বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৪৭ পি.এম
কিলিয়ান এমবাপ্পে গায়ের জার্সিটা সাদা নয়, বরং অলরেড হওয়ার কথা ছিল। তবে একটি মুহূর্তের মধ্যে সম্পর্ক বদলে যায়। সেই মুহূর্তটি ছিল এমবাপ্পের চাওয়া। লিভারপুলের সঙ্গে কেন চুক্তি হয়নি, সেই গল্প দ্য অ্যাথলেটিককে জানিয়েছেন ফরাসি তারকা।
ঘটনাটি ২০১৬ সালের। সে সময় মোনাকোর হয়ে মাঠ কাঁপাচ্ছিলেন এমবাপ্পে। তাকে পেতে অনেক ক্লাব যোগাযোগ শুরু করে। লিভারপুলও ছিল সেই তালিকায়। তখনকার ইংলিশ ক্লাবটির কোচ ছিলেন ইয়ুর্গেন ক্লপ। এমবাপ্পের মায়ের বড় ভক্ত ছিলেন ক্লপ। তাই মায়ের ইচ্ছা ছিল ছেলে অলরেডদের সঙ্গে চুক্তি করুক।
আলোচনার জন্য এমবাপ্পের মা প্রথমে লিভারপুলে গিয়েছিলেন। শহরটি ঘুরে দেখেন, স্টেডিয়ামে যান এবং সেখানকার লোকজনের সঙ্গে কথাও বলেন। ক্লাবটির আতিথেয়তায় তিনি অ্যানফিল্ডের প্রেমে পড়ে যান। এমবাপ্পে অ্যানফিল্ডে খেললে স্টেডিয়ামের আবহ কেমন হবে, তা বোঝার জন্য একা গ্যালারিতে বসে বেশ কিছু ম্যাচও উপভোগ করেন।
লিভারপুল থেকে ফিরে এসে এমবাপ্পের মাকে ছেলেকে চুক্তি করার জন্য তাগাদা দেন। কিন্তু ছেলের মন গলাতে পারেননি তিনি। তখন ১৮ বছর বয়সী এমবাপ্পে নিজের শহর প্যারিস ছেড়ে অন্য কোথাও যেতে চাননি। তাই পিএসজিতে যোগ দেন তিনি।
স্মৃতি রোমন্থন করতে গিয়ে এমবাপ্পে বলেন, “লিভারপুলের সঙ্গে চুক্তির শেষ পর্যায়ে ছিলাম। আমার মায়ের সবচেয়ে পছন্দের জায়গা ছিল লিভারপুল, তিনি চেয়েছিলেন আমি যেন সেখানেই যাই। কিন্তু আমি মায়ের কথা শুনিনি। কারণ আমি প্যারিসে খেলতে চেয়েছিলাম। তারকা হওয়ার আগে নিজের দেশ ছেড়ে যেতে চাইনি। তবে আমার মা সব সময় বলতেন— ‘তুমি লিভারপুলেই যাবে, অ্যানফিল্ডে খেলবে, আর সেটা তোমার জন্য অবিশ্বাস্য এক অভিজ্ঞতা হবে’।”
এমবাপ্পের সঙ্গে চুক্তির বিষয়টি ২০২৬ বিশ্বকাপ চলাকালীন সময়ে ম্যাজেন্টা টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় ক্লপ স্বীকার করেছেন। বিষয়টি গোপন রাখতে ব্ল্যাকপুল থেকে ফ্রান্সের নিস শহরে পাঁচ রুমের একটি বিশাল প্রাইভেট জেট পাঠানো হয়েছিল। যাতে আকাশে চক্কর দিতে দিতে চুক্তির আলোচনা করা যায়।
সেই ঘটনা নিয়ে ক্লপ বলেন, ‘এমবাপ্পেকে পাওয়ার জন্য সব চেষ্টাই করেছিলাম। এমবাপ্পের পরিবারকে জেটে তুলে নিয়ে আকাশে চক্কর দিতে দিতে চুক্তি নিয়ে আলোচনা করি। সঙ্গে সবাই মিলে সুস্বাদু খাবারও খাই। মুহূর্তটা দারুণ ছিল। তবে শেষ পর্যন্ত সেই আলোচনা আলোর মুখ দেখেনি। সে প্যারিসেই চলে যায়।’
শুরুতে ধারে পিএসজিতে খেলেন এমবাপ্পে। পরে ১৮০ মিলিয়ন ইউরোয় চুক্তি হয়। দীর্ঘ ৭ বছরের ক্যারিয়ারে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন। এরপর ২০২৪ সালে রিয়ালে যোগ দেন তিনি। পিএসজিতে যোগ দেওয়ার বিষয়ে এমবাপ্পে বলেন, ‘দিনশেষে পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নিই। কারণ প্যারিসে জন্ম ও বেড়ে ওঠা একজন তরুণের নিজ শহরের ক্লাবেই বড় তারকা হয়ে ওঠার চেয়ে সুন্দর অনুভূতি আমার কাছে আর কিছু ছিল না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন অভিনেতা জেমস স্লোয়েন মারা গেছেন। তিনি ‘দ্য স্টিং’ এবং ‘জ্যানাডু’ এর মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন, পাশাপাশি ‘স্টার ট্রেক’ সিরিজের একাধিক পর্বে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। এই অভিনেতা ৮৫ বছর বয়সে গত ২২ জুলাই মৃত্যুবরণ করেন।
সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জেমস স্লোয়েনের মৃত্যুর খবর জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার মৃত্যুর বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। সপ্তাহের শেষ দিকে, অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
জেমস স্লোয়েন ‘স্টার ট্রেক’ ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ এবং ‘ভয়েজার’—এই তিনটি সিরিজে অভিনয় করেছেন।
‘দ্য নেক্সট জেনারেশন’-এ তিনি রোমুলান অ্যাডমিরালের চরিত্রে অভিনয় করেন। পরে একই সিরিজে ক্লিঙ্গন চরিত্র ওয়ার্কের ছেলের ভূমিকাতেও তাকে দেখা যায়। ‘ডিপ স্পেস নাইন’-এ বিজ্ঞানী ড. মোরা এবং ‘ভয়েজার’-এ হাকোনিয়ান বিজ্ঞানী মা’বোর জেটরেল চরিত্রে অভিনয় করেন স্লোয়েন।
১৯৭৩ সালে জর্জ রয় হিল পরিচালিত অস্কারজয়ী সিনেমা ‘দ্য স্টিং’-এ মোটোলা চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। সিনেমাটিতে অপরাধী ডয়েল লনেগানের হয়ে জুয়া পরিচালনাকারী এক কর্মীর ভূমিকায় তাকে দেখা যায়। পরবর্তীতে অলিভিয়া নিউটন-জন অভিনীত মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘জ্যানাডু’তেও তিনি অভিনয় করেন।
জেমস স্লোয়েন ১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন। তিনি চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার বাবা জেমস ছিলেন নির্মাণ প্রকৌশলী। বিদেশে এবং নিউইয়র্কের অ্যালবানিতে কিছু সময় কাটানোর পর তিনি দ্য আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিন বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন।
সেনাবাহিনীর চাকরি শেষে নিউইয়র্কে ফিরে জোসেফ প্যাপের নিউইয়র্ক শেক্সপিয়ার ফেস্টিভ্যালে অভিনয় শুরু করেন। পাশাপাশি ফাইটিং দৃশ্যের কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেন। ১৯৬৯ সালে আর্থার কপিটের ‘ইন্ডিয়ান’ নাটকের মাধ্যমে তার ব্রডওয়ে অভিষেক ঘটে। পরের বছর ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউশনার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় প্রবেশ করেন তিনি।
১৯৭৩ সালে ক্যালিফোর্নিয়ায় চলে যান জেমস স্লোয়েন। এরপর ‘দ্য গ্যাং দ্যাট কুডন্ট শুট স্ট্রেইট’, ‘দ্য ডক্টরস’, ‘দ্য স্ট্রিটস অব সান ফ্রানসিসকো’, ‘কোজাক’ এবং ‘ডেলভেকিও’-সহ বিভিন্ন সিনেমা ও টেলিভিশন সিরিজে তিনি অভিনয় করেন। ১৯৭৭ সালে এবিসির নাটক ‘ওয়েস্টসাইড মেডিকেল’-এ নিয়মিত চরিত্রে অভিনয়ের সুযোগ পান। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও দীর্ঘদিন কাজ করেছেন স্লোয়েন। ১৯৮৯ সাল থেকে প্রায় ১৮ বছর টয়োটার বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনে ভয়েসওভার শিল্পী হিসেবে কাজ করেন তিনি।
ব্যক্তিগত জীবনে, জেমস স্লোয়েন অভিনেত্রী ডিআরড্রে লেনিগানের সঙ্গে সংসার করেছেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ছেলে সংগীতশিল্পী ড্যানিয়েল এবং মেয়ে অভিনেত্রী সামান্থা স্লোয়েনকে রেখে গেছেন। তার ভাই লেখক ও পুলিৎজার পুরস্কারজয়ী সাংবাদিক প্যাট্রিক স্লোয়েন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মারা যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সরকার বিভিন্ন সেবা প্রদান করার জন্য একটি একক ডিজিটাল আইডি চালুর উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) গড়ে তুলে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।
তিনি নিউইয়র্কে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে এ তথ্য জানান। অনুষ্ঠানের আয়োজন করেছে জাতিসংঘের মহাসচিবের প্রযুক্তিবিষয়ক দূতের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সেখানে বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা ডিপিআইয়ের উন্নয়ন, ব্যবস্থাপনা এবং বিভিন্ন দেশের ডিজিটাল ব্যবস্থার মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা করেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে প্যানেলে বাংলাদেশ একমাত্র দেশ হিসেবে অংশগ্রহণ করে।
আরো পড়ুন
হত্যা মামলায় সাবেক এমপি জাফর আলম কারাগারে
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে রেহান আসাদ বলেন, "আমরা বিশ্বের সবচেয়ে ভালো ও নিরাপদ ডিপিআই এবং ডিজিটাল আইডি বাস্তবায়ন করতে চাই।" তিনি আরও বলেন, "বিভিন্ন দেশের সর্বোত্তম চর্চা ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ ডিজিটাল আইডি ও বৃহত্তর ডিপিআই অবকাঠামো তৈরির কাজ শুরু করেছে। এতে সময় লাগবে, কোনো শর্টকাট নেই। তবে আমরা আমাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি করছি।"
বাংলাদেশের ডিপিআই অবকাঠামো তৈরির অংশ হিসেবে এস্তোনিয়ার ‘এক্স-রোড’ মডেল নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান রেহান আসাদ। তিনি বলেন, "সরকারি বিভিন্ন ব্যবস্থার মধ্যে নিরাপদে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে এক্স-রোডকে গুরুত্বপূর্ণ মডেল হিসেবে বিবেচনা করা হয়।"
আরো পড়ুন
সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে ক্লিনিক নয়, চিকিৎসকের প্র্যাকটিসও বন্ধ
অনুষ্ঠানে সীমান্তপারের ডিজিটাল সেবা ও পরিচয় ব্যবস্থাকে কীভাবে পরস্পরের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা যায়, তা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ডিপিআইয়ের সঙ্গে এআইয়ের সম্পর্ক এবং এসব অবকাঠামো নিরাপদে ব্যবহারে এআইয়ের সম্ভাব্য ভূমিকা উঠে আসে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের উদ্যোগ তুলে ধরে জানানো হয়, ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্তপারের ডিজিটাল ব্যবস্থা নিয়ে যৌথভাবে কাজ করছে। রুয়ান্ডা সরকারি সেবা গ্রহণ এবং পূর্ব আফ্রিকায় সীমান্তপারের পরিচয় যাচাইয়ে ডিজিটাল আইডি ব্যবহারের উদ্যোগ নিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নও পারস্পরিকভাবে সামঞ্জস্যপূর্ণ ডিজিটাল আইডেন্টিটি ওয়ালেট চালুর দিকে এগোচ্ছে। এসব ওয়ালেটের মাধ্যমে নাগরিকরা নিরাপদে নিজেদের পরিচয় যাচাই এবং দেশের বাইরেও ডিজিটাল নথি ও পরিচয়সংক্রান্ত তথ্য শেয়ার করতে পারবেন।
আরো পড়ুন
পিএসজি-রিয়াল নয়, লিভারপুলের হতে পারতেন এমবাপ্পে
রেহান আসাদ বলেন, রুয়ান্ডার উদ্যোগের লক্ষ্যগুলোর একটি হলো জন্মনিবন্ধন বা বিভিন্ন সনদ সংগ্রহের মতো কাজে নাগরিকদের সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন কমানো। আঞ্চলিক ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে এক দেশের নাগরিক অন্য দেশেও নিজের ডিজিটাল পরিচয় ব্যবহার করতে পারবেন।
ডিপিআই ব্যবস্থায় নিরাপত্তা, গোপনীয়তা ও আস্থার বিষয়টিও অনুষ্ঠানে গুরুত্ব পায়। জাতিসংঘের বৃহত্তর ডিপিআই সুরক্ষা উদ্যোগের লক্ষ্য হলো বড় পরিসরে ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার সময় নিরাপত্তা, গোপনীয়তা ও সুশাসনসংক্রান্ত ঝুঁকি মোকাবিলা করা।
রেহান আসাদ বলেন, "ভবিষ্যতে বিশ্বজুড়ে সরকারি সেবাদানে ডিপিআই ও ডিজিটাল আইডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি উল্লেখ করেন, "মূল বিষয় হলো, এটি শুধু বাংলাদেশ বা এশিয়া-প্যাসিফিকের বিষয় নয়। ভবিষ্যতে ডিপিআই ও ডিজিটাল আইডি সরকারি সেবার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।" বিভিন্ন দেশের ডিজিটাল ব্যবস্থা যাতে পরস্পরের সঙ্গে কার্যকরভাবে কাজ করতে পারে এবং একই সঙ্গে আস্থা ও নিরাপত্তা বজায় থাকে, সে জন্য দেশ ও অঞ্চলগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট আন্তর্জাতিক ক্রিকেটে একটি বিরল মাইলফলক অর্জন করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অংশ নিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যাচের শুরুতে রুট ২৩ হাজার রান থেকে মাত্র তিন রান দূরে ছিলেন। ইনিংসের শুরুতেই একটি দারুণ রিস্ট ফ্লিকের মাধ্যমে বলটি সীমানাছাড়া করে তিনি কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন। ৩৫ বছর বয়সী এই ব্যাটার ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করতে ৫২১ ইনিংস খেলেছেন।
এই অর্জনের মাধ্যমে তিনি দ্রুততম ২৩ হাজার রান সংগ্রহের তালিকায় ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন। শচীন এই মাইলফলক অর্জন করেছিলেন ৫২২ ইনিংসে।
তবে তালিকার শীর্ষে এখনও রয়েছেন ভারতের বিরাট কোহলি, যিনি মাত্র ৪৯০ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন।
রুটের এই কীর্তির ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার বা তার বেশি রান করা ব্যাটারের সংখ্যা এখন আটজনে দাঁড়িয়েছে। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস।
দীর্ঘদিন ধরে তিন ফরম্যাটে ইংল্যান্ডের ব্যাটিংয়ের অন্যতম ভরসা হিসেবে পরিচিত রুট এবার আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ এই রান-তালিকায় স্থান করে নিয়ে ক্যারিয়ারে আরও একটি বিরল অর্জন যোগ করলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাপানের পূর্বাঞ্চলে চলতি সপ্তাহের শুরুতে আঘাত হানা টাইফুন দুজুয়ানে ভূমিধস ও বন্যার কারণে মৃতের সংখ্যা ৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় এখনও চারজন নিখোঁজ রয়েছেন, এবং তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ বুধবার (২৩ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করে।
কানাগাওয়া প্রিফেকচারে এক নারীর মৃতদেহ এবং টোকিওর পূর্বে চিবা প্রিফেকচারে পানিতে ডুবে থাকা একটি গাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধারের পর মৃতের সংখ্যা বৃদ্ধি পায়।
ঝড়ের প্রভাবে ব্যাপক এলাকায় ভারি বৃষ্টি এবং বন্যা দেখা দেয়। নিহত ৯ জনের মধ্যে চিবা প্রিফেকচারে ৬ জন এবং রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কানাগাওয়া প্রিফেকচারে ৩ জন মারা গেছেন।
মৌসুমের ২৫তম টাইফুন দুজুয়ান বুধবার পর্যন্ত চলমান পাঁচ দিনের ‘সিলভার উইক’ ছুটির মধ্যে জাপানে আঘাত হানে। এই ঝড়ের কারণে চিবা এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে আগস্ট এবং সেপ্টেম্বরের শুরুতে সেখানে ভারি বৃষ্টি ও বন্যা হয়েছিল।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাতে জাপানের পূর্বদিকে অবস্থান করার সময় দুজুয়ান দুর্বল হয়ে টাইফুন থেকে সাধারণ ঝড়ে পরিণত হয়।
সূত্র: জাপান টুডে
তালাশ বিডি/মিডিয়া লিঃ