ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হন্ডুরাসে পিকআপের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৯


হন্ডুরাসে পিকআপের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৯

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের কোমায়াগুয়া বিভাগে একটি যাত্রীবাহী বাস পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর খাদে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। এ তথ্য দেশটির দমকল বিভাগ নিশ্চিত করেছে।

শনিবার (২৮ নভেম্বর) এই দুর্ঘটনাটি ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এটি মধ্য আমেরিকায় সাম্প্রতিক সময়ে ঘটে চলা ধারাবাহিক প্রাণঘাতী বাস দুর্ঘটনার সর্বশেষ ঘটনা।

হন্ডুরাসের দমকল বিভাগের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বাসচালক, তিনজন পুরুষ এবং পাঁচজন নারী অন্তর্ভুক্ত রয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেওয়া এক কর্মী জানিয়েছেন, বাসটি উল্টে খাদে পড়ার সময় কয়েকজন যাত্রী ছিটকে বাইরে পড়ে যান।

আরও পড়ুন: আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ১০ জন নিহত

‘ট্রান্সপোর্ট ক্যারোলিনা’ পরিচালিত বাসটি রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে লা এস্পেরানজা শহরের দিকে যাচ্ছিল।

কোমায়াগুয়া বিভাগের একটি খাড়া ও আঁকাবাঁকা মহাসড়কে পিকআপ ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ এম


রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ‘সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ: প্রেক্ষিত ৭ নভেম্বর’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবির সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম ছাদিকের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি উত্তরাঞ্চলে শিক্ষার প্রসার নিয়ে আলোচনা করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেন। ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি স্বাধীনতার ঘোষণা প্রদানের মাধ্যমে জিয়াউর রহমানের বীরত্বের প্রকাশ সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেম ও বিসর্জনের বিষয়েও বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করেছিল। বর্তমানে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দলই বাংলাদেশকে একটি নিরাপদ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। বাংলাদেশের কৃষি ও শিল্প খাত থেকে শুরু করে তৈরি পোশাকশিল্পের যে অগ্রগতি হয়েছে, তার সূচনা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান। এসব উন্নয়নের ভিত্তি তার হাত ধরেই তৈরি হয়েছিল। তাই ৭ নভেম্বর আমাদের দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সব সময়ই গণ-আন্দোলনসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনায় আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে। ৭ নভেম্বর আমাদের জাতীয়তাবাদের জন্মদিন। ৭ নভেম্বর হয়েছিল বলেই জিয়াউর রহমান জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তিনি কোনো গুম, খুন বা হত্যার মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেননি; বরং সিপাহি-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। সব ক্রান্তিকালে আমরা দেখেছি, তিনি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন।

শিক্ষাব্যবস্থার সংস্কার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, যে ইতিহাসগুলো পাঠ্যবই থেকে তুলে দেওয়া হয়েছিল, সেগুলো নতুন করে আবার পাঠ্যবইয়ে নিয়ে আসা প্রয়োজন। ১৭ বছরে আমাদের শিক্ষাব্যবস্থায় যে অবক্ষয় হয়েছে, সেটির জন্য আমাদের কাজ করতে হবে। ইউজিসির সদস্য হিসেবে আমার যতটুকু সাহায্য করার প্রয়োজন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তা করব।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জনের বেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৭ এম


মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জনের বেশি নিহত

মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক পৃথক দুটি বিমান হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। প্রথম হামলায় বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী পাঁচ শিশুসহ ২১ জন নিহত হন। অন্য হামলায় প্রাণ হারান আরো ৯ জন।

শনিবার, দেশটির উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে এসব হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের মোয়ে বাই জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালায় জান্তা বাহিনী। এতে ২১ জনের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। এই হামলায় ৪০ জনের বেশি আহত হয়েছেন। নুয়ে ও ইয়াউং চি ফাউন্ডেশনের প্রধান জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় দফায় বোমা ফেলা হয়। তিনি নিরাপত্তার কারণে নিজের নাম প্রকাশ করতে চাননি।

আহত ব্যক্তিদের রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরের একটি বাজারেও শনিবার বিমান হামলা চালানো হয়। স্থানীয় অন্ত্যেষ্টিক্রিয়া ব্যবস্থাপনা সংগঠনের প্রধান হ্লা মং উ জানান, ওই হামলায় ৯ জন নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ধারণ করা এএফপির ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের মধ্যে হতাহত ব্যক্তিদের খুঁজছেন লোকজন। অন্য একটি স্থানে সারি করে রাখা লাশের পাশে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।

এদিকে, মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হয়েছে আলজাজিরার পক্ষ থেকে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো জবাব পাওয়া যায়নি।

বেসামরিক মানুষের ওপর হামলার অভিযোগ

মিয়ানমারের নির্বাসিত স্বঘোষিত জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) দাবি, বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলেও বিমান, গোলা ও ড্রোন হামলা চালানো হয়। ম্যাগওয়ে অঞ্চলের একটি স্কুল ও বৌদ্ধমঠকে কেন্দ্র করে চালানো ওই হামলায় ২০ জন বেসামরিক মানুষ নিহত হন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এনইউজি দাবি করেছে যে, পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফ) ৯ সদস্যও নিহত হয়েছেন।

সাম্প্রতিক তিনটি হামলা ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে ব্যাপক প্রাণহানির সর্বশেষ ঘটনা। ওই অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল সামরিক বাহিনী।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, মিয়ানমারের এ সংঘাতে সব পক্ষের মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর আশপাশের এলাকায় বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। এলাকাটি শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী। সেখানে বিপুলসংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন।

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়ের পর হামলা

মিয়ানমারে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের কয়েক দিন পর। গত ১৯ নভেম্বর দেওয়া এক রায়ে আদালত জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগণের বিরুদ্ধে দমন-পীড়নের সময় মিয়ানমার গণহত্যা চালিয়েছে। ওই অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে বেসামরিক মানুষকে হত্যা, ধর্ষণ ও তাদের সম্পদ ধ্বংস করেছিল।

২০২১ সালের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইং এ বছর ব্যাপক সমালোচিত নির্বাচনের পর বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আইসিজের রায়ের ‘অনুপযুক্ত’ অংশগুলো মেনে নেবে না তার সরকার।

এরই মধ্যে দেশটিতে সামরিক বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমেরিকানদের টিপ দেওয়ার সংস্কৃতি: সামাজিক বাধ্যবাধকতা ও ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ এম


আমেরিকানদের টিপ দেওয়ার সংস্কৃতি: সামাজিক বাধ্যবাধকতা ও ইতিহাস

মার্কিন যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় খাওয়ার সময়, ক্যাফে থেকে কফি নিলে, অথবা ট্যাক্সি চড়লে, বিলের সঙ্গে অতিরিক্ত ১৫% থেকে ২০% বা তারও বেশি অর্থ টিপ বা বকশিশ হিসেবে দেওয়ার একটি অলিখিত সামাজিক বাধ্যবাধকতা রয়েছে। বিশ্বের অনেক দেশের মানুষের কাছে এটি অদ্ভুত মনে হলেও, আমেরিকানদের দৈনন্দিন জীবনে টিপ সংস্কৃতি গভীরভাবে প্রোথিত হয়ে আছে।

মার্কিনিদের টিপ সংস্কৃতির উৎপত্তি তাদের নিজেদের উদ্ভাবন নয়। এটি মূলত ইউরোপ থেকে এসেছে। এর পেছনে একটি ইউরোপীয় শেকড় রয়েছে। ষোড়শ এবং সপ্তদশ শতকে ইংল্যান্ডের সামন্তবাদী সমাজে ধনী অভিজাতরা ভালো সেবার জন্য ভৃত্যদের সামান্য অতিরিক্ত অর্থ বকশিশ হিসেবে দিতেন। পরে উনিশ শতকের শেষ ভাগে আমেরিকান সিভিল ওয়ারের পর, মার্কিন ধনী ব্যক্তিরা ইউরোপ ভ্রমণ শুরু করেন। ইউরোপীয় অভিজাতদের এই আচরণ দেখে, তারা নিজেদের আভিজাত্য প্রকাশের উপায় হিসেবে দেশে ফিরে টিপ দেওয়ার প্রথা চালু করেন।

আমেরিকায় টিপ প্রথা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার পেছনে দাসপ্রথা এবং বর্ণবাদী ইতিহাসও কাজ করেছে। গৃহযুদ্ধের পর দাসপ্রথা বিলুপ্ত হলেও মুক্ত হওয়া কৃষ্ণাঙ্গ নাগরিকদের, বিশেষ করে ট্রেন পোর্টার ও রেস্তোরাঁর ওয়েটারদের, নির্দিষ্ট বেতন দেওয়া হতো না। মালিকরা তাদের ধারণা দিতেন, গ্রাহকদের সেবা দিয়ে তাদের কাছ থেকে যা পাওয়া যায়, সেটাই হবে তাদের মজুরি।

১৯৩৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেয়ার লেবার স্ট্যান্ডার্ডস আইন পাশ হয়, যেখানে কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করা হয়। কিন্তু রেস্তোরাঁ ও হসপিটালিটি লবির চাপে ১৯৬৬ সালে এর সঙ্গে ‘টিপড ওয়েজ’ এর ধারণা সংবিধিবদ্ধ করা হয়। বর্তমানে ফেডারেল নিয়ম অনুযায়ী যেসব পেশায় টিপ পাওয়া যায়, সেখানে ন্যূনতম মজুরি প্রতি ঘণ্টায় মাত্র ২.১৩ ডলার (রাজ্য ভেদে ভিন্ন হতে পারে)। ধরে নেওয়া হয়, বাকি মজুরি আসবে গ্রাহকের টিপ থেকে এবং এভাবে টিপ প্রথা যুক্তরাষ্ট্রে আইনগত স্বীকৃতি পেয়েছে।

মার্কিনীদের সমাজে টিপ প্রদান নিছক দয়া বা সৌজন্য নয়, এটি একটি কাঠামোগত অর্থনৈতিক প্রক্রিয়া। মার্কিন গ্রাহকরা জানেন যে রেস্তোরাঁর সার্ভার বা ওয়েটাররা মূল মালিকদের কাছ থেকে নামমাত্র পারিশ্রমিক পান। তাই টিপ না দেওয়া মানে সেই কর্মীকে তার প্রাপ্য জীবিকা থেকে বঞ্চিত করা। তাই মার্কিনীরা টিপ দেওয়াকে বেতনের বিকল্প কাঠামো হিসেবে বিবেচনা করে।

মার্কিন যুক্তরাষ্ট্রে সেবা দেওয়ার পর টিপ না দিয়ে বেরিয়ে যাওয়াকে অত্যন্ত অভদ্র এবং স্বার্থপর আচরণ হিসেবে দেখা হয়। কেউ ভালো সেবা পেলে ২০% বা তার বেশি এবং সাধারণ সেবা পেলেও অন্তত ১৫% টিপ দেওয়ার অলিখিত সামাজিক নিয়ম সর্বত্র প্রচলিত। কাজেই টিপ দেওয়ার পেছনে সামাজিক রীতিনীতি ও মানসিক চাপও কাজ করে।

মার্কিন সমাজে বিশ্বাস করা হয়, প্রণোদনা বা ইনসেন্টিভ কর্মীদের কাজের মান বাড়ায় এবং টিপ সরাসরি কর্মীদের পকেটে যাওয়ার ফলে তারা হাসিমুখে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে। আর মার্কিনীদের এই ধারণার মধ্যে ক্যাপিটালিজম ও সেবামূলক মানসিকতার আদর্শিক চিন্তা ভাবনা বিদ্যমান।

এই ব্যবস্থার পক্ষে এবং বিপক্ষে আমেরিকায় দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। টিপ সংস্কৃতির উল্লেখযোগ্য সুবিধাগুলো হলো:

প্রথমত, টিপ প্রদানের মাধ্যমে দক্ষ ও ভালো সেবার নিশ্চয়তা পাওয়া যায়। কর্মীরা জানে, তাদের আয় সম্পূর্ণ নির্ভর করে গ্রাহকদের সন্তুষ্ট করার ওপর। তাই তারা অত্যন্ত আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে সেবা প্রদান করে থাকে।

দ্বিতীয়ত, টিপ প্রথার কারণে রেস্তোরাঁ মালিকদের জন্য খাবারের মূল্য কম রাখা সম্ভব হয়। কর্মীদের উচ্চ বেতন দিতে না হওয়ায় রেস্তোরাঁ মালিকরা মেনুতে খাবারের মূল্য কিছুটা কম রাখতে পারেন।

তৃতীয়ত, টিপ প্রাপ্তির মাধ্যমে কর্মীদের অতিরিক্ত আয়ের সুযোগ থাকে। ব্যস্ত ও জনপ্রিয় রেস্তোরাঁগুলোর দক্ষ ওয়েটাররা টিপের মাধ্যমে সাধারণ ন্যূনতম মজুরির চেয়ে অনেক বেশি (মাঝেমধ্যে ঘণ্টায় ৩০ থেকে ৫০ ডলার পর্যন্ত) আয় করতে পারেন।

তবে টিপ প্রথা চালু রাখার ক্ষেত্রে বেশ কিছু অসুবিধাও রয়েছে। তা হলো:

প্রথমত, টিপ প্রথার কারণে কর্মীদের আয়ের অনিশ্চয়তা থাকে। কোনোদিন রেস্তোরাঁয় ভিড় কম হলে বা প্রতিকূল আবহাওয়ায় গ্রাহক না এলে কর্মীদের আয় মারাত্মকভাবে কমে যায়। তাই প্রতিদিন কর্মীদের নির্দিষ্ট আয় থাকে না।

দ্বিতীয়ত, এই প্রথা বৈষম্য ও মানসিক চাপ সৃষ্টি করে। মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণায় দেখা গেছে গায়ের রং, লিঙ্গ এবং শারীরিক আকর্ষণের ওপর ভিত্তি করে টিপের পরিমাণ ওঠানামা করে। বিশেষ করে নারী ও সংখ্যালঘু কর্মীরা এই বৈষম্যের শিকার হন।

তৃতীয়ত, এই প্রথা মালিকদের মধ্যে দায়িত্বহীনতার সৃষ্টি করে। ব্যবসা চালানোর অন্যতম প্রধান ব্যয় হলো কর্মীদের বেতন। কিন্তু টিপ প্রথার কারণে মালিকরা নিজেদের দায়িত্ব গ্রাহকদের কাঁধে চাপিয়ে দেন।

চতুর্থত, টিপ প্রদানের সংস্কৃতি অনেক সময় ক্রেতাদের মাঝে মনস্তাত্ত্বিকভাবে ‘টিপ ফ্যাটিগ’ সৃষ্টি করে। বর্তমানে ডিজিটাল প্রেমেন্ট মেশিনের কারণে সেলফ সার্ভিস বা সাধারণ কফির দোকানেও টিপের স্ক্রিন সামনে চলে আসে, যা অনেক সময় সাধারণ ক্রেতাদের মানসিক ক্লান্তিতে ফেলে দেয়।

আমেরিকানদের মধ্যে টিপ নিয়ে মনোভাব বেশ মিশ্র। একদিকে তারা বোঝেন যে সার্ভারদের ন্যায্য মজুরি পাওয়ার একমাত্র উপায় এটি, ফলে তারা দায়িত্ববোধ থেকেই অর্থ দেন। অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে ‘টিপ-ফ্লেসন’ অর্থাৎ সব জায়গায় অতিরিক্ত টিপ চাওয়ার প্রবণতা, সাধারণ আমেরিকানদের ক্ষুব্ধ করে তুলেছে। অনেকেই মনে করেন ইউরোপের মতো আমেরিকাতেও টিপ প্রথা বন্ধ করে খাবারের দাম বাড়িয়ে কর্মীদের সরাসরি ন্যায্য বেতন দেওয়া উচিত। তবে অনেক সার্ভার এর বিরোধিতা করেন, কারণ টিপ থেকে তারা যে আয় করেন, সাধারণ ফিক্সড বেতনে তা পাওয়া সম্ভব নয়।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের বকশিস সংস্কৃতির সঙ্গে আমেরিকান টিপিং সিস্টেমের কিছু মৌলিক ও কাঠামোগত পার্থক্য রয়েছে। আমেরিকায় টিপ কর্মী বেতনের মূল অংশ হিসেবে স্বীকৃত এবং করযোগ্য। বাংলাদেশের এটি কর্মীর মূল বেতনের অংশ নয়, স্রেফ অতিরিক্ত উপহার। আমেরিকায় টিপ দেওয়া কার্যত বাধ্যতামূলক, না দিলে সামাজিকভাবে তা চরম অসম্মানজনক মনে করা হয়। বাংলাদেশে বকশিশ প্রদান সম্পূর্ণ ঐচ্ছিক, এটি নির্ভর করে প্রাপকের উদারতা ও খুশির উপর।

আমেরিকায় বিলে নির্দিষ্ট শতাংশ (১৫%-২০%) ধরে টিপ হিসাব করে দেওয়া হয়; বাংলাদেশে বকশিশের কোন নির্দিষ্ট হার নেই, সাধারণত ১০, ২০ বা ৫০ টাকার খুচরা নোট বকশিশ হিসেবে দেওয়া হয়। আমেরিকায় শুধু নির্দিষ্ট হসপিটালিটি ও ডেলিভারি পেশায় নিয়োজিত, যেমন ওয়েটার, ড্রাইভার, বারটেন্ডারকে টিপ দেওয়া হয়। বাংলাদেশে দারোয়ান, কুলি, পিয়ন, অফিসের সহায়ক থেকে শুরু করে নানা স্তরে বকশিশ দেওয়ার চল রয়েছে। আমেরিকায় টিপ কর্মীদের শ্রমের ন্যায্য প্রতিদান হিসেবে বিবেচিত হয়; কিন্তু বাংলাদেশে বকশিশকে অনেক সময় অনুদান, দয়া বা ক্ষেত্র বিশেষে ঘুষের নরম সংস্করণ হিসেবে দেখা হয়।

বাংলাদেশে বকশিশ দেওয়া হয় মূলত সন্তুষ্টি প্রকাশ করতে অথবা কোন কাজ দ্রুত করিয়ে নেওয়ার অতিরিক্ত উৎসাহ হিসেবে। কিন্তু আমেরিকায় এটি বেঁচে থাকার প্রধান অবলম্বন। বাংলাদেশে কোন রেস্তোরাঁ টিপ না দিলে একজন ব্যক্তিকে অপরাধী ভাবা হয় না, কিন্তু আমেরিকায় তা করা হলে ধরে নেওয়া হয় কর্মীকে শ্রম শোষণ করা হচ্ছে।

আমেরিকান টিপস সংস্কৃতি কেবল রেস্তোরাঁর সাধারণ লেনদেন নয়, এটি দেশটির ইতিহাস, বর্ণবাদ, পুঁজিবাদের বিকাশ এবং শ্রম আইনের এক জটিল মিশ্রণ। এটি একদিকে যেমন কর্মীদের ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়, অন্যদিকে মালিকদের দায়িত্বহীন করে তোলে এবং ভোক্তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। আধুনিক যুগে এসে এ নিয়ে হাজারো সমালোচনা ও ক্ষোভ তৈরি হলেও, মার্কিন অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক কাঠামোয় টিপ এমনভাবে জড়িয়ে গেছে যে চাইলেই রাতারাতি এই প্রথা তুলে দেওয়া সম্ভব নয়।

লেখক: বিশেষ লেখক, কালের কণ্ঠ, যুক্তরাষ্ট্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষক ও ভ্যানচালক নিহত, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৯ এম


চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষক ও ভ্যানচালক নিহত, আহত ২

পাবনার চাটমোহরে মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ঘটেছে এক কৃষক ও ভ্যানচালকের। রোববার সকালে ৬টার দিকে চাটমোহর-পাবনা মহাসড়কের মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে আরো দুইজন আহত হয়েছেন।

নিহত কৃষক নজরুল ইসলাম (৭০) ছিলেন উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা হাট গ্রামের মৃত গোলাম ইয়াসিন আলীর পুত্র, এবং ভ্যানচালক আব্দুল মোমিন (৩২) শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

এ ঘটনায় নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫) গুরুতর আহত অবস্থায় রয়েছেন। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সকালে চাটমোহর রেলবাজার (অমৃতকুণ্ডা) হাটে যাওয়ার উদ্দেশ্যে মসুর, রসুন ও সরিষাবোঝাই ব্যাটারিচালিত অটোভ্যানে রওনা দেন নজরুল ইসলামসহ অন্যান্যরা। ভাদ্রা বাইপাস এলাকায় পৌঁছানোর পর অটোভ্যানটির শ্যাফট (ধুলা) ভেঙে যায়। এই সময় পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-২০৪১) তাদের চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই নজরুল ইসলাম ও আব্দুল মোমিনের মৃত্যু ঘটে।

চাটমোহর থানার ওসি মোহা. অলিউর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃতদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ক্ষতিগ্রস্ত ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%