০১:৪০ পি.এম
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড এলাকায় গাড়ি পথচারী ও রাস্তার বিক্রেতাদের ওপর উঠে যাওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে গাড়ির চালকও অন্তর্ভুক্ত।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে নর্থ হলিউড মেট্রো স্টেশনের নিকটে ল্যাঙ্কারশিম বুলেভার্ডে এই দুর্ঘটনাটি ঘটে। লস অ্যাঞ্জেলেসের পুলিশ ও দমকল বিভাগ হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি এসইউভি গাড়ি ফুটপাতের ওপর উঠে গিয়ে পথচারী ও রাস্তার বিক্রেতাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। আহত অপর দুই পথচারী ও গাড়ির চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ইয়েমেনের তাইজে হামে প্রাণ গেল ২৬ জনের
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, হতাহতদের মধ্যে রাস্তার বিক্রেতা ও পথচারীরা রয়েছেন। তিনি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। মেয়র আরও জানান, সংশ্লিষ্ট বিভাগগুলো পরিস্থিতি মোকাবিলা ও তদন্তে কাজ করছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ পরীক্ষা করা হবে। পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি যে, গাড়িটি দুর্ঘটনাবশত পথচারীদের ওপর উঠে গিয়েছিল, নাকি এটি একটি ইচ্ছাকৃত ঘটনা ছিল।
ঘটনাস্থলের আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, সাদা রঙের একটি এসইউভি ফুটপাতের ওপর একটি ছাউনির নিচে দুমড়েমুচড়ে পড়ে রয়েছে। দুর্ঘটনার পর সেখানে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার ও তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
আরও পড়ুন: মার্কিন ইউরেনিয়াম স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন