১১:২৭ পি.এম
মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশাচালক হাবিবুর রহমানের হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনার আট ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অটোরিকশার চারটি ব্যাটারিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন আছকান মিয়া, আমিন আলী, সোহেল মিয়া ও মোসাব্বির। তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত।
মৌলভীবাজার মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত হাবিবুর রহমান সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন।
আরও পড়ুন: চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধারের পরপরই পুলিশ তদন্তে নামে। একপর্যায়ে বড়বাড়ি এলাকা থেকে ব্যাটারি ছাড়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আছকান মিয়া, আমিন আলী ও সোহেল মিয়াকে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বড়হাট এলাকার আবিদা স্টোর থেকে অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। এরপর ব্যাটারি কেনার অভিযোগে দোকানমালিক মোসাব্বিরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টার দিকে আছকান মিয়া যাত্রী সেজে শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশা ভাড়া করেন। পরে তাকে নিয়ে যান সহযোগী আমিন আলীর বাড়িতে। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আমিন। বাড়িতে নেওয়ার পর আছকান ও আমিন কৌশলে হাবিবুরকে আটক করেন। পরে আছকান ফোন করে সোহেলকে সেখানে ডেকে নেন।
এরপর তিনজন মিলে হাবিবুরের গলায় গলাবন্ধনী পেঁচিয়ে এবং নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। হত্যার পর মরদেহ আমিনের ঘরের এক পাশে রেখে তারা চলে যান। পরে আছকান ও সোহেল অটোরিকশার চারটি ব্যাটারি বড়হাট এলাকার আবিদা স্টোরের দোকানমালিক মোসাব্বিরের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
আরও পড়ুন: নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন