মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:২৫ এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ই নভেম্বর উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ইতালির ভিসেন্সা বিএনপি। গত রবিবার বাদ মাগরিব স্থানীয় একটি হল রুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভিসেন্সা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফিরোজ খন্দকার। সভার সভাপতিত্ব করেন সাবেক সভাপতি রহমান মোহাম্মদ আজিজুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসেন্সা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ও ইতালি বিএনপির উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এস এম আলমগীর। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াতের পর জাতীয় সংগীত ও দলীয় সংগীত বাজানো হয়।
আলোচনা সভায় পর্যায়ক্রমে বক্তব্য রাখেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বক্তাদের মধ্যে ছিলেন বিএনপি নেতা বেলাল হোসেন, মঞ্জুর আহমেদ জুয়েল, আব্দুল রাজ্জাক, মাসুদ মোড়ল, নিজামুল হক সেলিম, জাকির হোসেন, আলম হাফিজ, সাইদুর রহমান, মাসুম, জুনায়েত জনি সরকার, যুবদল নেতা রবিউল আলম স্বপন, রাসেল পারোয়ারী, ইমতিয়াজ হোসেন রাজ, স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা ফরিদুল ইসলাম, সদস্য সচিব সরদার মো. শাকিল, মোস্তাক আহমেদ, মো. কবীর হোসেন প্রমুখ।
বক্তারা ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বন্দি মেজর জিয়াউর রহমানের মুক্তির ইতিহাস তুলে ধরেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধের সময় রণক্ষেত্রে যুদ্ধ ও চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিলেন, সেই বর্ণনা তুলে ধরেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রংপুর মহানগর যুবদল ও ছাত্রদল মধ্যরাতে মোটরসাইকেল শোডাউন আয়োজন করেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর প্রেসক্লাবের সামনে থেকে মহানগর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন শুরু করেন। শোডাউনটি পায়রা চত্বর, জুলাই চত্বর, কাচারি বাজার চেকপোস্ট, টার্মিনাল, দর্শনা মডার্ন মোড়, পার্কের মোড় হয়ে শহীদ আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়।
এই সময়ে তারা ‘নিষিদ্ধ ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘ধর ধর ছাত্রলীগ ধর’, ‘ধইরা ধইরা জেলে ভর’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ সহ বিভিন্ন স্লোগান উচ্চারণ করেন।
বাইক শোডাউনে অংশগ্রহণ করেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্যসচিব রবিউল ইসলাম রবিসহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। এছাড়া সিটি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যুবদলের নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করেন।
অংশগ্রহণকারী নেতারা জানান, ছাত্রদল সারা রাত ধরে রংপুর মহানগরীর রাজপথ পাহারা দেবে। যেখানে সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে, সেখানেই তাদের প্রতিহত করার ঘোষণা তারা দেন।
এদিকে নগরীর বিএনসিসি মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। রাত ১২টার দিকে মিঠাপুকুরের ওভারব্রিজের নিচ থেকে স্থানীয়রা পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ হাজার ৯৫৮ দশমিক ২২ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের সমান। এই তথ্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ৯ নভেম্বর পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৯৫৮ দশমিক ২২ মিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ৯৩ দশমিক ০৪ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
এর আগে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর ৫ নভেম্বর পর্যন্ত দেশের রিজার্ভ ছিল ৩৪ হাজার ৮৫৫ দশমিক ৮১ মিলিয়ন বা ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৯৮৫ দশমিক ৭৫ মিলিয়ন বা ২৯ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার।
নিট রিজার্ভের হিসাব আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী আমিনুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উত্তরখান থানার হেলাল মার্কেটের দোবাদিয়া রোড সংলগ্ন সোনালী পাবনা নামের ১০ তলা ভবনের নবম তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৯ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নিসার আলী তিতুমীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের মেঝেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সানজিদার মরদেহ পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার স্বামী আমিনুর রহমান ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেছেন।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
নিহতের চাচা মো. সাইফুল ইসলাম জানান, প্রায় ১১ মাস আগে আমিনুর রহমানের সঙ্গে সানজিদার বিয়ে হয়। বিয়ের আগে তারা দুজনেই পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেন। সেখান থেকেই তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের অমতে বিয়ে করেন তারা। প্রায় সাত-আট মাস আগে ভালো ভবিষ্যতের আশায় ঢাকায় এসে উত্তরখানের ওই বাসায় ভাড়া থাকছিলেন। তাদের বিদেশে যাওয়ার পরিকল্পনাও ছিল।
তিনি আরও জানান, সানজিদার গ্রামের বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে। তার বাবা এবিএম শফিকুল ইসলাম। তিন বোনের মধ্যে সানজিদা ছিলেন সবার ছোট। ঘটনার পর তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন পরিবারের সদস্যরা।
মেয়ের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা এবিএম শফিকুল ইসলাম। তিনি জানান, পরিবারের অমতে মেয়েটি বিয়ে করলেও তার সুখের কথা চিন্তা করে তারা বিয়ে মেনে নিয়েছিলেন। মেয়ের সংসার ভালো চলবে- এ আশায় নিয়মিত টাকাও পাঠাতেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার মাইয়াডারে মাইরা ফালাইলো।’
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর এ মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থানে, বিশেষ করে ফার্মগেটে মেট্রোস্টেশনের নিচে, বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এবি পার্টি মনে করে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ, রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন এবং জননিরাপত্তা বিঘ্নিত করার ধারাবাহিক ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখা যাবে না। দলের নেতৃদ্বয় বলেন, পতিত ও পরাজিত শক্তি নানা অপকৌশলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাতে পারে। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটন করা প্রয়োজন।
তারা আরও বলেন, বাংলাদেশে মানুষ দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন, দমন-পীড়ন ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র-জনতার রক্ত দিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করেছে। যদি কেউ সেই পরিবর্তনের পথে বাধা দিতে আগুন, বোমা ও আতঙ্কের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেটি প্রতিহত করব। ফ্যাসিবাদী পরাজয়ের প্রতিশোধ নিতে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার কোনো সুযোগ দেওয়া হবে না।
এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, বাসে আগুন দিয়ে সাধারণ যাত্রী, শ্রমজীবী মানুষ ও পরিবহন খাতকে আতঙ্কিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার সঙ্গে জড়িত পতিত ও পরাজিত শক্তির ব্যক্তি, পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই পতিত ফ্যাসিবাদী শক্তিকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
নেতৃদ্বয় আরও বলেন, নাশকতা দমনের নামে যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানি বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। দেশে আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠাই এখন সবচেয়ে জরুরি। কোনো অপশক্তির নাশকতা কিংবা ষড়যন্ত্রের কাছে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পরাজিত হতে পারে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ