০৯:১৪ পি.এম
নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রতিবাদ করার পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা উল্লেখ করেছেন, প্রতিবছর নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি ও প্রতিবাদ অনুষ্ঠিত হলেও সহিংসতা কমছে না। বরং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি এই ধরনের অপরাধকে উৎসাহিত করছে। তাই অপরাধীদের সুরক্ষা নয়, বরং সহিংসতার শিকার নারীর ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়। সেভ দ্য চিলড্রেন আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধ হোক, অপরাধীর দায়মুক্তি নয়—নিশ্চিত হোক ন্যায়বিচার।’
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সবুজের অভিযানের নাট্যদল সচেতনতামূলক নাটক পরিবেশন করে। টিম তরঙ্গের সদস্যরা আত্মরক্ষার কৌশল প্রদর্শন করেন। বরিশালের আগৈলঝাড়ার নারীরা কাঁসর, ঘণ্টা ও ঢোল বাজিয়ে এবং কুলার বাতাস দিয়ে নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া রৌদ্রযাত্রা সংগীতদল জাগরণী সংগীত পরিবেশন করে।
আরও পড়ুন: দাফনের ২০ মাস পর সিরাজগঞ্জে কবর থেকে দুই যুবকের লাশ উত্তোলন
বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা। তিনি বলেন, পরিবার, কর্মক্ষেত্র ও পথেঘাটে নারীর প্রতি সহিংসতা ঘটছে। প্রতিবছর এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। সহিংসতার পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, প্রতি বছর সহিংসতার মাত্রা বাড়ছে। অপরাধীদের দায়মুক্তি নয়, তাদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। অপরাধীর শাস্তি হলে সমাজে সচেতনতা বৃদ্ধি পাবে।
সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি শারমিন সুলতানা লাবণ্য বলেন, ঘরে-বাইরে নারীর প্রতি প্রতিনিয়ত সহিংসতা ঘটছে। এ বাস্তবতা সমাজের সামনে তুলে ধরতে সকলকে সোচ্চার হতে হবে। একজন নারীকে কর্মক্ষেত্রে ভালো কর্মী, পরিবারে ভালো মা ও স্ত্রী হিসেবে নিজেকে বারবার প্রমাণ করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত নানা ভূমিকায় তাকে পরীক্ষার মুখোমুখি হতে হয়।
তিনি আরো বলেন, সমাজে নারীর প্রধান সমস্যা শুধু সহিংসতা নয়, বরং সহিংসতাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার প্রবণতা। ঘরে কিংবা বাইরে কোথাও নারীরা পুরোপুরি নিরাপদ নন। এ পরিস্থিতির পরিবর্তনে ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি তৈরি করা জরুরি।
অনুষ্ঠানে আটটি সংগঠনের পক্ষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সবুজের অভিযানের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম। তিনি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের জন্য নয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, যৌন নির্যাতন ও ধর্ষণসহ সব ধরনের সহিংসতা প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়ন, প্রচলিত আইনের প্রয়োজনীয় সংস্কার এবং যথাযথ বাস্তবায়ন। সহিংসতার শিকার নারীর শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিপূরণের বিধান আইনে অন্তর্ভুক্ত করতে হবে।
আরও পড়ুন: হাতিরঝিলে ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, ল্যাপটপ ক্ষতিগ্রস্ত
তিনি আরো বলেন, অনলাইন যৌন হয়রানি, সাইবার বুলিং, হুমকি, সম্মতি ছাড়া ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি যৌন নিপীড়নমূলক কনটেন্টের বিরুদ্ধে কার্যকর আইন করতে হবে। এসব অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। একই সঙ্গে অপরাধের দায়মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
দাবিগুলোর মধ্যে আরো রয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা, অপরাধী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, ডিজিটাল প্ল্যাটফর্মের জবাবদিহি এবং অনলাইন সহিংসতার শিকার নারীদের জন্য নিরাপদ ও সহজলভ্য অভিযোগ ও প্রতিকারব্যবস্থা গড়ে তোলা। নারীর নিরাপত্তায় রাষ্ট্রীয় উদ্যোগের সঙ্গে সামাজিক ও পারিবারিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন