ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

মাতাল অবস্থায় উড্ডয়নের আগে ভারতীয় পাইলট বরখাস্ত


মাতাল অবস্থায় উড্ডয়নের আগে ভারতীয় পাইলট বরখাস্ত

জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে, সুইজারল্যান্ডের বৃহত্তম বিমানবন্দরে, উড্ডয়নের ঠিক পূর্বমুহূর্তে মদ্যপ অবস্থায় থাকা এয়ার ইন্ডিয়ার এক কো-পাইলটকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর দিল্লিগামী ফ্লাইটের উড্ডয়নের ঠিক আগে কো-পাইলটের মদ্যপ অবস্থায় থাকার সন্দেহে তাকে বিমান থেকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক অ্যালকোহল টেস্টে তিনি ফেল করেন। এরপর তাকে বিমান থেকে নামিয়ে সাধারণ যাত্রী হিসেবে ভারতে ফিরিয়ে আনা হয়।

চূড়ান্ত মেডিক্যাল রিপোর্ট না আসা পর্যন্ত তিনি বরখাস্ত থাকবেন বলে জানা গেছে। এ ঘটনার কারণে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ১৫১ নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। পরবর্তীতে পরের দিন ফ্লাইটটি পরিচালনা করা হয়।

আরও পড়ুন: নেতানিয়াহুকে ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরছেন হাজার হাজার ইসরাইলি

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা, নিয়মকানুন বা প্রতিষ্ঠানের নীতি লঙ্ঘনের বিষয়ে তাদের অবস্থান আপসহীন। নিয়মভঙ্গের কোনো প্রমাণ পাওয়া গেলে তা কঠোরভাবে দমন করা হয় এবং বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে, গত ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বড় ধরনের বিপত্তি ঘটেছিল। ওড়িশার ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী ও ক্রু আহত হন।

পরে জানা যায়, ওই ফ্লাইটের মূল পাইলট সুদীপ বশিষ্ঠ ডোপ টেস্টে (মারিজুয়ানা) পজিটিভ হয়েছিলেন। যদিও পাইলট দাবি করেছিলেন তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন, তবে এই ঘটনার পর কর্তৃপক্ষের টনক নড়ে।

এসব ঘটনার পর এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের সব পাইলটের জন্য নতুন করে বাধ্যতামূলক ডোপ টেস্টের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মচারীদের মধ্যে নিয়ম মানার সংস্কৃতি জোরদার করতে তারা অতিরিক্ত বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সাইকোহ্যাক্টিভ বা মনস্তাত্ত্বিক উপাদানের জন্য বাধ্যতামূলক পরীক্ষা, সচেতনতামূলক কর্মসূচি বৃদ্ধি এবং কঠোর শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করা।

আরও পড়ুন: জ্ঞানেশকে সরাতে রাজপথে নামছে ইন্ডিয়া জোট, ৩০ অক্টোবর ‘জনতার অভিশংসন’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীর টাউন হল ঐতিহ্যবাহী টাউন হল দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কালের বিবর্তনে ঐতিহ্য হারিয়ে নীরবে দাঁড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


আমতলীর টাউন হল ঐতিহ্যবাহী টাউন হল দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কালের বিবর্তনে ঐতিহ্য হারিয়ে নীরবে দাঁড়িয়ে
 
 
আমতলী পৌর শহরের ঐতিহ্যবাহী টাউন হল। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভবনটির অবস্থা এখন বেহাল। ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে টাউন হলের টিনের চালা উড়ে যাওয়ার পর আর উল্লেখযোগ্য কোনো সংস্কারকাজ হয়নি।
 
অথচ আমতলী উপজেলা শহরে সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, সামাজিক ও নাগরিক আয়োজনের জন্য আধুনিক কোনো অডিটরিয়াম নেই। ফলে ঐতিহ্যবাহী টাউন হলটি দ্রুত সংস্কার করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 
স্থানীয়দের কাছে টাউন হলটি শুধু একটি পুরোনো ভবন নয়; এর সঙ্গে জড়িয়ে আছে আমতলীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস। একসময় এ ভবন ও এর চত্বর ছিল সভা-সমাবেশ, নাটকের মহড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। সময়ের পরিক্রমায় সেই ব্যস্ততা হারিয়ে এখন ভবনটি দাঁড়িয়ে আছে অনেকটা নীরব সাক্ষী হয়ে।
 
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭৩ সালের মে মাসে তৎকালীন সরকার দেশের প্রতিটি থানায় একটি করে অডিটরিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেয়। ওই কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ে আমতলীকে অন্তর্ভুক্ত করেন তৎকালীন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ তালুকদার। জায়গা নির্ধারণ ও অর্থ বরাদ্দের পর ওই বছরের নভেম্বর-ডিসেম্বরে নির্মাণকাজ শুরু হয়। অডিটরিয়ামটির নাম দেওয়া হয় ‘আমতলী টাউন হল’।
 
নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন স্বাধীনতার পর আমতলী থানার প্রথম বেসরকারি ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাশা তালুকদার। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ তালুকদারের পরামর্শে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন গাজী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতাহার উদ্দিন আকন টাউন হলটির নকশা প্রস্তুত করেন।
তবে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর নির্মাণকাজ থমকে যায়। দীর্ঘ সময় পরিত্যক্ত থাকার পর ১৯৭৭ সালের দিকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম তালুকদারের উদ্যোগে স্থানীয়ভাবে চাঁদা তুলে সেখানে একটি ব্যায়ামাগার চালু করা হয়।
 
 কিছুদিন কার্যক্রম চলার পর সেটিও বন্ধ হয়ে যায়।
১৯৮৬ সালে উপজেলা পরিষদ টাউন হলটি সংস্কারের উদ্যোগ নিলে স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়। কিন্তু পরবর্তীতে সেখানে সিনেমা হল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য বরগুনার শ্যামলী সিনেমা হলের মালিক জুলফিকার শাহিনের সঙ্গে উপজেলা পরিষদ চুক্তি করে। এর প্রতিবাদে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা আন্দোলন গড়ে তোলেন।
 
 পরে তৎকালীন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম তালুকদারের সময়ে সেখানে ‘সুরভি সিনেমা হল’ চালু হয়।
দীর্ঘদিন সিনেমা হলটি চালু থাকলেও ব্যবসায়িকভাবে সফল না হওয়ায় একপর্যায়ে তা বন্ধ হয়ে যায়। এতে উপজেলা পরিষদের ভাড়াও বকেয়া পড়ে। পরে হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুব উল আলম ঝুন্টু তালুকদারের পরামর্শে সাংবাদিক বাহাদুর খানসহ স্থানীয় তরুণরা উপজেলা পরিষদের অর্থায়নে টাউন হলের মঞ্চসহ কিছু অংশ সংস্কার করেন।
এরপর সেখানে আমতলী উদীচী, মুক্তিযোদ্ধা সংসদ ও একতা ক্লাবের উদ্যোগে নিয়মিত নাটকের মহড়া ও মঞ্চায়ন শুরু হয়।
 
 নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে গলাচিপার আব্দুল আলিমের মালিকানায় ভবনটি আবার ‘লাভলু সিনেমা হল’ নামে চালু হয়। ২০০৪ সালে তৎকালীন সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের নির্দেশে সিনেমা হলটি বন্ধ করে দেওয়া হয়।
 
এর তিন বছর পর ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ভবনটির টিনের চালা উড়ে যায়। এরপর থেকে ভবনটির আর কোনো উল্লেখযোগ্য সংস্কার না হওয়ায় ধীরে ধীরে এটি জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে।
 
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, আমতলী শাখার সভাপতি অশোক মজুমদার বলেন, ‘আমতলীর সাংস্কৃতিক অঙ্গনের একসময় প্রাণকেন্দ্র ছিল এই টাউন হল। এখানে পহেলা বৈশাখ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান বিজয় দিবস ও মহান স্বাধীনতা দিবসসহ বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। দেশাত্মবোধক গান, নাটক ও আবৃত্তির মহড়া ও মঞ্চায়নে অসংখ্য মানুষের সমাগম হতো। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য টাউন হলটি পুনরায় সংস্কার করা জরুরি।’
 
মানবাধিকারকর্মী আবদুর রহমান সালেহ বলেন, ‘আমতলীর ঐতিহ্যবাহী টাউন হলটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সরকারি উদ্যোগে এটি সংস্কার ও মেরামত করা হলে ভবনটি আবারও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। এতে শহরের নাগরিকদেরও উপকার হবে।’
 
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হাফিজুর রহমান বলেন, ‘টাউন হলটি কীভাবে সুন্দর, নান্দনিক ও জনগণের ব্যবহারের উপযোগী করা যায়, সে বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। টাউন হলটিকে আগের অবস্থায় ফিরিয়ে এনে নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এর ঐতিহ্য ও নান্দনিকতা সংরক্ষণে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’
স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে আমতলীর ঐতিহ্যবাহী টাউন হলটি আবারও সভা-সমাবেশ, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে সহকর্মীকে বাঁচাতে গিয়ে গাজীপুরের যুবক আব্দুল্লাহর প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


সৌদিতে সহকর্মীকে বাঁচাতে গিয়ে গাজীপুরের যুবক আব্দুল্লাহর প্রাণ গেল

মো. আব্দুল্লাহ (৩০) সাত বছর ধরে সৌদি আরবে প্রবাসী জীবনযাপন করছিলেন, যেখানে তিনি স্বপ্নপূরণ ও পরিবারের স্বচ্ছলতার জন্য কাজ করছিলেন। দেশে থাকা অন্তঃসত্ত্বা স্ত্রী, আড়াই বছরের কন্যাসন্তান এবং বৃদ্ধ মা-বাবা নিয়ে তার ভবিষ্যতের সব পরিকল্পনা ছিল। কিন্তু কর্মস্থলে সহকর্মীকে বাঁচাতে গিয়ে বিষাক্ত কেমিক্যালের সংস্পর্শে এসে তার জীবন শেষ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানী রিয়াদে কর্মস্থলে কেমিক্যাল দূষণের ঘটনায় আব্দুল্লাহসহ চারজন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে, যা তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত আব্দুল্লাহ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্বাটি গ্রামের সাবেক সেনাসদস্য মো. ইসমাঈল হোসেনের তৃতীয় ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি প্রায় সাত বছর ধরে রিয়াদের ‘আব্দুল লতিফ কম্পানি’তে কর্মরত ছিলেন। এ সময়ের মধ্যে তিনি দুইবার ছুটিতে দেশে এসেছিলেন। সর্বশেষ প্রায় এক মাস আগে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান তিনি।

 

নিহতের বড় ভাই মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার কর্মস্থলে হঠাৎ একটি কেমিক্যাল গ্যাস ছড়িয়ে পড়ে। এতে এক সহকর্মী গুরুতরভাবে আক্রান্ত হলে আব্দুল্লাহ কোনো কিছু না ভেবে তাকে উদ্ধারে এগিয়ে যান। এ সময় তিনি নিজেও বিষাক্ত কেমিক্যালের সংস্পর্শে আক্রান্ত হন। পরে ঘটনাস্থলেই আব্দুল্লাহসহ আরো তিনজন বিদেশি নাগরিকের মৃত্যু হয় বলে পরিবারের কাছে খবর আসে।

তিনি বলেন, ‘আমার ভাই সব সময় খুব পরোপকারী ছিল। নিজের কথা না ভেবে বিপদে পড়া সহকর্মীকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল। কিন্তু সেই চেষ্টাই শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নিল।’

আব্দুল্লাহর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর থেকেই তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। বৃদ্ধ মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে দুর্বাটি গ্রামের বাড়ির পরিবেশ। স্বজন ও প্রতিবেশীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

 

নিহতের পারিবারিক সূত্র জানায়, স্ত্রী-সন্তান ও মা-বাবার ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রবাসে কঠোর পরিশ্রম করছিলেন আব্দুল্লাহ। পরিবারের আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি দেওয়া এই যুবকের আকস্মিক মৃত্যুতে তার পরিবারের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আব্দুল্লাহর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তাদের আড়াই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বাবার মৃত্যুর অর্থ বোঝার বয়সও হয়নি ছোট্ট মেয়েটির। অন্যদিকে অনাগত সন্তানটিও পৃথিবীর আলো দেখার আগেই বাবাকে হারিয়েছে।

এদিকে সহকর্মীকে বাঁচাতে গিয়ে আব্দুল্লাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রিয়াদে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। শোকার্ত পরিবার আব্দুল্লাহর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি তার অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে।

 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম কালের কণ্ঠকে মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ হাজারের মাইলফলকে পৌঁছালেন জস বাটলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ হাজারের মাইলফলকে পৌঁছালেন জস বাটলার

লিডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছেন জস বাটলার। তিনি প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে ক্রিকেটের দুই ছোট ফরম্যাট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, মিলিয়ে ১০ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন।

ম্যাচে, বাটলার দলের হয়ে ৪৯ বলে ৫টি চার ও ৫টি ছক্কা সহ ৬৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। ১৪০.৮২ স্ট্রাইক রেটে ব্যাটিং করে, তিনি শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ত্যাগ করেন।

তবে, বাটলারের এই স্মরণীয় দিনে ইংল্যান্ড জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি। সফরকারী শ্রীলঙ্কার কাছে তারা ১৬ রানে পরাজিত হয়েছে। লঙ্কানদের গড়া ৩২১ রানের জবাবে, ইংল্যান্ডের ইনিংস ৩০৫ রানে শেষ হয়। ফলে, এই জয়ে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা।

সাদা বলের ক্রিকেটে, ৩৬৭ ম্যাচের ৩২৬ ইনিংসে বাটলারের মোট রান এখন ১০০৬২। এর মধ্যে ১৩টি শতক এবং ৬০টি অর্ধশতক রয়েছে। ইংলিশ ব্যাটারদের মধ্যে, সাদা বলের দুই ফরম্যাট মিলিয়ে এই অর্জন আর কারো নেই।

ফরম্যাটভিত্তিক পরিসংখ্যানে, ওয়ানডেতে ২০৪ ম্যাচে ৫৬৭৮ রান নিয়ে তিনি ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক। আর টি-টোয়েন্টির ১৬৩ ম্যাচে তার রান ৪৩৮৪।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক বিক্রির প্রতিবাদে যুবককে কুপিয়ে জখম, মাদক কারবারির বাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


মাদক বিক্রির প্রতিবাদে যুবককে কুপিয়ে জখম, মাদক কারবারির বাড়িতে আগুন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাদক বিক্রির প্রতিবাদ করায় মো. মহিউদ্দিন (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনার পর উত্তেজিত জনতা মাদক কারবারির সঙ্গে জড়িত মুজিবুর নামে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত মহিউদ্দিন শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহছানিয়া পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তারা। প্রায় দুই মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে বের হয়ে তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে কয়েক দিন আগে আহছানিয়া পাড়ায় একটি সামাজিক সংগঠন গঠন করা হয়। মহিউদ্দিন ওই সংগঠনের সদস্য ছিলেন এবং এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বৃহস্পতিবার মাস্টারহাট এলাকায় মহিউদ্দিনের সঙ্গে ইব্রাহিম নামে এক ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম ধারালো অস্ত্র দিয়ে মহিউদ্দিনকে কুপিয়ে জখম করেন।

স্থানীয়দের দাবি, ইব্রাহিম মুজিবুর রহমানের সহযোগী হিসেবে কাজ করেন। হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে একদল উত্তেজিত জনতা মুজিবুর রহমানের ভাড়া বাসায় গিয়ে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের একটি গবাদিপশু পুড়ে মারা যায়।

আহত মহিউদ্দিনের ফুফাতো ভাই শিহাব উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইব্রাহিম আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহিউদ্দিন ও ইব্রাহিমের মধ্যে বিরোধের জেরে মহিউদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে উত্তেজিত জনতা মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%