ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ফের কেয়া গ্রুপের ৭৩৯ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ


ফের কেয়া গ্রুপের ৭৩৯ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ

গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় কেয়া গ্রুপের ৪টি প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে কারখানার প্রধান ফটকে এ সংক্রান্ত নোটিশটি টানিয়ে দেওয়া হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা নোটিশটি দেখতে পান।

ছাঁটাই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন কেয়া গ্রুপের নিট কম্পোজিট, স্পিনিং ও কটন ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস্ লিমিটেডের কর্মীরা।

আরও পড়ুন: রামপালে ফয়লাহাট আছিয়া মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা অনুষ্ঠিত

কারখানা কর্তৃপক্ষ জানায়, ব্যাংকিং জটিলতা সহ বিভিন্ন কারণে গত ৬ জুন থেকে কারখানাগুলো লে-অফে রয়েছে। এরপর কয়েক দফায় লে-অফের মেয়াদ বৃদ্ধি করা হয়।

ছাঁটাই হওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধের বিষয়টি কর্তৃপক্ষ জানিয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কেয়া গ্রুপের ৪ প্রতিষ্ঠানে ৭৩৯ জন কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার প্রধান ফটকে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: যুবলীগ নেতা সন্দেহে আটক হায়দার আলীকে জামায়াত নেতারা ছাড়িয়ে নিলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ৫ শরীয়তপুরের ব্যবসায়ী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ৫ শরীয়তপুরের ব্যবসায়ী নিহত

নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা রাজশাহীর তাহেরপুরে কৃষিপণ্য কেনার উদ্দেশ্যে যাওয়ার সময় এই দুর্ঘটনায় পড়েন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট ১৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

নিহত পাঁচ ব্যবসায়ীর মধ্যে রয়েছেন জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর, ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা, ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার, কাজিরহাট এলাকার ভুসামাল ব্যবসায়ী সামাদ ফকির এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার রাজ্জাক বেপারীর ছেলে শাহিন বেপারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পাঁচজনই দীর্ঘদিন ধরে জাজিরার কাজিরহাটসহ আশপাশের এলাকায় ব্যবসা করে আসছিলেন। তাদের মধ্যে জুয়েল মাদবর ভুসামাল ব্যবসার পাশাপাশি কাজিরহাটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। সামাদ ফকির ভুসামাল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন এবং শাহিন বেপারী হলুদের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে, সালাল মোল্যা ও সোহাগ শিকদার বিভিন্ন কৃষিপণ্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তারা ব্যবসায়িক প্রয়োজনে রাজশাহীর তাহেরপুর থেকে ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধনিয়া ও অন্যান্য কৃষিপণ্য কিনতে যাচ্ছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তাদের প্রাণহানি ঘটে।

একই এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী হওয়ায় তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। পাঁচজনের একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যুর খবর স্থানীয় এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। স্থানীয় ব্যবসায়ী মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

কাজিরহাটের ব্যবসায়ী দিদার সরদার বলেন, ‘ব্যবসার কারণে তাদের সবার সঙ্গেই আমার পরিচয় ও সুসম্পর্ক ছিল। তাদের এমন মৃত্যুর খবর খুবই কষ্টদায়ক।’

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মেদ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জেনেছি। তবে আনুষ্ঠানিকভাবে আমাদের এখনো কিছু জানানো হয়নি। মরদেহ জাজিরায় নিয়ে আসার বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজা চলছে : ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজা চলছে : ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী উল্লেখ করেছেন যে, উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলছে।

তিনি মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় সর্বজনীন পূজা কমিটির শারদীয় দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

তিনি উল্লেখ করেন, অত্যন্ত বর্ণিল পরিবেশে এবারের বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে। তিনি বলেন, "পূজায় আমি হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।"

এ সময়, বাংলাদেশে দুর্গাপূজার নিরাপত্তা ইস্যুতেও সন্তুষ্টি প্রকাশ করেন দিনেশ ত্রিবেদী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা, তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা, তদন্ত কমিটি গঠন

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে ট্রাকচালকসহ বাবা-মেয়েসহ ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ২৮ জন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময়, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানান।

নিহতদের মধ্যে রয়েছেন—রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে সোহেল রানা (৪১), বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ারুল হক (২৯), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিধখালী গ্রামের আজহার হাওলাদারের ছেলে শহীদুল ইসলাম (৪৫) ও তার মেয়ে তাছফিয়া খাতুন (৮), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জহরউদ্দিনের ছেলে জুয়েল (৩৯), একই উপজেলার ডুবি সাহিবর গ্রামের ইউনুস আলী শিকদারের ছেলে সোহাগ শিকদার (৩০), জাহান উদ্দিন মোল্লার ছেলে আব্দুস সালাম মোল্লা (৪৫), আরব আলী ফকিরের ছেলে আব্দুস সামাদ ফকির (৭১), পালের চর গ্রামের আব্দুর রাজ্জাক ব্যাপারীর ছেলে শাহীন আহমেদ (৩২), ট্রাকচালক ঝিনাইদহ সদর উপজেলার বড় মান্দারবাড়ীয়া গ্রামের জাকির হোসেনের ছেলে আবু কালাম (৫৫), নওগাঁ জেলার সাপাহার উপজেলার ঘোনটোলা গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে রাসেল (৩৩) এবং ফরিদপুর সদর উপজেলার বাখোন্দিয়া গ্রামের অমর কুমার জমাদারের ছেলে হিমেশ জমাদার (৩৪)।

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন—শরিয়তপুর জেলার আলমগীর মাতবর (৫৬), চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্দুস সালাম (৩৪), শিবগঞ্জের ওয়াহিদ আলী (২০), মাদারীপুর জেলার নাইম তালুকদার (২১), নার্গিস আক্তার (৩৫), বরগুনার জেসমিন আক্তার (৩৫), নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চিরঞ্জিত কুমার (২৫), মান্দা উপজেলার মানিক হোসেন (৩৭), শাহাজুল ইসলাম (৩৬), লক্ষীপুর জেলার রাকিব হোসেন (২৫)। অন্য হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, ভোরে নাটোর থেকে বালুবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট ২২-৬২০৬) সঙ্গে পটুয়াখালীর কুয়াকাটা থেকে চাঁপাইনাবগঞ্জগামী যাত্রীবাহী বাস আরপি স্পেশালের (ঢাকা মেট্রো ব ১২-৪৪৪৫) মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নিয়ে গেলে সেখানে আরো তিনজন মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোরের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, ঘটনার পরপরই জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নাটোর সদর হাসপাতালে গিয়ে আহত রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন। একই সঙ্গে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস এবং বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক আলমগীর হোসেনসহ মোট সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির গঠনের ঘোষণা দেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের আজকের দিনে ২০ অক্টোবর বড়াইগ্রামের রেজুর মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দেশের সবচেয়ে বড় বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়। সেই শোকাবহ ১২ বছর পূর্তির দিনেই আবারও ভয়াবহ দুর্ঘটনাটি ঘটল।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : আজ বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত হয়েছে, যেখানে চীনের শীর্ষ ব্যাংকগুলোর সামনে বাংলাদেশে কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরা হয়েছে। এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না ইনভেস্ট বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এ আয়োজন করেছে তাদের সদর দপ্তরে।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে চীনের ১১টি আর্থিক প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম চার ব্যাংকের তিনটি- ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি), অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়না এবং ব্যাংক অব চায়না। এছাড়া অবকাঠামো ও প্রকৌশল, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, পরিবেশবান্ধব প্রযুক্তি, ইলেকট্রনিকস এবং কৃষিপ্রযুক্তি খাতের ২৬টি শীর্ষস্থানীয় চীনা কোম্পানি এতে অংশগ্রহণ করেছে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কাং এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংক ও ইনভেস্ট বাংলাদেশ যৌথভাবে ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার-বাংলাদেশ-চায়না ফাইন্যান্সিয়াল কানেক্টিভিটি’ শীর্ষক মূল উপস্থাপনা পেশ করেছে।

উপস্থাপনায় জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৯ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এত বিশাল বাণিজ্য থাকা সত্ত্বেও বাংলাদেশে এখন পর্যন্ত কোনো চীনা ব্যাংক সরাসরি কার্যক্রম শুরু করেনি। যদিও কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও মিয়ানমারের মতো দেশগুলোতে চীনা ব্যাংকগুলো সফলভাবে সেবা প্রদান করছে।

অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রাধিকারপ্রাপ্ত বিনিয়োগ খাত, চট্টগ্রামে অবস্থিত ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড) এবং মোংলা অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এসব সুযোগ কাজে লাগাতে চীনা কোম্পানি ও তাদের অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলো কীভাবে যুক্ত হতে পারে, তা নিয়ে আলোচনা করা হয়।

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী মন্তব্য করেন, ‘বাংলাদেশ-চীন সহযোগিতার পরবর্তী ধাপ হলো আর্থিক সংযোগ স্থাপন। বাংলাদেশে বিনিয়োগকারী চীনা কোম্পানিগুলোর বাণিজ্য অর্থায়ন, যন্ত্রপাতি ক্রয়, চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সহায়তার জন্য চীনা ব্যাংকগুলোর উপস্থিতি জরুরি।’

তিনি আরও বলেন, বাংলাদেশের কোম্পানিগুলোর প্রয়োজন প্রযুক্তি এবং ব্যবসা ও উৎপাদন বাড়ানোর উপযোগী অংশীদারত্ব। বাংলাদেশে চীনা আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়লে দুই পক্ষই উপকৃত হতে পারে। এতে বিনিয়োগের সিদ্ধান্ত বাস্তবে রূপ দেওয়াও সহজ হবে।

চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কাং বলেন, ‘একটি পলিসি ব্যাংক হিসেবে চায়না এক্সিম ব্যাংক বাংলাদেশে অবকাঠামো, জ্বালানি, কৃষি ও উৎপাদনশিল্পসহ বিভিন্ন খাতে বর্তমানে প্রায় ৪০টি প্রকল্প পরিচালনা করছে। আগামীতে বস্ত্র ও স্বাস্থ্যসেবার মতো অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে শীর্ষস্থানীয় চীনা কোম্পানিগুলোকে সরাসরি বিনিয়োগে উৎসাহিত করা হবে, যা বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানের শেষ অংশে নেটওয়ার্কিং পর্বে অংশগ্রহণকারী চীনা উদ্যোক্তা ও ব্যাংক প্রতিনিধিরা বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে প্রত্যক্ষ বিনিয়োগ, সহজ অর্থায়ন ও সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে সরাসরি আলোচনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%