বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১১:১১ এম
ইরান নতুন করে হুঁশিয়ারি দিয়েছে যে, যদি ওয়াশিংটন আবার ইরানে হামলা চালায়, তবে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও তেহরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এই ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাইরেও প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।
লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই এই হুঁশিয়ারি প্রদান করেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায়, তবে ইরান শুধুমাত্র আশপাশের মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা সীমাবদ্ধ রাখবে না।
রেজাই বলেন, "যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার জবাবে দূরবর্তী মার্কিন ঘাঁটিগুলোতেও আঘাত হানা হবে।" তার বক্তব্য অনুযায়ী, ইউরোপের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলো যদি ইরানে হামলা চালানোর কাজে ব্যবহৃত হয়, তবে সেসব স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে।
এছাড়া, যেসব দেশ নিজেদের ভূখণ্ডে মার্কিন সেনাদের অবস্থানের সুযোগ দিয়েছে, তাদের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় সহায়তা না করারও হুঁশিয়ারি দেন তিনি।
সাক্ষাৎকারে রেজাই আরও বলেন, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে তেহরানের কোনো আলোচনা হচ্ছে না। তিনি স্পষ্টভাবে জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে কোথাও স্থানান্তর করা হবে না।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত পুনরায় শুরু হওয়া ঠেকাতে নতুন কূটনৈতিক তৎপরতা চলছে। এই পরিস্থিতিতে রেজাইয়ের বক্তব্য দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।
সূত্র: জিও নিউজ
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের পার্লামেন্টের স্পিকার এবং দেশের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেছেন যে, হরমুজ প্রণালি আর কখনোই যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না।
তিনি বুধবার আলজাজিরাকে একটি বিশেষ সাক্ষাৎকারে এই কথা বলেন।
গালিবাফ জানিয়েছেন, যুদ্ধের অবসানে তেহরানের পক্ষ থেকে দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে ইরান এবং ওমানের মধ্যে একটি সমঝোতা হয়েছে, যা এই গুরুত্বপূর্ণ নৌপথের তদারকির সাথে সম্পর্কিত।
তিনি উল্লেখ করেন, ‘সেখানে কোনো উন্মুক্ত জলসীমা (আন্তর্জাতিক জলসীমা) নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও (আনক্লস) এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। হরমুজ প্রণালির অভ্যন্তরীণ বিধিবিধান নির্ধারিত হবে এর দুই তীরবর্তী দেশ ইরান ও ওমানের আইন অনুযায়ী।’
শান্তি আলোচনায় ইরানের সাত শর্ত
গালিবাফ জানান, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। এতে শান্তি আলোচনার জন্য তেহরানের সাতটি শর্ত উপস্থাপন করা হয়েছে। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।
তিনি বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’
ইরানের প্রধান আলোচকের বক্তব্য অনুযায়ী, দেশটির শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ছাড়, সব রণাঙ্গনে সংঘাত বন্ধ এবং যুদ্ধের অবসান ঘটেছে—এমন সুস্পষ্ট ঘোষণা দেওয়া।
গালিবাফ জানান, এসব দাবি জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে এসব শর্ত বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি হয় এমন আচরণ থেকে বিরত থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।’
তিনি আরো বলেন, ‘চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’
নতুন করে সংঘাতের আশঙ্কা
গালিবাফের দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা তাকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে মধ্যস্থতার অনুরোধ জানিয়েছেন।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এমন পদক্ষেপ নিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজয়ের মুখে পড়বেন। আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকেও তাকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে।
গালিবাফ বলেন, যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন অনিশ্চিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায় ইরান। এ জন্য একটি টেকসই প্রতিরোধক্ষমতা গড়ে তোলার ওপর জোর দেন তিনি। এর মধ্যে সামরিক সক্ষমতা বৃদ্ধিও রয়েছে।
ইয়েমেন সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব
ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী এবং হুথিদের মধ্যে চলমান সংঘাত প্রসঙ্গে গালিবাফ বলেন, এ বিষয়ে কারো হস্তক্ষেপ করা উচিত নয়।
আনসারাল্লাহ নামে পরিচিত হুথিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘ইয়েমেন সরকার ও সৌদি আরব—উভয় পক্ষ যদি আমাদের সহায়তা চায়, তাহলে তাদের মধ্যকার সংঘাত নিরসনে আমরা অবশ্যই সহযোগিতা করব।’
এর আগে গত অক্টোবরে সৌদি আরবে ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর সৌদি আরব এবং ইয়েমেনের হুথিদের মধ্যে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল ইরান।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ধুলো, ধোঁয়া এবং ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ৩৪৪। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, বিশ্বের ১২৬ শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান আজ ষষ্ঠ। ১৫৮ স্কোর নিয়ে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (আইকিউএয়ার) ঢাকা শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ৩৪৪। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হচ্ছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি, যার বায়ুমান স্কোর ২৮৪। তালিকার তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর, যার বায়ুমান স্কোর ১৬৯। অন্যদিকে, ১৬৭ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স এবং পঞ্চম স্থানে থাকা চীনের বেইজিংয়ের বায়ুমান স্কোর ১৬৬।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কার্তিকের শেষ বিকেলের রোদটা এখন কেমন যেন ম্লান। পঞ্জিকার পাতায় কার্তিক ফুরিয়ে যাচ্ছে, অথচ চিরচেনা সেই হাড়কাঁপানো শীতের দেখা নেই। তবুও ভোরের ঘাসে জমে থাকা একবিন্দু শিশির আর সন্ধ্যার হালকা হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত আসছে, খুব ধীরপায়ে-নিঃশব্দে।
গতকাল কার্তিকের ২৬তম দিনে গোধূলি বেলায় বয়ে যায় এক পশলা হিমেল হাওয়া। দিনের শেষে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছিল, ঠিক তখনই বাতাসে মিশে থাকা এই মৃদু শীতলতা নগর ও গ্রামীণ জীবনে এক স্নিগ্ধ আমেজ ছড়িয়ে দেয়। সন্ধ্যা নামার ঠিক আগমুহূর্তে তাপমাত্রার এই সামান্য পতন সবার নজর কেড়েছে। বুধবার সন্ধ্যা থেকে ৬টায় সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতার্সে আদ্রতা ছিলো ৫৯ শতাংশ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবারের মতো এবারও প্রথম শীতের আবহ অনুভূত হচ্ছে দেশের উত্তরাঞ্চলে। তবে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ বছর অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি। আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনের ফলে স্বাভাবিকের চেয়ে অনুভূত তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, কার্তিকে শুধু শীত নয়, বৃষ্টিও উল্লেখযোগ্য হারে কম হয়েছে। ইংরেজি অক্টোবর মাসে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাত বিবেচনা করা হয় ১৭৯ মিলিমিটার। কিন্তু এবার গড় বৃষ্টি ৫৭ মিলিমিটার রেকর্ড হয়েছে।
কার্তিকে বৃষ্টি কম হওয়ার প্রবণতা থাকলেও এতটা কম পরিমাণ ভাবাচ্ছে আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞদের। এর একটি বড় কারণ প্রশান্ত মহাসাগরের প্রাকৃতিক জলবায়ু প্রক্রিয়া এল নিনো।
কেমন থাকবে এবারের শীতকাল: আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, এবারের এল নিনো হতে পারে ‘সুপার এল নিনো’ এবং ২০২৬ সাল হতে পারে ‘উষ্ণতম বছর’। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বাংলাদেশে শীত পড়বে না?
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, তাপমাত্রা ২৪ ডিগ্রির নিচে নামলেই শীতল অনুভূতি হয়। ইতোমধ্যে উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভোরের দিকে শীত পড়ছে। কোনো কোনো জায়গায় কুয়াশাও দেখা যাচ্ছে। তিনি বলেন, এল নিনোর প্রভাবে শীত পড়বেই না, তেমন ঘটার সম্ভাবনা একেবারেই নেই। শীতে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। তিনি জানান, এল নিনোর প্রভাবে বিশ্বে গড় তাপমাত্রা প্রায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। বাংলাদেশে বেড়েছে প্রায় ১ দশমিক ৩ ডিগ্রি। সে হিসাবে যেমন শীত আমরা পেয়ে থাকি, তেমন না-ও পেতে পারি। তবে এ ক্ষেত্রে বৃষ্টি ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘ মেয়াদি পূর্বাভাস বলছে, নভেম্বরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা আছে। শাহীনুল বলেন, শক্তিশালী এল নিনোর প্রভাব প্রতিটি অঞ্চলে একই রকম পড়বে, এমন নয়। তাপমাত্রা কত, সেটি যেমন একটি বিষয়, আবার শীত কতটা অনুভূত হবে সেটি আরেকটি বিষয়। যেমন: কুয়াশা কেমন থাকছে, বাতাসের তীব্রতা কেমন, তার ওপর শীত নির্ভর করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে থাকলেও সরকার কৃষকদের দেওয়া প্রণোদনা হঠাৎ বন্ধ করে দিয়েছে। এর ফলে পেঁয়াজের উৎপাদন মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে এবং দেশ আবার আমদানিনির্ভর হয়ে পড়ার আশঙ্কা করছেন কৃষি খাতের সংশ্লিষ্টরা।
সূত্রের তথ্য অনুযায়ী, কৃষি মন্ত্রণালয় গত ২ নভেম্বর রবি মৌসুমের সাতটি ফসলের উৎপাদন বাড়াতে ১৯৯ কোটি টাকার কৃষি প্রণোদনার সরকারি আদেশ (জিও) জারি করে। এই আদেশের আওতায় সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও অড়হর চাষের জন্য কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হলেও পেঁয়াজের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। কৃষি মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, সরকারের নীতিগত পরিকল্পনা অনুযায়ী অন্যান্য শস্যের প্রণোদনাও পর্যায়ক্রমে বন্ধের চিন্তা রয়েছে।
উৎপাদনে অগ্রগতি ও বর্তমান চ্যালেঞ্জ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে পেঁয়াজ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছিল ৩৯ লাখ ১১ হাজার ২০০ টন। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৪৪ লাখ ৪৮ হাজার ৭০০ টনে। সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন হয়েছে ৫০ লাখ ৯০ হাজার ৯০০ টন। অর্থাৎ দুই বছরের ব্যবধানে উৎপাদন ১১ লাখ ৭৯ হাজার ৭০০ টন বা প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
প্রাপ্ত তথ্যমতে, পেঁয়াজ উৎপাদনের এই অগ্রগতির পেছনে কৃষকদের পাশাপাশি সরকারের প্রণোদনা ও নীতিগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৫-২৬ অর্থবছরে পেঁয়াজ উৎপাদনে এক লাখ ৪১ হাজার ৯০০ কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছিল। তবে চলতি অর্থবছরের নতুন কর্মসূচিতে পেঁয়াজ অন্তর্ভুক্ত না হওয়ায় উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
কৃষকের লোকসান ও প্রণোদনার প্রয়োজনীয়তা নিয়ে কৃষিসংশ্লিষ্টদের মতে, এক কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ হয় ৪০-৪২ টাকা। মৌসুমের শুরুতে আড়তে প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১,০০০ টাকায় (কেজিপ্রতি ২০-২৫ টাকা) বিক্রি করতে হয়। পচনশীল পণ্য হওয়ায় কৃষক মৌসুমেই তা বিক্রি করতে বাধ্য হন। ফলে কেজিপ্রতি প্রায় ২০ টাকা পর্যন্ত লোকসানের মুখে পড়েন তারা। এই ক্ষতি পুষিয়ে নিতে বিনামূল্যে বীজ, সার ও এয়ারফ্লো মেশিনের মাধ্যমে সংরক্ষণ সুবিধা দেওয়ার কর্মসূচিটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে আসছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সরেজমিন উইংয়ের সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দীন আমার দেশকে বলেন, পেঁয়াজের প্রণোদনা ও সংরক্ষণ বাবদ সরকারের বার্ষিক খরচ মাত্র ২০-৩০ কোটি টাকা হলেও এর বিপরীতে দেশের প্রায় ৩০ হাজার কোটি টাকার আমদানি ব্যয় সাশ্রয় হয়েছে। তাই এই স্থিতিশীলতা বজায় রাখতে কৃষকদের মাঝে বীজ, সার ও এয়ারফ্লো মেশিনের প্রণোদনা অন্তত আরো পাঁচ বছর অব্যাহত রাখা আবশ্যক। অন্যথায় পুনরায় সিন্ডিকেট ও আমদানিচক্রের খপ্পরে পড়তে হতে পারে।
বিশেষজ্ঞদের উদ্বেগ
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম আমার দেশকে বলেন, সেচ ও সারসহ উপকরণের মূল্যবৃদ্ধির কারণে পেঁয়াজ চাষে কৃষকদের খরচ বহুলাংশে বেড়েছে। এই পরিস্থিতিতে সরকারি আর্থিক সহায়তা ও ভর্তুকি বন্ধ করা হলে কৃষকরা চাষাবাদে উৎসাহ হারাবেন এবং দেশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। দেশ এখনো পুরোপুরি উদ্বৃত্ত পর্যায়ে পৌঁছায়নি উল্লেখ করে তিনি এই সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বলে অভিহিত করেন।
উৎপাদন ব্যয়ের চাপের কথা তুলে ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পেঁয়াজচাষি গোলাম মাওলা আমার দেশকে বলেন, উৎপাদন খরচ ও প্রতিকূলতার মধ্যেও কৃষকরা পেঁয়াজ চাষ চালিয়ে যাচ্ছেন। আগে সরকার থেকে পেঁয়াজ চাষের জন্য ১০ কেজি ডিএপি, ১০ কেজি ইউরিয়া সার ও এক কেজি বীজ দেওয়া হতো। প্রণোদনা বন্ধ হলে বাজার থেকে বেশি দামে সার ও বীজ কিনতে হবে, যা কৃষকদের আর্থিক চাপ আরো বাড়িয়ে দেবে। শুধু রাজবাড়ী নয়, ফরিদপুর ও পাবনার কৃষকরাও পেঁয়াজ উৎপাদনে সরকারি সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এদিকে পেঁয়াজে প্রণোদনা না রাখার বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিসেস উইংয়ের পরিচালক কৃষিবিদ ওবায়দুর রহমান মণ্ডল আমার দেশকে বলেন, এটি মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের নীতিগত সিদ্ধান্ত।
তবে উৎপাদনের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং আমদানিনির্ভরতা এড়াতে স্বয়ংসম্পূর্ণতা পুরোপুরি অর্জিত না হওয়া পর্যন্ত পেঁয়াজ খাতে আর্থিক সহায়তা ও ভর্তুকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন কৃষক ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ