০২:১৭ পি.এম
প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করতে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কারণ, তার বিপরীতে রয়েছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। বড় বাজেটের সিনেমা ‘সোলজার’-এ অভিনয়ের প্রস্তুতি ও শুটিংয়ের জন্য দীর্ঘ সময় অন্য কোনো কাজে যুক্ত হননি এই অভিনেত্রী। তবে সিনেমাটির শুটিং হঠাৎ থমকে যায়, যখন অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে যায়।
গুঞ্জন রয়েছে, নভেম্বরে আবারও দৃশ্যধারণ শুরু হতে পারে। এর মধ্যেই ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান। ফলে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে শিগগিরই ফেরার সম্ভাবনা নেই শাকিবের। স্বাভাবিকভাবেই ছবিটির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এমন পরিস্থিতির মধ্যেও ‘সোলজার’ নিয়ে হতাশা প্রকাশ করেননি তানজিন তিশা। তিনি জানান, ছবিটি নিয়ে তার মন খারাপের কিছু নেই। নিজের প্রথম সিনেমাটি নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। শুটিংয়ের জন্য তার শিডিউল প্রস্তুত রয়েছে। কাজ শুরু হলেই আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে প্রস্তুত এই অভিনেত্রী।
আরও পড়ুন: সোনাক্ষীর নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক, আইনি ত্রুটিতে মুক্তি
তানজিন তিশা বলেন, ‘“সোলজার” সিনেমা নিয়ে আমার শিডিউল ওপেন। সিনেমার শুটিং শুরু হলেই আমি যুক্ত হব। এমন নয় যে আমার সঙ্গে কিছু হয়েছে। আমি আগ্রহ নিয়েই শুটিংয়ের অপেক্ষা করছি।’
শুটিং বন্ধ থাকলেও এই সময়টা নিজের ব্যবসা নিয়ে ব্যস্ততায় কাটছে তিশার। তবে সিনেমাটির কাজ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো বড় প্রকল্পে যুক্ত হওয়ার পরিকল্পনা তার নেই। এর আগে ‘সোলজার’-এর জন্য টানা চার মাস অন্য কোনো কাজ করেননি। তখনো সিনেমাটির জন্য শিডিউল ফাঁকা রেখেছিলেন। এখনো তিনি শুটিং শুরুর অপেক্ষায় রয়েছেন।
এ প্রসঙ্গে তিশার স্পষ্ট বক্তব্য, ‘“সোলজার” আমার কাছে এখনো প্রধান প্রায়োরিটি।’
তবে পছন্দের এই সিনেমার শুটিং হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় নানা প্রশ্নের উদ্ভব হয়েছে। ঈদে সিনেমাটি মুক্তি পাবে কি না, তা নিয়েও এখনো রয়েছে অনিশ্চয়তা। শুটিং বন্ধ থাকার কারণ নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে। কোথাও কোথাও দাবি করা হচ্ছে, সিনেমাটির কয়েকজন অভিনয়শিল্পী এখনো পারিশ্রমিক পাননি। এ কারণে পাওনা বুঝে না পাওয়া পর্যন্ত কেউ কেউ শুটিংয়ে অংশ নিতে চাইছেন না।
আরও পড়ুন: কান্ট্রি মিউজিকের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই
জানা গেছে, সিনেমাটির গানের অংশের দৃশ্যধারণ এখনো বাকি। কবে নাগাদ আবার শুটিং শুরু হবে, তা জানতে পরিচালক সাকিব ফাহাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ অক্টোবর শুরু হয় ‘সোলজার’ সিনেমার শুটিং। প্রথম দিন দৃশ্যধারণ শুরু হলেও সেদিন শুটিংয়ে অংশ নেননি শাকিব খান। পরে তিনি ও সিনেমার অন্য প্রধান অভিনয়শিল্পীরা শুটিংয়ে যোগ দেন। সে সময় সিনেমায় শাকিব খানের নতুন লুকও বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন