ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাতিসংঘে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ


জাতিসংঘে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার উদ্দেশ্যে গৃহীত ফরাসি-মেক্সিকান উদ্যোগে বাংলাদেশ যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সাথে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান এই অঙ্গীকার করেন।

বৈঠককালে উভয় মন্ত্রী কার্যকর বহুপাক্ষিকতাবাদকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ত্বরান্বিত করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: কুষ্টিয়ায় জজের বাসায় ককটেল নিক্ষেপ, গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হামলা

খলিলুর রহমান বৈঠকে প্রতিশ্রুতি দেন যে, গণনৃশংসতার সঙ্গে সম্পর্কিত পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা প্রয়োগ নিয়ন্ত্রণের লক্ষ্যে ফরাসি-মেক্সিকান উদ্যোগে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেবে।

এই উদ্যোগের উদ্দেশ্য হলো জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার মুহূর্তে নিরাপত্তা পরিষদ যাতে অচল বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে না পড়ে, সেই লক্ষ্যে বড় ধরনের নৃশংসতার ঘটনার সময়ে স্বেচ্ছায় ভেটো ব্যবহারে সংযম বজায় রাখা।

মন্ত্রীদ্বয় উদ্যোগটিকে এগিয়ে নিতে এবং ব্যাপক আন্তর্জাতিক সমর্থন তৈরি করতে জাতিসংঘ সাধারণ পরিষদের মধ্যে নিজেদের প্রচেষ্টাকে কীভাবে সমন্বিত করা যায়, সে বিষয়েও আলোচনা করেন।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গা পরিস্থিতি সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রবণতা (ইম্পিউনিটি) রোধে উভয় পক্ষ তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আরও পড়ুন: কালিয়াকৈরে হাই-টেক পার্কের সামনে প্রাইভেটকারে আগুন, চালক অল্পের জন্য বাঁচলেন

আলোচনাগুলোতে আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বহুপক্ষীয় পদক্ষেপ জোরদার করার বিষয়ে উভয় দেশের অভিন্ন আগ্রহ প্রতিফলিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও ফ্রান্স অর্থনৈতিক বিষয়, সংস্কৃতি, একাডেমিক বিনিময় এবং টেকসই উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আগ্রহও প্রকাশ করেছে। সূত্র বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ

গাজীপুরের শ্রীপুরে পৌর ছাত্রদল আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে, পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজনের নেতৃত্বে মিছিলটি মাওনা চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালীন নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন মন্তব্য করেন, "পলাতক গোষ্ঠী রাতের আঁধারে বিচ্ছিন্নভাবে গোপনে মিছিল করে আবার গা ঢাকা দিচ্ছে।" তিনি আরও বলেন, "তারা আবার বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে শিল্পকারখানার শ্রমিকদের উসকানি দেওয়ার চেষ্টা করছে।" রাজন উল্লেখ করেন, এসব অপতৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত থাকবে।

তিনি যোগ করেন, দেশের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। রাজন বলেন, "দেশের নিরাপত্তা রক্ষায় ছাত্রদলের কর্মীরা দিন-রাত পাহারায় থাকবে।" তিনি সকলকে সতর্ক থাকতে এবং অপশক্তি যাতে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।

সমাবেশে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যে কোনো ধরনের নৈরাজ্য, গুজব ও উসকানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন বাহিনীতে ইরানের হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


মার্কিন বাহিনীতে ইরানের হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইলন মাস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মার্কিন বাহিনীর ওপর আক্রমণে ইরান স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সূত্রের বরাতে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সামরিক প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত দুটি ঘটনায় স্টারলিংকের অননুমোদিত ব্যবহারের বিষয়টি স্পেসএক্সের একটি দলের ধারণা। এই বিষয়টি জানার পর প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক ক্ষুব্ধ হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া, মার্কিন সামরিক বাহিনীও একমুখী চালকবিহীন বিমান পরিচালনায় স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে।

স্পেসএক্স এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এই বিষয়ে কোনো প্রতিবেদন নেই।

ইরানে স্টারলিংক ব্যবহারের অনুমতি নেই। তবে দেশটিতে ইন্টারনেট নিয়ন্ত্রণের কারণে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহারের বিভিন্ন প্রতিবেদন রয়েছে।

উল্লেখ্য, স্টারলিংক (Starlink) হলো স্পেসএক্স (SpaceX) পরিচালিত একটি স্যাটেলাইট-ভিত্তিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, যার প্রধান ইলন মাস্ক।

সূত্র: রয়টার্স , ওয়াশিংটোন পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ১০ জন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১০ জন। হতাহতদের অধিকাংশই শিশু। শনিবার (২৮ নভেম্বর) প্রাদেশিক রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, স্কুলের পাশের একটি বিস্ফোরক সংরক্ষণাগারে অসতর্কতার কারণে বিস্ফোরণটি ঘটেছে। সেখানে খননকাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের বিস্ফোরক রাখা হতো। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্যবিষয়ক পরিচালক সামি উল হক বায়ান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরক সংরক্ষণাগারে অবহেলার কারণেই স্কুলটিতে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানান, স্থানীয় সময় সকাল ১০টার দিকে আসাদাবাদের উপকণ্ঠে আন্দার সের এলাকায় স্কুলটিতে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পর স্কুল ভবনের একটি অংশ ধসে পড়ে। শ্রেণিকক্ষের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় ধুলায় ঢেকে যাওয়া শিশুদের স্কুলব্যাগ। উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণে অনেক শিশু আহত হয়। কেউ ভাঙা কাচের আঘাতে, কেউ দেয়াল ও ছাদ ধসে আহত হয়েছে। কয়েকজন ধ্বংসস্তূপের নিচেও আটকা পড়ে।

স্কুলের পাশের বাড়িতে থাকা নূর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শুনে তিনি ধুলার মধ্যে ছুটে যান। ওই স্কুলে তাঁর পরিবারের শিশুরাও পড়ত। একটি কক্ষে চিৎকার ও কান্নার শব্দ শুনে সেখানে ঢুকে নিজের ভাগনির হাত দেখতে পান। পরে ইট সরিয়ে তাকে এবং অন্য আহতদের উদ্ধার করেন।

বিস্ফোরণে আহত ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হাজি সুলাইমান জানান, বিস্ফোরণের পর কাঠের টুকরা ও মানুষের শরীরের অংশ চারদিকে ছড়িয়ে পড়তে দেখেন তিনি। স্কুলে গিয়ে দেখেন, কয়েকটি শিশুর মৃত্যু হয়েছে, অনেকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ভবনের ছাদ ও দেয়ালের বড় অংশ ধসে গেছে।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, কুনার প্রদেশের স্কুলের কাছে বিস্ফোরণে বহু শিশুর প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। সংস্থাটি জানিয়েছে, আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসাসেবা দিতে এবং ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর প্রয়োজন নিরূপণে তারা সহযোগিতা করছে।

এর আগে গত আগস্টে রাজধানী কাবুলের একটি স্কুল প্রাঙ্গণে হাতবোমা হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্জ হ্যারিসনের ২৫তম প্রয়াণ দিবসে বাংলাদেশের জন্য গান ও বিশ্বজুড়ে সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


জর্জ হ্যারিসনের ২৫তম প্রয়াণ দিবসে বাংলাদেশের জন্য গান ও বিশ্বজুড়ে সমর্থন

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল শুধুমাত্র একটি ভূখণ্ডের স্বাধীনতার জন্য লড়াই নয়, বরং মানবতার পক্ষে বিশ্ববিবেকের কাছে একটি বড় পরীক্ষা ছিল। যখন পাকিস্তানি বাহিনীর বর্বরতা, গণহত্যা এবং শরণার্থীদের দুর্দশার খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছিল, তখন যুক্তরাষ্ট্রে বসে ব্রিটিশ সংগীতশিল্পী জর্জ হ্যারিসন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সংগীতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানুষের অসহায়ত্ব ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে তুলে ধরেছিলেন। আজ সেই অকৃত্রিম বন্ধুর প্রয়াণের ২৫ বছর পূর্ণ হলো।

রোববার (২৯ নভেম্বর) কিংবদন্তি সংগীতশিল্পী জর্জ হ্যারিসনের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। ২০০১ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যানসারে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে মারা যান দ্য বিটলসের লিড গিটারিস্ট জর্জ হ্যারিসন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তাঁর নাম বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর কারণে। ১৯৭১ সালে বাংলাদেশের শরণার্থীদের মানবিক বিপর্যয়ের কথা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছিলেন বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর। তাঁর আহ্বানে সাড়া দিয়ে হ্যারিসন পাশে দাঁড়ান। দুজনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় ইতিহাসের অন্যতম স্মরণীয় একটি দাতব্য সংগীতানুষ্ঠান।

১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। সেখানে জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে মঞ্চে উঠেছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, লিওন রাসেল ও ওস্তাদ আলী আকবর খানের মতো বিশ্ববরেণ্য শিল্পীরা। এই সংগীতানুষ্ঠানে প্রায় ৪০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। সংগীতের এই আয়োজন থেকে সংগৃহীত অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় ব্যয় করা হয়।

তবে এই আয়োজনের গুরুত্ব কেবল অর্থ সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক জনমত গড়ে তোলা এবং যুদ্ধের ভয়াবহতা বিশ্ববাসীর সামনে তুলে ধরার ক্ষেত্রেও এটি হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগ।

কনসার্টকে ঘিরেই জর্জ হ্যারিসন রচনা ও সুর করেন ‘বাংলাদেশ’ শিরোনামের গানটি। গানের কথায় তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মানুষের দুর্দশা, শরণার্থীদের অসহায়ত্ব এবং তাদের জন্য বিশ্ববাসীর এগিয়ে আসার প্রয়োজনীয়তা তুলে ধরেন। গানটি প্রকাশের পর আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সংগীতের ভাষায় বাংলাদেশের মানবিক সংকটকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি হয়ে ওঠে এক স্মরণীয় সৃষ্টি।

জর্জ হ্যারিসন ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে জন্মগ্রহণ করেন। দ্য বিটলসের সদস্য হিসেবে তিনি বিশ্বজুড়ে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। ষাটের দশকে ব্যান্ডটির সাফল্যের চূড়ায় পৌঁছানোর পর ১৯৭০ সালে এর আনুষ্ঠানিক অবসান ঘটে। এরপর একক শিল্পী হিসেবেও নিজের স্বতন্ত্র সংগীতভুবন তৈরি করেন হ্যারিসন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। মৃত্যুর দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাংলাদেশের ইতিহাসে তাঁর ভূমিকা আজও অমলিন।

একাত্তরে বাংলাদেশের মানুষের দুর্দিনে তিনি পাশে দাঁড়িয়েছিলেন কোনো রাজনৈতিক বা ভৌগোলিক সীমারেখার কারণে নয়, মানবিক দায়বদ্ধতা থেকে। তাঁর গান ও উদ্যোগ মনে করিয়ে দেয়, কখনো কখনো একটি কণ্ঠ, একটি গান কিংবা একটি সাংস্কৃতিক আয়োজনও নিপীড়িত মানুষের পক্ষে বিশ্বজুড়ে জনমত গড়ে তুলতে পারে। তাই জর্জ হ্যারিসন বাংলাদেশের কাছে শুধু একজন কিংবদন্তি সংগীতশিল্পী নন, তিনি মুক্তিযুদ্ধের এক অকৃত্রিম বিদেশি বন্ধু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%