০৮:৫৫ এম
পাহাড়ের দুর্গম অঞ্চলে অনেক শিশুর কাছে শিক্ষা এখনো অধরা, আর চিকিৎসা যেন বিলাসিতার পর্যায়ে। দারিদ্র্য, যোগাযোগের অসুবিধা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে পিছিয়ে পড়া এসব শিশুর আবাসন, শিক্ষা, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এক হাজার শিশুর ধারণক্ষমতাসম্পন্ন একটি সমন্বিত মানবিক ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা করেছেন উথোয়াইংগ্যা মারমা। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য মানুষের সহযোগিতা ও সমর্থন চেয়ে টেকনাফ থেকে ঢাকার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন ১২ জনের একটি দল।
‘ওয়াক ফর হিউম্যানিটি’ নামের এই পদযাত্রা ১৮ নভেম্বর (বুধবার) সকাল ৭টায় কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার জিরো পয়েন্ট থেকে শুরু হয়। খালি পায়ে সাদা পোশাক পরে যাত্রা করা দলটির পরিকল্পনা হচ্ছে, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন বৌদ্ধ গ্রাম ও বৌদ্ধবিহার ঘুরে আগামী শুক্রবার (১ জানুয়ারি) ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানো। সেখানে তারা পাহাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিগুলো তুলে ধরতে চান।
পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বান্দরবানের লামা উপজেলার উথোয়াইংগ্যা মারমা। তিনি ২০১০ সাল থেকে পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ২০২২ সালে লামায় মাত্র ৯ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে প্রতিষ্ঠা করেন ‘রংখেদং শিশু সদন’। পরে আলীকদম উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় গড়ে তোলেন ‘প্রেন্নুই শিক্ষালয়’। তার দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠান দুটিতে চাকমা, মারমা, ম্রো, বম, খুমিসহ সাতটি সম্প্রদায়ের ২৬০ শিশু শিক্ষা ও মানবিক সহায়তা পাচ্ছে।
আরও পড়ুন: ইনানীতে গ্যাসের সম্ভাবনা, মজুত নির্ধারণে বাপেক্সের জরিপ শুরু
এসব শিশুকে নিয়ে কাজ করতে গিয়ে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিক্ষা ও জীবনযাপনের নানা প্রতিবন্ধকতা কাছ থেকে দেখেছেন উথোয়াইংগ্যা মারমা। তার অভিজ্ঞতায়, দরিদ্র পরিবারের অনেক শিশু পারিবারিক অভাব-অনটন ও কৃষিকাজে যুক্ত থাকার কারণে নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। অনেক এলাকায় পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার সুযোগও নেই। ফলে শৈশব থেকেই বৈষম্যের শিকার হচ্ছে এসব শিশু।
সেই অভিজ্ঞতা থেকেই এবার আরও বড় পরিসরে কাজ করতে চান তিনি। এক হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্য একটি সমন্বিত মানবিক ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা করেছেন। সেখানে শিশুদের আবাসন, মানসম্মত শিক্ষা, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জীবনমুখী ও পরিবেশভিত্তিক শিক্ষার ব্যবস্থা থাকবে। একই সঙ্গে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার সুযোগও রাখতে চান তিনি।
উথোয়াইংগ্যা মারমা বলেন, ‘পাহাড়ের উন্নয়নের কথা বিবেচনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমরা আশাবাদী, বর্তমান প্রধানমন্ত্রীও পাহাড়ের মানুষের কথা শুনবেন এবং এ অঞ্চলের শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’
তিনি আরও বলেন, পাহাড়কে দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে না পারলে এ অঞ্চলের একটি বড় জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে। এতে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান কঠিন হয়ে পড়বে। তাই পাহাড়ের মানুষের প্রত্যাশা ও দাবিগুলো বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
আরও পড়ুন: গোপনীয় তথ্য বিক্রয় চক্রের সদস্য রবিউল ইসলাম গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন