ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

আমতলীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাজেদুল ইসলাম মঞ্জু গ্রেপ্তার


আমতলীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাজেদুল ইসলাম মঞ্জু গ্রেপ্তার

বরগুনার আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া মাজেদুল ইসলাম মঞ্জু আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের আবদুস সালামের পুত্র।

আমতলী থানা-পুলিশের সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি হত্যা মামলার রায়ে আদালত মাজেদুল ইসলাম মঞ্জুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। অর্থদণ্ডের অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

আরও পড়ুন: শেরপুরে আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি কর্মী! জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

দীর্ঘ সময় ধরে সাজাপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার আমতলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাইনুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এমই

আরও পড়ুন: পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪০ শিক্ষার্থীকে সংবর্ধনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে না স্কটল্যান্ড, সহিংসতার প্রতিবাদে সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে না স্কটল্যান্ড, সহিংসতার প্রতিবাদে সিদ্ধান্ত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্টের বাইরে আফগানিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না বলে জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। নারী ও শিশুদের প্রতি সহিংস আচরণের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে স্কটল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি। তবে, ২০২৪ ও ২০২৬ সালের বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দুই দল পরস্পরের বিপক্ষে খেলেছে।

চলতি গ্রীষ্মের শুরুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আয়ারল্যান্ড সফরের আগে স্কটল্যান্ডে অনুশীলন সুবিধা ব্যবহারের জন্য আবেদন জানালে, বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করে ক্রিকেট স্কটল্যান্ডের পরিচালনা পর্ষদ। কিন্তু স্বল্প সময়ের নোটিশ এবং উপযুক্ত ভেন্যু না থাকায় ওই আবেদন প্রত্যাখ্যাত হয়।

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্কটিশ খেলোয়াড়দের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও এসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। সেটিও এই পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ কারণ।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ জর্জ মানসি গত সপ্তাহে অনুষ্ঠিত এপিএলের ড্রাফটে জায়গা পাওয়া একমাত্র স্কটিশ খেলোয়াড়। ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, আইসিসির অনুমোদন সাপেক্ষে তাকে অনাপত্তিপত্র দেওয়া হবে।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের সংশোধিত নীতি সম্পর্কে সোমবার স্কটল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব পুরুষ ও নারী ক্রিকেটারকে অবহিত করা হয়েছে।

এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড বলেছে, “খেলোয়াড়দের সঙ্গে চুক্তিতে উল্লেখিত নিজস্ব বাধ্যবাধকতা মেনে চলবে ক্রিকেট স্কটল্যান্ড। কোনো খেলোয়াড়কে এনওসি দেওয়া হলে তার অংশগ্রহণকে বর্তমান আফগান শাসকগোষ্ঠী কিংবা তাদের নীতির প্রতি ক্রিকেট স্কটল্যান্ডের সমর্থন হিসেবে বিবেচনা করা যাবে না।”

বোর্ড আরও স্পষ্ট করেছে, আইসিসির ইভেন্টে বাধ্যতামূলক হলে, এমনকি প্রস্তুতি ম্যাচেও, কেবল তখনই আফগানিস্তানের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

এ ছাড়া আফগানিস্তান নারী ক্রিকেট এবং সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিতে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ না এলে দেশটির বিপক্ষে নিজেদের উদ্যোগে কোনো ম্যাচ আয়োজন করবে না বলে জানিয়েছে বোর্ড।

ক্রিকেট স্কটল্যান্ডের এই সিদ্ধান্ত আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুরূপ অবস্থানের ধারাবাহিকতা।

২০১৭ সালে আফগানিস্তানকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়া হলেও নারী জাতীয় দলকে অর্থায়ন এবং নারী ক্রিকেটের উন্নয়নে কাঠামো প্রতিষ্ঠার শর্ত পূরণ না করায় তা নিয়ে প্রশ্ন উঠেছে।

২০২১ সালে তালেবান সরকার পুনরায় ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারী ও মেয়েশিশুদের পরিস্থিতির অবনতি ঘটে। বিশেষজ্ঞরা তাদের ওপর আরোপিত বিধিনিষেধকে ‘জেন্ডার অ্যাপারথেইড’ বা লিঙ্গভিত্তিক বর্ণবৈষম্য হিসেবে বর্ণনা করেছেন।

এদিকে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে মিল রেখে চলতি গ্রীষ্মের শুরুতে ইংল্যান্ড সফর করেছে আফগানিস্তান রিফিউজি উইমেন্স একাদশ। দলটির অধিকাংশ খেলোয়াড়ই অস্ট্রেলিয়ায় বসবাস করেন।

এ বছরের শুরুতে আইসিসি একটি রোডম্যাপও তৈরি করেছে, যার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে শরণার্থী নারী দলটি আইসিসির আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পেতে পারে। এর মধ্য দিয়ে আফগান নারী ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজ বাসায় থেকেই কারাদণ্ড ভোগের সুযোগ পাচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


নিজ বাসায় থেকেই কারাদণ্ড ভোগের সুযোগ পাচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

দুর্নীতির অভিযোগে দণ্ডিত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগার থেকে তার নিজ বাসভবনে (নজরবন্দিতে) স্থানান্তরের জন্য চূড়ান্ত আইনি বাধা দূর হয়ে গেছে। দেশের একটি উচ্চ আদালত নতুন একটি আদেশ জারি করার পর এই প্রক্রিয়া সম্পন্ন হয়। এর ফলে তিনি তার অবশিষ্ট সাজা কুয়ালালামপুরের বাসভবনে কাটানোর অনুমতি পেয়েছেন।

আদালতের নতুন নির্দেশনা অনুসারে, রাজকীয় ক্ষমার শর্ত সাপেক্ষে নাজিব রাজাক ২০২৮ সালের ২৩ আগস্ট পর্যন্ত কুয়ালালামপুরের দামানসার তামান এলাকার জবান লাংগাক দুতার বাসভবনে নজরবন্দি থাকবেন। এর আগে গত ৬ নভেম্বর একটি পূর্ববর্তী আদেশ ও অর্থদণ্ড নিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের স্পষ্টীকরণের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসলাম জাইনুদ্দিন এই নতুন আদেশটি প্রদান করেন।

আইনজীবীরা জানিয়েছেন, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এটি নাজিব রাজাকের জন্য একটি স্বস্তির খবর। তবে এসআরসি ইন্টারন্যাশনাল (SRC International) মামলার ৬ বছরের হ্রাসকৃত সাজার ক্ষেত্রে কেবল এই গৃহবন্দিত্ব প্রযোজ্য। ওয়ানএমডিসি (1MDB) কেলেঙ্কারির সঙ্গে জড়িত অন্য একটি পৃথক মামলায় তার বিরুদ্ধে আরও ১৫ বছরের কারাদণ্ড রয়েছে, যার বিরুদ্ধে তিনি বর্তমানে আপিল করছেন। গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হওয়ার পর সেই আপিলে হেরে গেলে তাকে পুনরায় কারাগারে ফিরতে হতে পারে।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী নাজিব রাজাক ওয়ানএমডিসি কেলেঙ্কারির ঘটনায় সাজাপ্রাপ্ত দেশের প্রথম সাবেক সরকারপ্রধান। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সমাজসেবক ও রাজনীতিবিদ মো. জুলফিকার আলী হায়দার হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপলা হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. শামীম হাওলাদার, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন হিরন প্রমুখ।

আয়োজক সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তিন ধাপে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপের প্রশিক্ষণ ১০ অক্টোবর, দ্বিতীয় ধাপের ৪ নভেম্বর এবং তৃতীয় ধাপের প্রশিক্ষণ ৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মোট ৬০ জনকে ট্যাব সরবরাহ করা হয়েছে। এ ছাড়া ৬ জন সুপারভাইজার ও ৭০ জন তথ্য সংগ্রহকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং অতিরিক্ত ৭ জনকে রিজার্ভ রাখা হয়েছে।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঠপর্যায়ে সঠিকভাবে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বস্তিকে দিল্লির বলে প্রচার নিয়ে চীনা ভ্লগারদের তথ্য দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


ঢাকার বস্তিকে দিল্লির বলে প্রচার নিয়ে চীনা ভ্লগারদের তথ্য দিল ভারত

ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে বাংলাদেশে কিছু বস্তি এলাকার ভিডিও প্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের প্রচেষ্টাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে।

দ্বি-সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো দেখেছি। কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এমন প্রচেষ্টা দুর্ভাগ্যজনক।’

ঢাকার বস্তি এলাকার দৃশ্যকে নয়াদিল্লির হিসেবে প্রচার করতে বিদেশি নাগরিকদের ব্যবহার করার অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, ‘এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে।’

জয়সওয়াল আরও উল্লেখ করেন, ‘ঢাকা শহরকে নয়াদিল্লি হিসেবে দেখানোর জন্য বিদেশিদের ব্যবহার এবং এ ধরনের ভিডিও ধারণের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিশ্বাসযোগ্যতাই এতে ক্ষুণ্ণ হচ্ছে।’ তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন, এমন ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে।

এর আগে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৫০ জন চীনা নাগরিক ঢাকার বস্তি এলাকার ভিডিও ধারণ করে সেগুলো বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করছেন এবং সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য বলে প্রচার করছেন।

প্রতিবেদন অনুযায়ী, চীনা ভ্লগাররা ঢাকার টেকপাড়া ও উত্তরার মতো বিভিন্ন এলাকায় ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির অংশ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। পাশাপাশি, সেখানকার মানুষের জীবনযাত্রা ও বাসিন্দাদের নিয়ে অবমাননাকর মন্তব্যও করেছেন।

এমন একটি ঘটনায়, ‘মিয়ানমিয়ান’ নামে এক চীনা নাগরিক গত ১ নভেম্বর ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে সরাসরি ভিডিও সম্প্রচার করেন। তিনি এলাকাটিকে ভারতের রাজধানী নয়াদিল্লি বলে দাবি করেন এবং সেখানকার অবকাঠামো ও মানুষের জীবনযাত্রার সমালোচনা করেন।

‘মিয়ানমিয়ান’ তার ভিডিওতে বলেন, ‘এটি নয়াদিল্লি। এখানকার বাড়িঘর অত্যন্ত নোংরা। টিনের ঘরগুলোর ভেতরে একটি পাখাও নেই। এলাকাটি অনুন্নত, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও খুব খারাপ।’

অন্য একটি ঘটনায়, ‘ওয়াং ওয়ে’ নামে এক ব্যক্তিকে ঢাকার টেকপাড়ায় চা বিক্রেতাদের ভিডিও ধারণ করতে দেখা যায়। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের চা পান নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। ওই ব্যক্তি বলেন, ‘দেখুন, তারা চা পান করছেন। জানেন কি, এটি কী ধরনের চা? এটি গরুর মূত্র দিয়ে তৈরি চা। তারা গরুর মূত্রের চা পান করেন।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব ভিডিও উইচ্যাট ও ডুইয়িনের মতো চীনা ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ভিডিও ধারণকারী দলের সদস্যরা কোনো অনুমতি ছাড়াই আবাসিক এলাকা, রান্নাঘর ও অন্যান্য ব্যক্তিগত স্থানে প্রবেশ করছিলেন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকজন ব্যক্তি এসব চীনা নাগরিককে বিভিন্ন এলাকা ঘুরে দেখতে সহায়তা করছিলেন বলে জানা গেছে। এর বিনিময়ে তারা প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা করে পেতেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তরা এলাকায় বিদেশিদের ভিডিও ধারণের বিষয়টি স্থানীয় পুলিশও নজরে এনেছে। তবে কী উদ্দেশ্যে এসব ভিডিও ধারণ করা হয়েছে, তা এখনো তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%