ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

অর্থসংকটে বন্ধ বিশ্বভ্রমণ, সিঙ্গাপুরে জব্দ বিলাসবহুল প্রমোদতরি ‘ওডিসি’


অর্থসংকটে বন্ধ বিশ্বভ্রমণ, সিঙ্গাপুরে জব্দ বিলাসবহুল প্রমোদতরি ‘ওডিসি’

অর্থ ফুরিয়ে যাওয়ার কারণে সিঙ্গাপুর বন্দরে বিলাসবহুল ক্রুজ জাহাজ ‘ওডিসি’ জব্দ করা হয়েছে, যা বিশ্বভ্রমণে বের হয়েছিল। সাড়ে তিন বছরে ১৫০টি দেশ পরিভ্রমণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হলেও, জ্বালানির তীব্র মূল্যবৃদ্ধি ও আর্থিক সংকটের কারণে এই দীর্ঘ সামুদ্রিক যাত্রা মাঝপথেই থেমে গেছে।

এই জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিলা ভি রেসিডেন্সেস’-এর মালিকানাধীন। এটি ২০২৪ সালের অক্টোবরে আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে যাত্রা শুরু করে। বিবিসি সূত্রে জানা গেছে, যাত্রীদের জন্য এতে স্থায়ীভাবে বসবাসের পাশাপাশি মাসিক ভাড়ারও ব্যবস্থা ছিল। তবে শুরু থেকেই যান্ত্রিক গোলযোগ, আইনি জটিলতা ও আর্থিক সমস্যায় জর্জরিত ছিল পুরো আয়োজন। একপর্যায়ে খাবার সরবরাহকারীর বকেয়া মেটাতে না পেরে নাবিকদের স্থানীয় দোকান থেকে খাবার কিনতে হয়েছিল।

সাম্প্রতিক যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বহুগুণ বেড়ে যাওয়ায় কোম্পানিটির পরিচালনা ব্যয় আকাশচুম্বী হয়ে যায়। প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ যেখানে ১৮০০ ডলার ছিল, তা লাফিয়ে ৮০০০ ডলারে পৌঁছায়। এই পরিস্থিতির সামাল দিতে না পেরে গত মাসে কম্বোডিয়ায় অবস্থানকালে কর্তৃপক্ষ হঠাৎ করেই কার্যক্রম স্থগিত করে। ফলে জাহাজে থাকা প্রায় ২০০ যাত্রী মাঝপথেই নেমে যেতে বাধ্য হন। কোম্পানিটি জানায়, কম্বোডিয়ায় আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে কাজ করছে তারা।

আরও পড়ুন: বিশ্ব চরম জলবায়ু পরিস্থিতির যুগে প্রবেশ করেছে: জাতিসংঘ মহাসচিব

পরবর্তীতে চলতি মাসের শুরুতে যখন জাহাজটি সিঙ্গাপুর পৌঁছায়, তখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ এটিকে জব্দ করে। সিঙ্গাপুরের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জাহাজে কোনো যাত্রী নেই এবং ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন।

বিশ্ব পরিভ্রমণের স্বপ্ন নিয়ে শুরু হওয়া এই বিলাসবহুল সফর যাত্রীদের জন্য একটি বড় দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ঋণদাতাদের আইনি পদক্ষেপ এবং পরিচালনাকারী সংস্থার চরম আর্থিক অনিশ্চয়তার কারণে জাহাজটির ভবিষ্যৎ এবং আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণের বিষয়টি এখন বড় প্রশ্নচিহ্নের মুখে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরাগে নিষিদ্ধ সংগঠনের ৩ আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ এম


তুরাগে নিষিদ্ধ সংগঠনের ৩ আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানার পুলিশ বিশেষ একটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার সময় তুরাগ থানাধীন প্রত্যাশা ব্রিজের আশপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশের ফ্ল্যাশ রিপোর্ট অনুযায়ী, তুরাগ থানার আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. নুর হোসেন এবং তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল করার উদ্দেশ্যে ব্যানারসহ প্রত্যাশা ব্রিজ এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদ পাওয়ার পর তুরাগ থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মো. মাহমুদুল হক, এসআই মো. মাসুদ রানা, এএসআই মো. মশিউর রহমান এবং এএসআই মো. সোহেল রানাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

মিছিলের প্রস্তুতির সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকার বাকরাল উত্তরপাড়ার মো. কামরুল ইসলাম (২১), মালিপাড়া কালাইবাড়ী এলাকার মো. হযরত আলী (২০) এবং বাদাম এলাকার মো. মিতুল হাসান (১৯)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একটি ৭/৩ ফুট আকারের ব্যানার জব্দ করা হয়। উদ্ধারকৃত ব্যানারে লেখা ছিল- ‘শেখ হাসিনা বীরের বেশে ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে’。

​

তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুলের শেষ দিনগুলোর সাক্ষী বিএমইউ-এর ১১৭ নম্বর কেবিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ এম


নজরুলের শেষ দিনগুলোর সাক্ষী বিএমইউ-এর ১১৭ নম্বর কেবিন

বরুন কুমার দাশ

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : একটি কেবিন, চারটি দেয়াল, এবং একটি শয্যা। এটি তৎকালীন পিজি হাসপাতালের ১১৭ নম্বর কেবিন। এই কেবিনের সঙ্গে জড়িয়ে আছে বাংলা সাহিত্যের ইতিহাসের একটি আবেগঘন অধ্যায়।

একজন মানুষ, যিনি একদিন কলমের আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন পরাধীনতার শৃঙ্খল। দুরারোগ্য অসুস্থতার কারণে জীবনের শেষ পর্বে তাঁর কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছিল। শব্দের যে জগৎ তাঁকে দিয়েছিল অমরত্ব, সেই শব্দের সঙ্গেই তৈরি হয় এক গভীর নীরবতার দূরত্ব। এখানে কথা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। তাঁর জীবনের শেষ দিনগুলোর কথা মনে পড়লে শুধু একজন অসুস্থ কবির ছবি ভেসে ওঠে না, বরং ভেসে ওঠে এক সুদীর্ঘ নীরবতা এবং প্রিয় কবির প্রতি মানুষের ভালোবাসা, ইতিহাসের এক মর্মস্পর্শী অধ্যায়ও।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহ, সাম্য ও মানবতার কণ্ঠস্বর। তাঁর কবিতার শব্দে কেঁপে উঠেছিল অন্যায়ের সিংহাসন। নজরুলের গানে মানুষ মুক্তির প্রেরণা খুঁজে পেয়েছিল। জীবনের শেষ অধ্যায়ে সেই মহাবিদ্রোহী কাটিয়েছেন দীর্ঘ নীরবতার মধ্যে।

বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের ১১৭ নম্বর কেবিনটি সেই নীরব সময়ের স্মৃতি বহন করে। অসুস্থ অবস্থায় কবি এখানে কাটিয়েছেন জীবনের শেষ এক বছর এক মাস আট দিন। ১৯৭৫ সালের ২২ জুলাই ধানমন্ডির ‘কবিভবন’ থেকে কবিকে এখানে নিয়ে আসা হয়। এই কেবিনে থাকার সময়েই কবিকে ১৯৭৬ সালের জানুয়ারিতে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার নাগরিকত্ব প্রদান করে।

এর আগে, ১৯৭২ সালের ২৪ মে, কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় আনা হয় স্বাধীন বাংলাদেশে। বাঙালি জাতি তাঁকে গ্রহণ করে জাতীয় কবির মর্যাদায়, গভীর ভালোবাসায়।

ধানমন্ডির পুরোনো ২৮ নম্বর সড়কের ৩৩০-বি নম্বর বাড়িটি তাঁর বাসভবন হিসেবে বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি পরিচিতি পায় ‘কবিভবন’ নামে। এই ‘কবিভবন’ থেকেই তাঁর স্থান হয় ১১৭ নম্বর কেবিনে।

নজরুল মানেই বিদ্রোহ। নজরুল মানেই অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস। তাঁর কবিতায় ছিল শোষিত মানুষের আর্তনাদ। তাঁর গানে ছিল সাম্য ও সম্প্রীতির আহ্বান। তিনি কখনো প্রেমের কবি, কখনো মানবতার কবি, আবার কখনো শৃঙ্খল ভাঙার দুর্বার প্রতীক।

কিন্তু অসুস্থতা তাঁকে ক্রমশ নিস্তব্ধ করে দেয় চিরতরে। ১৯৪২ সালের পর থেকে তাঁর সৃজনশীল জীবন কার্যত থমকে যায়। যে কণ্ঠে একদিন উচ্চারিত হয়েছিল দ্রোহের অগ্নিবাণী, সেই কণ্ঠ আর আগের মতো কখনও সাড়া দেয়নি।

হাসপাতালের কেবিন সাধারণত চিকিৎসা, অপেক্ষা এবং উদ্বেগের জায়গা হয়ে থাকে। তবে কিছু কিছু কক্ষ সময়ের সীমানা অতিক্রম করে ইতিহাসের অংশ হয়ে যায়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের ১১৭ নম্বর কেবিনও তেমনই, যেখানে নজরুলের জীবনের অন্তিম অধ্যায়ের স্মৃতি জড়িয়ে আছে। কেবিনটি ঘিরে মানুষের মনে তৈরি হয়েছে বিশেষ আবেগ। কেবিনটির দরজা, জানালা কিংবা শয্যা সবকিছুকে ঘিরেই যেন কল্পনায় ফিরে আসে কেবল সেই দিনগুলোর কথাই।

জানা গেছে, কবিকে ‘কবিভবন’ থেকে পিজি হাসপাতালের ১১৭ নম্বর কেবিনে কবির ইচ্ছার বিরুদ্ধেই ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ১৯৭৬ সালের ২৯ আগস্ট ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁকে সমাহিত করা হয়। আজও তাঁর সমাধি শ্রদ্ধা জানাতে আসা মানুষের কাছে প্রিয় কবির স্মৃতির এক অমূল্য ঠিকানা।

নজরুলের অসুস্থতা ছিল ব্যক্তিগত বেদনার চেয়েও বড় একটি জাতীয় অনুভূতি। তাঁর সাহিত্য, সংগীত এবং মানবতাবাদী চেতনা তাঁকে মানুষের হৃদয়ে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছিল, যেখানে শারীরিক উপস্থিতির চেয়েও বড় হয়ে ওঠে তাঁর সৃষ্টির শক্তি। তিনি কথা বলতে না পারলেও তাঁর কবিতা কথা বলেছে। তাঁর কণ্ঠ স্তব্ধ হলেও তাঁর গান থেমে থাকেনি। প্রজন্মের পর প্রজন্ম তাঁর সৃষ্টিতে খুঁজে পেয়েছে প্রতিবাদ, প্রেম, সাম্য, অসাম্প্রদায়িকতা এবং মুক্তির বাণী।

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী বিএমইউ-এর ১১৭ নম্বর কেবিন কেবল ইতিহাসের কাছে একটি স্থাননাম, কিন্তু বাঙালির আবেগে এটি এক মহৎ জীবনের শেষ অধ্যায়কে স্মরণ করার প্রতীক। তবে দুঃখজনক হলেও সত্যি, দীর্ঘ বছর কেউ কবির জীবনের শেষ দিনগুলো কাটানো এই কক্ষটির খোঁজ রাখেনি। যদিও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বি-ব্লকে শিক্ষক, শিক্ষার্থী এবং হাজার হাজার রোগী প্রতিনিয়ত আনাগোনা করেন। কিন্তু অনেকে জানতেনই না যে ওই ভবনের (প্রশাসনিক ভবন) দ্বিতীয় তলার ১১৭ নম্বর কেবিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কক্ষটির সংস্কার কাজ চলছে। এজন্য জাতীয় কবির ব্যবহৃত সকল কিছু কেবিন থেকে সরিয়ে অন্যত্র রাখা হয়েছে। রুমটির আধুনিকায়নের কাজ শেষ হলে সবকিছু আবার সাজানো হবে।

বিএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার বাসসকে জানান, সাধারণত সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা থাকে ‘নজরুল কক্ষ’। অনেকেই কক্ষটি ঘুরে দেখেন এবং পরামর্শ দেন। কক্ষটিকে আধুনিকায়ন করার লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ফলে এটি এখন দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত নয়। শিগগিরই কাজটি শেষ হয়ে যাবে। তখন আবার তা দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, নজরুল গবেষকদের দাবির প্রেক্ষিতে ২০০২ সালে তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন কক্ষটির নামফলকসহ সংরক্ষণের উদ্যোগ নেন। তখন থেকে এটি নজরুলের স্মৃতি রক্ষার্থে ‘নজরুল কক্ষ’ হিসেবে পরিচিতি পায়। কিন্তু এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেবিনটি আবারও স্টোর হাউজ হিসেবে ব্যবহৃত হতে থাকে। নজরুল গবেষকদের কঠোর সমালোচনার মুখে ২০১৬ সালের দিকে কিছুটা সংস্কার কাজ করা হয়। এরপর আবারও অবহেলায় পড়ে কক্ষটি। সম্প্রতি নজরুল বর্ষ উপলক্ষে এ কক্ষের সংস্কারে হাত দেয় বিএমইউ কর্তৃপক্ষ।

যে কেবিনে জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন বিদ্রোহী কবি, সেটি কেবল একটি হাসপাতালকক্ষ নয়, বাঙালির ইতিহাস ও আবেগের এক অমূল্য স্মারক। যথাযথ সংরক্ষণ ও মর্যাদার সঙ্গে কক্ষটি উন্মুক্ত রাখা গেলে নতুন প্রজন্মও অনুভবে সক্ষম হবে জাতীয় কবির জীবনের শেষ অধ্যায়ের স্মৃতি। এর ফলে সময়ের নীরব সাক্ষী হয়ে ১১৭ নম্বর কেবিন বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ জন

রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনায় ২২ জন, লালবাগে ৫৯ জন, ওয়ারীতে ৪৩ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১৪৯ জন, গুলশানে ৩৮ জন, উত্তরায় ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় ১টি অবিস্ফোরিত ককটেল ও অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ১টি গাঁজা কাটার মেশিন ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্প, দেড় লাখ মানুষ পাবেন সুবিধা: ড. মঈন খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ এম


গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্প, দেড় লাখ মানুষ পাবেন সুবিধা: ড. মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশের সকল মানুষের জন্য শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নতুন প্রকল্প গ্রহণ করছে।

কমিউনিটি ভিত্তিক এবং পারিবারিক পর্যায়ে নিরাপদ পানির ব্যবস্থা সম্প্রসারণে সংসদ সদস্যদের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্যানিটেশন এবং নিরাপদ পানির ব্যবস্থার ক্ষেত্রে সার্কভুক্ত সাতটি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে রয়েছে।

গতকাল সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শিরীন সুলতানার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশের কিছু এলাকায় নিরাপদ পানির সুবিধা ৭৪ শতাংশ, আবার কিছু এলাকায় ৮৮ শতাংশ। এসব ক্ষেত্রে শতভাগ লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। নতুন প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ও পরিবার ভিত্তিক নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এর আগে কুড়িগ্রাম-২ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বরেন্দ্র অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের জন্য নিরাপদ পানি সরবরাহে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের মাধ্যমে গভীর ও অগভীর নলকূপ স্থাপন এবং আর্সেনিকমুক্ত নিরাপদ পানির ব্যবস্থা করা হবে।

দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্সেনিক, অতিরিক্ত আয়রন ও অন্যান্য ক্ষতিকর উপাদানযুক্ত পানির ঝুঁকির কথা তুলে ধরে বিনামূল্যে পানির মান পরীক্ষা, ঝুঁকিপূর্ণ নলকূপ চিহ্নিতকরণ এবং প্রতিটি পরিবারের জন্য নিরাপদ ও সাশ্রয়ী পানির ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সময়ভিত্তিক পরিকল্পনা নিয়ে সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এসব সমস্যা সমাধানে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সংসদ সদস্যদের সম্পৃক্ত করে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত নিরাপদ পানির সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মেহেরপুর-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক লিখিত প্রশ্নের জবাবে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সরকারের চলতি মেয়াদে তিনটি পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে। এসব সমিতির মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী সুবিধা পাবেন। প্রতিমন্ত্রী জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তিনটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগণের টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ-সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন’ এবং ‘সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন। এসব প্রকল্পের মাধ্যমে সমবায়ভিত্তিক সংগঠন গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ জনগণের কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে বরাদ্দ ও ব্যয়ে অনিয়মের বিষয় তদন্ত করা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে না। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের কোনো কার্যক্রম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে না থাকায় আলোচিত অনিয়মের বিষয়ে তদন্ত করা এ বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে না বলে প্রতীয়মান হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে সর্বমোট কত টাকা ব্যয় করা হয়েছে এবং বেশির ভাগ বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে দলীয় বিবেচনায় বরাদ্দ দেওয়ার বিষয়টি তদন্ত করে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না। এ প্রশ্নের উত্তর হ্যাঁ-সূচক হলে, তা কী-এ বিষয়েও জানতে চান তিনি। জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পটি ২০০৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত দেশের সাতটি বিভাগের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলায় বাস্তবায়িত হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ছিল ৭৮ হাজার ৮৫২ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকা। তিনি বলেন, প্রকল্পটি ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হয়েছে। প্রকল্পের কার্যক্রম স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য এটি পল্লী সঞ্চয় ব্যাংকে রূপান্তরিত হয়। ২০২১ সালের ১ জুলাই থেকে ব্যাংকটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে হস্তান্তর করা হয়। এ-সংক্রান্ত কার্যক্রম ওই বিভাগ থেকে চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%