ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

৩ লাখ দিয়ে শুরু, এখন ছবিপ্রতি ১৫ লাখ টাকা নেন তমা মির্জা?


৩ লাখ দিয়ে শুরু, এখন ছবিপ্রতি ১৫ লাখ টাকা নেন তমা মির্জা?

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা দেড় দশকেরও বেশি সময় ধরে অভিনয় ও বহুমুখী প্রতিভার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১০ সালে মাত্র তিন লাখ টাকার পারিশ্রমিক নিয়ে তার বড় পর্দায় যাত্রা শুরু হয়, আর আজ তিনি বাংলা সিনেমার অন্যতম সফল ও প্রভাবশালী নায়িকা হিসেবে পরিচিত। সময়ের সঙ্গে সঙ্গে তার কাজের পরিধি পরিবর্তিত হয়েছে, পারিশ্রমিক বেড়েছে এবং ওটিটি ও করপোরেট দুনিয়ায় তার নতুন পরিচিতি তৈরি হয়েছে।

ছোটবেলা থেকেই নাচের প্রতি তমার বিশেষ ঝোঁক ছিল। সেই নাচের অভিজ্ঞতা থেকেই তিনি বিনোদন অঙ্গনে প্রবেশ করেন। ২০১০ সালে পরিচালক এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে শাকিব খানের বিপরীতে তার বড় পর্দায় অভিষেক ঘটে।

তবে, এই পথচলা মোটেও সহজ ছিল না। প্রথম দিকে তার সিনেমাগুলো আশানুরূপ সাফল্য পায়নি এবং মনমতো গল্প ও বড় প্রযোজনা প্রতিষ্ঠান না পাওয়ায় তাকে কঠিন সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে।

আরও পড়ুন: সোনাক্ষীর নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক, আইনি ত্রুটিতে মুক্তি

শুরুর দিকের সংগ্রাম পেরিয়ে তমার জন্য বড় পরিবর্তন নিয়ে আসে অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমাটি। ২০২১ সালে এক সাক্ষাৎকারে তিনি জানান, এই ছবিতে কাজ করার পর তিনি বুঝতে পেরেছেন যে, চলচ্চিত্রে টিকে থাকতে হলে কেবল গ্ল্যামার নয়, কঠোর পরিশ্রম ও ভালো কাজের প্রয়োজন। পরিচালক কাজী হায়াৎ ও সোহানুর রহমান সোহানের অবদানও তার ক্যারিয়ার গঠনে বিশেষ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এই রাষ্ট্রীয় স্বীকৃতি তার অভিনয়জীবনে নতুন মোড় নিয়ে আসে। এরপর ‘গ্রাস’, ‘অহংকার’ ও ‘গহীনের গান’-এর মতো ছবিতেও তিনি নিজের ছাপ রাখেন।

বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তমা তার প্রতিভা প্রমাণ করেছেন। ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’তে ‘পাখি’ চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকদের মনে গভীর দাগ কাটেন। পরবর্তী সময়ে ‘ফ্রাইডে’, ‘বুকের মধ্যে আগুন’ এবং ‘আমলনামা’-র মতো কাজেও তিনি প্রশংসিত হন।

তবে, তমার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে ২০২৩ সালে। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে ‘ময়না’ চরিত্রে অভিনয় করে তিনি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ছবিটি ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এরপর ‘দাগি’র মতো প্রজেক্টেও তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

আরও পড়ুন: কান্ট্রি মিউজিকের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই

পারিশ্রমিকের খাতা

এক যুগেরও বেশি সময়ের শোবিজ যাত্রায় সাফল্যের সঙ্গে তমা মির্জার পারিশ্রমিকও বেড়েছে কয়েকগুণ। তিন লাখ টাকায় চুক্তিবদ্ধ হওয়া সেই নতুন মুখটি এখন কাজের মূল্যায়ন হিসেবে ছবিপ্রতি প্রায় ১৫ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন। তবে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক ও কাজের ধরন অনুযায়ী এতে কিছুটা তারতম্য হয়ে থাকে।

অভিনয়ের পাশাপাশি চলতি বছরের আগস্টে একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে করপোরেট পেশায় যুক্ত হয়ে নতুন পরিচয়ে ধরা দিয়েছেন তমা মির্জা। তবে, তিনি বড় পর্দাকে ছাড়ছেন না—এই বার্তা স্পষ্ট করে দিয়ে তিনি প্রমাণ করেছেন, কাজের প্রতি একাগ্রতা থাকলে যেকোনো বাধা পেরিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব।

আরও পড়ুন: মিস ইন্টারন্যাশনালে গামছার পোশাকে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন প্রমা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী ও তেজগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে তিনজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


যাত্রাবাড়ী ও তেজগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে তিনজন গ্রেফতার

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : রাজধানীর যাত্রাবাড়ী ও তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)-এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জাহিদুল ইসলাম তমাল (২৬), মো. হাবিব (৩৮) এবং মো. শামীম আহম্মেদ (৩১)।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার রাতে যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করার সময় জাহিদুল ইসলাম তমাল ও হাবিবকে গ্রেফতার করে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রাতে, তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় শামীম আহম্মেদকে গ্রেফতার করে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল। তার বিরুদ্ধে জিএমপির সদর থানায় দুটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকাঝকা ছাড়াই যেভাবে শিশুর স্ক্রিন টাইম কমাবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


বকাঝকা ছাড়াই যেভাবে শিশুর স্ক্রিন টাইম কমাবেন

বর্তমানে অনেক পরিবারে শিশুর হাতে মোবাইল বা ট্যাব দেওয়া একটি দৈনন্দিন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। খাওয়ার সময়, ঘুমের আগে অথবা ব্যস্ত মুহূর্তে অভিভাবকরা শিশুকে ব্যস্ত রাখতে পর্দার সাহায্য নেন। তবে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের অভ্যাস কমাতে গেলে অনেক সময় কান্না, জেদ অথবা মনোমালিন্য দেখা দেয়। কিন্তু বকাঝকা বা শাস্তি ছাড়া ধীরে ধীরে শিশুর স্ক্রিন টাইম কমানো সম্ভব।

শিশুর চাহিদা বোঝার পাশাপাশি অভিভাবকত্বের কোমল পদ্ধতি বা ‘জেন্টল প্যারেন্টিং’-এ নিয়মিত কিছু সীমারেখা তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিশুর কাছ থেকে হঠাৎ ডিভাইস কেড়ে না নিয়ে বিকল্প আনন্দের ব্যবস্থা করাই এই পদ্ধতির মূল লক্ষ্য। এ ক্ষেত্রে কাজে আসতে পারে পাঁচটি কৌশল।

১. ঘুমের আগে রাখুন মজার আয়োজন

সন্ধ্যা বা ঘুমের আগের সময়টুকু স্ক্রিনমুক্ত রাখতে শিশুর জন্য আনন্দদায়ক কিছু কাজের ব্যবস্থা করা যেতে পারে। যেমন—রং করা, ব্লক দিয়ে ঘর বানানো, পাজল মেলানো, গল্পের বই পড়া, পুতুল নিয়ে খেলা অথবা সহজ কোনো হাতের কাজ। শিশুকে দুই-তিনটি কাজের মধ্যে পছন্দ করার সুযোগ দিলে সে নিজেও সিদ্ধান্তের অংশ হতে পারবে। এতে ধীরে ধীরে সন্ধ্যার সময়টা মোবাইল বা টেলিভিশনের বদলে সৃজনশীল কাজ ও পরিবারের সঙ্গে কাটানোর অভ্যাস তৈরি হবে।

২. রাতের খাবারের সময় সরিয়ে রাখুন ডিভাইস

পরিবারের সকল সদস্যের জন্য রাতের খাবারের নির্দিষ্ট সময় ঠিক করা উচিত। খাওয়ার টেবিলে মোবাইল, ট্যাব কিংবা টেলিভিশন না রাখার নিয়ম করা যেতে পারে। এ সময় শিশুর সঙ্গে গল্প করা, সারা দিনের অভিজ্ঞতা জানতে চাওয়া অথবা টেবিল সাজানোর মতো ছোট কাজে তাকে যুক্ত করা উচিত। অভিভাবকরা খাবারের সময় ফোন ব্যবহার থেকে বিরত থাকলে শিশুরা সহজেই এই অভ্যাস অনুসরণ করতে পারে।

৩. ঘুমের আগে তৈরি করুন নির্দিষ্ট রুটিন

শিশুরা নিয়মিত রুটিনে অভ্যস্ত হলে দৈনন্দিন কাজগুলো সহজ হয়ে যায়। রাতের খাবার, কিছুক্ষণ খেলাধুলা, গোসল, দাঁত ব্রাশ, গল্পের বই পড়া এবং ঘুম—এভাবে একটি নির্দিষ্ট ধারাবাহিকতা তৈরি করা যেতে পারে। ঘুমের আগে টেলিভিশন, মোবাইল ও ট্যাব ব্যবহারের সুযোগ না রাখাই ভালো। শিশু ডিভাইস চাইলে রাগ না করে শান্তভাবে বুঝিয়ে বলুন, আজকের মতো স্ক্রিন টাইম শেষ। এরপর তাকে পরবর্তী কাজে যুক্ত করুন।

৪. বাইরে খেলাধুলার সুযোগ করে দিন

শিশুর অবসর সময় কাটানোর ভালো বিকল্প হতে পারে বাইরের খেলাধুলা। সুযোগ থাকলে তাকে কাছের পার্ক বা খেলার মাঠে নিয়ে যান। সেখানে দৌড়ানো, সাইকেল চালানো, বল খেলা অথবা অন্য শিশুদের সঙ্গে মেলামেশার সুযোগ পাবে। প্রতিদিন বাইরে যাওয়া সম্ভব না হলে ঘরের মধ্যেও লুকোচুরি, নাচ অথবা সহজ কিছু খেলাধুলার আয়োজন করা যেতে পারে। এতে স্ক্রিনের বাইরে আনন্দ খুঁজে নেওয়ার অভ্যাস তৈরি হবে।

৫. পরিবারের সবার জন্য একই নিয়ম করুন

শুধু শিশুর জন্য স্ক্রিন ব্যবহারের নিয়ম করলে তা কার্যকর নাও হতে পারে। কারণ, শিশুরা বড়দের দেখেই অনেক অভ্যাস শেখে। তাই খাবারের সময় ফোন ব্যবহার না করা, পারিবারিক সময় ডিভাইস দূরে রাখা এবং সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে স্ক্রিন বন্ধ করার মতো নিয়ম পরিবারের সবার জন্য চালু করা উচিত। স্ক্রিন টাইম শেষ হওয়ার ১০ মিনিট আগে শিশুকে জানিয়ে দিন। হঠাৎ ডিভাইস কেড়ে নেওয়ার বদলে সময় শেষ হওয়ার বিষয়টি শান্তভাবে বুঝিয়ে বলুন। ভালো আচরণের পুরস্কার বা শাস্তি হিসেবেও স্ক্রিন ব্যবহার না করাই ভালো।

শিশুর স্ক্রিন টাইম কমানোর ক্ষেত্রে একদিনেই বড় পরিবর্তন আশা না করে ধীরে ধীরে অভ্যাস গড়ে তোলা জরুরি। অভিভাবকের ধৈর্য, পরিবারের সহযোগিতা এবং বিকল্প আনন্দদায়ক আয়োজন শিশুকে পর্দার বাইরে সময় কাটাতে উৎসাহিত করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ এসডিজি অর্জনে বিশ্বে রোল মডেল: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


বাংলাদেশ এসডিজি অর্জনে বিশ্বে রোল মডেল: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিত।

তিনি রোববার (১৫ নভেম্বর) সকালে জাতীয় সংসদের শপথকক্ষে অনুষ্ঠিত 'স্ট্রেনথেনিং পার্লামেন্টারি ওভারসাইট ইন মনিটরিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড পাবলিক রিসোর্স ম্যানেজমেন্ট' শীর্ষক কর্মশালায় এ কথা বলেন।

স্পিকার আরও বলেন, চূড়ান্ত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তৃণমূল পর্যায়ে কাজের তদারকি করা অত্যন্ত জরুরি।

তিনি উল্লেখ করেন, সংসদীয় স্থায়ী কমিটি ও সংসদ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, যাতে তারা নিশ্চিত করতে পারেন যে, নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রকল্পগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সাংবাদিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিভার ক্যানসারের লুকিয়ে থাকা ৫টি লক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


লিভার ক্যানসারের লুকিয়ে থাকা ৫টি লক্ষণ

শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার বা যকৃৎ। এই অঙ্গটি খাবার হজমে সহায়তা, রক্ত থেকে ক্ষতিকর পদার্থ দূর করা এবং শরীরের বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণের মতো নানা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। কিন্তু যখন লিভারে ক্যানসার বাসা বাঁধে, তখন প্রাথমিক পর্যায়ে তা বোঝার কোনো উপায় থাকে না। কারণ, রোগটির শুরুর দিকে দৃশ্যমান লক্ষণ দেখা নাও দিতে পারে। ফলে অনেক মানুষ বিষয়টি বুঝতে দেরি করে।

বিশেষজ্ঞদের মতে, লিভার ক্যানসারের কিছু লক্ষণ সাধারণ সমস্যার মতো মনে হতে পারে। তাই শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়। আসুন জেনে নেওয়া যাক লিভার ক্যানসারের এমন পাঁচটি লক্ষণ।

১. অকারণে ওজন কমে যাওয়া: যদি খাদ্যাভ্যাস বা শরীরচর্চায় কোনো পরিবর্তন না এনে হঠাৎ করে ওজন কমতে থাকে, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। লিভার ক্যানসারের ক্ষেত্রে ক্ষুধামন্দা এবং শরীরের বিপাকীয় পরিবর্তনের কারণে ওজন কমতে পারে। বিশেষ করে যদি অল্প সময়ে উল্লেখযোগ্য ওজন কমে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২. অল্প খাবারেই পেট ভরে যাওয়া: যদি আগের তুলনায় কম খাবার খেয়ে পেট ভরে যাচ্ছে, তাহলে বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। লিভার বড় হয়ে যাওয়া অথবা পেটে তরল জমার কারণে অল্প খাবারেই পেট ভরা অনুভূতি হতে পারে। এর সঙ্গে ক্ষুধামন্দা বা বমি বমি ভাবও দেখা দিতে পারে।

৩. পেটের ডান পাশে অস্বস্তি বা ব্যথা: লিভার শরীরের পেটের ডান দিকের ওপরের অংশে অবস্থিত। লিভারে টিউমার তৈরি হলে ওই অংশে ব্যথা, চাপ বা অস্বস্তি অনুভূত হতে পারে। কখনো কখনো ব্যথা ডান কাঁধের পেছনেও অনুভূত হয়। দীর্ঘদিন এমন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

৪. ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া: ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া জন্ডিস হিসেবে পরিচিত। লিভার ক্যানসারের কারণে পিত্তপ্রবাহে বাধা সৃষ্টি হলে এমন সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি প্রস্রাবের রং গাঢ় হওয়া, মল ফ্যাকাশে হয়ে যাওয়া এবং ত্বকে চুলকানিও হতে পারে। এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

৫. অস্বাভাবিক ক্লান্তি ও পেট ফুলে যাওয়া: পর্যাপ্ত বিশ্রামের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগা অনুভূত হয়, তাহলে এটি লিভার ক্যানসারের একটি সম্ভাব্য লক্ষণ। এ ছাড়া পেটে তরল জমে পেট অস্বাভাবিকভাবে ফুলে যেতে পারে। কখনো পেটের ডান পাশে শক্ত চাকা বা পিণ্ডও অনুভূত হতে পারে। এসব পরিবর্তনকে সাধারণ গ্যাস বা শারীরিক দুর্বলতা ভেবে এড়িয়ে যাওয়া উচিত নয়।

কাদের ঝুঁকি বেশি?

দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি ও সি সংক্রমণ, লিভার সিরোসিস, অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এবং দীর্ঘস্থায়ী লিভারের রোগ লিভার ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। এসব ঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা করানো জরুরি।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

লিভার ক্যানসারের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণ থাকে না। আবার উল্লিখিত লক্ষণগুলোর প্রতিটিই অন্য রোগের কারণেও দেখা দিতে পারে। তাই এসব লক্ষণ থাকলেই ক্যানসার হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। তবে অকারণে ওজন কমা, পেট ফুলে যাওয়া, দীর্ঘস্থায়ী ব্যথা কিংবা জন্ডিস দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক রক্ত পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান বা অন্যান্য পরীক্ষা করাতে পারেন।

তথ্যসূত্র: অ্যামেরিকান ক্যানসার সোসাইটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%