০৪:১৭ পি.এম
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে দীর্ঘকালীন প্রতিরক্ষা সহযোগিতায় নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে চলমান বিরোধের প্রেক্ষাপটে, এবার প্রতিবেশী দুই দেশের সামরিক সম্পর্কের ওপর বিধি-নিষেধ আরোপ করেছেন।
গোপন এক স্মারকের মাধ্যমে গত সপ্তাহে এ নির্দেশনা জারি করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ওয়াশিংটনের এই পদক্ষেপ কানাডার জন্য ‘মুখের ওপর কড়া জবাব’ দেওয়ার মতো মনে হতে পারে।
কেন এই বিধি-নিষেধ?
আরও পড়ুন: ইরান দাবি করেছে, মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা
মার্কিন সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হেগসেথের জারি করা গোপন নির্দেশনার বিষয়ে আগে কোনো তথ্য প্রকাশিত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
হেগসেথের মুখপাত্র শন পারনেল এ বিষয়ে মন্তব্য করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা লক্ষ্য অর্জনে সহায়ক এবং দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন করে শক্তিশালী করে—এমন কার্যক্রমকে অগ্রাধিকার দিতে পদক্ষেপ নিচ্ছে পেন্টাগন। দুই দেশের ভূখণ্ড ও অভিন্ন অঞ্চলের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ন্যাটোর দায়িত্ব পালনে কানাডার সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
তবে নতুন বিধি-নিষেধের আওতায় যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ন্যাটো ও উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নোরাডের (নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড) মাধ্যমে সামরিক সহযোগিতা প্রভাবিত হবে না বলে জানিয়েছেন পারনেল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত ন্যাটোর দুই প্রতিষ্ঠাতা সদস্য হলো যুক্তরাষ্ট্র ও কানাডা। দুই দেশের মধ্যে ৫ হাজার ৫২৫ মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। কয়েক দশক ধরে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখার পাশাপাশি আফগানিস্তানসহ বিভিন্ন যুদ্ধে মার্কিন বাহিনীর সঙ্গে অংশ নিয়েছে কানাডার সেনারা। আফগানিস্তানে দেশটির অন্তত ১৫৮ সেনা নিহত এবং আরো দুই হাজার সেনা আহত হয়েছেন।
আরও পড়ুন: ট্রেনের কোচে ৫৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়কারী জোট ‘ফাইভ আইস’-এর সদস্য কানাডা। জোটটির এক সদস্য দেশের কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, তথ্য আদান-প্রদানে আনুষ্ঠানিক পরিবর্তনের কোনো ঘোষণা আসেনি। তবে গত এক বছরে বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগের তুলনায় কম তথ্য ভাগাভাগি করেছেন।
সম্পর্কে টানাপড়েন
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দুই দেশের সম্পর্কে অবনতি আরো বেড়েছে। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়ে বারবার বিতর্ক সৃষ্টি করেছেন তিনি।
২০২৫ সালের মে মাসে হোয়াইট হাউসে এক বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট জানিয়ে দেন, তার দেশ বিক্রির জন্য নয়, কখনোই হবে না।
আরও পড়ুন: এআইয়ের মাধ্যমে ১৬৭ বছরের গণিত রহস্য সমাধানের দাবি, বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা
বাণিজ্যে বিরোধ
প্রতিবেশী দুই দেশের সম্পর্কে চাপ বাড়িয়েছে বাণিজ্য বিরোধও। কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। পাল্টা শুল্ক আরোপ করেছে অটোয়াও। পাশাপাশি মার্কিন অস্ত্রের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে কানাডা।
গত মার্চে কার্নি জানান, ন্যাটোর দীর্ঘদিনের লক্ষ্যমাত্রা অনুযায়ী কানাডা প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২ শতাংশে উন্নীত করেছে। অন্যদিকে রাশিয়ার হুমকির কথা উল্লেখ করে ন্যাটো সদস্যদের ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এদিকে কানাডার সামরিক বাহিনী নিয়ে হেগসেথের একাধিক বিদ্রূপাত্মক মন্তব্যও দুই দেশের সম্পর্কে তিক্ততা বাড়িয়েছে। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল পাপারোকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, কানাডার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর নির্দেশ পেলে তিনি কী করবেন।
আরও পড়ুন: ইরানের পরমাণু নীতির পরিবর্তন চায় না চীন ও রাশিয়া
জবাবে পাপারো এমন পরিস্থিতিকে সম্পূর্ণ অবাস্তব বলে মন্তব্য করেন। তিনি ব্যঙ্গ করে বলেন, তার কাছে মঙ্গলগ্রহের বাসিন্দাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা সম্পর্কেও জানতে চাওয়া যেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন