ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরিশাল-ঢাকা রুটে বাস বন্ধ, মাইক্রোবাস ও দালাল চক্রের পোয়াবারো


বরিশাল-ঢাকা রুটে বাস বন্ধ, মাইক্রোবাস ও দালাল চক্রের পোয়াবারো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বরিশাল-ঢাকা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ঢাকাগামী যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। আর এই পরিস্থিতিকে পুঁজি করে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সক্রিয় হয়ে উঠেছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযুক্ত কিছু মাইক্রোবাসচালক ও দালাল চক্র। জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে চাওয়া যাত্রীদের কাছ থেকে স্বাভাবিক ভাড়ার দুই থেকে তিন গুণ পর্যন্ত দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়। রোববার (২৯ নভেম্বর) সকালেও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। তবে বরিশাল বিভাগের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের দাবি, মহাসড়কে সম্ভাব্য সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহনের সম্পদ রক্ষায় সাময়িকভাবে বাস চলাচল স্থগিত রাখা হয়েছে। এরই মধ্যে রোববার ভোরে মাদারীপুরের টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

তবে বাস চলাচল বন্ধের কারণে সৃষ্ট এই সংকটের সুযোগ নিচ্ছে কিছু অসাধু চক্র। টার্মিনাল ও আশপাশের এলাকায় মাইক্রোবাস নিয়ে অবস্থান করে ঢাকাগামী যাত্রীদের বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে। সরাসরি কিংবা কয়েক ধাপে ঢাকায় পৌঁছে দেওয়ার কথা বলে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। জরুরি প্রয়োজন থাকায় অনেক যাত্রী বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে বিকল্প পরিবহনের সন্ধান করছেন। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

ঢাকায় জরুরি দাপ্তরিক কাজে যাওয়ার জন্য নথুল্লাবাদে আসা যাত্রী রফিকুল ইসলাম বলেন, সকালে টার্মিনালে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। পরে বিকল্প পরিবহনের খোঁজ করতে গিয়ে মাইক্রোবাসচালক ও দালালদের অতিরিক্ত ভাড়া দাবির মুখে পড়েন। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের বিপদের সুযোগ নিয়ে দ্বিগুণ-তিনগুণ ভাড়া চাওয়া হচ্ছে।

অন্য যাত্রী নাসরিন আক্তার বলেন, অসুস্থ স্বজনকে দেখতে ঢাকায় যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন। টার্মিনালের বাইরে বের হতেই কয়েকজন দালাল বেশি ভাড়ায় মাইক্রোবাসে যাওয়ার প্রস্তাব দেন। জরুরি প্রয়োজনে অনেকেই বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে যাত্রা করছেন।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় নথুল্লাবাদ টার্মিনালের দূরপাল্লার কাউন্টারগুলোতে কার্যত স্থবিরতা দেখা দিয়েছে। একটি পরিবহন কাউন্টারের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শনিবার রাত থেকেই মালিক সমিতি ও হেড অফিসের নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা টিকিটের জন্য এলেও নিরাপত্তার কারণে টিকিট দেওয়া হচ্ছে না। মহাসড়কে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।

ঢাকা-বরিশাল রুটের গোল্ডেন লাইন পরিবহনের চালক আব্দুল করিম বলেন, বাস বন্ধ থাকলে চালক ও শ্রমিকদের দৈনিক আয় বন্ধ হয়ে যায়। তারপরও মহাসড়কে নাশকতা ও অবরোধের আশঙ্কা থাকলে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালানো সম্ভব নয়। টেকেরহাট এলাকায় পরিস্থিতির অবনতির খবর পেয়ে কয়েকটি বাস মাঝপথ থেকে ফিরে এসেছে বলেও তিনি জানান।

বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন বলেন, মহাসড়কের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ভোরে কয়েকটি বাস টেকেরহাট পর্যন্ত গেলেও নাশকতার আশঙ্কায় সেগুলো ফিরে আসতে বাধ্য হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও পরিবহনের সম্পদ রক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, বরিশাল থেকে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলাসহ বিভাগের অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, মহাসড়কে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং বাস টার্মিনাল এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে একদিকে নিরাপত্তার কারণে দূরপাল্লার বাস বন্ধ, অন্যদিকে বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ—দুই সংকটে পড়েছেন সাধারণ যাত্রীরা। যাত্রীদের প্রশ্ন, নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কোথায়?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়ামতপুরে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ পেলেন ৯ হাজার কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


নিয়ামতপুরে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ পেলেন ৯ হাজার কৃষক
 
নওগাঁর নিয়ামতপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়। সরিষা, গম ও বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচির আওতায় উপজেলায় ৯ হাজার ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল নাহিদ পবিত্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও কৃষকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

সিরাজুল ইসলাম জেলা প্রতিনিধি,কক্সবাজার

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান: স্বরাষ্ট্রমন্ত্রী

সেন্টমার্টিন ও সোনাদিয়ায় নতুন স্থাপনা নির্মাণ নিষিদ্ধের সিদ্ধান্ত, পরিবেশবান্ধব পর্যটনে গুরুত্
ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬: আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সামগ্রিক উন্নয়নে প্রণীত ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’ চূড়ান্ত করে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত উচ্চপর্যায়ের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, কক্সবাজারের সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) বাংলাদেশ সেনাবাহিনীর কারিগরি সহায়তায় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। এতে চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ পুরো উপকূলীয় অঞ্চলের পরিবেশের ভারসাম্য বজায় রেখে টেকসই পর্যটন শিল্পের বিকাশের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সেন্টমার্টিন ও সোনাদিয়ায় নতুন স্থাপনা নিষিদ্ধ
পরিবেশ সংরক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও সোনাদিয়াকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। দ্বীপ দুটিতে নতুন করে কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণের অনুমতি দেওয়া হবে না। পরিবেশের ক্ষতি না করে কেবল ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পার্ক গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বিদ্যমান স্থাপনাগুলোর বিষয়ে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার পর যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
ইসিএ এলাকার সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ
মন্ত্রী আরও জানান, পূর্বে যথাযথ জরিপ ছাড়াই কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছিল বলে পর্যালোচনায় এসেছে। এ বিষয়ে পরিবেশ আইনের সংশ্লিষ্ট বিধান এবং হাইকোর্টের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়েছে।
জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ মন্ত্রণালয়ের বিদ্যমান তথ্য-উপাত্ত যাচাই করে বিস্তারিত সারসংক্ষেপ তৈরি করা হবে। পরবর্তী সময়ে এর ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলোর সীমানা পুনর্নির্ধারণ করা হবে।
এ ছাড়া সমুদ্রসৈকত থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত স্থাপনা নির্মাণসংক্রান্ত পূর্ববর্তী প্রজ্ঞাপন বা গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন মাস্টারপ্ল্যান অনুমোদনের পর সমন্বিত পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
মহেশখালীর মেগা প্রকল্পের সঙ্গে সমন্বয়
মহেশখালীতে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির (মিডা) অধীনে বিদ্যুৎকেন্দ্র, পাওয়ার হাব, টার্মিনালসহ বিভিন্ন বৃহৎ অর্থনৈতিক অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এসব প্রকল্পের সঙ্গে পর্যটন উন্নয়ন পরিকল্পনার যেন কোনো ধরনের দ্বৈততা বা সমন্বয়হীনতা তৈরি না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে কক্সবাজারের অবস্থান আরও শক্তিশালী হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
পদ্মা সেতু সংলগ্ন জাজিরার নাওডোবা এলাকায় সংঘর্ষে দুজন নিহত হওয়ার বিষয়ে তিনি জানান, স্থানীয়দের মধ্যকার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্তাধীন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সতর্ক রয়েছে। কথিত লকডাউনকে কেন্দ্র করে নতুন করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই।
সূত্র: সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে যুবদলের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


কিশোরগঞ্জে যুবদলের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ, ২৯ নভেম্বর ২০২৬ : আজ জেলা যুবদল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে, যা দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি আজ রোববার দুপুরে শহরের রথখলা এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মর্তুজা আল কামাল (মুস্তাক), জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এর আগে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। সেখান থেকে মূল বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ সময় যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএমপির ৬ ডিসি পদে নতুন নিয়োগ ও দায়িত্ব প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


সিএমপির ৬ ডিসি পদে নতুন নিয়োগ ও দায়িত্ব প্রদান

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ডিসি (উপ-কমিশনার) পদে ব্যাপক পরিবর্তন ঘটানো হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে তিনি কালের কণ্ঠকে জানান, "নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আমাদের সদস্যরা কাজ করছে। প্রশাসনিক প্রয়োজনে এই রদবদল আনা হয়েছে।"

নতুন আদেশ অনুযায়ী, সিএমপির ডিসি পশ্চিম আলমগীর হোসেনকে ডিসি বন্দর জোনে পদায়ন করা হয়েছে। ডিসি বন্দর আমিরুল ইসলামকে ডিসি এস্টেট এন্ড ডেভেলপমেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সিএমপিতে নতুন পদায়নকৃত ডিসি আরেফিন জুয়েলকে ডিসি নর্থ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিসি ট্রাফিক পশ্চিম নিস্কৃতি চাকমাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ট্রাফিক বন্দর জোনের ডিসির দায়িত্বও প্রদান করা হয়েছে।

ডিসি এস্টেট এন্ড ডেভেলপমেন্ট আবু বকর সিদ্দিককে পশ্চিম জোনের ডিসি পদে পদায়ন করা হয়েছে। ডিসি নর্থ হাসান মোস্তফা স্বপনকে ডিসি ওয়েলফোর এন্ড ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%