ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুলিয়ারচরে জুয়েল হত্যাকারী হিসেবে ফেসবুকে প্রচারিত 'তালিকা' নিয়ে বিতর্ক, প্রকৃত অপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ


কুলিয়ারচরে জুয়েল হত্যাকারী হিসেবে ফেসবুকে প্রচারিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রকাশ্য দিবালোকে নিরপরাধ তরুণ জুয়েল মিয়াকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে এলাকায়। হত্যাকাণ্ডের পর প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে যখন উত্তাল কুলিয়ারচর, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুয়েল হত্যাকারী উল্লেখ করে বেশ কয়েকজন যুবকের নাম ও ছবি ছড়িয়ে পড়া নিয়ে এলাকায় নতুন করে ধোঁয়াশা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবী, এই সুযোগে ব্যক্তিগত বা সামাজিক শত্রুতার জেরে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। অন্যদিকে, পুলিশ জানিয়েছে অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

হত্যাকাণ্ডের ১২ ঘণ্টা পার হতে না হতেই জুয়েল হত্যার সাথে জড়িত উল্লেখ করে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা গ্রামের সাকিব, শাউন, সোহান, রনি, আসিফ ও জিদনীসহ বেশ কয়েকজনের নাম ও ছবি ফেসবুকের বিভিন্ন আইডিতে ছড়িয়ে পড়ে। এতো দ্রুত কীভাবে সবার ছবি সংগ্রহ করা হলো এবং পোস্টকারীরা ঘটনার প্রত্যক্ষদর্শী বা রাজসাক্ষী কি না-তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন/ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা, কার ওপর আস্থা রাখছেন ভোটাররা

এ বিষয়ে বড়চারা গ্রামের যুবক মো. নাঈম আনোয়ার তার ব্যবহৃত ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন: "আমাদের যুবসমাজের কাছে অন্তত এমন সহিংস আচরণ কখনো আশা করিনি। গুটি কয়েক ছেলের জন্য আজ সমস্ত এলাকাবাসী বর্বরতার তকমা মাথায় নিয়ে ঘুরছে। সেই সাথে নিরপরাধ কিছু ছেলেদের নামও শোনা যাচ্ছে। প্রকৃত দোষীরা শাস্তির আওতায় আসুক, সমাজে আবার শান্তি ফিরে আসুক এটাই প্রত্যাশা।"

এলাকাবাসীর দাবি, কোনো নিরপরাধ যুবক যেন অন্যের অপরাধের দায় নিয়ে হয়রানির শিকার না হয়, আবার কোনো প্রকৃত অপরাধী যেন রাজনৈতিক সেল্টারে কিংবা মোটা অংকের টাকার বিনিময়ে কোনোভাবে পার পেয়ে না যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই শুক্রবার বিকেলে জুয়েল মিয়া তার এক বন্ধুর ডিমের গাড়িতে চড়ে আগরপুর বাসস্ট্যান্ড থেকে লক্ষ্মীপুর বাজারের দিকে যাচ্ছিলেন। গাড়িটি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা বাজারের ১০০ গজ পশ্চিমে পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত গাড়ির গতি রোধ করে। তারা জুয়েলকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তায় এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় জুয়েল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জুয়েল গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের অটোরিকশা চালক মো. কুদ্দুস মিয়ার ছেলে।

আরও পড়ুন: বরিশালে ডিএইচএমএস ভর্তি পরীক্ষা: সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিল বিএমপি

এলাকাবাসীর তথ্যমতে, লক্ষ্মীপুর ও বড়চারা এলাকার কয়েকজন যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তবে নিহত জুয়েল সম্পূর্ণ নিরপরাধ ছিলেন এবং ওই বিরোধের সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। কোনো অপরাধ বা কোন্দলে জড়িত না থেকেও কেবল পরিস্থিতির শিকার হয়ে অকালে প্রাণ হারাতে হলো এই সম্ভাবনাময় যুবককে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যার পর জুয়েল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ বিচার ফাঁসির দাবিতে নিহতের নামাজে জানাজা শেষে এক অভূতপূর্ব বিক্ষোভের সৃষ্টি হয়। লাশ দাফনের আগে ক্ষুব্ধ এলাকাবাসী খাটিয়া কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নিহতের নিজ বাড়ি লক্ষ্মীপুর বুধাইবাড়ি গিয়ে শেষ হয়। শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেওয়া হয়। পরে পারিবারিক কবরস্থানে অশ্রুসিক্ত নয়নে জুয়েলের মরদেহ সমাহিত করা হয়।

লাশ দাফনের পর ফেসবুকে ও প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয় রোববার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর বাজার ঈদগাহ সংলগ্ন রাস্তায় জুয়েল হত্যার বিচার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: দুমকিতে লটারির মাধ্যমে কর্মী নির্বাচন, উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা

হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, "হত্যার কারণ উদঘাটন এবং দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।"

একটি নিরীহ যুবকের এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি এখন কুলিয়ারচরের সর্বস্তরের মানুষের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন বাদশা সালমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ এম


সৌদির মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন বাদশা সালমান

সৌদি আরবের মন্ত্রিসভা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছেন দেশটির বাদশা, সালমান বিন আবদুলআজিজ। শনিবার (১১ জুলাই) একগুচ্ছ রাজকীয় ফরমানে এই রদবদলের আদেশ জারি করেছেন দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান।

ঘোষিত আদেশ অনুযায়ী, বন্দর আল-খোরারফকে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন যুবরাজ আবদুলআজিজ বিন সালমান। তিনি নতুন এই দায়িত্বের পাশাপাশি নিজের বর্তমান জ্বালানি মন্ত্রীর পদটিও বহাল রাখবেন।

অন্যদিকে, সদ্য সাবেক শিল্পমন্ত্রী বন্দর আল-খোরারফকে নতুন করে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাকে মন্ত্রিপরিষদের সদস্য করা হয়েছে। একই সঙ্গে ইঞ্জিনিয়ার আহমদ আল-ওহালিকে সামরিক শিল্প বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের গভর্নরের পদ থেকে সরিয়ে সেখানে বন্দর আল-খোরারফকে ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসনিক এই বড় রদবদলে পরিবর্তন এসেছে দেশটির বিচার ও আইনি বিভাগেও। রাজকীয় আদেশে শালান আল-শালানকে ডেপুটি পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাজকীয় আদালতের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ড. মোহাম্মদ আল-মুতলাককে দেশটির বিচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে জেদ্দার নতুন মেয়র হিসেবে এহসান বাফাকিহকে নিয়োগ দিয়েছেন সৌদি বাদশা। পাশাপাশি দেশের ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে বড় পরিবর্তন এনে তালাল আল-হামুদকে সৌদি কেন্দ্রীয় ব্যাংকের প্রযুক্তি বিষয়ক ডেপুটি গভর্নর এবং আবদুল ইলাহ আল-দুহাইমকে নির্বাহী বিষয়ক ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সূত্র: সৌদি গ্যাজেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাটলার-ব্রুকের ঝড়ে ভারতকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩২ এম


বাটলার-ব্রুকের ঝড়ে ভারতকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

ক্যারিয়ার সায়াহ্ন পৌঁছানো জস বাটলার আচমকা হাজির হয়েছেন তাঁর পুরনো বিধ্বংসী রূপে। অত্যন্ত চিত্তাকর্ষক অধিনায়কত্ব করা হ্যারি ব্রুকও ঝড় তুলেছেন। বাটলার খেলেছেন ক্যারিয়ারসেরা একটি ইনিংস আর ব্রুক সেঞ্চুরির আগে থেমেছেন বল ফুরিয়ে যাওয়ার কারণে। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ড সফরকারী ভারতকে একটি পাহাড় সমান লক্ষ্য প্রদান করেছে, যা প্রাণপণে চেষ্টা করেও টপকাতে ব্যর্থ হয়েছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দল। ফলস্বরূপ, পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হলো টানা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলকে।

শনিবার (১১ জুলাই) সাউদাম্পটনের রস বোলে জস বাটলারের অসাধারণ সেঞ্চুরি ও অধিনায়ক ব্রুকের সেঞ্চুরির কারণে ইংল্যান্ড সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৫৬ রানে পরাজিত করেছে।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ভারত জয়হীনই রয়ে গেল। সিরিজটি ইংল্যান্ড ৪-০ ব্যবধানে জিতেছে এবং ভারতকে হোয়াইটওয়াশের লজ্জায় সম্মুখীন করেছে। চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল ছিল।

ম্যাচের টসে জয়ী হয়ে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ২৫৭ রানের বিশাল স্কোর গড়ে। অধিনায়ক ব্রুক ও বাটলারের দ্বিতীয় উইকেটের বিধ্বংসী জুটি ২৩৩ রানের ছিল, যা এই বিশাল সংগ্রহের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে।

বিপরীতে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত ২০১ রানে থেমেছে।

যাহোক, ইংল্যান্ডের শুরুটা এদিন মোটেও ভালো হয়নি। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মাত্র ৮ রানের মাথায় ফিল সল্টকে বিদায় জানান প্রসিধ কৃষ্ণা। এ ছাড়া ক্রিজে আসেন অধিনায়ক ব্রুক। তিনি বাটলারের সঙ্গে মিলে অত্যন্ত আগ্রাসী ব্যাটিংতে ম্যাচের চিত্র পুরোপুরি পাল্টে দেন। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ২৩৩ রান যোগ করেন।

পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে যেকোনো উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের একটি জুটি। ইনিংসের ১৯তম ওভারের চতুর্থ বলে শিভাম দুবে অবশেষে বাটলারকে ফিরিয়ে দেন এবং এই জুটি ভাঙেন।

বাটলার ৬৪ বল খেলে ১৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। যেখানে ছিল ১২টি চার ও ৮টি ছক্কা।

এরপর দুবে ১৯তম ওভারে আবারও আঘাত হানেন এবং জ্যাকব বেথেলকে প্রথম বলেই আউট করেন। তবে ব্রুক শেষ পর্যন্ত ক্রীজে টিকে থাকেন। ইংল্যান্ড অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৫ বল খেলে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ১২টি বাউন্ডারি, যার মধ্যে ৮টি ছিল ছক্কা।

ভারতের হয়ে দুবে ১ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। অন্যদিকে প্রসিধ কৃষ্ণা ৪ ওভারের বিনিময়ে ৩৮ রান দিয়ে ১ উইকেট পান।

২৫৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দেশ ভারত ক্রমবর্ধমান রানরেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি। ফলে তারা ইংল্যান্ডের কাছে টানা চতুর্থ হারের স্বাদ গ্রহণ করে।

ভারতের হয়ে সর্বাধিক স্কোর করেন ইশান কিশান, যিনি ৩৫ বল খেলে ৫৬ রান করেন। তিলক ভার্মা ২৫ বলে ৫৩ রানের লড়াকু ইনিংস খেলেন, যার মধ্যে ৪টি ছক্কা ও ৩টি চার ছিল। এছাড়া অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৮, ওপেনার সাঞ্জু স্যামসন ২৭ এবং দুবে ১৪ রান করেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সেরা পারফর্মার ছিলেন স্যাম কুরান, যিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া আদিল রশিদ ২টি এবং লিয়াম ডসন, জশ টাং এবং জোফরা আর্চার একটি করে উইকেট নিয়ে থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড-নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৭ এম


সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড-নরওয়ে

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়ে উঠেছে ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও নরওয়ে। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচে সব আলো কেড়ে নিয়েছে সময়ের সেরা দুই স্ট্রাইকার—ইংল্যান্ডের হ্যারি কেইন এবং নরওয়ের আর্লিং হালান্ডের লড়াই। পরিসংখ্যানের বিচারে ইংল্যান্ড কিছুটা এগিয়ে আছে। তবে অতীতের দুই স্মরণীয় জয়ের স্মৃতি নিয়ে আত্মবিশ্বাসী নরওয়েও রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বকাপ কিংবা ইউরোসহ কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দল দুটি। এর আগে ইংল্যান্ড ও নরওয়ে মোট ১২ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড সাতটি ম্যাচ জিতে থাকলেও, নরওয়ে দুটি ম্যাচ জয়ী হয়েছে এবং বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। নরওয়ের সবচেয়ে স্মরণীয় জয়টি আসে ১৯৮১ সালে অসলোতে। সেই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও রজার আলবার্টসেন ও হলভার থোরেসেনের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা। ১৯৯৪ বিশ্বকাপ বাছাইপর্বেও ইংল্যান্ডকে চমকে দিয়েছিল নরওয়ে। ওয়েম্বলিতে প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর অসলোর উলেভাল স্টেডিয়ামে ২-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। তবে সেই জয়ের পর আর কখনও ইংল্যান্ডকে হারাতে পারেনি নরওয়ে। এরপর দুই দলের চারটি সাক্ষাতে তিনবার জিতেছে ইংল্যান্ড এবং একটি ম্যাচ হয়েছে ড্র। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে। ওয়েম্বলিতে অনুষ্ঠিত ওই প্রীতি ম্যাচে ওয়েইন রুনির পেনাল্টি থেকে করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড। দীর্ঘ এক দশক পর আবারও মুখোমুখি হয়ে পড়েছে দুই দলের লড়াই, যেখানে বাজি সেমিফাইনালের টিকিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ডিসিসিআইয়ের মতবিনিময়সভা

ব্যবসা সহজীকরণে জোর উদ্যোক্তাদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪০ এম


ব্যবসা সহজীকরণে জোর উদ্যোক্তাদের

বৈশ्वিক বাণিজ্যের অনিশ্চয়তা, উচ্চ সুদের ব্যাংকঋণ, জ্বালানিসংকট ও প্রশাসনিক জটিলতার কারণে ব্যবসা পরিচালনা ক্রমশ কঠিন হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ধানমণ্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসা পরিচালনার খরচ কমানো, ট্রেড লাইসেন্সসহ সরকারি সেবার ডিজিটাইজেশন, এলসি খোলার প্রক্রিয়া সহজীকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানানো হচ্ছে।

গতকাল শনিবার রাজধানীর নিউ ধানমণ্ডি কনভেনশন হলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন’ শীর্ষক মতবিনিময়সভায় এসব দাবি জানানো হয়। সভায় ধানমণ্ডি-মোহাম্মদপুর এলাকার ১৫টি ব্যবসায়ী সংগঠনের নেতারা এবং শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘দেশের ব্যবসায়ীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কর ও ভ্যাট সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক প্রতিবন্ধকতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি ও বিদ্যুতের সংকটের কারণে উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে।

একই সঙ্গে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের বিক্রি ও টার্নওভারে নেতিবাচক প্রভাব ফেলছে।’ তিনি উল্লেখ করেন, ‘সাম্প্রতিক বাজেটে উৎস করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, শিল্পের কাঁচামাল আমদানিতে উৎস কর হ্রাস এবং সিএমএসএমই খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা ইতিবাচক পদক্ষেপ হলেও উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা এবং সরকারি ব্যাংকঋণনির্ভরতা বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত করছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহমুদুন নবী, এনবিআরের দ্বিতীয় সচিব নুসরাত ফারজানা, ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ, ডিএমপির উপকমিশনার মো. তারেক জুবায়ের এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বক্তব্য দেন।

তারা ব্যবসা সহজীকরণ, করব্যবস্থার আধুনিকায়ন, চাঁদাবাজি দমন, ট্রেড লাইসেন্স সেবা উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

মুক্ত আলোচনায় ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ পাঁচ বছর করতে, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে প্রণোদনা দিতে, নতুন উদ্যোক্তাদের এলসি সুবিধা সম্প্রসারণের দাবি জানান। এছাড়া রিয়েল এস্টেট খাতে করহার হ্রাস, চশমাশিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানি সহজীকরণ এবং ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং খাতের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

অনুষ্ঠানের শেষে ৩৯টি প্রতিষ্ঠানকে ডিসিসিআইয়ের সদস্য পদ সনদ প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%