ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে যানজট নিরসনে একযোগে মাঠে নেমেছে প্রশাসন, সিটি কর্পোরেশন ও ব্যবসায়িক সংগঠন


নারায়ণগঞ্জে যানজট নিরসনে একযোগে মাঠে নেমেছে প্রশাসন, সিটি কর্পোরেশন ও ব্যবসায়িক সংগঠন

নারায়ণগঞ্জের যানজট পরিস্থিতি নিয়ে ৪ অক্টোবর দৈনিক ইনকিলাবে প্রকাশিত তথ্যবহুল সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের প্রশাসন, সিটি কর্পোরেশন এবং ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয় হয়ে উঠেছেন। যানজট নিরসনে সোমবার বিকেলে তারা একযোগে মাঠে নেমেছেন।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মডেল গ্রুপ ও ‘উই আর ভলান্টিয়ার’ ২২ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে ট্রাফিক পুলিশের সহায়তা করার জন্য। এই স্বেচ্ছাসেবকরা এক মাস ধরে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করবেন।

সোমবার বিকেলে চাষাঢ়া মোড়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের মধ্যে জ্যাকেট ও বডি ক্যামেরা বিতরণ করা হয়।

আরও পড়ুন: জাপান সফর দুই দেশের সম্পর্ক উন্নীত করবে : জহির উদ্দিন স্বপন

আবুল কালাম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "দীর্ঘদিনের জঞ্জাল ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা নারায়ণগঞ্জ শহরকে পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে কিছুটা সময় ও ধৈর্য প্রয়োজন।" তিনি আরও বলেন, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, নগরে যান চলাচল স্বাভাবিক রাখতে হকার ও অটোরিকশাসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, সিটি করপোরেশন ইতোমধ্যে যানজট নিয়ন্ত্রণে কর্মী নিয়োগ করেছে এবং প্রয়োজন হলে আরও কর্মী নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, "অটোরিকশা ও রিকশার ক্ষেত্রে নির্ধারিত ব্যবস্থা ও পরিচয়পত্রের আওতায় থাকা যানবাহন চলাচল করবে।" নগরকে অপরাধমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে পুলিশ, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল জানান, "আমরা ছোট টিম হিসেবে ২২ জন স্বেচ্ছাসেবক দিয়েছি। তাঁরা মাসব্যাপী কাজ করবেন। তাঁদের বেতন বাবদ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা খরচ হবে। ব্যবসায়ী ও সংগঠনগুলো মিলে এই ব্যয় বহন করছি।" তিনি বলেন, চেম্বার অব কমার্স, বিকেএমইএ ও মডেল গ্রুপ এ কার্যক্রমে সহযোগিতা করছে।

আরও পড়ুন: পূজা শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর: এমপি খোকন

তিনি আরও বলেন, "ট্রাফিক পুলিশের আহ্বানে এবং নারায়ণগঞ্জবাসীর সুবিধার কথা বিবেচনা করে আমরা সবসময় এগিয়ে আসি। নারায়ণগঞ্জবাসীর স্বার্থে ব্যবসায়ীরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।"

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান সভায় বলেন, "চাষাঢ়া মোড় নারায়ণগঞ্জ নগরের ‘হার্ট’।" তিনি উল্লেখ করেন, এই গুরুত্বপূর্ণ মোড় যানজটমুক্ত রাখতে পারলে নগরবাসীর কর্মঘণ্টা সাশ্রয় হবে।

তিনি জানান, চাষাঢ়া মোড়কে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অটোরিকশার স্ট্যান্ড ও হকার বসার কারণে যানজট তৈরি হয়। সবার সহযোগিতায় প্রথমে চাষাঢ়া থেকে এ কার্যক্রম শুরু করা হচ্ছে এবং পর্যায়ক্রমে যানজটপ্রবণ অন্যান্য এলাকাতেও পরিকল্পনা নেওয়া হবে।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সোহেল আক্তার সোহান এবং ‘উই আর ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু প্রমুখ।

আরও পড়ুন: মানিকগঞ্জে ২২২ পূজামণ্ডপে এমপি জিন্নাহ কবিরের উপহার বিতরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫২ এম


বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। এর চেয়ে আবেগঘন বিদায় আর কী হতে পারে! তবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে শুধু আবেগ নয়, ইতিহাস গড়ার হাতছানিও অপেক্ষা করছে। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের খুব কাছেই আছেন আর্জেন্টাইন মহাতারকা।

বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে এরই মধ্যে। সেই বিদায়ী ম্যাচেই নতুন একটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার সামনে।

সরাসরি ফ্রি-কিক থেকে মেসির গোলসংখ্যা বর্তমানে ৭৬টি। সর্বকালের তালিকায় তার ওপরে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনহো কারিওকা, যার ফ্রি-কিক থেকে গোল ৭৮টি। অর্থাৎ, বেনিনের বিপক্ষে দুটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলেই তিনি মার্সেলিনহোকে ছুঁয়ে ফেলবেন। আর তিনটি গোল করতে পারলে এককভাবে তালিকার শীর্ষে উঠে যাবেন।

সম্প্রতি দুর্দান্ত কয়েকটি ফ্রি-কিক গোল করে রেকর্ডের এতটা কাছে পৌঁছেছেন মেসি। গত ২৯ আগস্ট মন্ট্রিয়লের বিপক্ষে একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এরপর ২০ সেপ্টেম্বর সান দিয়েগোর বিপক্ষেও ফ্রি-কিক থেকে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ ২৭ সেপ্টেম্বর কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফ্রি-কিক গোল করেন তিনি। এই গোলগুলোর ফলে তার মোট ফ্রি-কিক গোলের সংখ্যা দাঁড়ায় ৭৬-এ।

তাহলে বেনিনের বিপক্ষে সমীকরণটি পরিষ্কার। একটি গোল করলে রেকর্ডের ব্যবধান নেমে আসবে একটিতে। দুটি গোল করলে তিনি স্পর্শ করবেন মার্সেলিনহোকে। আর তিনটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলে নতুন বিশ্বরেকর্ড গড়বেন মেসি।

কিন্তু কাজটি যে সহজ নয়, সেটিও পরিষ্কার। ক্লাব ক্যারিয়ারে একই ম্যাচে একাধিক সরাসরি ফ্রি-কিক গোল করার কীর্তি মেসির রয়েছে মাত্র চারবার। বার্সেলোনার হয়ে তিনবার এবং ইন্টার মায়ামির হয়ে একবার এমন কীর্তি গড়েছেন তিনি।

এছাড়া আর্জেন্টিনার জার্সিতে এখনো একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি মেসি। ফলে বেনিনের বিপক্ষে যদি সেই অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাহলে বিদায়ী ম্যাচেই পূরণ হতে পারে দুটি স্বপ্ন: আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে স্মরণীয় কীর্তি এবং সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড।

জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যানও তার কিংবদন্তির পরিচয় বহন করে। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল, দুটিই জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো বড় আন্তর্জাতিক শিরোপাও জিতেছেন তিনি।

এবার সেই বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের শেষ অধ্যায়। বাংলাদেশের সময় ৭ অক্টোবর ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে তখন ৬ অক্টোবর রাত ৮টা। বিদায়ী ম্যাচে মেসি কি পারবেন আবেগের রাতকে বিশ্বরেকর্ডের রাতেও পরিণত করতে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর-১০ এলাকা পরিদর্শন করলেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৩ এম


মিরপুর-১০ এলাকা পরিদর্শন করলেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : রাজধানীর মিরপুর-১০ এলাকা পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে হকার উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডেঙ্গু পরিস্থিতি, বৃক্ষরোপণ, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন নাগরিক সেবার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার রাত ১১টার দিকে হঠাৎ করে নিজেই গাড়ি চালিয়ে মিরপুর-১০ এলাকায় পরিদর্শনে বের হন ডিএনসিসি প্রশাসক। এ সময় তিনি মিরপুর-১০ সহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং হকার উচ্ছেদ-পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মিরপুর-১০ এলাকায় হকার উচ্ছেদের পরও অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি প্রশাসকের নজরে আসে। তিনি সংশ্লিষ্টদের এসব অবৈধ বিদ্যুৎ লাইন দ্রুত বিচ্ছিন্ন করার নির্দেশ দেন।

এ সময় হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খালি হওয়া স্থানে সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমও পর্যবেক্ষণ করেন ডিএনসিসি প্রশাসক। নগরের পরিবেশ রক্ষা এবং জনসাধারণের চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে এসব কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ডের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ ব্যবস্থার অবস্থা ও সংস্কার কার্যক্রম, ডাস্টবিন স্থাপন এবং নাগরিকদের দুর্ভোগ কমাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন প্রশাসক। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নাগরিক সেবার মান আরও বাড়ানোর নির্দেশনা দেন।

এদিকে মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেলের পিলার ও আশপাশের বিভিন্ন দেয়ালে থাকা অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণের পর সেখানে সিটি কর্পোরেশনের উদ্যোগে গ্রাফিতি অঙ্কনের পরিকল্পনার বিভিন্ন দিকও পর্যালোচনা করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রশাসক।

পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিরপুর-১০ এলাকার সার্বিক পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল ও স্থাপনা নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

তিনি বলেন, নগরবাসীর স্বস্তি ও নাগরিক দুর্ভোগ কমানোই সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান লক্ষ্য। মিরপুর-১০কে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর এলাকা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

রাতের আকস্মিক এই পরিদর্শনের মাধ্যমে প্রশাসক মাঠপর্যায়ে নাগরিক সেবার বাস্তব চিত্র পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক, চুরি ও ডাকাতির পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৩ এম


মাদক, চুরি ও ডাকাতির পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার  দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে আরাফাতের বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। তার নামে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতির পাঁচটি মামলা রয়েছে।  

নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। মাদকের বিষয়টি তারা এড়িয়ে যাওয়া চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা প্রচার করছেন, পূর্বের বিরোধের জেরে আরাফাত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
 
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী জানান, মাদক বেচাকেনার  দ্বন্দ্বে প্রতিপক্ষ একই গ্রামের কবির হোসেন, জিসানসহ ৪-৫ মিলে আরাফাত মোল্যাকে হত্যা করেছে। বিষয়টি আরও তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য আরাফাতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। #

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৫ এম


শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন, দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শৈশব, নৈতিক, আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত পুষ্টি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের সুদৃঢ় অঙ্গীকার।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন। ২০২৬ সালের অক্টোবর মাসে শিশু একাডেমির ৫০ বছর পূর্ণ হবে। এই উপলক্ষে আগামী ৬ থেকে ৮ অক্টোবর তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস ২০২৬ উদযাপিত হবে।

তিনি আরও বলেন, একটি সুসংগঠিত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণের জন্য শিশুদের সার্বিক বিকাশ অপরিহার্য। তবে শিশুশ্রম, সামাজিক সহিংসতা, বাল্যবিয়ে ও বৈষম্যের মতো চ্যালেঞ্জ এখনও বিদ্যমান। এসব সামাজিক ব্যাধি দূরীকরণে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশু একেকটি ফুল এবং আগামী দিনের স্বপ্ন ও সম্ভাবনা। আজকের ছোট্ট শিশুর মধ্যেই লুকিয়ে রয়েছে আগামী দিনের পথপ্রদর্শক, অভিভাবক, শিক্ষক, বিজ্ঞানী কিংবা দেশের চালিকাশক্তি। তাই শিশুদের সঠিক যত্ন, স্নেহ ও শিক্ষার মাধ্যমে গড়ে তোলা সবার পবিত্র দায়িত্ব।

তিনি বলেন, নিষ্পাপ শিশুদের হাসিমাখা মুখই নতুন বাংলাদেশের আশা ও অসীম সম্ভাবনার প্রতীক। প্রতিটি শিশুর ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতাকে প্রস্ফুটিত করার পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের নৈতিক, সামাজিক ও জাতীয় দায়িত্ব।

শিশুদের কল্যাণ এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু একাডেমি ১৯৭৮ সাল থেকে ‘জাতীয় শিশু পুরস্কার’ প্রতিযোগিতা প্রবর্তন করেছে। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিশুদের নিরাপদে বেড়ে ওঠা এবং তাদের স্বার্থ সুরক্ষায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলেও উল্লেখ করেন তারেক রহমান।

তিনি বলেন, শিশুশ্রম নিরসনে ১৯৯৪ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আইপিইসি (আইপিইসি) প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণ এবং শিশুদের প্রাতিষ্ঠানিক সুরক্ষায় তার (বেগম খালেদা জিয়া) ভূমিকা অনন্য।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিল্প-সাহিত্যসহ নানা ক্ষেত্রে আজকের শিশুরাই আগামী দিনে দেশকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় আসীন করবে।

তিনি বলেন, শিশু অধিকার দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমির গৌরবময় সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের প্রধান বাতিঘর শিশু একাডেমির অর্ধশতকের এই আনন্দঘন অভিযাত্রা লাখো শিশুর কণ্ঠে সুরের ঝরনা, তুলির আঁচড়ে রঙের মেলা এবং চোখে রঙিন ভবিষ্যতের দীপ্ত স্বপ্নের প্রতীক।

সরকার প্রধান আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী নতুন স্বপ্নে জাগ্রত হওয়ার এবং নতুন মানবিক অভিযাত্রার পথপ্রদর্শক হবে। শিশুর নির্মল হাসিতে, সুপ্ত স্বপ্নে ও সাফল্যে গড়ে উঠবে আগামী দিনের এক নিরাপদ, সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ।

শিশু অধিকার দিবস উপলক্ষে তিনি দেশের সব শিশু, অভিভাবক, শিক্ষক এবং শিশুকল্যাণে নিয়োজিত সব ব্যক্তি ও সংস্থাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সবশেষে বাণীতে প্রধানমন্ত্রী শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%