০২:৪৬ পি.এম
গোপালগঞ্জনিউজ প্রতিনিধির খবর অনুসারে, গোপালগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক। এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এই সাজা প্রদান করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায়, নিজ বাড়িতে মাদকসেবী আলীম কাজী বটি হাতে নিয়ে তার বাবা ইসমাইল কাজীকে গালিগালাজ করে। এ সময়, ইসমাইল কাজী ছেলে আলীমকে গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা বটি দিয়ে বাবার গলায় কোপ দেয়। পরবর্তীতে, তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুয়াকাটায় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ
এ ঘটনায়, নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর, পুলিশের তদন্ত ও স্বাক্ষ্য গ্রহণের পর মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ সাজা ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাভোকেট এম এম জুলকদর এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. আবু তালেব শেখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন