে তিনি হুঁশিয়ারি করেছেন। তিনি জানান, "এটি আমার একার পক্ষে উন্নয়ন কার্যক্রমের সবকিছু দেখভাল করা সম্ভব নয়।" এ ক্ষেত্রে সাংবাদিকদেরকে "ওয়াচডগ" হিসেবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "যেখানে আমরা কোনো উন্নয়নকাজ উদ্বোধন করি, সেই উদ্বোধনের চিত্র যেমন নেন, উদ্বোধনের তিন মাস পর সেই কাজের কী অবস্থা সেটিও আপনারা দেখবেন।"

ডেপুটি স্পিকার সোমবার (২৪ আগস্ট) নেত্রকোনার কলমাকান্দার উপজেলার পাঁচগাঁও সড়কে পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন। তিনি আরো বলেন, "কলমাকান্দা-পাঁচগাঁও সড়ক নির্মাণ করা হয়েছে তিন মাসও হয়নি, অথচ এখানে কয়েকটি গর্ত দেখা যাচ্ছে। আপনারা খুঁজে বের করবেন কোন ঠিকাদার বা সাব-ঠিকাদার কাজটি করেছে।"

ব্যারিস্টার কায়সার কামাল কাজের মান খারাপ হলে তাদের বিরুদ্ধে লিখতে বলেন। "বিল উত্তোলন না হয়ে থাকলে যাতে তা উত্তোলন করতে না পারে, সে বিষয়েও ব্যবস্থা নিতে হবে।" বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছে, সেটিকে সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।" তিনি উদাহরণ দেন, "একটি সন্তান জন্মের দিন যদি তার নামে একটি গাছ লাগানো হয়, তাহলে সন্তান যেমন বড় হবে, গাছটিও তেমনি বড় হতে থাকবে।"

নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রশাসন সবকিছু করে দিতে পারে না। নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।" উন্নত বিশ্ব বা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সরকারিভাবে বৃক্ষরোপণের পাশাপাশি মানুষ স্বতঃস্ফূর্তভাবেও বৃক্ষরোপণ করে। আমাদের মধ্যেও সেই সচেতনতা তৈরি করতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচির সময় উপস্থিত ছিলেন কলমাকান্দার উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক প্রতীমা রানী বনিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুক্কুল আমিন, নেত্রকোনা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমানসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের জন্য ৭.১ বিলিয়ন ডলারের নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


ইউক্রেনের জন্য ৭.১ বিলিয়ন ডলারের নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইউরোপীয় কমিশন ইউক্রেনের জন্য ৬.১ বিলিয়ন ইউরো (৭.১ বিলিয়ন ডলার) মূল্যের নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন করেছে। স্থানীয় সময় সোমবার অনুমোদিত এই সহায়তার আওতায় আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও রাডার সরবরাহ করা হবে। খবরটি আনাদোলু এজেন্সির।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, ইউক্রেনের স্বাধীনতা দিবসে ইউরোপ তাদের সমর্থন অটুট ও সুনির্দিষ্ট থাকার বিষয়টি তুলে ধরছে। তিনি বলেছেন, রাশিয়া হামলা জোরদার করায় ইউক্রেনের জনগণের সুরক্ষা এবং দেশটির আকাশসীমা নিরাপদ রাখতে সহায়তা করা জরুরি। ইউরোপ ইউক্রেনের পাশে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখবে।

এই অর্থায়ন ৯০ বিলিয়ন ইউরো (১০৫.১ বিলিয়ন ডলার) মূল্যের ইউক্রেন সাপোর্ট লোনের অংশ। ২০২৬-২০২৭ সালের জন্য এই ঋণের আওতায় প্রতিরক্ষা খাতে ৬০ বিলিয়ন ইউরো এবং বাজেট সহায়তা হিসেবে ৩০ বিলিয়ন ইউরো বরাদ্দ রয়েছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও জেটচালিত ড্রোনের ব্যবহার বাড়ার কারণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহ দ্রুত করা এখন আরও বেশি জরুরি হয়ে পড়েছে।

সর্বশেষ অনুমোদনের সঙ্গে ইউক্রেন সাপোর্ট লোনের আওতায় ইতোমধ্যে অনুমোদিত ১৬ বিলিয়ন ইউরোর প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের পরিকল্পনাও যুক্ত হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৮.৩৫ বিলিয়ন ইউরো বিতরণ করা হয়েছে। ইইউ জানিয়েছে, অধিকাংশ সরঞ্জাম ইউরোপীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কেনা হবে। বিদ্যমান মজুত ব্যবহার, অর্ডারের অগ্রাধিকার পুনর্বিন্যাস এবং উৎপাদন বাড়ানোর মাধ্যমে সরবরাহ দ্রুত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে করা চুক্তি জমা দিয়ে ইউক্রেন অর্থ ছাড়ের আবেদন করতে পারবে। তবে তহবিল ছাড়ের আগে চুক্তিগুলো ইইউ সদস্য রাষ্ট্র ও ইউরোপীয় কমিশনের সঙ্গে সম্মত হওয়া ক্রয় পরিকল্পনার আওতায় পড়ে কি না, তা যাচাই করা হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্ট ও ইইউ কাউন্সিল ৯০ বিলিয়ন ইউরো মূল্যের ইউক্রেন সাপোর্ট লোন অনুমোদন করে। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে ইইউ ও এর সদস্য রাষ্ট্রগুলো ইউক্রেনকে মোট ২২০.২ বিলিয়ন ইউরো (২৫৬.৯ বিলিয়ন ডলার) সহায়তা দিয়েছে। এর মধ্যে রাশিয়ার নিষ্ক্রিয় করা সম্পদ থেকে প্রাপ্ত অর্থের ৩.৮ বিলিয়ন ইউরোও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করা হচ্ছে

কর্মসংস্থান নিশ্চিত করা, দক্ষতা উন্নয়ন করা এবং দেশে-বিদেশে কর্মক্ষেত্র তৈরি করা লক্ষ্য নিয়ে মাদরাসা শিক্ষার কারিকুলামকে যুগোপযোগী ও কর্মবাজারমুখী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে চলতি মাসের মধ্যেই একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করে বাস্তবায়নের ব্যবস্থা নেওয়ার কথা জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

আজ সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘মাদ্রাসায় উচ্চ শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মসংস্থান’ শীর্ষক কর্মশালার সভায় তিনি এই উদ্যোগের কথা জানান।

মাদরাসা শিক্ষার বিষয়টি উল্লেখ করে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম হলো, মাদরাসা শিক্ষার্থীদের জন্য কারিকুলামকে কর্মবাজারমুখী করা এবং তাদের দক্ষতা উন্নয়ন করা। এর মাধ্যমে দেশের ভিতরে ও বিদেশে মাদরাসা শিক্ষার্থীদের জন্য কর্মক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি করতে চায় সরকার।

তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন ভাবনার প্রধান অংশজুড়ে মাদরাসা শিক্ষার্থীরা রয়েছে। আগের সরকার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। মাদরাসা শিক্ষার্থীদের উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তন করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ।

সদস্য অধ্যাপক ড. মামুন বলেন, অন্যান্য শিক্ষার্থীদের সাথে মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা ও সুযোগের ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জাতি গঠন ও আর্থিক উন্নয়নকে সহায়তা করার লক্ষ্য এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, কর্মশালার আলোচনার ভিত্তিতে চলতি মাসের মধ্যেই একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে, যা পরে শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস হিন্দীসহ অন্যান্য সংশ্লিষ্টরা।

কারিকুলাম যুগোপযোগী করার লক্ষ্যে ‘বটম-আপ অ্যাপ্রোচ’ নেওয়া হয়েছে জানিয়ে ইউজিসির এই সদস্য বলেন, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কারিকুলাম প্রণয়নের কাজ করা হয়েছে, ওপরে থেকে সিদ্ধান্ত না নিয়ে। কর্মশালায় ১০০ জন অধ্যক্ষ, ১০০ জন শিক্ষক এবং ১০০ জন শিক্ষার্থীসহ মোট ৩০০ জন অংশগ্রহণ করেন। তাদের মতামতের ভিত্তিতে মাদরাসা কারিকুলামের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হবে।

এছাড়া, কর্মশালায় মাদরাসা শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার সুযোগ এবং ইউজিসির উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের যুক্ত করার বিষয়েও আলোচনা করা হয়।

সরকারের বিভিন্ন সুযোগ ও সুবিধা মাদরাসা শিক্ষার্থীরা কিভাবে কাজে লাগাতে পারেন, সে বিষয়েও আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, স্টার্টআপসহ বিভিন্ন সুযোগ কাজে লাগানো এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার বিষয়গুলোও কর্মশালার আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে কুপিয়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে কুপিয়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে ৩ বছরের শিশুকন্যা রুনা বেগমকে কুপিয়ে হত্যা করার দায়ে শরীফ আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই হত্যাকাণ্ডের পাশাপাশি আসামির বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায় যে, মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের মো. শরীফ আলীর এবং তার চাচাতো ভাই সালেকের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে চাচাতো ভাই সালেককে ফাঁসানোর উদ্দেশ্যে ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি রাত ৩টায় মো. শরীফ আলী তার নিজ সাড়ে তিন বছরের শিশুকন্যা রুনা বেগমকে ঘুমন্ত অবস্থায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

জানা গেছে, হত্যাকাণ্ডের সময় শিশুকন্যা রুনা বেগমের মা নেকজান বিবির ঘুম ভাঙ্গলে তিনি দেখতে পান তার স্বামী মো. শরীফ আলী এ ঘটনা ঘটাচ্ছে, তখন তিনি চিৎকার শুরু করেন। এরপর, শরীফ আলী তার স্ত্রী নেকজান বিবিকে ভয় দেখিয়ে বলতে থাকেন যে, এই হত্যাকাণ্ডটি সালেক করেছে। পরবর্তীতে নিহতের মা কমলগঞ্জ থানায় স্বামী মো. শরীফ আলীর বিরুদ্ধে নিজের কন্যাকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচার শেষে আজ দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা দায়রা জজ মো. আনোয়ারুল হক আসামি মো. শরীফ আলীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের মামলার পরিচালনায় ছিলেন জেলা ও দায়রা জজ, দ্বিতীয় আদালতের অতিরিক্ত প্রাইভেট প্রসিকিউটর অ্যাডভোকেট তোফায়েল আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%