০৪:০৫ পি.এম
অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা বিস্ফোরক দাবি করেছেন। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় ঘটে যাওয়া বল টেম্পারিংয়ের ঘটনায় পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল বলে তিনি উল্লেখ করেন। খাজা জানান, কেপটাউন টেস্টের আগে পোর্ট এলিজাভেত টেস্টেও তারা স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন।
নিজের আত্মজীবনী ‘সবর’ প্রকাশিত হওয়ার কয়েকদিন আগে খাজা নাইন পত্রিকাকে এই তথ্য প্রদান করেন। তার বক্তব্য অনুযায়ী, ঘটনার তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কর্তৃক নিয়োগ করা তদন্তকারী তাকে কখনো জিজ্ঞাসাবাদ করেননি, যদিও তিনি ড্রেসিংরুমে ক্যামেরন ব্যানক্রফটের পাশেই বসতেন।
খাজা জানান, তার আত্মজীবনীতে এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। বইটি সম্পর্কে তিনি ইতিমধ্যে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গকে অবহিত করেছেন। উল্লেখ্য, কোনো প্রতিষ্ঠিত লেখক কিংবা সাংবাদিকের সহায়তা ছাড়াই খাজা নিজেই বইটি রচনা করেছেন।
আরও পড়ুন: মেসি-রোনালদো-নেইমারের বিদায়: শেষ গোলের অদ্ভুত মিল পেনাল্টিতে
নাইনকে খাজা বলেন, “আমরা সবাই এতে জড়িত ছিলাম। শুধু ব্যাটাররা নয়, শুধু বোলাররা নয়, শুধু সাপোর্ট স্টাফরাও নয়; আমরা সবাই।” এতদিন ধরে ক্রিকেট অস্ট্রেলিয়া, সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের পক্ষ থেকে যে বক্তব্য জনসমক্ষে দেওয়া হয়েছিল, তা হলো, এই ঘটনায় কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফট দায়ী ছিলেন।
স্মিথ ও ওয়ার্নারকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। অন্যদিকে ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। সে সময় টেস্ট দলের সহ-অধিনায়ক থাকা ওয়ার্নারকে আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে আজীবনের জন্য সব ধরনের নেতৃত্বের দায়িত্ব থেকেও নিষিদ্ধ করা হয়েছিল। ২০২৪ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
খাজা জানিয়েছেন, সত্য প্রকাশের দায়িত্ব নিতে তিনি চাননি। তবে শেষ পর্যন্ত তিনি মনে করেছেন, বিষয়টি প্রকাশ করা তাঁর নৈতিক দায়িত্ব। তিনি বলেন, “আদর্শ পরিস্থিতিতে আমি চাই না, আমাকে এসব করতে হোক। আমিই যে সামনে এসে সত্যিটা বলব, সেটাও চাই না। সমস্যা হলো, আট বছর পরও সত্যটা প্রকাশিত হবে বলে আমি সত্যিই ভেবেছিলাম।”
আরও পড়ুন: বিশ্বকাপ ‘ফাইনাল কাণ্ডে’ আর্জেন্টাইন তারকা মলিনার শাস্তি কমল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন