ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিকতা ফিরেছে, ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা


গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিকতা ফিরেছে, ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা

গাজীপুরের শিল্পাঞ্চল টানা ১৫ দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) জেলার বিভিন্ন স্থানে যেমন কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, ভোগড়া বাইপাস, মেম্বারবাড়ী, ভবানীপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ী, আসপাডা, আনসার রোড, মাওনা, বোর্ড বাজার টঙ্গী অঞ্চলের পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। সকালে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে শ্রমিকদের কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

শিল্প পুলিশ ও বিভিন্ন কারখানার মানব সম্পদ (এইচআর) বিভাগের সূত্রে জানা যায়, আজ ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে এবং ৮০ শতাংশ শ্রমিক কাজে যোগদান করেছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কয়েকজন পোশাক শ্রমিকের সঙ্গে কথা বললে তারা জানান, একটি মহল শ্রমিক আন্দোলনকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল। দুপুর পর্যন্ত গাজীপুর মহানগর এবং জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার গ্রীণ ফাইভার, কনফিডেন্স ট্যাক্স ওয়্যার, নতুন বাজার এলাকার এস এম নীট ওয়্যার পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে উৎপাদন ফ্লোরে শান্তিপূর্ণ অবস্থান করায় কর্তৃপক্ষ দুপুরে ছুটি দিয়ে দিয়েছে। কারখানার শ্রমিকরা সাফারি পার্ক সড়কের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাথে শিল্প পুলিশ থাকায় শান্তিপূর্ণভাবে বাসায় চলে গেছেন।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অগ্রগামী ভূমিকা রাখবে: আমীর খসরু

বিভিন্ন কারখানার প্রধান ফটকের নিরাপত্তা কর্মীরা শ্রমিকদের পরিচয় পত্র (আইডি কার্ড) চেক করে তাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। পুলিশের পক্ষ থেকেও শ্রমিকদের প্রতি নজরদারি ছিল। কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন মনে করেন, আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে এমন প্রত্যাশা থেকে পোশাক শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন। শ্রমিকরা মনে করছেন মজুরি বোর্ড তাদের বেতন বাড়ানোর নিশ্চয়তা দিচ্ছে। এ কারণে তারা কাজে ফিরছেন। তবে মালিকপক্ষ এখনও বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট কোনো বাস্তবসম্মত প্রস্তাব দেয়নি, যা দুঃখজনক।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে যোগ দিয়েছেন। গাজীপুরের শিল্পাঞ্চলে প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: রাশেদ খাঁন: ডিসেম্বরে চিরবিদায় নেবে আওয়ামী লীগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে ধারাভাষ্য থেকে সরানো হল ওয়ার্নার ও খাজারাকে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে ধারাভাষ্য থেকে সরানো হল ওয়ার্নার ও খাজারাকে

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কের প্রভাব অব্যাহত থাকায় শনিবার টেলিভিশন ধারাভাষ্যের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারকে। অবসরপ্রাপ্ত এই দুই ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সম্পূর্ণ টি-টোয়েন্টি সিরিজেও ধারাভাষ্য দিতে পারবেন না।

দুই সপ্তাহেরও বেশি আগে প্রকাশিত আত্মজীবনীতে খাজা উল্লেখ করেন, ২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে পুরো দলের সদস্যরা অবগত ছিল। এই ঘটনার পর থেকে খাজা ও ওয়ার্নার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, তাঁর সহ-অধিনায়ক ওয়ার্নার এবং স্যান্ডপেপার ব্যবহারকারী ক্যামেরন ব্যানক্রফটকেই এ ঘটনার জন্য দায়ী করা হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া চাপের মুখে থাকা টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের প্রতি ‘সর্বসম্মত সমর্থন’ জানানোর পর সম্প্রচার প্রতিষ্ঠান ফক্স স্পোর্টস তাদের দুজনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

কামিন্স দাবি করেছেন, ঘটনার বিষয়ে তিনি কিছুই জানতেন না। খাজার অভিযোগের পর থেকে তিনি ব্যাপক চাপের সম্মুখীন হয়েছেন। প্রথমে ওয়ার্নার এবং পরে ব্যানক্রফটও খাজার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ফক্স স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ ক্রাউলি বলেন, ‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে আগামী কয়েক সপ্তাহ উসমান ও ডেভি আমাদের সম্প্রচারের দায়িত্ব থেকে বিরত থাকবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা সব সময় আমাদের ধারাভাষ্য দলের সদস্যদের সমর্থন করি। ভিন্নমতের বৈচিত্র্যকে স্বাগত জানাই, যা আমাদের গ্রীষ্মকালীন ক্রিকেটের অন্যতম বৈশিষ্ট্য। তবে প্রতিটি নতুন মন্তব্যের জবাব দেওয়ার জন্য তাঁদের ওপর যে চাপ তৈরি হচ্ছে, সেটিও আমরা বুঝতে পারছি।’

ক্রাউলি বলেন, ‘পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে খেলার দিকে মনোযোগ দেওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই অবস্থায় দুই ধারাভাষ্যকারকে এমন পরিস্থিতিতে রাখা অন্যায্য বলে আমরা মনে করি।’

‘আমরা পরিস্থিতির ওপর নজর রাখব।’

কবে তাঁরা আবার ধারাভাষ্যে ফিরবেন, তা স্পষ্ট নয়। তবে শনিবার মেলবোর্নে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেগসেথের গোপন বিধি-নিষেধ কানাডার ওপর, কারণ অজানা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


হেগসেথের গোপন বিধি-নিষেধ কানাডার ওপর, কারণ অজানা

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে দীর্ঘকালীন প্রতিরক্ষা সহযোগিতায় নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে চলমান বিরোধের প্রেক্ষাপটে, এবার প্রতিবেশী দুই দেশের সামরিক সম্পর্কের ওপর বিধি-নিষেধ আরোপ করেছেন।

গোপন এক স্মারকের মাধ্যমে গত সপ্তাহে এ নির্দেশনা জারি করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ওয়াশিংটনের এই পদক্ষেপ কানাডার জন্য ‘মুখের ওপর কড়া জবাব’ দেওয়ার মতো মনে হতে পারে।

কেন এই বিধি-নিষেধ?

মার্কিন সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হেগসেথের জারি করা গোপন নির্দেশনার বিষয়ে আগে কোনো তথ্য প্রকাশিত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

হেগসেথের মুখপাত্র শন পারনেল এ বিষয়ে মন্তব্য করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা লক্ষ্য অর্জনে সহায়ক এবং দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন করে শক্তিশালী করে—এমন কার্যক্রমকে অগ্রাধিকার দিতে পদক্ষেপ নিচ্ছে পেন্টাগন। দুই দেশের ভূখণ্ড ও অভিন্ন অঞ্চলের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ন্যাটোর দায়িত্ব পালনে কানাডার সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

তবে নতুন বিধি-নিষেধের আওতায় যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ন্যাটো ও উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নোরাডের (নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড) মাধ্যমে সামরিক সহযোগিতা প্রভাবিত হবে না বলে জানিয়েছেন পারনেল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত ন্যাটোর দুই প্রতিষ্ঠাতা সদস্য হলো যুক্তরাষ্ট্র ও কানাডা। দুই দেশের মধ্যে ৫ হাজার ৫২৫ মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। কয়েক দশক ধরে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখার পাশাপাশি আফগানিস্তানসহ বিভিন্ন যুদ্ধে মার্কিন বাহিনীর সঙ্গে অংশ নিয়েছে কানাডার সেনারা। আফগানিস্তানে দেশটির অন্তত ১৫৮ সেনা নিহত এবং আরো দুই হাজার সেনা আহত হয়েছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়কারী জোট ‘ফাইভ আইস’-এর সদস্য কানাডা। জোটটির এক সদস্য দেশের কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, তথ্য আদান-প্রদানে আনুষ্ঠানিক পরিবর্তনের কোনো ঘোষণা আসেনি। তবে গত এক বছরে বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগের তুলনায় কম তথ্য ভাগাভাগি করেছেন।

সম্পর্কে টানাপড়েন

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দুই দেশের সম্পর্কে অবনতি আরো বেড়েছে। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়ে বারবার বিতর্ক সৃষ্টি করেছেন তিনি।

২০২৫ সালের মে মাসে হোয়াইট হাউসে এক বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট জানিয়ে দেন, তার দেশ বিক্রির জন্য নয়, কখনোই হবে না।

বাণিজ্যে বিরোধ

প্রতিবেশী দুই দেশের সম্পর্কে চাপ বাড়িয়েছে বাণিজ্য বিরোধও। কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। পাল্টা শুল্ক আরোপ করেছে অটোয়াও। পাশাপাশি মার্কিন অস্ত্রের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে কানাডা।

গত মার্চে কার্নি জানান, ন্যাটোর দীর্ঘদিনের লক্ষ্যমাত্রা অনুযায়ী কানাডা প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২ শতাংশে উন্নীত করেছে। অন্যদিকে রাশিয়ার হুমকির কথা উল্লেখ করে ন্যাটো সদস্যদের ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে কানাডার সামরিক বাহিনী নিয়ে হেগসেথের একাধিক বিদ্রূপাত্মক মন্তব্যও দুই দেশের সম্পর্কে তিক্ততা বাড়িয়েছে। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল পাপারোকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, কানাডার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর নির্দেশ পেলে তিনি কী করবেন।

জবাবে পাপারো এমন পরিস্থিতিকে সম্পূর্ণ অবাস্তব বলে মন্তব্য করেন। তিনি ব্যঙ্গ করে বলেন, তার কাছে মঙ্গলগ্রহের বাসিন্দাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা সম্পর্কেও জানতে চাওয়া যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনফান্তিনোর পুনঃনির্বাচনে দক্ষিণ আমেরিকার ১০ দেশের ফুটবল সংস্থার সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


ইনফান্তিনোর পুনঃনির্বাচনে দক্ষিণ আমেরিকার ১০ দেশের ফুটবল সংস্থার সমর্থন

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ আমেরিকার ১০ দেশের ফুটবল সংস্থা কনমেবল, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনঃনির্বাচনে ‘সর্বসম্মত’ সমর্থন প্রদান করেছে। শুক্রবার সংস্থাটি এই ঘোষণা দেয়।

ইনফান্তিনো, বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করায় সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। তবে, আগামী মার্চে পুনরায় নির্বাচিত হওয়ার লক্ষ্যে তাঁর সঙ্গে আফ্রিকা ও এশিয়ার সমর্থন এখনও রয়েছে।

ফিফার ২১১ সদস্য দেশের প্রত্যেকের একটি করে ভোট রয়েছে। নির্বাচনে জয়ী হতে হলে আগামী ১৮ মার্চ রাবাতে অনুষ্ঠিতব্য নির্বাচনে অন্তত ১০৬টি ভোট প্রয়োজন হবে।

কনমেবলের সদস্য ১০টি দেশ রয়েছে। আফ্রিকার ৫৪টি এবং এশিয়ার ৪৬টি ভোট রয়েছে।

ব্রাজিলের অ্যাটলেটিকো মিনেইরো এবং আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের মধ্যে শনিবারের কোপা সুদামেরিকানার ফাইনালের প্রেক্ষাপটে বারানকিয়ায় এই সমর্থনের ঘোষণা দেয় কনমেবল।

এক বিবৃতিতে, ইনফান্তিনোর ‘নেতৃত্ব’ এবং ফুটবলে তাঁর উদ্যোগে আসা ‘ইতিবাচক পরিবর্তনের’ প্রশংসা করেছে সংস্থাটি, যা ২০১৬ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে লক্ষ্য করা গেছে।

২০১৯ ও ২০২৩ সালের নির্বাচনে ইনফান্তিনো একমাত্র প্রার্থী ছিলেন। তবে, এবার তাঁর বিরুদ্ধে দুই প্রতিদ্বন্দ্বী রয়েছেন - ফ্রান্সের ফিলিপ দিয়ালো এবং জাপানের কোজো তাশিমা।

বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত, ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার প্রদান এবং মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে টুর্নামেন্ট চলাকালে মার্কিন খেলোয়াড় ফোলারিন বালোগুনের লাল কার্ডের সিদ্ধান্ত প্রত্যাহার, এসব বিষয়েও ইনফান্তিনো সমালোচনার শিকার হয়েছেন।

তবে, বেসরকারি বিনিয়োগকারীদের বিশ্বকাপে যুক্ত করার পরিকল্পনা নিয়ে উয়েফার প্রতিক্রিয়ার কারণে তিনি প্রথমবারের মতো বড় চাপের মুখে পড়েন। উয়েফার বিরোধিতার কারণে পরিকল্পনাটি শেষ পর্যন্ত প্রত্যাহার করতে বাধ্য হন।

উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন ফ্রান্সের দিয়ালোকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, ফিফার নেতৃত্বে ‘সততা’ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তাশিমা।

ফিফা কাউন্সিলের সদস্য তাশিমা তাঁর প্রচারণার মূল বিষয় হিসেবে সংস্থাটির প্রতি আস্থা ফিরিয়ে আনা এবং স্বচ্ছতা ও সততা প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগুনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ফিফার আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

গত অক্টোবরে, ফিফা আগামী চার বছরের জন্য ৬.৩৫ বিলিয়ন ডলারের উন্নয়ন তহবিল গঠনের পরিকল্পনা নিশ্চিত করে।

২০২৬ বিশ্বকাপ থেকে বাণিজ্যিকভাবে বড় আয় হওয়ার পর, এই তহবিল থেকে ফিফার ২১১ সদস্য ফেডারেশন এবং আঞ্চলিক কনফেডারেশনগুলোকে অর্থ বিতরণ করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, ফিফার প্রতিটি সদস্য ফেডারেশনকে ২৫ মিলিয়ন ডলার করে দেওয়ার সুযোগ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্যান্ডপেপার-কাণ্ডে তোলপাড়ের মধ্যে কামিন্সের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


স্যান্ডপেপার-কাণ্ডে তোলপাড়ের মধ্যে কামিন্সের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া

২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বল টেম্পারিং কেলেঙ্কারির প্রেক্ষাপটে নতুন বিতর্কের আবহে প্যাট কামিন্সের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বোর্ড। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি, ওই ঘটনার পুনরায় পর্যালোচনার জন্য গঠিত স্বাধীন ফোরামে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন কামিন্স।

শুক্রবার সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এবং অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুনের সঙ্গে বৈঠক করেন কামিন্স। একই দিনে বোর্ডও বৈঠক করে। ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নতুন প্রশ্নের মধ্যে অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায় বোর্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে উল্লেখ করা হয়, কামিন্সের অধিনায়কত্ব নিয়ে চলমান আলোচনা ও জল্পনার প্রেক্ষিতে বোর্ড সর্বসম্মতিক্রমে তাঁর প্রতি সমর্থন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।

ডেভিড বুন কামিন্সের সততা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টিও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, কঠিন এই সময় ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে পার করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৮ সালের সফরের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় ও স্টাফদের নিজেদের অভিজ্ঞতা স্বাধীন ফোরামে তুলে ধরতে উৎসাহিত করেছে বোর্ড।

কামিন্স নিজেও ওই ফোরামে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন। তাঁর ভাষায়, “আমি এই ফোরামকে শতভাগ সমর্থন করি। আমি সেখানে থাকব। যেসব খেলোয়াড় ও স্টাফের সঙ্গে কথা বলেছি, তারাও নিজেদের বক্তব্য তুলে ধরতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে, কিন্তু সেটাই প্রয়োজন।”

কামিন্স আরও বলেন, অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব তাঁর কাছে অনেক বড় দায়িত্ব। তিনি কখনোই সেই দায়িত্বকে হালকাভাবে নেননি। তবে আপাতত তাঁর মনোযোগ থাকবে আগামী ৯ ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের প্রস্তুতিতে।

বোর্ডের কামিন্সের প্রতি সমর্থন এমন এক সময়ে এসেছে, যখন সতীর্থ জশ হ্যাজলউড তাঁকে ‘দুর্দান্ত নেতা’ হিসেবে অভিহিত করেছেন। হ্যাজলউড এমনকি কামিন্স অধিনায়কত্ব হারালে নিজের দলে থাকার বিষয়টি নতুন করে ভাববেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট ২০১৮ সালের বল টেম্পারিং ঘটনা নিয়ে প্রায় চার হাজার শব্দের একটি বিবরণ প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, দক্ষিণ আফ্রিকা সফরে দলের অন্য সদস্যদেরও বলের অবস্থা পরিবর্তনের বিষয়টি জানা ছিল। কামিন্সসহ দলের অন্যান্যদের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়। তবে ব্যানক্রফট এটিও বলেছেন, বল রিভার্স সুইং করছিল—এটি জানা, বল বিকৃত করা হয়েছে বলে সন্দেহ করা এবং স্যান্ডপেপার ব্যবহার সম্পর্কে নিশ্চিতভাবে জানা—এই তিনটি বিষয় এক নয়।

এর আগে এক দীর্ঘ সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, দলের সবাই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানত—এমন দাবি ‘১০০ শতাংশ ভুল’। তাঁর বক্তব্যের পরেই নিজের অভিজ্ঞতা প্রকাশে উৎসাহিত হয়েছিলেন বলে জানান ব্যানক্রফট। তিনি বলেন, কামিন্সের বক্তব্যে নিজেকে ক্ষুব্ধ, প্রতারিত ও একা মনে হয়েছিল।

বিতর্কটি নতুন করে সামনে আসে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর। এরপর ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার ও চ্যাড সায়ার্সসহ কয়েকজন ২০১৮ সালের ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছেন অথবা পুরো দলের জানার বিষয়ে করা দাবিকে সমর্থন করেছেন।

এদিকে স্বাধীন ফোরাম কবে থেকে কাজ শুরু করবে, তা এখনো স্পষ্ট নয়। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই এটি গঠিত হওয়ার সম্ভাবনা কম। ফোরামের কার্যপরিধি বা ‘টার্মস অব রেফারেন্স’ পরবর্তী সময়ে প্রকাশ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%