০৭:০৯ পি.এম
সংসদের কার্যপ্রণালী ও শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বের কথা উল্লেখ করে অধিবেশন কক্ষে হইচই না করার জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আহ্বান জানিয়েছেন। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন মন্ত্রীর বক্তব্যের সময় সংসদ সদস্যদের হট্টগোলের প্রেক্ষিতে তিনি প্রশ্ন করে বলেন, "মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেব। কিন্তু এভাবে হইচই করে নিজেদেরকে পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন?"
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের আসনে দায়িত্ব পালনকালে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের ক্ষোভ ও হইচইয়ের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।
অধিবেশনে সংশ্লিষ্ট বিষয়ে এক সংসদ সদস্যের করা সম্পূরক প্রশ্নের জবাব দিচ্ছিলেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় মন্ত্রীর বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে বিরোধী বেঞ্চ থেকে সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন এবং একপর্যায়ে অধিবেশন কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়।
আরও পড়ুন: শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
পরিস্থিতি শান্ত করতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, "এমপি সাহেব, মন্ত্রী সাহেব একটু থামেন। মাননীয় সদস্যবৃন্দ আপনারা সকলেই বসেন।" তিনি বারবার সদস্যদের নিজ নিজ আসনে ফিরে গিয়ে শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন।
সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, "আমরা বারংবার বলছি, সদস্য প্রশ্ন করেছেন এবং মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরো একটা সম্পূরক প্রশ্ন নেব। কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন?"
তিনি সংসদ সদস্যদের ধৈর্য ধরে মন্ত্রীর বক্তব্য শোনার জন্য অনুরোধ করেন এবং বলেন, "প্লিজ, ধৈর্যের সাথে বসেন, উনার উত্তর শুনেন।" এরপর তিনি মন্ত্রীকে তার বক্তব্য পুনরায় অব্যাহত রাখার সুযোগ দেন।
আরও পড়ুন: পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন