ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন


শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন

শিক্ষা খাতে বরাদ্দকে কোনো খরচ হিসেবে না দেখে মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি উল্লেখ করেছেন, এ বিনিয়োগের মূল লক্ষ্য হলো মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক ও দক্ষ মানুষ গড়ে তোলা।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’ এর ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতিনিধিত্ব করছে। প্রধানমন্ত্রী সরকার গঠনের পরই নয়, নির্বাচনী প্রচারণায়ও শিক্ষার কথা বারবার বলেছেন এবং জাতিসংঘেও শিক্ষাবিষয়ক রূপকল্প তুলে ধরেছেন। ১৯৮৮ সাল থেকে তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা থেকেই সাধারণ ও খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে শিক্ষাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ওয়ারিশ সনদ তুলবেন যেভাবে: প্রয়োজনীয় তথ্য ও আবেদন পদ্ধতি

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মাহ্দী আমিন জানান, ২০১১ সাল থেকে গত দেড় দশক ধরে তিনি প্রধানমন্ত্রীর খুব কাছ থেকে শিক্ষা নিয়ে কাজ করেছেন এবং নীতিমালাগুলো দেখেছেন। বর্তমানে সেই নীতি বাস্তবায়নে কিছুটা হলেও সহযোগিতা করার সুযোগ পেয়েছেন। তিনি উল্লেখ করেন, মিড-ডে কর্মসূচি কিংবা প্রথম শ্রেণি থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী অনেক বছর ধরেই বলে আসছেন।

শিক্ষার দুটি মূল উদ্দেশ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রথমত, মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক গড়ে তোলা, যিনি সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের জন্য কাজ করবেন। দ্বিতীয়ত, এমন দক্ষতা ও যোগ্যতা তৈরি করা, যার মাধ্যমে শিক্ষার্থীরা চাকরি কিংবা উদ্যোক্তা হিসেবে স্বনির্ভর হতে পারে। সহজ কথায়, শিক্ষার মাধ্যমে ‘ভালো মানুষ’ ও ‘কাজের মানুষ’ গড়ে তোলাই লক্ষ্য।

নতুন উদ্যোগ ও সংস্কারের প্রসঙ্গে তিনি জানান, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষাসহ নতুন চারটি বিষয় যুক্ত হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষায় ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন বাড়ানো, কারিকুলামকে আরও ব্যবহারিক করা এবং মূল্যায়ন পদ্ধতিকে আরও নির্মোহ করার কাজ চলছে। গত নয় মাসে প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।

বাজেট প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ ধারাবাহিকভাবে ৫ শতাংশে নেওয়ার লক্ষ্যে প্রথম বছরেই প্রায় ২ শতাংশ করা হয়েছে। বড় বড় ভবন বা অবকাঠামো নির্মাণের চেয়ে মানবসম্পদ উন্নয়নকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো, শিক্ষা কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদের পাশে থাকা এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: রাজধানীতে দুর্বৃত্তদের আগুনে তিনটি বাস পুড়েছে, হতাহতের খবর নেই

জাতির ‘দর্পণ’ হিসেবে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ইরাবের পাশে থেকে একসঙ্গে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে কোনো ভুলভ্রান্তি হলে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে যৌক্তিক ও বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। পাশাপাশি সরকারের ভালো উদ্যোগগুলো বাস্তবায়ন ও প্রসারে সাংবাদিকদের ইতিবাচক পরামর্শ এবং সহযোগিতা কামনা করেন তিনি।

মাহ্দী আমিন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে দর্পণের মতো কাজ করে। শিক্ষা মন্ত্রণালয়ের কোথাও কোনো ত্রুটি থাকলে সাংবাদিকরা তা শুধরে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন এবং ভালো কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবেন, এটাই তাঁদের প্রত্যাশা। সামনের দিনগুলোতে ইরাবের নতুন কমিটি শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দীর্ঘদিন ধরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে কাজ করা সাংবাদিকদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, মন্ত্রণালয় কীভাবে চলে এবং এর ভেতরের কার্যক্রম কীভাবে সম্পাদিত হয়, সে বিষয়ে সাংবাদিকদের গভীর ধারণা রয়েছে। তাই মন্ত্রণালয়ের গৃহীত নীতিমালা বাস্তবায়নে তথ্য ও উপাত্ত দিয়ে এবং ভিন্ন কোনো মতামত থাকলে তা জানিয়ে প্রতিটি মুহূর্তে সহযোগিতা করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: ময়মনসিংহে নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ইরাবের সদস্যদের সঙ্গে নিজের ঘনিষ্ঠ পেশাগত সম্পর্কের কথা স্মরণ করে মাহ্দী আমিন জানান, ইতিপূর্বে তিনি অনেকের সঙ্গেই মতবিনিময় করেছেন। সামনের দিনগুলোতেও এ আলোচনা আরও বাড়ানোর চেষ্টা করবেন।

ইরাবের সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও ফারুক হোসাইন, ইরাবের বর্তমান সাধারণ সম্পাদক সোলাইমান সালমান ও নূর মোহাম্মদ প্রমুখ।

প্রসঙ্গত, ইরাব দীর্ঘদিন ধরে শিক্ষা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দেশের শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করে আসছে।

আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপের আহ্বান সাবেক উপদেষ্টা সাখাওয়াতের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ারিশ সনদ তুলবেন যেভাবে: প্রয়োজনীয় তথ্য ও আবেদন পদ্ধতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ এম


ওয়ারিশ সনদ তুলবেন যেভাবে: প্রয়োজনীয় তথ্য ও আবেদন পদ্ধতি

পরিবারের কোনো সদস্যের মৃত্যুর পর, তার রেখে যাওয়া জমি, বাড়ি অথবা অন্যান্য সম্পত্তির উত্তরাধিকারী কারা, তা প্রমাণ করার জন্য ওয়ারিশ সনদ প্রয়োজন হয়। বিশেষভাবে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি নিজের নামে নামজারি, সম্পত্তি বণ্টন অথবা বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে এই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনেকেই জানেন না, কোথা থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করতে হয়, আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র কী কী এবং অনলাইনে ঘরে বসে আবেদন করা সম্ভব কি না। আবার, সনদে কোনো উত্তরাধিকারীর নাম বাদ পড়লে ভবিষ্যতে সম্পত্তি বণ্টন ও মালিকানা নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে।

বাংলাদেশে সাধারণত মৃত ব্যক্তির স্থায়ী ঠিকানার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি করপোরেশন থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করা হয়। কিছু অঞ্চলে অনলাইনে আবেদনের সুযোগও রয়েছে।

চলুন জেনে নেওয়া যাক, ওয়ারিশ সনদ কী, কোথা থেকে তুলবেন, কী কী কাগজপত্র লাগবে এবং আবেদন করবেন যেভাবে।

ওয়ারিশ সনদ কী এবং কেন প্রয়োজন?

ওয়ারিশ সনদ বা ওয়ারিশান সনদ হলো মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীদের নাম, পরিচয় এবং তাদের সঙ্গে সম্পর্ক উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে প্রদত্ত একটি প্রত্যয়নপত্র।

এ সনদে সাধারণত মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তথ্য এবং উত্তরাধিকারীদের নাম, বয়স, ঠিকানা ও সম্পর্ক উল্লেখ থাকে। মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী কারা, তা শনাক্ত করতে এই সনদ ব্যবহার করা হয়। যেসব কাজে ওয়ারিশ সনদ প্রয়োজন হতে পারে:

তবে মনে রাখতে হবে, ওয়ারিশ সনদে কারা উত্তরাধিকারী, তা উল্লেখ থাকে; কে কতটুকু সম্পত্তি পাবেন, তা নির্ধারণ করা হয় না। এ জন্য সংশ্লিষ্ট উত্তরাধিকার আইন অনুযায়ী হিসাব করতে হয়।

ওয়ারিশ সনদ কোথা থেকে সংগ্রহ করবেন?

মৃত ব্যক্তি যে এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন, সাধারণত সেই এলাকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আবেদন করতে হয়।

ইউনিয়ন পরিষদ: গ্রামাঞ্চলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আবেদন করতে হবে।

পৌরসভা: পৌর এলাকার বাসিন্দা হলে সংশ্লিষ্ট পৌরসভায় আবেদন করতে হবে।

সিটি করপোরেশন: সিটি করপোরেশন এলাকায় সংশ্লিষ্ট ওয়ার্ড বা দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

ঢাকার মতো কিছু সিটি করপোরেশনে সনদ দেওয়ার দায়িত্ব ও আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন থাকতে পারে। তাই সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করে বর্তমান নিয়ম জেনে নেওয়া উচিত।

ওয়ারিশ সনদ তুলতে কী কী কাগজপত্র লাগবে?

সাধারণত ওয়ারিশ সনদের জন্য নিচের কাগজপত্রগুলো প্রয়োজন হয়:

মৃত্যু নিবন্ধন সনদ: মৃত ব্যক্তির মৃত্যুর তথ্য প্রমাণের জন্য।

মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র: মৃত ব্যক্তির এনআইডি কার্ডের ফটোকপি। এনআইডি না থাকলে জন্মনিবন্ধন বা পরিচয়সংক্রান্ত প্রযোজ্য তথ্য দিতে হতে পারে।

ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্র: প্রত্যেক প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারীর এনআইডি ও জন্মনিবন্ধনের ফটোকপি। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শুধু জন্মনিবন্ধন সনদ প্রয়োজন হতে পারে।

ওয়ারিশদের তালিকা: মৃত ব্যক্তির সব বৈধ উত্তরাধিকারীর নাম, বয়স, ঠিকানা ও সম্পর্কের বিবরণ।

ঠিকানার প্রমাণ: প্রয়োজনে নাগরিকত্ব সনদ, হোল্ডিং ট্যাক্সের রসিদ বা অন্য কোনো ঠিকানার প্রমাণ।

স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন: কোনো কোনো এলাকায় ওয়ার্ড সদস্য, কাউন্সিলর বা স্থানীয় প্রতিনিধির সুপারিশ কিংবা সাক্ষীর তথ্য প্রয়োজন হতে পারে।

এ ছাড়া জমিসংক্রান্ত কাজে ব্যবহার করতে চাইলে জমির দলিল বা খতিয়ানের তথ্য হাতের কাছে রাখা ভালো। তবে সব ক্ষেত্রে জমির দলিল ও খতিয়ান ওয়ারিশ সনদের বাধ্যতামূলক কাগজ নয়। এলাকার নিয়ম অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র চাওয়া হতে পারে।

ওয়ারিশ সনদের আবেদন করবেন যেভাবে

ওয়ারিশ সনদ পেতে সাধারণত সরাসরি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনে আবেদন করতে হয়। এ জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

প্রথম ধাপ: আবেদন ফরম সংগ্রহ

সংশ্লিষ্ট কার্যালয় থেকে ওয়ারিশ সনদের আবেদন ফরম সংগ্রহ করুন। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা কাগজেও আবেদন করার সুযোগ রয়েছে।

দ্বিতীয় ধাপ: তথ্য পূরণ

আবেদনপত্রে মৃত ব্যক্তির নাম, ঠিকানা, মৃত্যুর তারিখ, মৃত্যু নিবন্ধন নম্বর, সব উত্তরাধিকারীর নাম, বয়স, জন্ম তারিখ, এনআইডি ও জন্মনিবন্ধন নম্বর, ঠিকানা ও সম্পর্ক উল্লেখ করুন। কোনো বৈধ উত্তরাধিকারীর নাম যেন বাদ না পড়ে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখুন।

তৃতীয় ধাপ: কাগজপত্র জমা

আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি জমা দিন। সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য বা কাউন্সিলরের মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রয়োজন হলে সেই প্রক্রিয়া সম্পন্ন করুন।

চতুর্থ ধাপ: তথ্য যাচাই

সংশ্লিষ্ট কর্মকর্তা বা জনপ্রতিনিধি আবেদনকারীর দেওয়া তথ্য যাচাই করবেন। প্রয়োজনে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হতে পারে। সব তথ্য সঠিক পাওয়া গেলে সনদ ইস্যু করা হয়।

আবেদন অনুমোদিত হলে নির্ধারিত ফি পরিশোধ করে সনদ সংগ্রহ করুন। সনদ হাতে পাওয়ার পর মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তথ্য এবং সব উত্তরাধিকারীর নাম ও পরিচয় ভালোভাবে মিলিয়ে নিন।

ওয়ারিশ সনদ ও সাকসেশন সার্টিফিকেট এক নয়। ওয়ারিশ সনদ স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। এতে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের পরিচয় উল্লেখ থাকে।

অন্যদিকে, সাকসেশন সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদ দেওয়ানি আদালত থেকে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় দেওয়া হয়। মৃত ব্যক্তির ব্যাংক আমানত, শেয়ার বা নির্দিষ্ট আর্থিক সম্পদ দাবি করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সাকসেশন সার্টিফিকেট চাইতে পারে।

তাহলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দাবি জানানোর আগে তাদের কাছে কোন ধরনের সনদ প্রয়োজন, তা জেনে নেওয়া উচিত।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওয়ারিশ সনদে মৃত ব্যক্তির সব বৈধ উত্তরাধিকারীর নাম সঠিকভাবে উল্লেখ থাকতে হবে। কাউকে বাদ দিয়ে সনদ তৈরি করলে ভবিষ্যতে জমির নামজারি, সম্পত্তি বণ্টন কিংবা অন্যান্য কাজে আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই আবেদন করার সময় সব তথ্য যাচাই করে সনদ সংগ্রহ করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%