বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০১:৪৫ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হয়েছে বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান ‘ইনসাইট ল্যাব’, যা ওষুধের কার্যকারিতা, নির্ধারিত মাত্রায় এর কার্যক্ষমতা এবং ব্যবহারের ফলে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কিত বৈজ্ঞানিক উত্তর খুঁজে বের করবে।
গবেষণার মাধ্যমে ঔষুধের কার্যকারিতা, ক্ষমতা ও সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া যাচাই করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। এটি ঔষুধ নিয়ে গবেষণার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
সম্প্রতি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম ল্যাবটির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওষুধের কার্যকারিতা, স্বাস্থ্যঝুঁকি, ক্ষমতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিরূপণের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছে। কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন (সিআরও) হিসেবে এটি ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হয়েছে। কৃষি অনুষদে অবস্থিত Insight Lab-এর অধীনে প্রতিষ্ঠিত বায়োসেফটি লেভেল-২ (বিএসএল-২) ল্যাবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ল্যাব সূত্রে জানা গেছে, টক্সিকোলজিক প্যাথলজি, এনিমেল হাজবেন্ড্রী, এনাটমি, মাইক্রোবায়োলজি ও বায়োকেমিস্ট্রির মতো বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা দায়িত্ব পালন করছেন। টক্সিকোলজিক প্যাথলজিতে অধ্যাপক ড. মো. গোলবার হোসেন, এনিমেল হাজবেন্ড্রীতে ড. শরীফুল ইসলাম, এনাটমিতে ড. শাহ মো. আব্দুর রউফ, মাইক্রোবায়োলজিতে ড. মোছা. ইসমত আরা বেগম এবং বায়োকেমিস্ট্রিতে ড. ফরহাদুল ইসলাম রয়েছেন। এছাড়া, দুইজন এমফিল শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও রিফায়েত করিম ল্যাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন।
ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. গোলবার হোসেন বলেন, "কোনো ওষুধ বাজারজাত করার আগে প্রাণীদেহে এর কার্যকারিতা ও নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রি-মার্কেটিং টেস্ট করা এ ল্যাব প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।" ঔষুধের কার্যকারিতার পাশাপাশি এর বিষক্রিয়া বা পার্শ্বপ্রতিক্রিয়া পরীক্ষা করা সম্ভব হবে। মূলত, ঔষুধ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এরপর ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করে ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। সেই ফলাফলের ভিত্তিতে কর্তৃপক্ষ ঔষুধের বাজারজাতকরণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এছাড়া, কোনো ভ্যাকসিন শরীরে প্রয়োজনীয় এন্টিবডি তৈরি করতে সক্ষম কি না কিংবা করলেও তা কত দিন পর্যন্ত রোগ প্রতিরোধ করতে সক্ষম সেটিও এ ল্যাবে পরীক্ষা করা যাবে।
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. কে এম মোজাফফর হোসেন জানান, উত্তরাঞ্চলে অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানি রয়েছে, যারা ওষুধ পরীক্ষার জন্য ল্যাবের সুযোগ-সুবিধা জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। ল্যাবটি যথাযথভাবে স্থাপন করা গেলে এসব কোম্পানিকে আর ঢাকায় যেতে হবে না। তারা এখানেই ঔষুধ পরীক্ষা করে প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, "কার্যক্রমটি মাত্র শুরু হয়েছে। এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ, আশা করি ভবিষ্যতে এটি পূর্ণাঙ্গ রূপ পাবে।" বিশেষ করে করোনাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও ইনসাইট ল্যাবের মত বায়োসেফটি লেভেল-২ (বিএসএল-২) ল্যাব না থাকায় প্রয়োজনীয় পরীক্ষাগুলো করা সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন যে, বিএসএল ল্যাবের ইপ্সিত সক্ষমতা অর্জন করতে পারলে ভবিষ্যতে করোনার মত মহামারিসহ ইমার্জিং রোগের গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে আরও অনেক সুযোগ-সুবিধা তৈরি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুকসুদপুর থানায় আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানায় আগুন ও লুটপাটের অভিযোগে জড়িত বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সময় দলটির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানায় আগুন লাগান।
ঘটনার পর থানার পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারত ৭০ রানে ৫ উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেছিল। তবে দিন শেষে তাদের সেই হাসি মিলিয়ে গেছে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের ১৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে। ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৪৩ রান। নিকোলস ১১৩ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন। ফিলিপস অপরাজিত আছেন ৯৪ রানে।
টস জিতে ওয়েলিংটনের রিজার্ভ বেসিনে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। উদ্দেশ্য ছিল সবুজ পিচে শুরুতে নতুন বলে কিউই ব্যাটিং অর্ডারকে তছনছ করে দেওয়া। নতুন বলে জসপ্রীত বুমরাহ রীতিমতো ভয় ধরালেন। মাত্র ৫২ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৪ উইকেট পড়ে যায়। ৭০ রানের মধ্যেই পাঁচটি উইকেট হারায় তারা। এর তিনটিই বুমরাহর দখলে।
শুরুতেই বুমরাহ শিকার বানালেন কিউই অধিনায়ক টম লাথামকে। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর একে একে আউট হন ডেভন কনওয়ে (৪), রাচিন রবীন্দ্র (১৫), ড্যারেল মিচেল (১), টম ব্লানডেল (৫)। বুমরাহ একাই তুলে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন অনশুল কম্বোজ এবং আকাশদীপ।
প্রথম ৩০ ওভার ভারতীয়রা দাপট দেখালেও ম্যাচের রং বদলে দেন ফিলিপস-নিকোলস জুটি। ঘরের মাঠে কোণঠাসা দলকে তারা শুধু লড়াইয়ে ফিরিয়েই আনেননি, ম্যাচও টিকিয়ে রেখেছেন। কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় অনবদ্য ব্যাটিং করছেন তারা। ষষ্ঠ উইকেটের অপরাজিত জুটিতে তারা যোগ করেছেন ১৭৩ রান। শতরান এসেছে নিকোলসের ব্যাট থেকে। পিছিয়ে থাকলেন না ফিলিপসও। দিনের শেষে নিকোলস অপরাজিত থাকলেন ১১৩ রান করে। মারলেন ১৪টি চার। ৯৪ রানে অপরাজিত ফিলিপসের ব্যাট থেকে এসেছে ১৩টি চার।
একা বুমরাহ ছাড়া আর কোনও বোলারই কিউই ব্যাটারদের খুব একটা চাপে ফেলতে পারেননি। প্রথম টেস্টের ভারতীয় একাদশ নিয়েও প্রশ্ন উঠছে। একাদশ থেকে বাদ পড়েন অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ। তার জায়গায় খেলা প্রসিদ কৃষ্ণ ১৬ ওভার বল করেও সাফল্য পাননি। এ ছাড়া বাদ দেওয়া হয় আরেক অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজাকেও। অথচ চলতি টেস্ট চ্যাম্পিয়নশীপ চক্রে ভারতের সফল বোলার তারা দুজনই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১৯ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ ও পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের যেকোনো ধরনের গোপন অপতৎপরতা রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
নেতাকর্মীরা ঘোষণা করেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে রাজপথে তাদের প্রতিহত করা হবে।
বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য অনুযায়ী, জনগণ যাদের এ দেশ থেকে বিতাড়িত করেছে, তাদের আর এ দেশের মানুষের কাছে কোনো প্রাসঙ্গিকতা বা গুরুত্ব নেই। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন অনেক বেশি সংগঠিত হয়ে উঠেছে।
নেতাকর্মীদের সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে থানার, ওয়ার্ডের এবং পাড়া-মহল্লার সব পর্যায়ে।
বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে সতর্ক বার্তা দিচ্ছে।
চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাসসকে জানান, ‘ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে দীর্ঘ লড়াই-সংগ্রাম করেছি। ২০২৪ সালে গণপ্রতিরোধের মুখে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। সেই গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’
তিনি আরও বলেন, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে এই দেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং তাদের আর এখানে কোনো প্রাসঙ্গিকতা নেই। জনগণ বা দেশে তাদের আর কোনো স্থান হবে না।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কিছু দুর্বৃত্ত মাঝে মাঝে রাত দুইটায় চকলেট বোমা বা এ জাতীয় কিছু করে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। বিএনপি রাজনৈতিকভাবে এ ধরনের অপতৎপরতা মোকাবিলা করবে।
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যেসব রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, তাদেরকে সঙ্গে নিয়েই দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করবে সরকার। মানবাধিকার লঙ্ঘন না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে সরকার। অতীতের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার পথে বর্তমান সরকার যাবে না। তবে যারা অপরাজনীতি, বিশৃঙ্খলা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে। সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।’
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি আবারও সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ধরনের উসকানি বা ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে জনগণের জানমাল রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান বাসসকে বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ এই দেশের মানুষের ওপর দীর্ঘ ১৭ বছর যে নিপীড়নের স্টিমরোলার চালিয়েছিল, তা মানুষ কখনোই ভুলবে না।’
তিনি বলেন, জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বিতাড়িত করেছে। আগামী একশ বছরেও তারা জনগণের সামনে প্রকাশ্যে আসতে পারবে না। সুতরাং তারা কোথায় কি বলছে তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তবে ডাকাত সম্পর্কে যেমন সতর্ক থাকতে হয়, আমরাও আওয়ামী সন্ত্রাসীদের সম্পর্কে সে রকম সতর্কতা বজায় রাখব।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী যে কোনো ষড়যন্ত্র ও আধিপত্যবাদী তৎপরতা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তি যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে।
মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘ক্ষমতা হারানোর পর পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে। তবে ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠার কোনো সুযোগ দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, কোনো উসকানিতে পা না দিয়ে রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি দায়িত্বশীল ও সংগঠিত ভূমিকা পালন করবে।
নাজিমুর রহমান বলেন, ‘পৃথিবীর ইতিহাসে পতিত, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকের ফিরে আসার কোনো নজির নেই। সুতরাং শেখ হাসিনারও দেশের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ আর নেই।’
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির অপপ্রচার, ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। চট্টগ্রামের রাজপথে কোনো অপশক্তিকে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।’
নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, এই দেশের জনগণ যাদের দেশ থেকে বিতাড়িত করেছে, তারা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জনগণকে কষ্ট দিতে চায়। কিন্তু এই দেশের মানুষ ফ্যাসিবাদীদের চরিত্র সম্পর্কে ভালোই ধারণা রাখে, তারা গোপনে চোরাগোপ্তা কিছু করার চেষ্টা করছে, প্রকাশ্যে আসার সাহস তাদের নেই।
তিনি বলেন, ফ্যাসিবাদীদের অপচেষ্টার বিরুদ্ধে এই দেশের জনগণ রুখে দাঁড়াবে। তাদের রুখতে পাড়া-মহল্লায় যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্যই রাজপথে সক্রিয় থাকবে যুবদল।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ‘শিক্ষাঙ্গনে অতীতের মতো সন্ত্রাস, দখলদারিত্ব ও আধিপত্যের রাজনীতি আর ফিরে আসতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের অধিকার ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করবেন।’
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে ধরনের নৈরাজ্য ও রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল, তার পুনরাবৃত্তি ঠেকাতে ছাত্রদল সজাগ রয়েছে।
এদিকে নেতাদের বক্তব্যের পাশাপাশি চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর মাঠপর্যায়ের তৎপরতাও বেড়েছে। নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডে সভা-সমাবেশ, প্রতিবাদ মিছিল ও মতবিনিময় কর্মসূচি পালন করছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
মহানগর বিএনপির উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুবদলও তাদের আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে নেতাকর্মীদের সক্রিয় রাখার উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি নগরের ষোলশহর, বাকলিয়া, চান্দগাঁও ও পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় এসব সংগঠনের নেতাকর্মীরা পৃথক ও যৌথ কর্মসূচি পালন করেছেন।
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিলের পাশাপাশি সতর্ক অবস্থান কর্মসূচি পালন করছেন। এসব কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
চট্টগ্রামের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিএনপি নেতাদের মূল্যায়ন হলো— আওয়ামী লীগের প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি কিংবা কোনো শক্তি প্রদর্শনের মতো সাংগঠনিক সক্ষমতা বর্তমানে নেই। বিচ্ছিন্ন দু-একটি ঝটিকা মিছিল কিংবা চোরাগোপ্তা তৎপরতার বাইরে কোনো রাজনৈতিক কর্মসূচি করার অবস্থায় দলটি নেই।
তবে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি কিংবা নগরের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা হতে পারে—এমন আশঙ্কা থেকেই নেতাকর্মীদের সতর্ক রাখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। এই বৈঠকের জন্য শেনঝেনের বিলাসবহুল কাইলিন ভিলা রিসোর্টকে নির্বাচন করা হয়েছে।
কাইলিন ভিলা শেনঝেনের নানশান জেলার সবুজ পাহাড়ের নিকটে অবস্থিত, যা একটি হ্রদের পাশে অবস্থিত। এই রিসোর্টটি বিলাসবহুল পরিবেশ এবং বিশেষ সুযোগ-সুবিধার জন্য পরিচিত, এবং এটি চীনের গুরুত্বপূর্ণ অতিথিদের আতিথেয়তা দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে।
তবে শি চিনপিংয়ের কাছে এই জায়গার গুরুত্ব ভিন্ন। তার বাবা শি ঝংজুন জীবনের শেষ সময়ের কয়েক মাস এখানে কাটিয়েছিলেন। ২০০২ সালের জানুয়ারিতে তার ক্যান্সার ধরা পড়ে এবং একই বছরের মে মাসে তিনি মারা যান।
শি ঝংজুন চীনের কমিউনিস্ট পার্টির একজন জ্যেষ্ঠ নেতা ছিলেন এবং গুয়াংডং প্রদেশের গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন। শেনঝেন শহরে তার একটি বাড়িও ছিল।
কাইলিন ভিলায় এর আগেও বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করেছেন। উত্তর কোরিয়া এবং হংকংয়ের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০০৬ সালে চীন সফরের সময় উত্তর কোরিয়ার তৎকালীন নেতা কিম জং ইল এই রিসোর্টে অবস্থান করেছিলেন।
রিসোর্টটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটি ১৯৯৭ সালে নির্মিত হয় এবং পরে ২০১৯ সালে সংস্কার করা হয়। এখানে চীনা ও পশ্চিমা খাবারের রেস্তোরাঁ, টেনিস কোর্ট এবং সুইমিং পুলের মতো নানা সুবিধা রয়েছে।
শি চিনপিংয়ের ব্যক্তিগত স্মৃতির সঙ্গে জড়িত এই রিসোর্টেই এবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। ফলে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই বৈঠকের স্থান হিসেবে কাইলিন ভিলা বিশেষ গুরুত্ব পাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ