ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

রাজশাহীতে পেট্রলবোমায় দোকান পুড়িয়ে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা


রাজশাহীতে পেট্রলবোমায় দোকান পুড়িয়ে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

রাজশাহীর মহানগরীতে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে দোকানে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেওয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবদুল বারীউল ইসলাম (৪০) পেশায় একজন মুদি দোকানি ছিলেন। তিনি ওই এলাকার বদরুল সরকারের পুত্র।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় চণ্ডীপুর এলাকার কিছু যুবক বাকির মোড়ে এসে মাদক সেবন করে। পরে তারা টাকা ভাঙানোর জন্য আবদুল বারীর দোকানে যায়। বারী টাকা ভাঙিয়ে দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতিও ঘটে।

এরপর রাত পৌনে ২টার দিকে দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে ৫০ থেকে ৫৫ জনের একটি দল আবদুল বারীর দোকানে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক নিহত

দোকানে আগুন দেখতে পেয়ে আবদুল বারী ও তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বারীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজন ও স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: প্রশ্ন ফাঁস রোধে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুভডাঙ্গাবাসীর সমস্যা শুনতে এমপি আব্দুল বারীর ইউনিয়ন সফর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


শুভডাঙ্গাবাসীর সমস্যা শুনতে এমপি আব্দুল বারীর ইউনিয়ন সফর

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। তিনি স্থানীয় বাসিন্দাদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের কথা শোনেন। ইউনিয়নবাসীর উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের কাজ করার আশ্বাসও প্রদান করেন তিনি।

রোববার বিকেলে শুভডাঙ্গা ইউনিয়নের মধ্য দৌলতপুর মোড়, মচমইল বাজার, শংকরপৈ মোড়, খর্দ্দকৌড় মোড়, ধামিনকৌড়, বুজরুক কৌড়, বানাইপুর, বাইগাছা, বসন্তপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার। গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে ডাঃ আব্দুল বারী সরদার উল্লেখ করেন, শুভডাঙ্গা ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব ধরনের কাজ করা হবে। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাটসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা বলেন। ইউনিয়নের কোনো এলাকা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রয়োজন ও এলাকার বাস্তব সমস্যাগুলো সরেজমিনে চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে। কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হবে।

এমপি আরো বলেন, উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শুভডাঙ্গা ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। মানুষের সমস্যার কথা সরাসরি শুনে তা সমাধানের উদ্যোগ নেওয়া তাঁর অন্যতম লক্ষ্য।

গণসংযোগকালে এমপির সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমীর বাবুল হুসাইন, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, আসন্ন বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ আলমগীর হোসেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সাহার আলী, সেক্রেটারি আমিনুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌর যুবদলের দুই নেতাকে সভাপতি হিসেবে ঘোষণা করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে তাদের বহিষ্কার করার কয়েক দিনের মধ্যেই এই ঘোষণা আসে।

এ বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা, সমালোচনা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে মোবাশ্বের আলম ভূঁইয়াকে নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিনকে উপজেলা যুবদলের সভাপতি এবং পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুর আহমদকে পৌর যুবদলের সভাপতি হিসেবে ঘোষণা করতে দেখা যায়।

এর আগে, ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটি আবদুল মমিন ও নুর আহমদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করে। তাদের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শন, সংগঠনের সহযোদ্ধাকে অন্যায়ভাবে রক্তাক্ত করা এবং বিভিন্ন অনাচারে জড়িত থাকার অভিযোগ ছিল।

কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রায় এক সপ্তাহ পর, ১৮ সেপ্টেম্বর, সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া নাঙ্গলকোটের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। ওই সভার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে আবদুল মমিন ও নুর আহমদকে যথাক্রমে উপজেলা ও পৌর যুবদলের সভাপতি হিসেবে ঘোষণা করতে দেখা যায়।

এ ঘটনার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একাংশ প্রশ্ন তুলেছেন, কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তে বহিষ্কৃত দুই নেতাকে কীভাবে আবার সংগঠনের গুরুত্বপূর্ণ পদে বসানোর ঘোষণা দেওয়া হলো। তাদের দাবি, যুবদলের কমিটি গঠন কিংবা কাউকে সাংগঠনিক পদ দেওয়ার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, "জাতীয় নির্বাচনের আগেই যুবদলের সব কমিটি বিলুপ্ত করা হয়েছিল। ওই বিলুপ্ত কমিটির দুই সদস্যকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।"

তিনি আরও জানান, "স্থানীয় এমপির বহিষ্কৃত দুই নেতাকে নিয়ে সভাপতি ঘোষণা দেওয়ার ভিডিওটি দেখেছি। এ বিষয়ে আমাদের কাছে কয়েকটি স্ক্রিনশটও আছে। তারা তো বর্তমানে কোনো কমিটিতেই নেই।"

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, "তারা আমার সংগঠনের একনিষ্ঠ কর্মী। তারা দলের জন্য সব সময় কাজ করেছে। আমি তাদের এই বহিষ্কার মানি না। তাই তাদেরকে সভাপতি ঘোষণা করেছি।"

তিনি আরও বলেন, "আমি ক্লিয়ার করে দিয়েছি—যেখানে বহিষ্কার, সেখানেই আবিষ্কার।"

স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোটের ঢালুয়া হাইস্কুল গেট এলাকায় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি প্রতিবাদ মিছিলে হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে আসে।

গত ১৩ আগস্টের ওই ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। আহত নেতাকর্মীদের অভিযোগ, হামলাকারীরা সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী। অন্যদিকে আহতরা স্থানীয়ভাবে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ওই দিন ছাত্রদল নেতা মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি মিছিলে আবদুল মমিন ও তার অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এ ঘটনার পর কেন্দ্রীয় যুবদল আবদুল মমিন ও নুর আহমদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

কেন্দ্রীয় বহিষ্কারাদেশের পরও দুই নেতাকে নিয়ে স্থানীয় সংসদ সদস্যের এমন বক্তব্যে নাঙ্গলকোটের বিএনপির রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা ও সমালোচনা চলছে।

তবে বহিষ্কারাদেশ প্রত্যাহার কিংবা দুই নেতাকে নতুন করে সাংগঠনিক পদ দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নতুন সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ১০০টি পিংক বাস চালু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ১০০টি পিংক বাস চালু হচ্ছে

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে যে, নারীদের স্কুল, কলেজ এবং কর্মক্ষেত্রে যাওয়ার জন্য চলমান ১৪টি পিংক বাসের সংখ্যা অপ্রতুল। এ কারণে আরও ১০০টি বাস দ্রুত সময়ের মধ্যে চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও, সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ মোড় এবং দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলোকে সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রকল্পগুলোর জন্য স্ট্রেইট লাইন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বৈঠকে উল্লেখ করা হয়।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান এবং মো. মতিয়ার রহমান অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বৈঠকে যোগদান করেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দের সাথে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভাগ ও দপ্তরসমূহের সার্বিক কার্যক্রম সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যবৃন্দকে অবহিত করা হয়। সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনয়নে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম সম্পর্কেও আলোচনা করা হয়।

কমিটি কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির উপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপদ খাদ্য আইনে এক সপ্তাহে ২০ লাখ টাকা জরিমানা, ৬টি মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


নিরাপদ খাদ্য আইনে এক সপ্তাহে ২০ লাখ টাকা জরিমানা, ৬টি মামলা

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিচালিত অভিযান ও সামারি ট্রায়ালের মাধ্যমে নিরাপদ খাদ্য আইনে গত এক সপ্তাহে ১০টি প্রতিষ্ঠানকে মোট ২০ লাখ টাকা জরিমানা এবং ৬টি মামলা দায়ের করা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চলমান আইন প্রয়োগ ও মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে গত ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহে এসব জরিমানা ও মামলা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে উল্লিখিত সময়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৬টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। বাধ্যতামূলক নিবন্ধন না করে প্রতিষ্ঠান পরিচালনা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, রেফ্রিজারেটরে লেবেলবিহীন মাছ-মাংস ও অন্যান্য খাদ্যসামগ্রী সংরক্ষণ এবং ট্রেড লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণক প্রদর্শনে ব্যর্থতার মতো অপরাধে ২টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং ২টি মামলা দায়ের করা হয়।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও সিরাজগঞ্জ জেলায় মোট ৩টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পোড়া তেল ব্যবহার, অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার, উৎপাদনস্থলে তেলাপোকা ও ছারপোকার বিচরণ, পণ্যের গায়ে লেবেল না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের মতো অপরাধে প্রতিষ্ঠানগুলোকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং ৩টি মামলা দায়ের করা হয়।

এ সময়ে লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জে পৃথকভাবে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী সামারি ট্রায়াল পরিচালনা করা হয়। লক্ষ্মীপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং নিরাপদ খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে পরিচালিত অভিযানে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিভিন্ন অনিয়ম পাওয়ায় ২টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, কিশোরগঞ্জে ৩টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ এবং মোড়কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার দায়ে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন খাদ্যস্থাপনা পরিদর্শন করে প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

আইন প্রয়োগের পাশাপাশি সারা দেশে খাদ্যস্থাপনা মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে। গত এক সপ্তাহে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান এবং খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ মোট ২৮৮টি খাদ্য প্রতিষ্ঠান মনিটরিং করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবেশন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে নিরাপদ খাদ্যবিধি অনুসরণের বিষয়টি তদারকি করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে। নিরাপদ খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন ও বিপণন এবং ভোক্তার করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে বাংলাদেশ টেলিভিশনে টিভিসি ও স্ক্রলবার্তা এবং বাংলাদেশ বেতারে নিরাপদ খাদ্যবিষয়ক বিভিন্ন অডিওবার্তা প্রচার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, রিলস ও ভিডিওর মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে কর্তৃপক্ষ বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, মোবাইল কোর্ট, খাদ্য নমুনা পরীক্ষা ও গবেষণার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করার এই কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%