ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজায় গণহত্যা সত্ত্বেও ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী


গাজায় গণহত্যা সত্ত্বেও ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের ফলে ব্যাপক প্রাণহানি ও আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও, ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি মনে করেন, ভারতের জাতীয় ও কৌশলগত স্বার্থের জন্য ইসরাইলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অপরিহার্য। একইসঙ্গে, দিল্লির স্বাধীনভাবে অস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত।

বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বিশ্লেষক রবার্ট পেপের সঙ্গে আলোচনার সময় রাহুল গান্ধী এসব কথা বলেন। তিন দিনের যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত ওই আলোচনায় ভারতীয় পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে দেশের অবস্থান নিয়েও আলোচনা হয়।

রাহুল গান্ধী বলেন, "ইসরাইলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা দেশটি থেকে অস্ত্র কিনি। ইসরাইলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার বিষয়টিকে আমি পুরোপুরি সমর্থন করি।"

আরও পড়ুন: পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো

তিনি আরও বলেন, "ভারতের সশস্ত্র বাহিনীর জন্য যেসব অস্ত্র সবচেয়ে উপযোগী, সেগুলো কেনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিল্লির থাকা উচিত। অন্য কোনো দেশের অগ্রাধিকার বা পররাষ্ট্রনীতির দ্বারা ভারতের সিদ্ধান্ত পরিচালিত হওয়া উচিত নয়।"

রাহুল গান্ধী উল্লেখ করেন, "আমরা অনেক বড় একটি দেশ। আমাদের জনসংখ্যা ১৫০ কোটি। তাই আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত ভারতের জন্য কোনটি ভালো, তা বিবেচনা করে; অন্যদের জন্য কোনটি ভালো, সেটি দিয়ে নয়।"

গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনা করলেও, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানাতে ভুলেননি তিনি। তার ভাষায়, "বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আলোচনার ভিডিও প্রকাশ করে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন কংগ্রেস নেতা।

রাহুল গান্ধীর এই বক্তব্যের দিনেই ইসরাইলের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতার নতুন একটি চুক্তির তথ্য সামনে আসে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সঙ্গে ২১ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তি ঘোষণা করে।

আরও পড়ুন: কুয়েতে বাস করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন যেসব অভিবাসী

গত ১৮ নভেম্বর স্বাক্ষরিত চুক্তির আওতায় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে স্থাপিত বারাক পয়েন্ট ডিফেন্স ক্ষেপণাস্ত্রব্যবস্থার আধুনিকায়ন করা হবে। এতে হার্ডওয়্যার ও সফটওয়্যার উন্নয়নের পাশাপাশি পুরোনো যন্ত্রাংশ ব্যবস্থাপনার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

রাহুল গান্ধীর বক্তব্য ও নতুন এই চুক্তি আবারও প্রমাণ করে যে, ইসরাইলের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা ভারতের রাজনৈতিক অঙ্গনে গভীরভাবে প্রতিষ্ঠিত।

চলতি মাসের শুরুতে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইসরাইলি নজরদারি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলেব্রাইটের কাছ থেকে ফোন আনলক করার একটি প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছেন। ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এই প্রযুক্তি কেনার উদ্যোগ নিয়েছে।

এ ছাড়া কংগ্রেসশাসিত কয়েকটি রাজ্যের বিরুদ্ধে ইসরাইলি প্রতিষ্ঠানের কাছ থেকে মোবাইল ফোনের তথ্য সংগ্রহের প্রযুক্তি কেনার অভিযোগ তুলেছেন অধিকারকর্মীরা।

আরও পড়ুন: অ্যাপেক সম্মেলনে ট্রাম্পের ঘুমিয়ে পড়া নিয়ে বিতর্ক, হোয়াইট হাউসের প্রতিবাদ

রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এক স্থানীয় অধিকারকর্মী বলেন, "তার বক্তব্যে স্ববিরোধিতা রয়েছে।" পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মী বলেন, "একদিকে রাহুল বলছেন ভারতের পররাষ্ট্রনীতি দেশের স্বার্থের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত, অন্যদিকে তিনি এমন একটি দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে কথা বলছেন, যার কর্মকাণ্ড গত তিন বছরে আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।"

ওই কর্মীর মতে, "ভারতের সঙ্গে আরো ভালো সম্পর্ক বজায় রাখার প্রয়োজন ইসরাইলেরই বেশি, ভারতের নয়।"

দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক অপূর্বানন্দ ঝাও রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করেছেন। তার মতে, ৭ অক্টোবরের হামলাকে গাজায় গণহত্যার সঙ্গে একইভাবে তুলনা করা আপত্তিকর।

তিনি বলেন, "ভারতের সঙ্গে ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ভারত দেশটি থেকে অস্ত্র কেনে—এগুলো বাস্তবতা। কিন্তু এমন অস্ত্র বাণিজ্য শান্তির জন্য ক্ষতিকর। রাহুল গান্ধীর উচিত ছিল বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা।"

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা, উদ্বেগ বেড়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ভারত ও ইসরাইলের সম্পর্ক আরো গভীর হয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর কিছুদিন আগে ইসরাইল সফর করেন মোদি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বিভিন্ন সময়ে ভারতের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইল ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা ও বৈধতা নিয়ে প্রশ্নের মুখে পড়লেও ভারতে দেশটির প্রতি ব্যাপক সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

দ্য ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে জানা যায়, নেতানিয়াহু ভারতে ইসরাইলের প্রতি সমর্থনকে ‘অবিশ্বাস্য রকমের বেশি’ বলে বর্ণনা করেছিলেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত জুলাইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরাইলে অন্তত ২ হাজার ৫৯৬টি চালানে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের বিভিন্ন অংশ পাঠানো হয়েছে। এসব চালানের মধ্যে ছিল কামানের গোলা, মেশিনগানের যন্ত্রাংশ, বিস্ফোরক ওয়ারহেড এবং সাঁজোয়া যান তৈরির উপকরণ।

আরও পড়ুন: রিয়াদের আকাশে তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সউদী জোটের

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, গাজায় আন্তর্জাতিক অপরাধ সংঘটনের বিষয়ে ক্রমবর্ধমান তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও ইসরাইলে সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহযোগিতার দায়ে ভারতও আইনি জটিলতায় পড়তে পারে।

১৯৯২ সালের জানুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

তবে এর আগেই সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া শুরু হয়েছিল। রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৮০-এর দশকে ইসরায়েলের সঙ্গে ভারতের যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেন।

১৯৮৫ সালে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী শিমন পেরেসের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার আগে এটিকে গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের যোগাযোগ হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন: ভারতে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি ভর্তি

এ ছাড়া রাহুল গান্ধীর দাদি ইন্দিরা গান্ধীর শাসনামলে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার ভিত্তি তৈরি হয়েছিল।

কংগ্রেসের কয়েকজন নেতা গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে মোদি সরকারের অবস্থানের সমালোচনা করলেও, দলটি এখন পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানায়নি। এমনকি দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে মামলায় ভারতের যুক্ত হওয়ার দাবিও তোলেনি দলটি। ফলে ইসরাইলের সঙ্গে সামরিক সম্পর্ক বজায় রাখার প্রশ্নে ভারতের ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক শিবিরের অবস্থানের মধ্যে বড় ধরনের পার্থক্য কতটা, তা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরমোনাইয়ের মাহফিলের নতুন তারিখ ১২, ১৩ ও ১৪ অগ্রহায়ণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


চরমোনাইয়ের মাহফিলের নতুন তারিখ ১২, ১৩ ও ১৪ অগ্রহায়ণ

চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে, যা প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে গৃহীত হয়েছে। শনিবার বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় উচ্চপর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাহফিলটি আগামী ১২, ১৩ ও ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ—মোতাবেক ২৭, ২৮ ও ২৯ নভেম্বর (শুক্র, শনি ও রোববার) অনুষ্ঠিত হবে।

মাহফিলে অংশগ্রহণে আগ্রহী সকল মুসল্লি, মুরিদান ও সংশ্লিষ্টদের জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে, তারা পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ: নিষিদ্ধ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


বাবুগঞ্জে মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ: নিষিদ্ধ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপনকে প্রধান আসামিদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

গত ১৯ নভেম্বর বরিশাল বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করে।

পুলিশের দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, ১৮ নভেম্বর গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর থানা এলাকার রামপট্টি স্টেশন থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মধ্যবর্তী স্থানে একদল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন এবং যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির উদ্দিন আকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ফারুক হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন, রহমতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দুলাল সরদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তারেক, ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম নয়ন এবং জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আর বাদল বিশ্বাস।

এ ছাড়া আসামির তালিকায় রয়েছেন সুজন আহমেদ, যিনি সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও ওয়ার্কার্স পার্টির নেতা হিসেবে পরিচিত; ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আহসান হিমু, উপজেলা ছাত্রলীগ নেতা খন্দকার রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা হিমেল প্রধান ও সাব্বির হোসেন।

এদিকে, এই মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০ নভেম্বর রাতে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনদুর্ভোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাপেক সম্মেলনে ট্রাম্পের ঘুমিয়ে পড়া নিয়ে বিতর্ক, হোয়াইট হাউসের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


অ্যাপেক সম্মেলনে ট্রাম্পের ঘুমিয়ে পড়া নিয়ে বিতর্ক, হোয়াইট হাউসের প্রতিবাদ

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তৃতার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুমিয়ে পড়ার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনে অনুষ্ঠিত ওই সম্মেলনের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচকদের মধ্যে বিভিন্ন মন্তব্য শুরু হয়েছে, তবে হোয়াইট হাউস এই অভিযোগগুলো সম্পূর্ণরূপে অস্বীকার করেছে।

ফুটেজে দেখা যায়, শি জিনপিং বিশ্ব বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার সময় ৮০ বছর বয়সী ট্রাম্পের মাথা কিছুটা নিচের দিকে ঝুঁকে আসে এবং তাঁর দুই হাত সামনে জড়ো করা অবস্থায় প্রায় ১০ সেকেন্ডের মতো চোখ বন্ধ থাকে। এই ঘটনা ঘটে চীনের শেনঝেনে পৌঁছানোর দুই দিন পর, যখন ট্রাম্প এশিয়া সফরের শুরুতে ফিলিপাইনে গিয়েছিলেন। পর্যবেক্ষণে উঠে এসেছে যে, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি বা জেট ল্যাগের কারণে এমনটি হতে পারে।

সম্মেলনের ওই মুহূর্তের ভিডিও সামনে আসার পর ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সমালোচকরা তাঁর মনোযোগ এবং শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগে বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠান ও বৈঠকে ট্রাম্পের চোখ বন্ধ থাকা বা ক্লান্ত দেখানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

তবে হোয়াইট হাউস এসব দাবিকে ‘ভুয়া খবর’ হিসেবে উড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন চিউং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানান, বক্তব্য চলাকালীন প্রেসিডেন্ট ট্রাম্প ঘুমিয়ে পড়েননি; বরং তিনি সামনে থাকা কাগজপত্র মনোযোগ দিয়ে দেখছিলেন এবং তাঁর চোখ এদিক-ওদিক নড়ছিল। গণমাধ্যমের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও তোলেন তিনি।

অ্যাপেক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক এবং আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা বিশ্বরাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ ডিসেম্বর জকিগঞ্জে আসছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


৩ ডিসেম্বর জকিগঞ্জে আসছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম আগামী ৩ ডিসেম্বর সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট সফরে আসছেন। সফরের উদ্দেশ্য হলো জকিগঞ্জকে মুক্তিযুদ্ধের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করা। এই সফরটি সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে।

সফরের সময় স্পিকার কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করবেন। এরপর তিনি জকিগঞ্জের চারিগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করবেন এবং উপজেলা সদরে জেলা প্রশাসনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পরিকল্পনা করেছেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন সম্মুখযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। ২২ নভেম্বর কানাইঘাটের চাপনগরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম। ওই যুদ্ধে মেজর হাফিজও অংশ নেন এবং তাঁর সামনে শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান। পরে তাঁকে কানাইঘাটের মাটিতেই সমাহিত করা হয়।

জকিগঞ্জ ও কানাইঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং ঐতিহাসিক স্থানগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। তিনি গত ৭ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

সফর বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি সিলেট সার্কিট হাউসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি। এতে সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এম এ কাইয়ূম চৌধুরী, মুফতি মোহাম্মদ আবুল হাসানসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সিলেট বিভাগের মন্ত্রী ও সংসদ সদস্যরা সফরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর সকাল ১০টায় হেলিকপ্টারে জকিগঞ্জে পৌঁছে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন স্পিকার। বিকেল ৪টায় তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় ইতিহাস অনুযায়ী, ১৯৭১ সালের ২১ নভেম্বর সশস্ত্র যুদ্ধের মাধ্যমে জকিগঞ্জ হানাদারমুক্ত হয়। দিনটি স্থানীয়ভাবে ‘জকিগঞ্জ মুক্তাঞ্চল দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। মুক্তিযোদ্ধা ও স্থানীয় সচেতন নাগরিকেরা দীর্ঘদিন ধরে জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন।

স্থানীয়দের প্রত্যাশা, স্পিকারের সফরের মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%