মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০১:০২ পি.এম
শেরপুরের শ্রীবরদীতে চাকরি দেওয়ার প্রলোভনে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একটি দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ভুক্তভোগীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার মিলনবাজার মোড়ে গড়জরিপা আজিজিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী নাছিদুল ইসলাম রনি ও স্থানীয়দের অভিযোগ, প্রায় চার মাস আগে মাদ্রাসায় অফিস সহকারী পদেন চাকরি দেওয়ার কথা বলে নাছিদুল ইসলাম রনির কাছ থেকে ১০ লাখ টাকা নেন সুপার আব্দুল কাদের। তবে চাকরি দেওয়ার বিষয়ে নানা টালবাহানা করে একপর্যায়ে টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানান তিনি।
এদিকে, চাকরি ও টাকা ফেরতের বিষয়ে সুপারের কাছে জানতে চাইলে তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। এ অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
এ ঘটনায় এলাকায় পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি, ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা, উৎপাদন খরচ কমানো এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে সরিষার বীজ ও প্রয়োজনীয় সার সহায়তা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা মো: আতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি, আইসিটি কর্মকর্তা শেখ আব্রারুল হক শিমুল ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং প্রণোদনাপ্রাপ্ত কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরিষা চাষে আরও উৎসাহিত হবেন এবং রবি মৌসুমে স্থানীয়ভাবে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ