ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১৬৫ বছরের রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি, সহায়তায় ক্লড এআই


১৬৫ বছরের রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি, সহায়তায় ক্লড এআই

একটি ১৬৫ বছরের পুরনো গাণিতিক রহস্যের সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছেন অ্যানথ্রপিকের এক গণিতবিদ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানটির তৈরি মডেল ক্লডের সহায়তায় তিনি এই দাবি করেছেন। যদিও প্রাথমিক কিছু যাচাইয়ে প্রমাণটি উত্তীর্ণ হয়েছে, গণিতবিদরা এখনো এটি পরীক্ষা করে দেখছেন। আনুষ্ঠানিকভাবে সমাধানটি স্বীকৃতি পায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ত আলপোগে শুক্রবার নিজের ওয়েবসাইটে রিম্যান হাইপোথিসিসের প্রমাণ আবিষ্কারের দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ক্লডের সঙ্গে কাজ করেই তিনি এই প্রমাণের দিকে এগিয়েছেন। প্রথমে তিনি এআই মডেলটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিলেও শেষ পর্যায়ে ক্লড তাঁর প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি দেখিয়েছে।

আলপোগে জানান, তিনি কয়েক মাস ধরে ক্লডের সঙ্গে বিভিন্ন বিষয়ে কাজ করেছেন। তবে শেষ পর্যায়ে এসে ক্লড তাঁকে ছাড়িয়ে গেছে। এআই মডেলটির অগ্রগতি তাঁকে বিস্মিত করেছে বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: ফেলে দেওয়া ফোনে লুকিয়ে আছে ২৪ ক্যারেটের স্বর্ণ, এবার সহজেই বের করা যাবে

রিম্যান হাইপোথিসিস আসলে কী

১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান এই অনুমানটি উপস্থাপন করেন। এটি মৌলিক সংখ্যার বিন্যাস বা বণ্টনের সঙ্গে সম্পর্কিত। মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা, যেগুলোকে শুধুমাত্র ১ এবং সেই সংখ্যা নিজে দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। যেমন—২, ৩, ৫, ৭ ও ১১।

সংখ্যারেখায় মৌলিক সংখ্যাগুলো আপাতদৃষ্টিতে অনিয়মিত মনে হলেও এর পেছনে একটি গভীর গাণিতিক কাঠামো রয়েছে বলে গণিতবিদেরা মনে করেন। রিম্যান হাইপোথিসিসে এই কাঠামোর সঙ্গে রিম্যান জিটা ফাংশন নামের একটি গাণিতিক ফাংশনের শূন্যস্থানগুলোর সম্পর্ক তুলে ধরা হয়েছে।

এই অনুমানটি যদি প্রমাণিত হয়, তবে মৌলিক সংখ্যার বণ্টন সম্পর্কে গণিতবিদদের ধারণা আরও স্পষ্ট হবে। সংখ্যাতত্ত্বসহ গণিতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন: জিটিএ ৬-এর আদলে হোয়াটসঅ্যাপের নাম বদল, কুনালের প্রশ্ন ‘হোয়াটসআপ’

রিম্যান হাইপোথিসিস ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটের নির্ধারিত সাতটি ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেম’-এর মধ্যে একটি। প্রতিটি সমস্যার গ্রহণযোগ্য সমাধানের জন্য ১০ লাখ ডলার পুরস্কার নির্ধারিত রয়েছে। এখন পর্যন্ত সাতটির মধ্যে শুধু পয়েনকারে কনজেকচার আনুষ্ঠানিকভাবে সমাধান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ক্লডের দেওয়া প্রমাণ কতটা নির্ভরযোগ্য

আলপোগে তাঁর প্রমাণটি ‘লিন’ (Lean) নামের একটি প্রোগ্রামিং ভাষায় লিখেছেন। গাণিতিক যুক্তি ধাপে ধাপে যাচাই করার কাজে এই ভাষা ব্যবহৃত হয়। এমআইটির গণিতবিদ অ্যান্ড্রু সাদারল্যান্ডসহ স্বাধীন গবেষকেরা লিনে প্রমাণটি কম্পাইল করে প্রাথমিকভাবে কোনো ত্রুটি পাননি।

তবে প্রমাণটি কম্পাইল হওয়া মানেই যে গাণিতিক দাবিটি সঠিক, তা নয়। বিশেষজ্ঞদের যাচাই করতে হবে যে কোডের মাধ্যমে মূল অনুমানের অর্থ বদলে গেছে কি না কিংবা কোনো অনিচ্ছাকৃত শর্টকাট ব্যবহার করা হয়েছে কি না। অর্থাৎ, প্রমাণটি ঠিক যে বিষয়টি প্রতিষ্ঠা করার দাবি করছে, সেটিই প্রতিষ্ঠা করছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।

আরও পড়ুন: মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘অ্যাস্ট্রা’, রিজিওনাল জয় শেষে বিশ্বমঞ্চের পথে ‘ক্রোনোস্ট্রাইডার’

এখন পর্যন্ত ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটও এই সমাধানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

গণিত গবেষণায় এআইয়ের নতুন সম্ভাবনা

সাম্প্রতিক বছরগুলোতে জটিল গাণিতিক সমস্যা সমাধানে এআই মডেলের সক্ষমতা দ্রুত বেড়েছে। ২০২৩ সালে সাধারণ চার অঙ্কের যোগের মতো কাজেও এসব মডেলের সীমাবদ্ধতা ছিল। পরবর্তীতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতায় স্বর্ণপদক পাওয়ার মতো পারফরম্যান্স দেখিয়েছে এআই মডেলগুলো।

চলতি বছর উন্মুক্ত গাণিতিক সমস্যার সমাধানেও এআইয়ের অগ্রগতি দেখা গেছে। এর আগে ওপেনএআইয়ের একটি মডেল নাভিয়ের-স্টোকস সমস্যার ক্ষেত্রেও অগ্রগতির দাবি করেছিল।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ রাখতে এবার খরচ করতে হবে টাকা!

রিম্যান হাইপোথিসিসের ক্ষেত্রে আলপোগের দাবি সত্য প্রমাণিত হলে গণিত গবেষণায় এআইয়ের ভূমিকা নিয়ে নতুন আলোচনা তৈরি হবে। তবে বিশেষজ্ঞদের পূর্ণাঙ্গ যাচাই ও আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এটিকে ১৬৫ বছরের রহস্যের চূড়ান্ত সমাধান বলা যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি মন্তব্য করেছেন যে, সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তিনি উল্লেখ করেছেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। যেসব শিক্ষক ফ্যাস্টিদের দোসর হিসেবে কাজ করেছেন তাদের প্রমাণসহ তালিকা দেবেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা কারো ওপর জুলুম বা অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে আমরা ছেড়েও দেব না।’

আজ শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া আরও বলেন, “নুরুল ইসলাম নাহিদকে (সাবেক শিক্ষামন্ত্রী) আটকের পর অনেকের গাত্রদাহ হয়েছে—‘আরে এত বড় একজন বয়স্ক লোক আটক’। আমাদের এম কে আনোয়ারের বয়স কত ছিল? উনি ৮৬ বছর বয়সে কোর্টের বারান্দায় ঘুরেছেন, তাকে ধরে ধরে উঠানো হতো। আবার তাকে হ্যান্ডকাফও লাগানো হয়েছে। আমাকেও হ্যান্ডকাফ লাগিয়ে টেনে টেনে কোর্টে নিয়ে আসত, ৪০টি মামলার আসামি ছিলাম। পুলিশ, র‌্যাব, ডিবি দিয়ে আমাকে উঠিয়ে নেওয়া হয়েছিল।’

এ সংসদ সদস্য বলেন, ‘আমি নাকি যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় বাসে আগুন দিয়েছি। আমরা এত কিছু সহজে ভুলিনি। আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করি না। আবার একেবারে আমাদেরকে কেউ দুর্বল মনে করলে তাদের ছেড়েও দেব না, ধরতে হবে।’

তিনি বলেন, ‘এই ১৭ বছরে শেখানো হইছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, বই-পুস্তকে এ কথাগুলো আমার মতো শিক্ষকরাই লিখেছে, আপনার মতো শিক্ষকরাই লিখেছে। শেখ মুজিব যদি জাতির পিতা হতো, ১৯৭৪-এর দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মরে থাকত না। লাশ দাফন করার মতো কেউ ছিল না।’

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুর পরও অব্যাহত থাকে যেসব আমলের সওয়াব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


মৃত্যুর পরও অব্যাহত থাকে যেসব আমলের সওয়াব

মৃত ব্যক্তির জীবদ্দশায় কিছু আমল রয়েছে, যা জীবিত অবস্থায় সম্পন্ন করা হলে মৃত্যুর পরও তার সওয়াব আমলনামায় যোগ হতে থাকে। নিম্নে উল্লেখিত কিছু আমল এর মধ্যে রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যখন কোনো মানুষ মারা যায়, তখন তার তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায় : (১) সদকা জারিয়া, (২) উপকারী জ্ঞান এবং (৩) সৎ সন্তান- যে তার জন্য দোয়া করে।" (মুসলিম, হাদিস : ৪১১৫)

কিছু হাদিসে সদকা জারিয়া বা প্রবহমান দানকে আরও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "মৃত্যুর পর কবরে থাকা অবস্থায় বান্দার সাতটি আমল চলমান থাকে। (১) দ্বিনি ইলম শিক্ষা দান করা, (২) নদী-নালা প্রবাহিত করা, (৩) কূপ খনন করা, (৪) খেজুর তথা ফলবান বৃক্ষ রোপণ করা, (৫) মসজিদ নির্মাণ করা, (৬) এমন সন্তান রেখে যাওয়া, যে পিতার মৃত্যুর পর তাঁর জন্য ক্ষমা প্রার্থনা করে, (৭) কোরআন বিতরণ করা বা কোরআনের ওয়ারিশ রেখে যাওয়া।" (সহিহুল জামে, হাদিস : ৩৬০২)

অন্য একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, "চারটি বিষয়ের সওয়াবপ্রাপ্তি মানুষের মৃত্যুর পরও অব্যাহত থাকে। (১) আল্লাহর রাস্তায় সীমান্ত প্রহরা; (২) ব্যক্তির এমন (মাসনুন) আমল, যা অন্যরাও অনুসরণ করে; (৩) এমন দান, যা সে স্থায়ীভাবে চলমান রেখে গেছে; (৪) এমন নেক সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করে।" (মুসনাদ আহমাদ, হাদিস : ২২)

প্রখ্যাত তাবেঈ আতা বিন রাবাহ ((রহ.) বলেছেন, "মৃতের পক্ষ থেকে চারটি কাজ করণীয় : গোলাম আজাদ করা (যদি থাকে), দান-সদকা করা, হজ করা এবং ওমরাও করা।" (মুছান্নাফে ইবনু আবি শায়বাহ, হাদিস : ১২০৮৫)

এছাড়া, উল্লেখযোগ্য যে, সৎ সন্তান দোয়া না করলেও তার সৎকর্মের সওয়াব পিতা-মাতা পাবেন বলে একদল বিদ্বান উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় অভিমত ব্যক্ত করেছেন। (আহকামুল জানায়েজ ১/৭৬)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুর ডায়াবেটিসের ৫টি আগাম লক্ষণ, অবহেলা বিপদ ডেকে আনতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


শিশুর ডায়াবেটিসের ৫টি আগাম লক্ষণ, অবহেলা বিপদ ডেকে আনতে পারে

ডায়াবেটিস সাধারণত বড়দের রোগ হিসেবে পরিচিত, তবে এটি শিশুদের মধ্যেও দেখা দিতে পারে। বিশেষ করে, টাইপ-১ ডায়াবেটিস শিশুদের মধ্যে একটি পরিচিত সমস্যা। রোগটির লক্ষণগুলো প্রথম দিকে কিছু শারীরিক পরিবর্তনের মাধ্যমে চিহ্নিত করা সম্ভব। কিন্তু এই লক্ষণগুলো অবহেলা করলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে পুনের সূর্য মাদার অ্যান্ড চাইল্ড সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক সাজিলি মেহতা শিশুদের ডায়াবেটিসের পাঁচটি আগাম লক্ষণ সম্পর্কে জানিয়েছেন।

চিকিৎসকের মতে, শিশুরা যদি স্বাভাবিকের তুলনায় বেশি পানি পান করে, ঘন ঘন প্রস্রাব করে, এবং খাবার খাওয়ার পরও ওজন কমে যায়, তাহলে এই লক্ষণগুলো ডায়াবেটিসের ইঙ্গিত হতে পারে। এসব লক্ষণ ধীরে ধীরে কিংবা কয়েক সপ্তাহের মধ্যে দেখা দিতে পারে।

শিশুর ডায়াবেটিসের ৫ আগাম লক্ষণ

১. ঘন ঘন প্রস্রাব

শিশুরা আগের তুলনায় বেশি বার প্রস্রাব করতে পারে। রাতে বারবার টয়লেটে যাওয়ার অভ্যাস বা বিছানা ভেজানোর অভ্যাস আবার শুরু হলে এটি সতর্কসংকেত হতে পারে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কিডনি অতিরিক্ত চিনি বের করার জন্য প্রস্রাবের মাধ্যমে চেষ্টা করে, ফলে শরীর থেকে বেশি পানি বের হয়ে যায়।

২. অতিরিক্ত তৃষ্ণা

যদি শিশু অস্বাভাবিকভাবে বেশি পানি পান করে, পানির বোতল বারবার খালি করে, অথবা রাতে তৃষ্ণায় ঘুম থেকে ওঠে, তাহলে এটি গুরুত্ব সহকারে নেওয়া উচিত। রক্তে শর্করা বেড়ে যাওয়ার কারণে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে গেলে এমন তৃষ্ণা অনুভূত হতে পারে।

৩. অকারণে ওজন কমে যাওয়া

যদি শিশুর স্বাভাবিক খাবার খাওয়ার পরও ওজন কমতে থাকে, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। এমনকি ক্ষুধা বেড়ে যাওয়ার পরও ওজন কমতে পারে। শরীরে পর্যাপ্ত ইনসুলিন না থাকলে কোষগুলো গ্লুকোজ থেকে প্রয়োজনীয় শক্তি গ্রহণ করতে পারে না, ফলে শরীর চর্বি ও পেশি ভাঙতে শুরু করে।

৪. অস্বাভাবিক ক্লান্তি

যদি শিশু আগের মতো খেলাধুলা করতে না চায়, স্কুলের কাজে মনোযোগ দিতে অসুবিধা হয়, অথবা সব সময় ক্লান্ত বোধ করে, তাহলে এটি খেয়াল করা দরকার। শরীর গ্লুকোজ সঠিকভাবে ব্যবহার করতে না পারলে এ ধরনের অবসাদ দেখা দিতে পারে।

৫. ঝাপসা দেখা

রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে চোখের দৃষ্টিতে সাময়িকভাবে প্রভাব পড়তে পারে। ফলে শিশু স্পষ্ট দেখতে অসুবিধার কথা জানাতে পারে। এমন অভিযোগ হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন

চিকিৎসক সাজিলি মেহতা পরামর্শ দিয়েছেন, যদি শিশুর মধ্যে এসব লক্ষণের কোনোটি দেখা দেয়, তাহলে একই দিনে রক্তে গ্লুকোজ পরীক্ষা এবং চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য মূল্যায়ন করানো উচিত।

বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসা না হলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের মতো বিপজ্জনক জটিলতা দেখা দিতে পারে। এই অবস্থায় রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। বমি, পেটব্যথা, দ্রুত বা গভীর শ্বাস নেওয়া এবং অস্বাভাবিক ঝিমুনি এর সতর্কসংকেত। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

চিকিৎসকের মতে, শিশুদের টাইপ-১ এবং টাইপ-২—দুই ধরনের ডায়াবেটিস হতে পারে। টাইপ-১ ডায়াবেটিসে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুল করে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে আক্রমণ করে। এটি যেকোনো ওজনের শিশুর হতে পারে এবং অতিরিক্ত চিনি খাওয়ার কারণে হয় না। অন্যদিকে, টাইপ-২ ডায়াবেটিসে শরীর ইনসুলিনের প্রতি যথাযথভাবে সাড়া দিতে পারে না। এ ধরনের ডায়াবেটিসের লক্ষণ অনেক সময় ধীরে ধীরে প্রকাশ পায়।

সঠিক সময়ে রোগ শনাক্তকরণ, যথাযথ চিকিৎসা এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্ত শিশুরাও সুস্থ ও সক্রিয় জীবনযাপন করতে সক্ষম হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গবেষণার বাণিজ্যিকীকরণে বাকৃবির সঙ্গে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


গবেষণার বাণিজ্যিকীকরণে বাকৃবির সঙ্গে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা
গবেষণার ফলাফলকে শিল্প ও বাণিজ্যিক খাতে প্রয়োগের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে বাকৃবি-শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বাণিজ্যিকীকরণে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বাকৃবির সাথে ১০টি শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

সমঝোতা স্বাক্ষরকৃত প্রতিষ্ঠানগুলো হল- ন্যাশনাল এগ্রি কেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, এসিআই পিএলসি, আকিজ ডেইরি লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, ডুয়ালটেক পাওয়ার ইঞ্জিনিয়ারিং, উস্তার এগ্রো সলিউশন প্রাইভেট লিমিটেড, স্বর্ণলতা এগ্রো ফিশারিজ লিমিটেড, পূবালী ব্যাংক পিএলসি এবং নেক্সটজেন বায়োফিড। বাকৃবির পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো হেলাল উদ্দীন। 

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন এসময় আরও উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড মো আব্দুল মজিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. এ কে এম আহসান কবীর।

প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক ড আব্দুল্লাহ্ আল মামুন বলেন, বর্তমান সরকার মনে করে গবেষণার বাণিজ্যিকিকরণে বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের সমন্বয় অত্যন্ত জরুরি। তবে এই সমন্বয়ে কিছুটা দূরত্ব এখনও রয়ে গেছে। আশা করি, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আগামী ১ বছরের মধ্যে আইকিউএসির মাধ্যমে এই দূরত্ব পূরণ করা হবে। আজকের অনুষ্ঠান বার্তা দিচ্ছে, একাডেমিয়া ও শিল্প প্রতিষ্ঠানের সমন্বয়ে নতুন কিছু শুরুর পথে যাচ্ছি আমরা। আজকের অনুষ্ঠানের মূল চারটি উদ্দেশ্য হলো একাডেমিক ও শিল্প প্রতিষ্ঠানের মিথস্ক্রিয়া, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কারিকুলাম প্রতিনিয়ত আপডেট করা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপে সুযোগ বৃদ্ধি করা এবং গবেষণাসমূহের বাণিজ্যিকিকরণ নিশ্চিত করা। সেই লক্ষ্যে আজকের প্রোগ্রাম হোক প্রেরণা।

তিনি আরও বলেন, ইতিহাসে প্রথম এই সরকার শিক্ষা খাতে ২ শতাংশ বাজেট রেখেছে। আগামী বছর সেটি  ৩ শতাংশ করা হবে। আপনারা জেনে খুশি হবেন আগামী বছর সর্বোচ্চ বাজেট হবে কৃষিতে। আপনাদের গবেষণালব্ধ ফল দীর্ঘদিন ধরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সাহায্য করছে। আমাদের অর্থনীতির রুগ্ন দশা, আমরা কেবল গার্মেন্টস নির্ভরতা থেকে বেরিয়ে কৃষিতে আরও এগিয়ে যেতে চাই। সরকারের ইনোভেশন ফান্ডে ৫০০ কোটি টাকা আছে। এটা গবেষণা কাজের জন্য উন্মুক্ত।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড মো রফিকুল ইসলাম সরদার বলেন, বাকৃবির সাথে যারা একসাথে কাজ করার জন্য এগিয়ে এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইতোমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সাথে বাকৃবির চুক্তি চলমান। আজ দশটি প্রতিষ্ঠানের সাথে করা হলো। গবেষণালব্ধ প্রযুক্তি মাঠ পর্যায়ে নিতে আমাদের শিল্প প্রতিষ্ঠানের সাহায্য লাগবে। একসাথে সমন্বয় না হলে কোন প্রযুক্তিই কাজে আসবে না। তাই আমাদের আরও কাজ করতে হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%